নতুন ভোরের আলো

নতুন ভোরের আলো

বারান্দা থেকে ঘরের চৌকি অবধি আসতে হাঁপ ধরে যায় এখন,  তাও মৌমিতা নির্মল বাবুর হাতটা ধরে রাখে, চা আনতে রান্নাঘরে গেল মেয়েটা, বহু পুরোনো চৌকিতে বসে জিরোতে থাকেন নির্মল বাবু, একটু হাত বোলান চৌকিটার গায়ে, আশি সালে যখন হাউজিং সোসাইটির এই ফ্ল্যাটে আসলেন সপরিবারে, তার বছরখানেকের মধ্যে চৌকিটা পরিবারের অন্তর্ভুক্ত হয়। এখনও মনে আছে খোঁজ খবর নিয়ে এক রোববার সকালে মসজিদ পাড়ায় মধু বাবুর ফার্নিচারের দোকান ‘কাম’ কারখানা ‘কাম’ অফিসে গেছিলেন কথা বলতে। ছোট গ্যারেজে দোকান, ফার্নিচার-টার সাজানো  কিচ্ছু নেই খালি দু’জন কর্মচারী কাজ করছে। আর এখন নির্মল বাবু বারান্দা থেকে ঘরে একা হেঁটে আসতে ভয় পান। 

চৌকির  মুখোমুখি টেবিলে প্রতিমার একটা ফটো আছে , রণিতা একটা সুন্দর পুঁতির মালা কিনে মাকে সাজিয়ে দিয়েছে। তারপাশেই রয়েছে আজকের খবরের কাগজ, ডায়েরি, মোবাইল ফোন, কলম।  এতোখানি বয়স হয়ে গেল নির্মল বাবুর চশমা লাগল না। একদৃষ্টে প্রতিমার ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ছোট্ট একটা দুষ্টু বুদ্ধি জাগলো মাথায়, ওইটুকু তো দূরত্ব, একবার টুকটুক করে হেঁটে গিয়ে কাগজটা  নিয়ে আসলেই হয়, “সে রকম মনে হলে টেবিলের গা ঘেঁষে রাখা  সোফাটায় ধপ করে বসে যাব। অনন্যা, মৌমিতা রাগ করবে? ধুস করুকগে , এটুকু দুষ্টুমি করাই যায় ।” ছোট বাচ্চাদের মতো হাসতে থাকেন, এখন আর কোনো হাঁপ ধরা নেই ।

 ***

“মামা যাচ্ছি গো, রেবা আসলো বলে বাজার নিয়ে । সন্ধ্যাবেলা টাইমে চলে আসব, টা..টা..”

‘টাটা’ শব্দটা নির্মল বাবুর বড় প্রিয়, সন্তানরা, ছোট শ্যালিকা, নাতি-নাতনিরা, পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে বহুবার এই বিদায় সম্ভাষণটা শুনেছেন, মাকে অবশ্য নির্মল বাবু কোনোদিনও সোচ্চারে, নীরবে টা..টা বলেননি কিন্তু শেষবারের মতো প্রতিমা, শেলি আর সোমুকে নীরবে টা..টা বলেছেন । টা..টা নিয়ে ভাবতে ভাবতে হলদে হয়ে আসা ডায়েরির একটা পাতা খোলেন। ডায়েরির মাথায় ডানদিক ঘেঁষে লেখা  ‘ 2004’ , রণিতার অফিস থেকে পাওয়া, কোনো সময়ে ওর মাকে দিয়েছিল নাকি প্রতিমা নিজেই চেয়ে নিয়েছিল, কে জানে কী!  স্ত্রী’র হাতের লেখার ওপর সরু, লম্বা, ফর্সা আঙুলটা রাখেন নির্মল বাবু, দোকান, বাজারের হিসেব ছাড়াও রয়েছে দুর্গা স্তোত্র, আদ্যা স্তোত্র, ইতুপুজোর উমনো-ঝুমনোর গল্প, বালিকা থেকে প্রৌঢ়া প্রতিমার জীবনের টুকরো টুকরো অজানা ‘কথা’।  বৃদ্ধা হলে কী লিখতো কে জানে? সে সুযোগ তাকে জীবন দিল আর কই! ডায়েরির পাতাটা নাকের কাছে নিয়ে আসেন, নির্মল বাবুর তেল, ক্রিমের গন্ধে, প্রতিমার গন্ধ কখন যেন মিশে গেছে, আর আলাদা করে চেনা যায় না ।

