থিচ নাট হান
থিচ নাট হান (১৯২৬-২০২২) একাধারে বিশ্বখ্যাত ভিয়েতনামী জেন বৌদ্ধ সন্ন্যাসী, লেখক, কবি এবং শান্তিকামী কর্মী। দলাই লামার পর তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বৌদ্ধ আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করা হয়।
হান বিশ্বজুড়ে “মাইন্ডফুলনেস” (সচেতনতা) চর্চাকে জনপ্রিয় করেন। সমাজবিচ্ছিন্ন সন্ন্যাস নয়, বরং যুদ্ধ, দারিদ্র্য ও সামাজিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে অহিংস উপায়ে কাজ করার দর্শন যা “এনগেজড বুদ্ধিজম” নামে পরিচিত—তিনিই তার প্রবক্তা। ভিয়েতনাম যুদ্ধের সময় অহিংস শান্তি আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় ভিয়েতনাম সরকার তাঁকে প্রায় ৪০ বছর দেশছাড়া করে রাখে। তাঁর এই অনন্য শান্তি প্রচেষ্টার জন্য ১৯৬৭ সালে মার্টিন লুথার কিং জুনিয়র তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। পরবর্তী কালে তিনি ফ্রান্সে “প্লাম ভিলেজ” (Plum Village) নামের একটি বিখ্যাত আন্তর্জাতিক মঠ ও ধ্যান কেন্দ্র গড়ে তোলেন, যা বর্তমানে পশ্চিমে বৌদ্ধ চর্চার সবচেয়ে বড় কেন্দ্র। হ্যান একশোটিরও বেশি বই লিখেছেন। তাঁর সহজ ও কাব্যিক গদ্যে লেখা ‘ওল্ড পাথ হোয়াইট ক্লাউডস’, ‘দ্য মিরাকেল অফ মাইন্ডফুলনেস’ এবং ‘পিস ইজ এভরি স্টেপ’ বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় রয়েছে।
২০১৮ সালে তিনি ভিয়েতনামে ফিরে আসেন এবং ২০২২ সালে ৯৫ বছর বয়সে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনুসৃজন: সুপর্ণা বোস
[ কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক,তিনটি পরিচয়েই সুপর্ণা বসুর সাহিত্যচর্চা বিস্তৃত। তাঁর লেখায় ব্যক্তিমানসের জটিলতা,জীবনবোধ,অনুভূতির সূক্ষ্মতা এবং মনস্তাত্ত্বিক অনুসন্ধান বিশেষভাবে প্রতিফলিত হয়।দেশীয় সাহিত্যের পাশাপাশি বিশ্বসাহিত্যের প্রতিও তাঁর গভীর আগ্রহ। অনুবাদের মাধ্যমে তিনি দুই ভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে নির্মাণ করেছেন এক সৃজনশীল সেতুবন্ধ।
ইতিপূর্বে রোদ্দুর : The Sunshine-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে বিশিষ্ট ইরানি কথাসাহিত্যিক সাদেঘ হেদায়েতের কালজয়ী উপন্যাস The Blind Owl-এর তাঁর অনূদিত ‘এক দৃষ্টিহীন পেঁচা’। বিশ্বসাহিত্যের এক জটিল মনস্তাত্ত্বিক আখ্যানকে বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার এই প্রয়াস তাঁর অনুবাদ-নিষ্ঠা ও সাহিত্যবোধের পরিচায়ক। তিনি এই বছর রোদ্দুর সাহিত্য সম্মানে ভূষিত হয়েছেন। ]
