জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
[জোহান ভোল্ফগাং ফন গ্যেটে (১৭৪৯–১৮৩২) ছিলেন আধুনিক জার্মান সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে কবি, নাট্যকার ও ঔপন্যাসিক হিসেবে তিনি বিশ্বসাহিত্যে অমর হয়ে আছেন।
তাঁর কালজয়ী নাট্যকাব্য ‘ফাউস্ট’ এবং উপন্যাস ‘দ্য সরোজ অফ ইয়ং ওয়ের্থার’ বিশ্বজুড়ে সমাদৃত। সাহিত্যের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ রাষ্ট্রনায়ক, নাট্যপরিচালক এবং বিজ্ঞানী। উদ্ভিদবিদ্যা, শারীরস্থান এবং বর্ণতত্ত্ব (Theory of Colours) নিয়ে তাঁর মৌলিক গবেষণা রয়েছে। ইউরোপীয় রোমান্টিকতা এবং আধুনিক চিন্তাধারার বিকাশে গ্যেটের অবদান অপরিসীম।]
জার্মান থেকে ইংরেজি অনুবাদ: জন ফ্রেডেরিক নিমস
বাংলায় অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম
সুন্দর রাত
এখন আমি আমার প্রিয়তমের ছোট্ট কুটির
ছেড়ে চলে যাচ্ছি;
অন্ধকারের মধ্য দিয়ে, গোপনে,
এক বিষণ্ণ নীরবতার মধ্যে,
গাছপালায় ঢাকা উদ্যানে ঘুরে বেড়াই ।
যদিও লুনা ঝোপঝাড় এবং ওক গাছের মধ্য দিয়ে উঁকি মেরে দেখছে,
মৃদুমন্দ বাতাস তার উপস্থিতি প্রকাশ করে;
ভূর্জবৃক্ষরা নতজানু হয়;
তারা সুগন্ধ ছড়ায় মধ্যরাতের বয়ে যাওয়া বাতাসে ।
এত সমৃদ্ধ গ্রীষ্ম রাতের শীতলতায় কি আনন্দ!
কি নিস্তব্ধতা!
অনুভূতির অন্তরাত্মা অকথ্য আনন্দে মেতে ওঠে ।
পরমানন্দ আমি খুব কমই সামলাতে পারি,
নির্জনতায় জাগ্রত থাকার রাতগুলো,
তবুও আমি সেগুলো হাজার দিয়ে বিনিময় করব,
তার সাথে এক রাতের জন্য ।