” গুড মর্নিং দাদুভাই “। একগাল হাসি নিয়ে তার নাতনি অনন্যা, তার শীতের মিঠেকড়া রোদ্দুর দাঁড়িয়ে। সোমু আর শেলি দু’জনকেই এক ঝলক দেখতে পান নির্মল বাবু,  অনন্যা যখন ছোট দু’জনে বেজায় তর্ক করতো মেয়েটা দেখতে কার মতো তা নিয়ে , সেই ছোট্ট বালিকাটা কাঁদো কাঁদো স্বরে দাবী জানাতো ওকে ওর নিজের মতো দেখতে। প্রতিমা, নির্মল বাবুর হাসির চোটে এই ফ্ল্যাটেই পায়রা উড়তো। এখন নাতনি কীভাবে কে জানে? নির্মল বাবু আর জানতে চান না।

” দাদুভাই নতুন ঠান্ডা পড়ছে, কান মাথাটা ভালো করে ঢেকে রাখো, আমি স্নানে গেলাম, রেবাদি তোমার জলখাবারটা আনছে।” 

নাতনি হুরমুড় করে ছোটে বাথরুমে, নির্মল বাবু দেখেন তার মিঠেকড়া রোদ্দুর দামাল শিশুর মতো সারা ঘরে দাপিয়ে বেড়াচ্ছে, ধুস এসময় কেউ ঠান্ডা লাগা , জলখাবার নিয়ে ভাবে নাকি! 

***

ঘড়ির কাঁটা চলে নিজের খেয়ালে, কিছুক্ষণ পড়লেন বাংলা খবরের কাগজটা, দেশ-দুনিয়ার খবরে আর নির্মল বাবুর রুচি নেই, সেখানে হয় যুদ্ধ নাহয় অশান্তির খবর , খেলার দুনিয়াটা বরং খুঁটিয়ে পড়েন, আর ভালো লাগে সম্পাদকীয় । সোমু যখন ছিল বছর পাঁচেক আগেও ইংরেজি, বাংলা সম্পাদকীয় পড়ে চিঠি লিখতেন, মাঝেমধ্যে প্রকাশিত হয়েছে, এখন যেন ভাষা, শব্দ কিছুই আর খুঁজে পাননা। জানলায় টাঙানো ভেলভেটের পর্দাটা সরিয়ে সামনের নিমগাছটার দিকে তাকালেন, মাথাটা ভাগ্যিস কাজ করে এখনও, এটা চলে গেলে নিমগাছের নিচে পড়ে থাকা বাতিল পাতার মতো হয়ে যাবেন । অবশিষ্ট সবুজ পাতা গুলোর দিকে তাকিয়ে একবার ধন্যবাদ দেন সৃষ্টিকর্তাকে।

দরজার ঝুলন্ত মেরুণ পর্দা সরিয়ে পা টিপে টিপে ঘরে আসে অনন্যা। দাদুভাই এসময়টা জানলার ধারে বসে সকালে হাউজিং-র ব্যস্ততা দেখতে ভালোবাসেন । আগে যখন চলাফেরা ঠিকমতো করতে পারতেন খুব ভোরে বারান্দায় গিয়ে সূর্য প্রণাম করে, দুর্গা স্তোত্র সেরে ঘরে আসতেন । তিনতলার জেঠিমা  বেশ কয়েকবছর আগেও বলতেন  “নির্মলদা আপনার স্তোত্র পাঠ শুনে ঘুম ভাঙে। কী যে ভালো লাগে! “

এখন দাদুভাই জানলাটা একফালি খুলে শিশু সূর্যকে দেখে নিয়ে চৌকিতে বসেই স্তব-পাঠ সারে। ছোট্ট একটা শ্বাস ফেলে অনন্যা ।

” দাদুভাই …”

