ভারতের সংস্কৃতি সিরিজ - নবকুমার দাস
নবকুমার দাস
ভারতীয় সভ্যতার ইতিহাস দীর্ঘকাল ধরে সিন্ধু–সরস্বতী সভ্যতাকেই তার সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত করে এসেছে। মোহেঞ্জোদারো ও হরপ্পার পরিকল্পিত নগরজীবন, উন্নত নিকাশি ব্যবস্থা ও বাণিজ্যিক বিস্তার আমাদের বিস্মিত করে। কিন্তু এই বিস্ময়ের আড়ালে প্রায়শই আচ্ছন্ন থেকে গেছে এক সমান্তরাল প্রশ্ন—সিন্ধু সভ্যতার সমসাময়িক সময়ে উপমহাদেশের অন্য প্রান্তে, বিশেষত দক্ষিণ ভারতে, কী ঘটছিল? সেখানে কি আদৌ কোনও সভ্যতার বিকাশ ছিল, না কি তা ছিল ইতিহাসের এক নীরব, অন্ধকার পর্ব ?
বাস্তবিক সিন্ধু–সরস্বতীর নগরসভ্যতা তার পরিকল্পনা, লিপি ও বাণিজ্যের মাধ্যমে ইতিহাসে প্রবল উপস্থিতি রেখে গেছে ঠিক কিন্তু তার সমকালেই, তারও বহু আগে এবং বহু পরে—ভারতের বিস্তীর্ণ ভূখণ্ডে সমান্তরালভাবে গড়ে উঠছিল অন্যান্য সভ্যতাস্রোত। ভীমবেটকার গুহায় আঁকা শিকারদৃশ্য থেকে নর্মদার উপত্যকায় আদিমানবের পদচিহ্ন, কৃষ্ণা–গোদাবরীর বদ্বীপে কৃষিভিত্তিক সমাজ, মহানদীর শান্ত প্রবাহে লোকায়ত সংস্কৃতি, ব্রহ্মপুত্রের অনিশ্চিত স্রোতে অভিযোজনের জীবনবোধ এবং ইরাবতীর তীরে ভারতীয় সাংস্কৃতিক বিস্তারের ছায়া —এই সবই মিলিয়ে ভারত।
আধুনিক প্রত্নতত্ত্ব ও নৃতাত্ত্বিক গবেষণা এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে উন্মোচন করেছে—এবং সেই উত্তর এক গভীর, ধীর কিন্তু স্বতন্ত্র সভ্যতার কথা বলে। মধ্যভারত ভারতীয় সভ্যতার এক গভীর ভিত্তিস্তর—যেখানে ইতিহাসের ভাষা নগরের নয়, শিলার। ভীমবেটকার গুহাগুলি আজ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত¹, কিন্তু এগুলি কেবল প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়—এগুলি মানবচেতনার দীর্ঘতম ধারাবাহিক দলিল।
খ্রিস্টপূর্ব প্রায় ৩০,০০০ বছর আগে থেকেই ভীমবেটকার গুহাচিত্রে মানুষ তার জীবনকে দৃশ্যমান করতে শুরু করে। শিকার, পশু, নৃত্য, মাতৃত্ব, গোষ্ঠীবদ্ধ চলাচল—সবই এখানে উপস্থিত। এই চিত্রগুলি প্রমাণ করে যে ভারতীয় উপমহাদেশে মানবসমাজ কেবল বেঁচে থাকার লড়াই করেনি; সে নিজেকে বোঝার চেষ্টা করেছে।
আসলে ইতিহাসের কিছু অধ্যায় আছে, যেগুলি শব্দে লেখা নেই , লেখা আছে শিলার গায়ে, রঙের স্তরে, মানুষের প্রাচীনতম স্মৃতির গভীরে। ভীমবেটকা সেই ইতিহাসেরই এক বিস্তৃত পাণ্ডুলিপি। এখানে কোনও রাজবংশের তালিকা নেই, কোনও যুদ্ধের তারিখ নেই—আছে মানুষের বেঁচে থাকার চেষ্টা, তার ভয়, উৎসব, সমষ্টি ও স্বপ্ন।
মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতমালার প্রান্তে অবস্থিত ভীমবেটকা গুহাসমূহ আজ কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়; এটি ভারতীয় সভ্যতার দীর্ঘতম সাংস্কৃতিক ধারাবাহিকতার এক জীবন্ত দলিল। ১৯৫৭ সালে প্রত্নতত্ত্ববিদ ভি. এস. ওয়াকাঙ্কর (V. S. Wakankar) ভোপাল–ইটারসি রেলপথে যাত্রাকালে পার্বত্য শিলাগঠনের মধ্যে ইউরোপের লাসকো ও আলতামিরার শিলাচিত্রস্থানের সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করেন। এই ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকেই শুরু হয় ভীমবেটকার বৈজ্ঞানিক অনুসন্ধান। পরবর্তী কয়েক দশকের অনুসন্ধানে জানা যায়—ভীমবেটকা আসলে একটি একক গুহা নয়, বরং ৭০০-রও বেশি শিলাশ্রয় ও গুহার সমষ্টি, যার মধ্যে প্রায় ৫০০টির বেশি স্থানে মানব বসবাস ও শিলাচিত্রের প্রমাণ রয়েছে।¹
এই আবিষ্কার ভারতীয় প্রত্নতত্ত্বে এক মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়। কারণ, এটি স্পষ্ট করে দেয়—ভারতে সভ্যতার ইতিহাস সিন্ধু সভ্যতা দিয়ে শুরু নয়; তার শিকড় আরও বহু সহস্রাব্দ গভীরে প্রোথিত। ভীমবেটকার সর্বাধিক গুরুত্ব তার কালগত বিস্তার। এখানে যে স্তরবিন্যাস পাওয়া যায়, তা উচ্চ প্রস্তরযুগ (Upper Paleolithic), মধ্য প্রস্তরযুগ (Mesolithic) , নবপ্রস্তরযুগ (Neolithic) এবং তাম্রপ্রস্তর ও প্রাক-ঐতিহাসিক লৌহযুগের সূচনাপর্ব। এই ধারাবাহিকতা প্রমাণ করে—ভীমবেটকা কোনও ক্ষণস্থায়ী বসতি নয়, বরং একটি দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক আবাসভূমি। প্রতিটি যুগ পূর্ববর্তী যুগের উপর নিজস্ব ছাপ রেখে গেছে—যেমন প্রকৃতি নিজেই সময়ের সঙ্গে নিজের ভূ-দৃশ্য বদলায়।
প্রথম পর্যায়ে ভীমবেটকার গুহাগুলি ছিল আশ্রয়— মাথাগোঁজার ঠাঁই – প্রকৃতির প্রতিকূলতা থেকে আত্মরক্ষার স্থান। কিন্তু ধীরে ধীরে গুহা হয়ে ওঠে সাংস্কৃতিক কেন্দ্র। গুহার দেওয়ালে আঁকা শিকার, নৃত্য, পশু ও মানবচিত্র আমাদের জানায় যে এই স্থানগুলি ছিল আচার, সমষ্টিগত স্মৃতি ও বোধচর্চার ক্ষেত্র। এখানে গুহা আর নিছক প্রাকৃতিক কাঠামো নয়; গুহা এক ধরনের আদিম উপাসনালয়। এই প্রবণতা পরবর্তীকালে ভারতীয় সভ্যতার পবিত্র ভূগোলচেতনার ভিত্তি নির্মাণ করে—যেখানে প্রকৃতিই প্রথম মন্দির।
ভীমবেটকার শিলাচিত্রগুলি যেন শিল্পের চেয়েও বেশি কিছু। বলা যায় এগুলি এক ধরনের প্রাক-লিপিক যোগাযোগ ব্যবস্থা।³ কারন,শিকারদৃশ্যগুলি দলগত সহযোগিতার সাক্ষ্য বহন করে। নৃত্যদৃশ্যগুলি আচার, উৎসব ও ছন্দবোধের ইঙ্গিত দেয়। মানুষ ও পশুর সহাবস্থান প্রকৃতির সঙ্গে দ্বন্দ্ব নয়, বরং সহাবস্থানের নীতিকে প্রকাশ করে। বহু গবেষক মনে করেন এই দৃষ্টিভঙ্গিই পরবর্তীকালে ভারতীয় দর্শনের “ঋত”, “ধর্ম” ও “সহজতা”-র ধারণার এক আদিম রূপ ।⁴