ভূমিকা : গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে বহু চর্চা হলেও, ভিয়েতনামী জেন গুরু থিচ নাট হান-এর ‘ওল্ড পাথ হোয়াইট ক্লাউডস’ গ্রন্থটি এক অনন্য ব্যতিক্রম। অলৌকিকতা সরিয়ে, বুদ্ধকে এখানে উপস্থাপন করা হয়েছে এক অত্যন্ত মানবিক ও সহজ মানুষ রূপে।
গল্পটি আবর্তিত হয়েছে বুদ্ধের নিজস্ব স্মৃতি এবং ‘স্বস্তি’ নামের এক রাখাল বালকের দৃষ্টিভঙ্গিতে, যে পরবর্তীতে তাঁর প্রধান শিষ্য হয়। রাজপুত্রের বিলাসিতা ত্যাগ, বোধিলাভ, জাতপ্রথার বিরুদ্ধে লড়াই এবং সঙ্ঘের টানাপোড়েন—সবটাই বইটিতে উঠে এসেছে অপূর্ব কাব্যিক গদ্যে। লেখক দেখিয়েছেন, বৌদ্ধ দর্শনের মূল কথা কঠোর সন্ন্যাস নয়, বরং বর্তমান মুহূর্তে সচেতনভাবে বেঁচে থাকা।
দ্বিতীয় অধ্যায়। তৃতীয় পর্ব
জলমহিষের পরিচর্যা
দিনেরবেলা আবহাওয়া বেশ ঠান্ডা।দুপুরের খাওয়া দাওয়ার পর প্রত্যক ভিক্ষু নিজেই নিজের ভিক্ষাপাত্রটি ধুয়েমেজে রাখার পর যে যার আসন বুদ্ধের দিকে মুখ করে মাটিতে বিছিয়ে দিলেন।বেণুবন বিহারে যেসব কাঠবিড়ারিরা ভিক্ষুদের সঙ্গে মিলেমিশে থাকত তারা কেউকেউ তরতরিয়ে বাঁশগাছের মাথায় উঠে সেখান থেকে ভিক্ষুদের সৎসঙ্গ দেখতে লাগল।স্বস্তি দেখল রাহুল বুদ্ধের মুখোমুমি আসনটি বিছিয়ে বসেছে, সেও অতি মৃদু পদক্ষেপে তার পাশে আসন পেতে বসল।তারা দুজনেই পদ্মাসনে বসেছে।
সেই নির্মল শান্ত পরিবেশে সকলেই নিশ্চুপ ছিলেন।স্বস্তি জানে প্রত্যেক ভিক্ষুই তাঁর শ্বাস প্রশ্বাসের প্রতি সম্যক মনোনিবেশ করেছেন এবং বুদ্ধের বাণী শোনার অপেক্ষায় রয়েছেন। বুদ্ধের বাঁশের তৈরি মঞ্চটি বেশ উঁচুতে স্থাপিত।যাতে সকলেই তাঁকে ভালো করে দেখতে পান।বুদ্ধের মধ্যে এক সাক্যসিংহের মতই সহজ রাজকীয় গাম্ভীর্য বিরাজ করছিল। তিনি করুণাঘন ভালোবাসার দৃষ্টিতে সেই সমাবেশের দিকে চেয়েছিলেন।যখন তাঁর দৃষ্টি স্বস্তি এবং রাহুলের দিকে পড়ল বুদ্ধ মৃদু হেসে বলতে শুরু করলেন,
” আজ আমি তোমাদের, জলমহিষের পরিচর্যার বিষয়টি সম্পর্কে বলতে চাই, একজন দক্ষ রাখালের কী কী গুণ থাকা অবশ্যিক। প্রথমত তাকে প্রতিটি মহিষকে ভালোভাবে চিনতে হবে।প্রতিটি মহিষের বৈশিষ্ট্য এবং প্রবণতা বুঝতে হবে।তাদের গাত্র মার্জণা করে স্নান করানোর বিদ্যে আয়ত্ব করতে হবে।তাদের শরীরের ক্ষতগুলির যত্ন নিতে হবে। তাদের চারপাশে উড়ে বেড়ানো মশাগুলিকে ধোঁয়া দিয়ে তাড়াতে হবে।