” দিদিভাই তুই রেডি হয়ে গেছিস? “

মৃদু হাসে অনন্যা দাদুর গলাটা জড়িয়ে ধরে । নির্মল বাবু অনন্যার হাতটা নিজের হাতের মুঠোয় নেন। কান্তিময় চেহারার জন্য দাদু নাম রেখেছিলেন নির্মল কান্তি ভট্টাচার্য । কান্তিময় শরীরে এখন অজস্র বলিরেখা, সময়ের চিহ্ন ধরা হাতের পাতায় লুকিয়ে আছে অনেক আনন্দ, শোক, পরাজয়, আঘাতের ছোট ছোট ইতিহাস । দাদুভাই’র হাতের পাতার ওপর হাত বুলিয়ে অনন্যা বলে , ” হ্যাঁ এবার বেরোব, আজ সংযুক্তার তৃতীয় বিবাহবার্ষিকী । ফিরতে একটু রাত হবে, ভেবেছিলাম নেমতন্নটা কাটিয়ে দেব কিন্তু মেয়েটা এতো করে বলল…” কথা আর শেষ করে না অনন্যা।

” না না দিদিভাই যত পারো আনন্দ পুরে নাও তোমার ঝোলায়, আমার মতো যখন বয়স হবে সেগুলো তখন নেড়েচেড়ে দেখ, শ্বাসবায়ু তরতাজা থাকবে, বয়স ছুঁতে পারবে না বুঝলে ।”  নির্মল বাবুর গলার স্বরে কঠিন পরীক্ষা জয় করার আনন্দ ।

         ***

নাতনিও  টা..টা বলে চলে যায়, খোলা দোতলার  জানলা দিয়ে হেমন্তর  রোদ মাখানো আকাশটা দেখতে বড় ভালো লাগছে। একটু পরেই অশোক আসবে ফিজিওথেরাপি, ব্যায়াম করাতে। ‘বডি মুভমেন্ট ‘ বজায় রাখার কত চেষ্টা! নির্মল বাবু আবারও ডায়েরির পাতায় চোখ রাখেন, পোদ্দারের দোকান বলে লিখে প্রতিমা মুদির দোকানের হিসেব করে রেখেছে। পোদ্দারের দোকানের আরো একটা নাম ছিল , বড় বড় তিনটে পাল্লা খোলা দরজার জন্য ‘তিনমুখের’ দোকান বলা হত। আশি সালে যখন টালিগঞ্জে আসেন তার কিছু বছর পর মুদির দোকানটা শুরু হয়, নির্মল বাবু দেখেছেন দু’জন কর্মচারী, বাবা -ছেলে মিলে কালে দিনে ক্রেতা সামলাতে হিমসিম খেত। নানুবাবুর বাজার এরিয়ায় যারা থাকতেন একটা সময় অবধি বাড়ির কাছাকাছি ল্যান্ডমার্ক বোঝাতে তিনমুখের দোকানের কথা বলতো। দোকানটার কথা মনে পড়তে মনটা ভালোখারাপ দুই হয়ে যায় । এই সেদিনও নির্মল বাবু টুকটুক করে হেঁটে প্রভাত পোদ্দারের সঙ্গে গল্প করতে যেতেন, দোকানে রাখা ছোট্ট টুলে বসে চাল, ডাল, আটা,মশলা, তেল, সাবানের গন্ধ নিতে নিতে দেশ দুনিয়ার হালচাল নিয়ে আলোচনা চলতো। কত চেনা মুখ আসতো, তাদের সঙ্গেও আড্ডা হতো। সকালটা বেশ কাটতো। প্রভাতটা ছিল সুগারের রোগী, ঘনঘন বাথরুম পেত, পা ফুলতো। সোমুর চেয়ে কিছু বড় ছেলেটাকে দেখলে কষ্ট হতো । 

বাড়ি ফিরে অবশ্য অনর্গল বকুনি দিত শেলি , ” বাবা কি দরকার সারা সকাল জুড়ে দোকানে বসে আড্ডা দেওয়ার, ফুটপাত বলে কিচ্ছু নেই , বাস গুলো সব গায়ের ওপর দিয়ে যায় ..টেনশন হয়। তার ওপর নিশ্চয়ই ওই দুধচা খেয়ে এসেছেন?”  নির্মল বাবু হাসি চেপে দুষ্টু মুখটা মাটির দিকে নামিয়ে রাখতেন ।

