ধারাবাহিক অনুবাদ উপন্যাস ( অসমিয়া )
রাজীব বরা
[ রাজীব বরা ১৯৭০ সনে অসমের মাজুলীতে জন্মগ্রহণ করেন।ডিব্রগড় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সনে অসমিয়া সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বর্তমানে নাজিরা মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।রাজীব বরা সাহিত্যের বিভিন্ন বিভাগে নিজ প্রতিভার পরিচয় দানে সমর্থ হয়েছেন।তিনি একাধারে কবি,সমালোচক,গল্পকার,ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক।বর্তমান অসমিয়া কবিতার জগতে রাজীব বরা একটি অতি সুপরিচিত নাম।কাব্যগ্রন্থগুলি যথাক্রমে ‘তটিনী তীরর খেলা’,’ঢেউ’,’মানুহ চেরাই বাচি থকা নাযায়’,’মাউরর দিন’,এই ফালেও কবি আছে’।মৌলিক প্রবন্ধ সংকলন ছাড়াও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ‘চিন্তা-পরিক্রমা’,’অসমিয়া আরু কথা সাহিত্যর আভাস’ ইত্যাদি।আলোচ্য উপন্যাস ‘সলিল সমাধি’ (‘জলজাহ’)মাখন হাজরিকা স্মৃতি উপন্যাস পান্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিবেচিত হয়। এছাড়াও শ্রীবরা বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। ]
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ – বাসুদেব দাস
১৯৫৮ সনে অসমের নগাঁও জেলার যমুনামুখে বাসুদেব দাসের জন্ম হয়।১৯৮২ সনে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাতত্ত্বে এম এ করেন। আজ পর্যন্ত অসমিয়া অনূদিত গল্পের সংখ্যা পাঁচশত পঞ্চাশটির ও বেশি।সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে নিয়মিত ভাবে অসমিয়া গল্প,কবিতা,প্রবন্ধ এবং উপন্যাস অনুবাদ করে চলেছেন।গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সংস্থা NEINADএর পক্ষ থেকে অসমিয়া ভাষা-সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য Distinguished Life Membership এর দ্বারা সম্মানিত করা হয়।প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশটি।হোমেন বরগোহাঞির অসমিয়া উপন্যাস ‘সাউদর পুতেকে নাও মেলি যায়’(সওদাগরের পুত্র নৌকা বেয়ে যায়) বাংলা অনুবাদের জন্য ২০২৪ সনের সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কারে সম্মানিত হন।
(২২)
২২
তোর মন সায় দিলে আমার মনও সায় দেয়
গ্রামীণ সমাজে একসময় নির্ধারণ করা কঠোর শাস্তি এবং সময় অতিক্রান্ত হলে গ্রহণ করা উদারতা –এই বৈপরীত্য বোধহয় বুধিরামকেও সামাজিক নিয়মের বিরুদ্ধে যেতে মানসিকভাবে সাহসী করে তুলেছিল।না হলে সে তার পরিবারের সাতপুরুষে না হওয়া ,নিজের গ্রামতো বাদই ,সমগ্র অঞ্চলটাতে না হওয়া না শোনা নিষিদ্ধ কাজটা করতে এগিয়ে যেত কি?
সে মাঝেমধ্যে ভাবে –কাংকানের ফর্সা পায়ের ডিম দেখে মনে উদয় হওয়া যৌনতা তাকে একান্ত করে পাওয়ার চেষ্টার মূল নয়তো । তার মাঠের মধ্য দিয়ে গ্রামের পথে বুকে মেঠনি বেঁধে মাছ ধরতে অনেক মিসিং যুবতিকে যেতে সে তো বছরের পর বছর ধরে দেখেছে।তার খেতে কাজ করা অনেক যুবতির খোলা পিঠ ,মাংসল বুক দেখেছে।বগী-সুন্দরী তরাবতীও কাংকানের সঙ্গে তার মাঠে এসেছে। তাকে দেখে কখনও তো তার মানসিক বিকার হয়নি।