তাদের হেঁটে যাওয়ার জন্যে নিরাপদ পথ খুঁজে রাখতে হবে।তাদের ভালোবাসতে হবে।নদী পার করানোর জন্যে যেখানের জলের গভীরতা কম সেই জায়গাটি খুঁজে নিয়ে সেখান দিয়ে তাদের পারাপার করাতে হবে।তাদের জন্যে তাজা ঘাস ও খাবারজলের ব্যবস্থা করতে হবে।এছাড়াও তার কর্তব্য,এলাকার চারণভূমিগুলিকে রক্ষা করা।বয়স্ক মহিষগুলিকে ছোটো মহিষগুলির আদর্শ হিসেবে প্রশিক্ষণ দেওয়া।”
“ শোনো ভিক্ষুগন,একজন সাধারণ রাখাল তার প্রতিটি মহিষকে ভালো করে চেনে।ঠিক সেভাবেই নিজের শরীরকেও চিনতে হবে।জানতে হবে প্রতিটি উপাদান।
যেভাবে রাখাল তার মহিষদের সকল প্রবণতা সর্বার্থে জানে।সেভাবেই চিহ্নিত করতে হবে নিজস্ব প্রবৃত্তি ও প্রবণতাগুলিকে।তারমধ্যে কোনগুলিকে অনুশীলন করতে হবে এবং কোনগুলিকে ত্যাগ,সেটিও বুঝতে হবে।
একজন ভিক্ষুকে বুঝতে হবে তাঁর কায়-মন-বাক্যের কোন প্রকারের ক্রিয়াগুলি মূল্যবান এবং কোনগুলি নয়।
মূল্যবান ক্রিয়াগুলির গুণমানের পরিবর্ধণ ও পরিমার্জণে যত্ন নিতে হবে এবং সেভাবেই ভিক্ষুকে তাঁর মনের আকাঙ্খা আসক্তি ক্রোধ বিতৃষ্ণাকে ঘষেঘষে মন থেকে সরিয়ে ফেলতে হবে ,যেভাবে একজন রাখাল তার মহিষগুলির শরীর ঘষামাজা করেন।
তিনি যেন স্বস্তির দিকে তাকিয়েই কথাগুলি বলছিলেন।স্বস্তির মনে হচ্ছিল আজ বুদ্ধের সমস্ত কথার উৎস বুঝি সে।স্বস্তির মনে পড়ছিল দশ বছর আগে বুদ্ধের পাশে বসলে তিনি তার কাছে জলমহিষের পরিচর্যার বিষয়টি বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন। একজন প্রাসাদে লালিত পালিত হওয়া রাজপুত্র কীভাবে জলমহিষ সম্পর্কে এতোকিছু জানতে পারেন? যদিও বুদ্ধ খুব স্বাভাবিক স্বরেই কথা বলছিলেন তবু প্রতিটি শব্দ ছিল স্পষ্ট এবং পৃথক।ফলে প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছিল কথাগুলি:
” ঠিক যেভাবে একজন রাখাল তার মহিষের শরীরের ক্ষতগুলির নিরাময় করে ঠিক সেভাবেই একজন ভিক্ষু তাঁর ছয়টি জ্ঞানেন্দ্রীয়,চক্ষু কর্ণ নাশিকা জিহ্বা দেহ ও মনের প্রতি সজাগ থাকলে কখনোই সেগুলির বিক্ষেপের ভিতর হারিয়ে যাবেন না।
যেভাবে একজন রাখাল তার মহিষগুলিকে মশার কামড় থেকে বাঁচাতে ধোঁয়া সৃষ্টি করে ঠিক সেভাবেই একজন ভিক্ষুকে তার জাগৃতির শিক্ষাগুলিকে ব্যবহার করে চারিপাশে ছড়িয়ে থাকা দুর্বিপাক থেকে শরীর ও মনকে রক্ষা করতে হবে।
যেমন রাখাল তার মহিষগুলির চলার জন্যে একটি নিরাপদ পথ ব্যবহার করে ঠিক সেভাবেই ভিক্ষুকেও যেসব পথগুলি যশের তৃষ্ণা,সম্পত্তি ও যৌনতৃষ্ণার পথে টেনে নিয়ে যায় __যেন শুঁড়িখানা অথবা নাট্যমঞ্চ! সেই পথগুলিকে সন্তর্পণে পরিহার করতে হবে।