আড্ডা আর থাকলো কই? শেলি চলে যাওয়ার পরেপরেই চালু দোকানটা প্রভাত বেচে দিল, একমাত্র কন্যা সন্তান মুদির দোকান চালাবে না, অনন্যার মতো ভালো চাকরি করে। যাক শেলি এখন ওপরে বসে নিশ্চিন্ত, শ্বশুরমশাই আর বাড়ির বাইরে একা বের হতে পারে না । দুম করে ডায়েরিটা বন্ধ করেন নির্মল বাবু ।

      ***

” দাদু চলো ভাত খেয়ে নেবে। আজ কিন্তু ফলটা খাবে , দিদি বলে দিয়েছে।”  বকবক করতে করতে ঠিক পৌনে দু’টোর মধ্যে রেবা নির্মল বাবু কে খাবার টেবিলে বসিয়ে দেয়, রোজ। নির্মল বাবু বুঝতে পারেন মৌমিতা, রেবা তার প্রতি শুকনো কর্তব্য করে না, ভালোবাসে বুড়োটাকে। খাবার থালায় অল্প অল্প করে কত পদ রেখেছে রেবা। এখন তো দৃষ্টিভোগ করেন, মা ছোটবেলা থেকে পাঁচ,সাত পদ পাতে রাখতেন। প্রতিমা, শেলিও সেভাবেই থালা সাজাতো। রেবা রোজই দাদুর জন্য চারপদ রাখার চেষ্টা করে, সুন্দর করে থালা সাজিয়ে। রেবাকে এভাবে থালা সাজাতে কে শেখালো কে জানে? রণিতা? সোমু? নাকি অনন্যা?

এলোমেলো চিন্তারা  খাদ্যনালিতে  গিয়ে আটকায়, জোর বিষম খান নির্মল বাবু ।

” ষাট , ষাট..”  রান্নাঘর  থেকে ছুটে এসে পিঠটা ডলে দেয় রেবা। নির্মল বাবুর মনে আছে মা এভাবে পিঠ ডলে ষাট বলতেন, শেলিও বলতো। আজ রেবাকে মা ডাকতে ইচ্ছে করছে..

দাদু জোর বিষম খেয়েছে, চোখে জল এসে গেছে, বড় মায়া লাগে বুড়োটার জন্য, অনন্যাদিদির বাবা মারা যাওয়ার পর দাদু কেমন চুপ মেরে গেছে। কথাই প্রায় বলতে চায় না । এদিকে রোজ অফিস যাওয়ার আগে নাতনি বলে যায়, ” দাদুর সঙ্গে গল্প করো রেবাদি, খালি টিভি চালিয়ে রেখ না।”

হাতমুখ ধুয়ে দেওয়াল ধরে ধরে বারান্দায় এসে একটু দাঁড়ান নির্মল বাবু, রোজের রুটিন । সিকিউরিটি অফিসটা দোতলার বারান্দা থেকে পরিষ্কার দেখা যায়, এখন কার ডিউটি কে জানে?সামনি কেউ  থাকলে একটু কথা  বলা যেত। নির্মল বাবু রেলিং ধরে ঝুঁকে দেখতে গিয়েও সাহস পান না। আবারও  চোখ গেল একতলার বারান্দার সামনে সিমেন্টর ধাপির দিকে, এখানে এই সিমেন্টর ধাপির জায়গায় নির্মল বাবুর মা’র হাতে পোঁতা একটা টগর গাছ ছিল,  সাদা ফুলের জন্য মনে হত টগর গাছটা সাদা ঘোমটা দিয়েছে, একদিন সেই টগর গাছটাকেও বিদায় জানাতে হল, একতলার বাসিন্দাদের মনে হল ওদের সমস্ত আলো,হাওয়া গাছটা জবর দখল করে নিচ্ছে। বহু পুরনো, বহু ঘটনার সাক্ষী গাছটা যখন চলে যাচ্ছে, ভাগ্যিস সে সময় প্রতিমা পাশে ছিল। জীবনটাকে শেলি, সোমু, হাসিখুশি বালিকা অনন্যা ঘিরে রেখেছিল ।