এই কথা বলা যেতেপারে যে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে যখন সিন্ধু–সরস্বতীর তীরে নগরসভ্যতা বিকশিত হচ্ছে, তখন ভীমবেটকার মতো অঞ্চলে লোকায়ত সভ্যতা সমানভাবে সক্রিয়।একদিকে ইট, নালা, পরিকল্পনা – অন্যদিকে শিলা, স্মৃতি, আচার। এই সহাবস্থানই ভারতীয় সভ্যতার মৌলিক বৈশিষ্ট্য। সভ্যতা এখানে কখনও একরৈখিক নয়; নগর ও অরণ্য যুগপৎ বিদ্যমান।
২০০৩ সালে ইউনেস্কো ভীমবেটকাকে World Heritage Site হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি প্রমাণ করে—ভীমবেটকা শুধু ভারতীয় নয়, বিশ্বমানব সভ্যতার ইতিহাসে এক অপরিহার্য অধ্যায়। ইউরোপের লাসকো বা আলতামিরার তুলনায় ভীমবেটকার বিশেষত্ব তার দীর্ঘ সাংস্কৃতিক ধারাবাহিকতা। ভীমবেটকা আমাদের শেখায়—সভ্যতার ইতিহাস কেবল ক্ষমতা, রাজত্ব বা নির্মাণের নয়। সভ্যতা মানে মানুষ কীভাবে নিজের অস্তিত্বকে বোঝে, স্মরণ করে এবং পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়। শিলায় আঁকা সেই মানুষগুলি আজও কথা বলে। তারা বলে যে মানুষ প্রথমে বাঁচতে শিখেছিল, তারপর সভ্য হয়েছিল। এই বোধই ভীমবেটকার চিরন্তন বিস্ময়।
এরপাশেই নর্মদা উপত্যকায় পাওয়া গেছে ভারতের প্রাচীনতম মানবঅবশেষ—নর্মদা মানব²। নর্মদা ছিল এক প্রাগৈতিহাসিক করিডর, যার মাধ্যমে আফ্রিকা থেকে আগত আদিমানব দক্ষিণ এশিয়ায় বিস্তার লাভ করে। এই সভ্যতা নগরহীন, কিন্তু স্মৃতিহীন নয়। এটি লোকায়ত, অরণ্যনির্ভর এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত। নর্মদার দক্ষিণে ভূমি ক্রমশ শক্ত ও পাথুরে হয়ে ওঠে। দাক্ষিণাত্য মালভূমিতে কৃষ্ণা ও গোদাবরী নদী ঘিরে যে সভ্যতা গড়ে ওঠে, তা নগরকেন্দ্রিক না হলেও ছিল দীর্ঘস্থায়ী ও সংগঠিত।
নব্যপ্রস্তর যুগে দক্ষিণ ভারতে কৃষি, পশুপালন ও ধাতু ব্যবহারের প্রমাণ পাওয়া যায়³। ব্রহ্মগিরি, মাস্কি, উতনুর অঞ্চলে আবিষ্কৃত মেগালিথিক সমাধিগুলি সমাজের ধর্মীয় ও সামাজিক কাঠামোর ইঙ্গিত দেয়। এই সভ্যতায় মৃত্যু ছিল নিঃশেষ নয়—বরং স্মৃতির অংশ।
কৃষ্ণা–গোদাবরী বদ্বীপ পরবর্তীকালে সামুদ্রিক বাণিজ্যের প্রবেশদ্বার হয়ে ওঠে। এই অঞ্চল থেকেই ভারতীয় উপমহাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগ গড়ে তোলে। এখানেই ভবিষ্যতের রাষ্ট্রভাবনার বীজ রোপিত হয়।
সিন্ধু সভ্যতার পরিণত পর্যায় সাধারণত খ্রিস্টপূর্ব আনুমানিক ২৬০০–১৯০০ অব্দের মধ্যে সীমাবদ্ধ। এই একই সময়ে দক্ষিণ ভারত কোনও নগরসভ্যতার চিহ্ন না দেখালেও সম্পূর্ণ সভ্যতাশূন্য ছিল না। ভৌগোলিকভাবে দক্ষিণ ভারত ছিল কঠিন শিলাময় মালভূমি, অরণ্যবেষ্টিত অঞ্চল ও মৌসুমি নদীনির্ভর ভূমি। সিন্ধু অঞ্চলের মতো বিস্তৃত প্লাবনভূমি এখানে অনুপস্থিত ছিল। ফলে সভ্যতার বিকাশের পথও ছিল ভিন্ন—নগরকেন্দ্রিক নয়, বরং গ্রাম, গোত্র ও অরণ্যনির্ভর।