যেভাবে একজন রাখাল তার পশুগুলিকে ভালোবাসে সেভাবেই একজন ভিক্ষুকেও তার ধ্যান-ক্রিয়াকে ভালোবাসতে হবে।
যেভাবে রাখালটি নদীপথে তার পশুগলিকে পারাপার করানোর জন্যে নদীর ভেতর কোনো অগভীর জলের নিরাপদ পথ খুঁজে নেয় সেভাবেই একজন ভিক্ষু তার চার আর্যসত্যেকে পাথেয় করে জীবনপথে এগিয়ে যাবে।
যেভাবে বালকটি তার পশুদের জন্যে তাজা ঘাস এবং মিষ্টজল খুঁজে নেয় সেভাবেই একজন ভিক্ষু গ্রহণ করবে সম্যক-মনোনিবেশের পুষ্টিযুক্ত চারটি নির্যাস যা তাঁকে মুক্তিগামী পথ চলতে শক্তি যোগাবে।
রাখাল যেমন তার পশুদের জন্যে ব্যবহৃত চারণক্ষেত্রকে অতিচারণ থেকে রক্ষা করে, ভিক্ষুকেও তাঁর ভিক্ষাগ্রহণের জনপদটির সঙ্গে নিরাপদ সম্পর্ক রক্ষা করে চলতে হবে।
যেভাবে রাখাল বালকটি তার বৃদ্ধ মহিষগুলিকে কনিষ্ঠ পশুগুলির পথ প্রদর্শক হিসেবে পরিচালিত করে, সেভাবেই ভিক্ষুকদেরকেও তাঁদের অগ্রজ ভিক্ষুদের পথে তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানকে পাথেয় করে অর্হত্বের পথে অগ্রসর হতে হবে।
যে ভিক্ষু এই এগারোটি বিষয় মেনে চলবেন তিনি ছয় বছরের সময়কালের মধ্যে অর্হত্ব লাভ করবেন।
স্বস্তি অবাক বিস্ময়ে বুদ্ধকে শুনতে লাগল।বুদ্ধ দশ বছর আগে স্বস্তির কাছে যা শুনেছিলেন সেই কথাগুলিই একজন ভিক্ষুর ধর্মানুশীলনে পুঙ্খানুপুঙ্খরূপে প্রয়োগ করলেন।স্বস্তি যদিও জানে, বুদ্ধ সন্যাসীদের সম্পূর্ণ মন্ডলিকে উদ্দেশ্য করেই ধর্মোপদেশ দিচ্ছেন কিন্তু তার মনে হচ্ছে বুদ্ধ কেবল তাকেই উদ্দেশ্য করে বলছেন।সে নির্ণিমেষ নয়নে বুদ্ধের মুখের দিকে চেয়ে রইল।এই কথাগুলিই তো মনের মধ্যে চিরকাল ধরে রাখতে হয়।যদিও কিছু পারিভাষিক শব্দ,’ ছয়টি জ্ঞানেন্দ্রীয়’, ‘চারটি আর্যসত্য’, সম্যকমনোসংযোগের চারটি স্তম্ভ’ ইত্যাদি স্বস্তি ভালোমত বুঝতে পারেনি।সে পরে রাহুলকে একটু বুঝিয়ে বলতে বলবে কারণ তার ধারণা রাহুল নিশ্চয়ই এই শব্দগুলির অন্তর্নিহিত অর্থ জানে।
বুদ্ধ বলে চলেছিলেন।তিনি সেই জমায়েতকে বোঝাচ্ছিলেন কীভাবে একদল মহিষের চলাচলের জন্যে একটি নিরাপদ পথ খুঁজতে হয়।যদি সেই পধ খুবই কন্টকাকীর্ণ হয় তাহলে মহিষগুলির দেহ কেটে ছড়ে গিয়ে সংক্রমণ হতে পারে।রাখাল যদি সচেতন না থাকে তাহলে তার মহিষগুলির জ্বর হতে পারে এমনকি তারা মরেও যেতে পারে।ভিক্ষুদের অনুশীলনযোগ্য পথটিও ঠিক একই রকম।তিনি যদি সেটি না খুঁজে পান তাহলে তাঁর শরীর মনের ভিতর ক্ষত সৃষ্টি হবে।লোভ এবং ক্রোধ পুনরায় তার ক্ষতগুলিকে বিষিয়ে তুলতে পারে।যা জ্ঞানলাভের পথে বাধা সৃষ্টি করবে।বুদ্ধ থামলেন।তিনি স্বস্তিকে ঈঙ্গিত করলেন,মঞ্চের ওপর তাঁর পাশে উঠে আসতে। স্বস্তি হাত জোড় করে দাঁড়াল।বুদ্ধ মৃদু হাসিমুখে স্বস্তির পরিচয় দিলেন:
“দশ বছর আগে গয়ার কাছে স্বস্তির সঙ্গে আমার প্রথম দেখা।সে তখন মাত্র এগারো বছরের বালক।এ হচ্ছে সেই স্বস্তি যে প্রতিদিন আমাকে মুঠোভর্তি কুশঘাস এনে দিত যাদিয়ে আমি বোধিবৃক্ষের তলে আমার সাধনার আসন তৈরি করে নিতাম। জলমহিষ সম্পর্কে যাবতীয় জ্ঞান এই স্বস্তির থেকেই পেয়েছি।আমি জানতাম সে একজন দক্ষ রাখাল এবং আমি এটাও জানি, সে একজন যথার্থ ভিক্ষু হয়ে উঠবে।সকলের দৃষ্টি স্বস্তির ওপর নিবদ্ধ।স্বস্তির কান এবং গাল ক্রমশ লাল হয়ে উঠছিল।প্রত্যেক ভিক্ষু হাতজোড় করে তাকে প্রণাম করলেন এবং স্বস্তিও একইভাবে সকলের উদ্দশ্যে প্রণাম জানাল।
এরপর বুদ্ধ, রাহুলকে সচেতন শ্বাস-প্রশ্বাসের ষোলোটি অনুশীলন আবৃত্তি করতে অনুরোধ করে ধর্মোপদেশের সমাপ্তি টানলেন।
রাহুল সোজা হয়ে দাঁড়ালেন।হাতদুটি নমস্কারের ভঙ্গিতে বুকের সামনে জড়ো করা।ঘন্টাধ্বনির মত মেধাবী ও স্পষ্ট স্বরে উচ্চারণ করতেশুরু করলেন। শেষ হলে বুদ্ধ এবং অন্যান্য ভিক্ষুরা উঠে দাঁড়ালেন।বুদ্ধ তাঁর কুঁড়ে ঘরে ফিরে গেলেন।অন্যান্য ভিক্ষুরাও তাঁদের আসন তুলে নিয়ে সেই বেণুবন বিহারের যে যার স্থানে বিহার করতে লাগলেন।
কেউ নিজের কুঁড়েঘরটির দিকে গেলেন আবার বেশিরভাগই ধ্যানে বসলেন এবং বাকিরা দিবানিদ্রায় গেলেন বাঁশগাছের ছায়ায়।একমাত্র অতিবৃষ্টির সময় ভিক্ষুরা কুঁড়ে ঘরে অথবা বক্তৃতাগৃহে আশ্রয় নিতেন।গুরু সারিপুত্ত,স্বস্তি এবং রাহুলের, সারিপুত্তের সাধনকক্ষের দরজার পাশে একটুখানি স্থানে থাকার ব্যবস্থা হয়েছিল।রাহুল যখন ছোট ছিল তখন সে তার অভিভাবকসম গুরুর সঙ্গেই থাকত।পরে বড় হলে পরে বাঁশগাছের নিচে একটি স্থানে তার স্থান হয়।স্বস্তি আর রাহুল ভারি আনন্দেই ছিল।
বেলা পড়ে গেলে স্বস্তি ধ্যান থেকে উঠে সম্যক পদচারণা করতে লাগল।সে একটি নির্জণ পথ বেছে নিল যাতে অন্যকারোর সাথে মুখোমুখি না হতে হয়।কিন্তু দেখা গেল স্বাসের প্রতি মনোনিবেশ করতে তার অসুবিধা হচ্ছে।কেবলই ভাই বোনেদের কথা মনে পড়ছে।এই পথটি নিরঞ্জনার দিকে যায়।তার চিত্তপটে ভেসে উঠল ছোট্ট ভীমা কীভাবে চোখের জল লুকিয়ে হাসিমুখে তাকে বিদায় জানিয়ে ছিল।ভাই রূপক এখন একাই রাম্ভুলের জলমহিষগুলির দেখাশোনা করছে।সে এই দৃশ্যগুলি মন থেকে সরিয়ে পদচারণা ও শ্বাসের প্রতি মনোনিবেশ করার চেষ্টা করলেও কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। স্মৃতি তাঁকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল।