সত্যি মানুষ ভালোবাসা দেওয়ার সময় কেমন যেন কৃপণ হয়ে যায়, হঠাৎ করেই নির্মল বাবুর চোখের সামনে  অনন্যার মুখটা ভেসে ওঠে ।

        ***

ধূপের গন্ধটা ভারী মিঠে, রেবা পছন্দ করে কিনে এনেছে। স্নান, পুজো শেষে মেয়েটা খেতে বসেছে। নির্মল বাবুর হাতের বাটিতে কাটা আপেল, তার আগে অবশ্য প্রসাদের বাতাসা একটা খেয়েছেন । মৌমিতা, রেবা ,অনন্যাদের পুতুলের সংসারে নিজেকে কেমন যেন গুরুত্বপূর্ণ পুতুল মনে হয় । হাসতে হাসতে ওষুধটা খেয়ে ইংরেজি খবরের কাগজে হাত দেন। খেয়ে উঠে রেবা একটু টিভি দেখবে, নির্মল বাবু  কাগজ পড়া শেষে দেখেন  রেবা সোফায় শুয়ে অঘোরে ঘুমোচ্ছে, এদিকে টিভি চলছে নিজের খেয়ালে। মায়া, বড় মায়া, নির্মল বাবুকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে, দু’হাত তুলে আশীর্বাদ করেন রেবা, মৌমিতাকে।

         ***

হেমন্তের বাতাসে হিমেল হাওয়ায় ভেসে আসে মন খারাপ, একাকিত্বের খবর, বিকেলের ময়লা আলো গায়েমেখে আড়মোড়া ভেঙে জেগে ওঠে হাউজিং সোসাইটি, রেবা সব জানলা , দরজা গুলো বন্ধ করে সারা বাড়িতে আলো জ্বেলে দেয়। নির্মল বাবুর মন হঠাৎ বিকল হয়ে যায়, ফেলে আসা মুখ গুলো যাদের সঙ্গে আর দেখা হবে না কোনোদিনও এখন এসময়ে তাদের বড্ড মনে পড়ছে । বারাসতে থাকা তার একমাত্র জীবিত বোন আর সোদপুরে থাকা ছোটভাইকে দেখতে ইচ্ছে যায়, অবুঝ মনকে শান্ত করার জন্য চৌকিতে থম মেরে কিচ্ছুক্ষণ বসে থাকেন । 

” দাদু মৌমিতা কাকীমা এসে গেছে। আমি চা করতে গেলাম।”  রেবার এখন বড় তাড়া, এ বাড়িতে কাজ সেরে রাতের রান্না করতে যাবে চন্ডী ঘোষ রোডে, তারপর যাবে বাড়িতে সেই  পশ্চিম পুঁটিয়ারী।  নির্মল বাবুর ঘোর কাটে মৌমিতা,রেবার কলকলানিতে। দুই পরিশ্রমী মেয়ের হাসিমুখ তার পঁচাশি ছোঁয়া ঠোঁটে হাসি আনতে বাধ্য করে। চা শেষ করার আগেই  ঘর থেকে ভেসে আসে উলু এবং শাঁখের আওয়াজ, মৌমিতা শাঁখটা বাজায় ভালো, শেলি ওটা কালীঘাট থেকে কিনে এনেছিল সেই কোনকালে, তার ছেলেমেয়ে, নাতনি একদমই শাঁখ বাজাতে পারে না। শেলির পর শাঁখ বাজানোর দায়িত্বটাও  রেবা, মৌমিতা নিয়েছে ।  মৌমিতা এখন লক্ষ্মীর পাঁচালী পড়ছে, মন দিয়ে শোনেন নির্মল বাবু, প্রতি বৃহস্পতিবার নিয়ম করে পাঁচালী পড়ে এবাড়িতে মৌমিতা, রেবাকে পড়তে হলে বানান করে পড়তে হতো। হঠাৎ-ই কুলকুল করে হেসে ওঠেন নির্মল বাবু যেন সিনেমাতে ভারী মজার দৃশ্য দেখলেন, মা লক্ষ্মীর এই পটে পুজো করতেন মা, তারপর প্রতিমা, রণিতা হয়ে শেলি, এখন শেলির পর মৌমিতা, রেবা। উলুধ্বনি শুনতে শুনতে ভাবেন কীভাবে রক্তের সম্পর্ক ছাপিয়ে আত্মার সম্পর্কে মেয়ে দু’টো এবাড়িটাকে বেঁধে ফেলেছে। 