তাহলে? তার জীবন-যাতনার বিষয়ে অবগত হওয়া ,সাংসারিক দুর্যোগের জীবন্ত অভিজ্ঞতা থেকে জন্মান সহানুভূতিই এই আকর্ষণের মূল। কাংকানকে আপন করে নেওয়া সামাজিক দুর্ঘটনাটাকে সে নিজে কোনোদিন দুর্ঘটনা বলে ভাবেনি।কীসের থেকে কী হয়ে গেল তা বুঝে উঠতেই পারল না।
কাংকানকে নিয়ে পালিয়ে যাওয়ার পরে কম অশান্তি হয়েছিল কি? গ্রামে হইচই পড়ে গিয়েছিল। চারপাশে হুলুস্থুল। দামোদর তাকে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে ছিল।মেয়ের বাড়ি থেকেও খোঁজখবর করেছিল তবে তা একদিনই।সেদিক থেকে খুব একটা ঝামেলা হল না। কাংকানের দাদা হয়তো ভেবেছিল –ভালোই হল,ঝামেলা থেকে মুক্ত হলাম।এমনিতেও তার মতো একজন নিষ্কর্মার কাছে বোন গলগ্রহ ছাড়া আর কিছুই ছিল না।
দামোদরকেও একঘরে করা হয়েছিল।সেই দুঃখে বুধিরামের পিতা শয্যাশায়ী হয়ে পড়লেন।সময়টা সোহাগী বৌ্দির পেটে মেজমেয়ে বুলুমা থাকা সময়ের কথা।বাচ্চার জন্ম দিতে গিয়ে মুষল্ধারে বৃষ্টিতে সারা রাত সোহাগী মরণ কাতর যন্ত্রণায় ছটফট করে পাড়ায় হইচই সৃষ্টি করে অবশ হয়ে পড়ে থাকা সময়ের কথা।
না,একঘরে হওয়ার ভয়ে সেই রাতে সোহাগীকে সাহায্য করার জন্য কোনো পুরুষ মানুষ তো দূরের কথা একজন মহিলাও এগিয়ে এল না। প্রতিবেশীদের দরজায় দরজায় আঘাত করে দামোদর কারও সাড়া পেল না। পাঁচ মাইল দূরে বরগুরি নামে একটা হাসপাতাল ছিল।সেই রাতে সেখানে যাওয়াটাও সম্ভব ছিল না। গেলেও সেখানে ডাক্তার থাকে না। মাজুলীতে সেইসময় হাসপাতালে কম্পাউণ্ডাররাই ডাক্তার।
বিপদের সময় রাত পার হতে চায় না। হাতির মতো বিশাল রাতটা শেষ হওয়ার অপেক্ষা করা ছাড়া দামোদরের আর অন্য কোনো উপায় ছিল না। প্রসব যাতনা সহ্য করার জন্য ঠোঁট কামড়ে ধরার সময় সোহাগীর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছিল।চিৎকার করতে করতে কাতর মানুষটা দামোদরকে একবার পাশে ডেকে নিয়ে হাঁফাতে হাঁফাতে বলেছিল –’বকুলী জ্যেঠীকে ডেকে আন।জ্যেঠিমা আসবেন। ‘
বুধিরাম এই সমস্ত কথা পরে ক’লাইর মুখ থেকে শুনেছিল।গ্রামের বাইরে থাকার সময় লুকিয়ে-চুরিয়ে তার এবং কাংকানের খবর নেওয়ার জন্য যাওয়া ক’লাই পরিবার এবং গ্রামের খবরাখবর দিত।
জনগন-আত্মীয়-কুটুম ছেড়ে দেওয়া সেই রাতে বিপর্যয় থেকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছিলেন বকুলী জ্যেঠিমা–কারও কাছে বকুলী দিদি ,কারও কাছে বকুলী ঠাকুরমা।মুষল্ধারে বৃষ্টির রাতে দামোদর কাক ভেজা হয়ে বকুলী জ্যেঠিমার দরজায় গিয়ে ধাক্কা দিয়েছিল। সমস্ত কিছু শুনে মাথায় জাপি আর হাতে প্রদীপ নিয়ে বকুলী জ্যেঠি বাইরে থেকে দরজাটা বন্ধ করে বলেছিল –’চল চল ।সুখের দিনে ,ভোগের দিনে সঙ্গে থাকা লোকেরা বিপদের সময় এগিয়ে আসে না।এটাই জগতের নিয়ম। নিয়ম কে তৈরি করে–মানুষ। মানুষ মানুষকে পরিত্যাগ করা ভালো নিয়ম নয়।এখন কেউ আসেনি। আগে আসত। পরেও দেখবি সুসময় এলে এরা সবাই তোর কাছে আসবে,তোকে তোষামদ করবে। মানুষের লজ্জা নেই।