সে তার সাধনায় মনোযোগ দিতে পারছে না বলে লজ্জিত বোধ করল।তার নিজেকে বুদ্ধের সাধন পথের অনুপযুক্ত মনে হতে লাগল।সে এবিষয়ে রাহুলের সঙ্গে আলোচনা করার কথা ভাবল।বুদ্ধ তাঁর ধর্ম দেশণায় অনেক কথাই বলেছেন।এবং সেদিন সকালে তিনি যা বলে ছিলেন স্বস্তি সম্পূর্ণটা আত্মস্থ করতে পারেনি।রাহুল নিশ্চয়ই তাকে সেগুলি বুঝিয়ে বলে দেবে।
রাহুলের কথা ভাবতেই তার মন শান্ত হল এবং তার শ্বাস প্রশ্বাস ও পদক্ষেপের প্রতি মনোনিবেশ করতে আর কোনো অসুবিধে রইল না।এদিকে স্বস্তি রাহুলের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছি না। শেষে রাহুলই তাকে খুঁজতে খুঁজতে এসে হাজির।সে স্বস্তিকে একটি বাঁগাছের ছায়ায় নিয়ে গিয়ে বলল, ” জানো,আজ শ্রদ্ধেয় আনন্দ স্থবিরের সঙ্গে দেখা হয়েছিল।তিনি তোমার কাছে শুনতে চান কখন কীভাবে বুদ্ধের সঙ্গে তোমার দেখা হয়েছিল?”
.
“রাহুল, শ্রদ্ধেয় আনন্দ কে গো?”স্বস্তি প্রশ্ন করল।
“তিনি একজন সাক্য রাজকুমার।বুদ্ধের খুড়তুতো ভাই।তিনি সাত বছর আগে ভিক্ষু হয়েছিলেন।এখন তিনি বুদ্ধের শ্রেষ্ঠ শিষ্যদের একজন।বুদ্ধ তাঁকে বড্ড ভালোবাসেন।তিনিই বুদ্ধের দেখাশোনা করেন।তিনি কাল বিকেলেই আমাদের ডেকেছেন।আমিও সেই সবকিছু কথা শুনতে চাই যখন বুদ্ধ, গয়া নামক স্থানে অবস্থান করছিলেন” রাহুল বলল।
“বুদ্ধ তোমায় সেসব কিছু বলেননি?”রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল।
“বলেছেন তবে বিস্তারিতভাবে কিছু নয়।আমি জানি তোমার কাছে বলার জন্যে অনেক গল্প আছে।”
“তেমন কিছু নয়!তবে আমি যেটুকু মনে করতে পারব বলতে চেষ্টা করব।রাহুল,শ্রদ্ধেয় আনন্দ কেমন মানুষ?আসলে,আমার একটু ভয় লাগছে”
“আরে কিচ্ছু ভেবো না তিনি খুব অমায়িক আর বন্ধুতাপূর্ণ।আমি তাঁকে তুমি ও তোমার পরিবার সম্পর্কে বলে রেখেছি।তিনি খুশি হয়েছেন”
“আমরা কাল সকালে যখন ভিক্ষা করতে বেরোব তখন কি তাঁর সঙ্গে দেখা হবে?আমি বরং তাড়াতাড়ি আমার চীবরটি কেচে মেলে দিই যাতে সেটি সময়মত শুকিয়ে যায়।”
যেইমাত্র রাহল চলে যাওয়ার জন্যে উঠে দাঁড়াল স্বস্তি আস্তে করে তার চীবর ধরে টানল, “তুমি কী আরো কিছুক্ষণ আমার সঙ্গে বসবে? কয়েকটা কথা জিজ্ঞেস করতাম।আজ সকালে বুদ্ধ এগারোটি সূত্র বলেছেন।আমি সবকটা মনে করতে পারছি না।তুমি আরেকবার বলে দেবে?”