বড় আনন্দ হয়, বড় আনন্দ ।

         ***

সারা ঘরে ম’ম করছে বিদেশি পারফিউমের গন্ধ, ছোট শ্যালিকা আসলেই নির্মল বাবুর ঘরে বিদেশী সুগন্ধ পাওয়া যায় । হরিদেবপুর থেকে প্রতি সপ্তাহে একবার করে পল্লবী আসে জামাইবাবুর খোঁজ নিতে। ভায়রাভাইটিও সোমুর সঙ্গে সঙ্গে ওর পথের সঙ্গী হয়েছে। সোমুর চেয়ে বছর ছয়েকের বড় ছোট শ্যালিকাটি নির্মল বাবুর সন্তানসম, তার শূন্য সিঁথি মানতে পারেন না এখনও, দীর্ঘ জীবন মাঝেমধ্যে অভিশাপ নিয়ে আসে, সে অভিজ্ঞতাও হয়ে গেল। তবু মেয়েটা দ্রুত সামলে উঠেছে দেখে, কিছুটা হলেও শান্তি পান।

পল্লবী চলে যাওয়ার পর মৌমিতাকে টিভি চালাতে বারণ করেন, মেয়েটা এতো রকমের গল্প করে গেল তার রেশ ওই রাজনৈতিক কচকচানি কী তরজা বা সিরিয়ালের নকল দুনিয়ার মান-অভিমান দেখে নষ্ট করতে ইচ্ছে করছে না । ঘরটা একটু চুপ থাকুক বরং । ভেলভেটের জানলার পর্দার দিকে তাকান, বন্ধ জানলা গুলোকে আড়াল করে আছে, গরমকাল হলে পর্দা সরিয়ে জানলার ধারে বসে থাকতেন, উৎপলেন্দু, শ্রাবণী ওরা  অফিস থেকে বাড়িতে চলে এসেছে, একটু ডেকে কথা বলা যেত, ওদের বাচ্চা ছেলে তোজোটার পাকা পাকা কথা শোনা যেত, তৃষিতের মতো তাকিয়ে থাকেন বন্ধ জানলার দিকে। একটু জানলা খুললে কী এমন ঠান্ডা লাগবে বুঝে পান না নির্মল বাবু, মাঝেমধ্যে বেশি যত্নও হাঁপ ধরিয়ে দেয় ।

ধিতাং তাং ধিং….বোলের আওয়াজে নেতানো মেজাজটা আবার চনমনে হয়ে উঠলো। আহ্ এতোক্ষণ ধরে অপেক্ষা করছিলেন কখন মঙ্গল  তার খোল নিয়ে বসবে। বেস্পতিবারে মঙ্গল আর তার পরিবারের কয়েকজন সদস্য মিলে কীর্তনের আসর বসায়, নির্মল বাবু সে আসরের দূরের ভক্ত । ৭১’সালে যখন বাংলাদেশের জন্ম হয়নি, পূর্ববঙ্গ থেকে আসা  কিছু মানুষদের জন্য ক্যাম্পটা করা হয়। নির্মলবাবু শুনেছিলেন তখন সদ্য সদ্য এই হাউজিং তৈরি হয়েছে, শিয়াল ডাকা, ডোবা, মাঠ, বাগানবাড়ি, স্টুডিওর মাঝে এই ক্যাম্পটা ছিল।  হাউজিং সোসাইটির বাউন্ডারির গা ঘেঁষে থাকা ক্যাম্পটা কালে দিনে বড় হতে থাকে, আশি সালে যখন নির্মল বাবু আসেন তখন ক্যাম্পে বাঙালী, বিহারী, খাটালের সহাবস্থান দেখেছিলেন । এখন অবশ্য খাটাল আর নেই, তার বদলে আরো ঘর বেড়েছে। 