গর্ভধারনের সমস্যা থেকে শুরু করে ,নবজাতককে ঔষধ পত্র দেওয়া ,গর্ভপাত থেকে মুখের নানাবিধ সমস্যা,পেট কামড়ানি থেকে পেট ফোলা পর্যন্ত ঔষধ দেওয়া ,ঝাঁড়-ফুক করায় দক্ষ জ্যেঠি একাই থাকেন। একসময় পরিবার পরিজন ছিল।মহামারীতে কয়েকজনের মৃত্যুর পরেও সঙ্গী বলতে মানসিক ভারসাম্যহীন ছেলেটি ছিল। সেও গেল।কোথায়,কেউ জানে না। জাল পাতার জন্য বেরিয়ে যাওয়া ছেলেটি বরফুট থেকে ফিরে এল না।তার মৃতদেহটাও পাওয়া গেল না।সত্যিই মারা গেছে কিনা সেটা জানারও কোনো উপায় নেই।
জ্যেঠির জীবনে আসা বাধা বিঘ্ন যেন ঠাঁই না পাওয়া জল।তবে জ্যেঠি হাউমাউ করে ভেঙে পড়ার মানুষ নয়।যথেষ্ট জমি-জমা রয়েছে।নিরাশ্রয়া মহিলা,কোনোভাবে চলে যায়।একা থাকলেও কোনো কিছুতে ভয়-ডর নেই।কাকে ভয় করবে।ভয়ে ভীত সমাজে সাহসের গুরুত্ব চিরকাল।
তাই জ্যেঠি একঘরে হওয়ার ভয়টাকেও দূরে সরিয়ে রাখতে পেরেছে। একা থাকা মানুষটা এমনিতেও একঘরে।তবে জ্যেঠিমার প্রকাণ্ড বাগানটাতে নাই কি? একটি ছেলে বাগানটা দেখাশোনা করে ।পান-সুপুরি বিক্রি করে।তা থেকে দুই পয়সা জ্যেঠিকে দেয়,তারও চলে।
প্রসূতি যন্ত্রণায় ছটফট করতে থাকা সোহাগীর আর্তনাদ শুনেও আশেপাশের বাড়ি থেকে কেউ খবর নিতে দৌড়ে এল না।অথচ এই সেদিন পর্যন্ত ,বুধিরাম সমাজে ঝামেলা সৃষ্টি না করা পর্যন্ত ,অনেকের কাছেই সোহাগীর রান্নাঘরের উনুন ছিল চা খাওয়ার আশ্রয়,পান সুপুরির বাটা ছিল অনেকের ঠোঁট লাল করার উৎস।অতিথি-অভ্যাগত এলে বিপদে-আপদে চাদরের নীচে বাটিটা নিয়ে দুই চামচ চিনি বা এক চামচ গুড় চাওয়া লোকের অভাব ছিল না।
তবে সামাজিক নিষেধাজ্ঞাকে জনগণ খুব ভয় করে। সেটাকে অতিক্রম করার সাহস সবার থাকে না। বকুলী জ্যেঠি তার ব্যতিক্রম। কারও কাছ থেকেই ভয়-ডর নেই । মানুষ বা ভূত কাউকে নয়। তারই প্রতিশোধ নেওয়ার জন্যই বরফুটের অপদেবতা তার ছেলেটাকে কাদায় পুঁতে মেরেছে বলে কেউ কেউ বলে থাকে। আবার কেউ বলে জমি -জমার লোভে পাশেই বাস করা দেওর নাকি কিছু একটা করেছে। তবে বকুলীর জমি জমা বকুলীর কাছেই রইল, সেগুলিকে হস্তগত করার কৌশল কাজে এল না।
আউশের খেতে আগাছা বাছতে থাকা যুবতির মুখ লাল করে উত্তাপ দিতে থাকা সূর্যের দিকে তাকিয়ে সেদিনও ক্ষণিকের জন্য বুধিরামের চোখে ধাঁধা লেগেছিল। সূর্যের আলোতে ধাঁধিয়ে যাওয়া চোখ সরিয়ে এনে অন্য জায়গায় স্থাপন করলেও সেগুলি দৃষ্টিতে ঝলমল করতে থাকে। তার প্রভাব কাটতে কিছুক্ষণ লাগে।
চৈত্রের দুপুরের সূর্য ধাঁধিয়ে দেওয়া চোখে বুধিরাম দেখল– পশ্চিমের আকাশে এখন মেঘ নেই– কাকের ডিমের মতো আকাশ। তবে পূব দিকে উজ্জ্বল সূর্য। ধান খেতের মধ্যে যেন মেঘে ঢাকা আকাশে আরও একটি সূর্য– কালো সাদা ফুল তোলা কাপড়ে মুখ ঢেকে খোঁপা বাঁধা কাংকানের মুখে আবহাওয়ার মতই আলো-ছায়ার খেলা । ধানক্ষেতের আগাছা বাছতে থাকা যুবতির বুকে মেঘে ঢাকা আরও দুটি সূর্য।
সূর্যের মতো সুগোল গালের উপর দিয়ে গড়িয়ে পড়ছে জল– ঘাম- গঙ্গার ধারা? সে চোখ দুটো কচলে মরীচিকা দূর করার চেষ্টা করল। আর তখনই আবিষ্কার করল– এটা চৈত্রের দুপুরে মাঠে কাজ করার পরিশ্রম জনিত নির্গত হওয়া ঘাম নয়; চোখের জল। কাংকান কাঁদছে। পোষা পলুর মতো কোমল সুন্দরী মেয়েটি কাঁদছে।
অগাছা বাঁচতে গিয়ে কাদালাগা হাতটা উপুড় করে সে দুই একবার চোখের জল মুছে নিল। অন্য হাত দিয়ে খামচে ধরা খুন্তিটা দিয়ে সে , আগাছা গুলি পরিষ্কার করছে। তার কী হয়েছে? হয়েছে টা কী? কাংকান কাঁদছে কেন?