এই ভৌগোলিক বাস্তবতা দক্ষিণ ভারতের সভ্যতাকে “অদৃশ্য” নয়, বরং “অলিখিত” করে তুলেছিল। সিন্ধু সভ্যতার উত্থানের সময় দক্ষিণ ভারতে মূলত নব্যপ্রস্তর যুগ ও আংশিক চালকোলিথিক পর্যায় চলমান ছিল। কর্ণাটকের ব্রহ্মগিরি, সাঙ্গানাকল্লু, তামিলনাড়ুর পায়্যম্পল্লি ও অন্ধ্রপ্রদেশের উটনুর অঞ্চলে পাওয়া নিদর্শন থেকে জানা যায় যে মানুষ কৃষিকাজে অভ্যস্ত হচ্ছিল ,গৃহপালিত পশুর ব্যবহার শুরু হয়েছিল এবং মৃৎপাত্র নির্মাণ ও পাথরের হাতিয়ার ব্যবহৃত হচ্ছিল।এখানে সভ্যতা ছিল অপ্রতিসম, অর্থাৎ কেন্দ্রহীন। কোনও রাজধানী বা পরিকল্পিত নগর নয়, বরং বহু ছোট ছোট বসতির সমষ্টি।
সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল তার নগরজীবন—ইটের ঘর, নিকাশি, মানসম্মত ওজন-পদ্ধতি, সিলমোহর ও বাণিজ্যিক নেটওয়ার্ক। দক্ষিণ ভারতে এই সময়ে তার কোনও প্রত্যক্ষ সমতুল্য নেই। তবে এর অর্থ এই নয় যে দক্ষিণ ভারত প্রযুক্তিগতভাবে পশ্চাৎপদ ছিল। বরং এখানে গড়ে উঠছিল স্থানীয় সম্পদের ওপর নির্ভরশীল জীবনব্যবস্থা, শিলা ও কাঠনির্ভর নির্মাণ,মৌখিক সংস্কৃতি ও স্মৃতিনির্ভর জ্ঞানচর্চা। অর্থাৎ এটি ছিল এক নিম্নস্বরে বিকশিত সভ্যতা, যা প্রত্নতাত্ত্বিকভাবে কম দৃশ্যমান, কিন্তু সাংস্কৃতিকভাবে গভীর।
সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাস আজও আংশিক রহস্যময়—পশুপতি মূর্তি, মাতৃকা উপাসনা ও প্রতীকচিহ্ন তার ইঙ্গিত দেয়। এদিকে দক্ষিণ ভারতের সমসাময়িক সমাজে ধর্মীয় কাঠামো ছিল আরও প্রাথমিক ও লোকায়ত। প্রকৃতি, পাহাড়, বৃক্ষ ও পূর্বপুরুষ ছিল উপাসনার কেন্দ্র। এই বিশ্বাসব্যবস্থা পরবর্তীকালে দক্ষিণ ভারতের গ্রামদেবতা সংস্কৃতি, মাতৃদেবী উপাসনা লোকধর্মের ধারাবাহিকতায় প্রবল প্রভাব ফেলেছে। সিন্ধু সভ্যতার একটি বড় বৈশিষ্ট্য হল তার হঠাৎ পতন। জলবায়ু পরিবর্তন, নদীপথ পরিবর্তন ও সামাজিক জটিলতা এই পতনের কারণ বলে অনুমিত। অন্যদিকে দক্ষিণ ভারতের সভ্যতা কোনও আকস্মিক উত্থান বা পতনের সাক্ষ্য দেয় না। এটি ধীরে ধীরে নব্যপ্রস্তর যুগ থেকে মেগালিথিক এবং পরবর্তীতে সঙ্গম যুগে উপনীত হয়েছিল। অর্থাৎ একটি সুদীর্ঘ ধারাবাহিক পথ অতিক্রম করেছে। এই ধারাবাহিকতাই দক্ষিণ ভারতের সভ্যতাকে দীর্ঘস্থায়ী করেছে।
বর্তমান ওডিশা বা প্রাচীন উৎকলের মহানদী উপত্যকা এক নীরব সভ্যতার জন্ম দেয়। এখানে সভ্যতা চমকপ্রদ স্থাপত্যে নয়, বরং কৃষি, লোকদেবতা ও মৌখিক ঐতিহ্যে নিজেকে প্রকাশ করেছে। কলাহান্ডি ও সোনপুর অঞ্চলে প্রাগৈতিহাসিক বসতির নিদর্শন পাওয়া যায়⁵। এই সমাজ ছিল নদীনির্ভর, কিন্তু অতিরিক্ত নগরায়ণবিমুখ। এখানে সংস্কৃতি ছিল ধীরে বেড়ে ওঠা এক বৃক্ষ—যার শিকড় লোকবিশ্বাসে, ডালপালা আচার-অনুষ্ঠানে বিস্তৃত।