“আমি মাত্র ন-টাই মনে রাখতে পেরেছি, কিন্তু তুমি ভেবো না, কালকে আমরা আনন্দ স্থবিরের কাছে জেনে নেব।”
“তুমি ঠিক জানো তো?তিনি সবকটা সূত্র মনে রেখেছেন?”
“অবশ্যই।এটা যদি একশ একটা হত তাহলেও তিনি মনে রাখতেন।প্রত্যেকেই তাঁর এই আশ্চর্য স্মৃতিশক্তির প্রশংসা করে।বুদ্ধ যা বলেন তা তিনি নির্ভুলভাবে মনে রাখতে পারেন।কোনো খুঁটিনাটি বাদ যায় না।এখানে সবাই তাঁকে বুদ্ধের সবথেকে শিক্ষিত শিষ্য বলে মানে।এখানে বুদ্ধের ধর্মদেশনার কোনো অংশ কেউ ভুলে গেলে আনন্দকেই খোঁজে। কখনো কখনো সঙ্ঘ পাঠচক্রের আয়োজন করেন যেখানে আনন্দ স্থবির বুদ্ধের মূল শিক্ষাগুলিকে ব্যাক্ষা করেন”
“আমাদের কপাল খুবই ভালো বলতে হবে তাহলে।কালকে ওঁকেই জিজ্ঞেস করব তাহলে।তবে আমার আরোও একটা প্রশ্ন আছে তোমার কাছে,সম্যক-পদচারণার সময় তুমি তোমার মন কিকরে শান্ত রাখো?”
“তুমি কি এটাই বলছ যে, সম্যক পদচারণার সময় তোমার ভাইবোনেদের কথা মনে পড়ছে?”
স্বস্তি তার হাত চেপে ধরে বলল
,” তুমি কী করে বুঝলে? সত্যিই আজ বিকেলে আমার ভাইবোনেদের জন্যে বড্ড মনকেমন করছিল!আমার খুব ভয় করছে।পা কাঁপছে।আমি বুঝতে পারছি না হঠাৎ কেন এতো মনকেমন করছে।আমি জানি না।কীভাবে এটা কাটিয়ে উঠব।অথচ সঠিকভাবে সাধনা করতে পারছিনা বলে আমার তোমার ও বুদ্ধের সামনে ভারি লজ্জা বোধ হচ্ছে।”
রাহুল হেসে বললে, “লজ্জা পেয়ো না।আমি যখন প্রথম বুদ্ধের সঙ্ঘে যোগ দিয়েছিলাম তখন আমার মা কাকিমা,আমার ঠাকুরদাদা ও ঠাকুমার জন্যেও আমার খুব মনকেমন করত।কত রাত যে আমি আমার বালিশে মুখ গুঁজে কেঁদেছি তার ঠিক নেই।আমি জানি ওঁদেরও আমার জন্যে ভীষণ মনকেমন করছে।কিছুক্ষণ পরে আবার সব ঠিক হয়ে যেত।”রাহুল স্বস্তির হাত ধরে ওকে দাঁড় করিয়ে বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন করল।” তোমার ভাইবোনেরা বড়ই মিষ্ট স্বভাবের। তাদের জন্যে মনকেমন স্বাভাবিক।তবে ক্রমশ তোমার অভ্যাস হয়ে যাবে।এখানে আমাদেরকে পড়া এবং অভ্যাসের জন্যে কাজ দেওয়া হবে।যখন আমি সময় পাব তোমাকে আমার পরিবার সম্পর্কে বলব।কেমন?”
স্বস্তি রাহুলের হাতদুটি নিজের দুটি হাতের মধ্যে নিয়ে মাথা নাড়ল।তারপর রাহুল নিজের চীবর কাচতে গেল আর স্বস্তি ঝাঁটা নিয়ে আশ্রম ঝাঁট দিতে।
( চলবে )



One Response
সুখ পাঠ্য রচনা । ভালো লাগছে পড়ে।