নির্মল বাবু শোনার চেষ্টা করেন  অনিল  ভাঙা গলায় গাইছে  ” জয় জয় গোবিন্দ গোপাল গদাধর/ কৃষ্ণ চন্দ্র কর কৃপা করুণা সাগর।”  চোখ বন্ধ করে বলে দিতে পারেন করতালটা সখীর মা’র হাতে আর খঞ্জনি বাজায় ওদের বাপ। যখন বাজারে যেতেন নির্মল বাবু অনিলের বাপের আলু, পেঁয়াজের দোকান থেকেই আনাজ কিনতেন । বড় শান্ত ভালো মানুষ, পুরোনো দিন নিয়ে হাহুতাশ করতে শোনেননি, ওপারকে নিয়ে একটা শব্দ খরচ করতো না, খালি স্বপ্ন দেখতো ছেলেমেয়ে, পরিবার নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার, এই লড়াইটার জন্যই মানুষটাকে স্নেহ করতে ইচ্ছে করতো। শিক্ষিত,বড় সরকারি  চাকুরে নির্মল বাবু বাজারে গেলেই আগে একটু গল্প করে নিত  অনিলের বাপের সঙ্গে । নির্মল বাবু কথা গুলোয় মন দেওয়ার চেষ্টা করেন, আবারও বন্ধ জানলার ওপর রাগ হয়, এভাবে কী গান শোনা যায়, ফসকে ফসকে যাচ্ছে তো…নির্মল বাবু কীর্তন শোনার সময় প্রতি বৃহস্পতিবার শৈশবে ফিরে যান, আলপথ দিয়ে  দাদুর হাত ধরে ছোট্ট নির্মল চললো হরিসভায়। গঙ্গার ধারে পঞ্চতত্ত্বের মন্দির, দাদু বিভোর হয়ে শুনছে কীর্তন। হ্যাজাকের আলোয় দিনের মতো ঝলমলে আসরে বসে দাদু কাঁদে । ছোট্ট নির্মল ভয়ে দাদুর গা ঘেঁষে বসে। বাড়ি ফেরার পথে হাতের ছোট্ট মুঠিতে থাকে বাতাসা। ওই হরিসভার বাতাসাটা খাওয়ার এখন লোভ হচ্ছে  …

         ***

কীর্তন শুনতে শুনতে খইদুধ খেয়ে নেন নির্মল বাবু,  মৌমিতাকে বলেন কে টিভিটা চালিয়ে দিয়ে খেয়ে নিতে  । নাতনি আজ বাইরে খেয়ে, আড্ডা দিয়ে বাড়ি ফিরবে কতদিন পর। মেয়েটাকে নিয়ে বড় চিন্তা হয়, দিনদিন রোবট হয়ে যাচ্ছে, দায়িত্ব, কর্তব্যে ত্রুটি নেই, হাসতে গাইতে বললে তক্ষুনি করবে কিন্তু চোখের তারায় , হাসির মধ্যে ফুটে থাকবে ক্লান্তি, আঘাত, পরাজয়ের চিহ্ন। দেশ -দুনিয়ার খবর আর শোনা হয় না নির্মল বাবুর।

” মামা ঘুমাবে না? ”  অন্যমনস্ক মামাকে বাস্তব দুনিয়ায় ফেরানোর একটা চেষ্টা করে মৌমিতা ।

” অনন্যা ফিরুক, এসে যাবে এক্ষুনি ।”  মৌমিতা মিষ্টি করে হেসে চলে যায়, নির্মল বাবু লুকিয়ে  জানলাটা একটু খুলে দেন, বদ্ধ ঘরের বাতাসটা শীতল হোক। পর্দাটা অল্প সরিয়ে আকাশটাকে একবার  দেখেন, চাঁদ ‘সি’ ব্লকের মাথার ওপরে , পূর্ণিমা আসছে মনে হয়, চাঁদটার আলো আরও একটু করে উজ্জ্বল হবে,তারারা কেউ থাকবে, কেউ হারিয়ে যাবে। আগামীকাল আবার হাউজিং-র ব্যস্ততা শুরু হবে, কীর্তন শেষ হল বলে , মঙ্গলের মতো পাঁড় মাতালের হাতে কথা বলছে খোল। জানলাটা এবার বন্ধ করে দেন হরিবোল শুনতে শুনতে । আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা । নির্মল বাবু সে অপেক্ষাটা করবেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান আজকের দিনটা বড় ভালো কাটল বলে।