আবার অসমের ব্রহ্মপুত্র সভ্যতাকে নিয়ন্ত্রণ শেখায়নি; শিখিয়েছে অভিযোজন। এর প্লাবন, গতিপথ পরিবর্তন ও বিস্তৃত অববাহিকা মানুষকে নমনীয় জীবনধারায় অভ্যস্ত করেছে। অসম ও উত্তর-পূর্ব ভারতের সভ্যতা গড়ে উঠেছে মৌখিক ঐতিহ্য, সমবায় কৃষি ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের ভিত্তিতে⁶। এখানে ইতিহাস লেখা হয়েছে গান, উৎসব ও লোককথায়। লিখিত দলিল কম, কিন্তু সাংস্কৃতিক ধারাবাহিকতা গভীর।
মিয়ানমার সীমান্তে ইরাবতী নদী আমাদের মনে করিয়ে দেয় যে ভারতীয় সভ্যতা রাজনৈতিক সীমানায় আবদ্ধ ছিল না। মায়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় ভাষা, ধর্ম ও শিল্পের প্রভাব প্রমাণ করে এক বিস্তৃত সাংস্কৃতিক বিস্তার। এটি ছিল নদীপথে বিস্তৃত এক সভ্যতা—যেখানে সামরিক আগ্রাসনের বদলে সাংস্কৃতিক সংলাপ প্রধান ভূমিকা নিয়েছিল।
সিন্ধু সভ্যতা যেমন আমাদের শেখায় নগর, পরিকল্পনা ও বাণিজ্যের ইতিহাস। দক্ষিণ ভারতের সমসাময়িক সভ্যতা শেখায়—অভিযোজন, সহাবস্থান ও ধীর বিকাশের পাঠ। ভারতীয় সভ্যতা তাই একরৈখিক নয়; তা বহুধারায় প্রবাহিত। একদিকে ইট ও নিকাশির শহর, অন্যদিকে শিলা ও অরণ্যের গ্রাম—উভয়ই ভারতীয় সভ্যতার সমান উত্তরাধিকার। সিন্ধু সভ্যতার সমসাময়িক দক্ষিণ ভারত কোনও “সভ্যতার শূন্যস্থান” নয়, বরং এক নীরব সভ্যতার ক্ষেত্র। সেখানে ইতিহাস লিখিত হয়নি ইটে বা সিলে, বরং শিলা, স্মৃতি ও সংস্কৃতির ধারায়। এই উপলব্ধি আমাদের ভারতীয় সভ্যতাকে নতুনভাবে দেখতে শেখায়—একটি একক কেন্দ্র থেকে নয়, বরং বহু প্রান্তিক কেন্দ্রের সম্মিলিত স্রোত হিসেবে। এক কথায় বলা যায় যে ভারতীয় সভ্যতা জন্মেছে বহু ভৌগোলিক বাস্তবতার মধ্যে—শিলা, অরণ্য, নদী, বদ্বীপ, পাহাড় ও সমুদ্রের প্রান্তে। এই কারণেই ভারত একটি ‘সভ্যতা’ নয়, বরং সভ্যতার সমষ্টিগত স্মৃতি। সুতরাং ভারত কোনও একক সভ্যতার গল্প নয়। এটি ভীমবেটকার শিলায় আঁকা প্রথম মানুষের রেখা, নর্মদার প্রবাহে আদিমানবের যাত্রা, দাক্ষিণাত্যের শিলায় শক্তির চর্চা, মহানদীর ধীর জীবনবোধ, ব্রহ্মপুত্রের অভিযোজন এবং ইরাবতীর দূরবর্তী প্রতিধ্বনির সমষ্টি। ভারত তাই একটি মাত্র নদী নয় বরং একাধিক নদীর সম্মিলিত ধারা।
গ্রন্থসূত্র :
Chakrabarti, D.K., The Oxford Companion to Indian Archaeology
Possehl, Gregory L., The Indus Civilization
Thapar, Romila, Early India
Ray, Himanshu Prabha, The Winds of Change
Paddayya, K., Stone Age Cultures of India
Elwin, Verrier, The Tribal World of Verrier Elwin



One Response
দারুন। সমৃদ্ধ হলাম।