কলিংবেল…

ঝলমলে মুখে দু’চোখে ক্লান্তি নিয়ে অনন্যা ছুটে আসে দাদুভাই ‘র কাছে। মৌমিতা জানে এসময়টা দাদু, নাতনিকে একটু একা থাকতে দিতে হবে।

“কেমন কাটল ? “

” দারুণ দাদুভাই ।”

” আমিও তো চাই আমার দিদিভাই দারুণ একটা জীবন কাটাক। আমিও তাহলে বলতে পারব আমিও একটা দারুণ দিন কাটালাম।”  নির্মল বাবুর কাঁধে আলতো করে নিজের মাথাটা রেখে দাদুর শুষ্ক, রেখাবহুল হাতটা তুলে নেয় নিজের সাতাশ বছরের মসৃণের হাতের ভেতর ।

নিরুত্তর অনন্যা যে কাঁদছে বুঝতে পারেন নির্মল বাবু, ” ভালোবাসা বন্ধন নয় দিদিভাই । ভালোবাসা হল খোলা নীলাকাশের মতো। যে তোমাকে ছেড়ে চলে গেছে সে জানেই না কোন পরশপাথরটাকে হেলায় হারিয়ে দিল। দুঃখ করো না দিদিভাই, আবার শুরু করো সব নতুন করে ।”

রাত গভীর হয়ে চলে , কীর্তনের রেশটুকু মিলিয়ে যাচ্ছে বাতাস থেকে। সখীর মা কীর্তন ভুলে ছেলে, বৌদের সাথে কিছু নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে, কান পেতে ঝগড়াটা শোনার চেষ্টা করেন। জোরে বাইরে কারুর মোবাইল বেজে ওঠে। নির্মল বাবু ডায়েরির পাতা খোলেন , এমনি।

বুড়োমানুষটার কেন যেন মনে হতে থাকে ঝরে পড়া বৃক্ষের শাখায় আবার নতুন করে পাতা গজাবে, ফুল আসবে। শুধু সেই সঠিক সময়টার জন্য অপেক্ষা করতে হবে।

–

Author

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

ভজ মন রাম চরণ

ধ্রুপদী সাহিত্য শ্যামলকৃষ্ণ বসু [ অযোধ্যাকান্ড – ১ ] | ১৬ | তমসাতীরে বনবাসের প্রথম রাত্রি এক্ষণে রামের রথ ছুটে চলেছে গহিন অরণ্যের অভিমুখে। রথের

Read More »

সুন্দর রাত

জোহান ভোল্ফগাং ফন গ্যেটে [জোহান ভোল্ফগাং ফন গ্যেটে (১৭৪৯–১৮৩২) ছিলেন আধুনিক জার্মান সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে কবি, নাট্যকার ও ঔপন্যাসিক

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

ভজ মন রাম চরণ

ধ্রুপদী সাহিত্য শ্যামলকৃষ্ণ বসু [ অযোধ্যাকান্ড – ১ ] | ১৬ | তমসাতীরে বনবাসের প্রথম রাত্রি এক্ষণে রামের রথ ছুটে চলেছে গহিন অরণ্যের অভিমুখে। রথের

Read More »

সুন্দর রাত

জোহান ভোল্ফগাং ফন গ্যেটে [জোহান ভোল্ফগাং ফন গ্যেটে (১৭৪৯–১৮৩২) ছিলেন আধুনিক জার্মান সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে কবি, নাট্যকার ও ঔপন্যাসিক

Read More »

নতুন ভোরের আলো

অদিতি চ্যাটার্জি বারান্দা থেকে ঘরের চৌকি অবধি আসতে হাঁপ ধরে যায় এখন,  তাও মৌমিতা নির্মল বাবুর হাতটা ধরে রাখে, চা আনতে রান্নাঘরে গেল মেয়েটা, বহু

Read More »