ব্যতিব্যস্ত হয়ে বুধিরাম জিজ্ঞেস করা প্রশ্নগুলির উত্তর এল কাংকানের কাছ থেকে একটু দূরে আউশের খেতে আগাছা বাছতে থাকা তরাবতীর কাছ থেকে– দাদা ওকে কাল রাতে খুব মারধর করেছে। কপাল ফুলে গেছে। কথাটায় মিসিং উচ্চারণের রীতিটা সে ভালো করে শুনল। এতক্ষণ সে তরাবতীকে দেখতে পায়নি নাকি,না খেয়াল করেনি?যতটা সম্ভব সংযত হয়ে, আবেগ সংযত রেখে ভাবলেশহীন হওয়ার যত্ন করে জিজ্ঞেস করল–’কেন মেরেছে?’
সে মাথা তুলল না। বুধিরাম উৎসুক হয়ে তাকিয়েও কপালের দাগটা চট করে বুঝতে পারল না। মাথা বেঁধে রাখা গামছা দিয়ে হয়তো সেটা ঢেকে রেখেছিল। তবে দাদা তাকে করা আঘাতটা তার বুকের মধ্যে পড়েছে বলে সে অনুভব করল।কাংকানের ওপরে পারিবারিক নির্যাতনের বিষয়ে তরাবতীর থেকে শোনা বৃত্তান্ত তাকে ব্যথিত করল। সেই ব্যথার প্রকৃ্ত কারণ কী সে নিজেও বুঝতে পারল না।কেন জানি আজকাল অচিন-অজানা কিছু ভাবনা তাকে বিরক্ত করতে থাকে।যেগুলি বুঝতে তার অসুবিধা হয়।
দাদা কাংকানকে মারধর করার অজুহাত অনেক। দুদিন আগে মাঠের কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় চর থেকে খড়ি হিসেবে ব্যবহার করার জন্য ঝাউ বা কলমৌর শুকনো ডাল কুড়িয়ে নিয়ে না যাওয়ার অজুহাতে নেশাখোর দাদা, নেশার ঝুঁকে তাকে মারধর করেছে। থাকার মধ্যে তার একজন বৌদি আছে। কিন্তু সেই বৌদি দাদাকে বারণ করার পরিবর্তে বরং আরও উসকে দেয়।
শৈশব থেকে একই চরে সমবয়সী মিসিং রাখালদের সঙ্গে বুধিরাম বড়ো হয়েছে। খুব দ্রুত বলতে না পারলেও সে মিসিং ভাষাটা ভালোভাবে জানে। মিসিং সমবয়সীদের সঙ্গে শৈশবে বাতাবি লেবু দিয়ে বল, একটু বোঝার বয়স হওয়ার পরে লেস লাগানো ফুটবল খেলেছে। চরে একটাই মাঠ। গ্রামগুলিও খুব দূরে দূরে নয়। তবুও ওদের মধ্যে অনেক ব্যবধান। এই ব্যবধানটা আগে থেকে চলে আসা, প্রত্যেকেই মেনে নেওয়া।
ধানের চারা লাগানো,চারা তোলা,আগাছা বাছার কাজে কত যে মিসিং মহিলা ওদের বাড়িতে এসেছে। বাগানে কাঠচেরাই করার জন্য আসা কাঠের মিস্ত্রি থেকে আরম্ভ করে,বাবা দেওয়া হাঁপানির ঔষধ নেওয়ার জন্য অনেক মানুষ এসেছে। প্রত্যেকের আসা যাওয়ায় ওদের আত্মীয়-স্বজন বা পিতা-মাতা মেনে চলা ব্যবধান সে শৈশব থেকেই দেখেছে। খড়ের চালার বারান্দায় থাকা কাঠের বেঞ্চটাতে বা উঠোনে পেতে দেওয়া মোড়াগুলি ছাড়া সেই মানুষগুলোকে ঘরের ভেতরে বসানোর কোনো নজির নেই। কেবল এতোটুকুই? ভাওনা দেখতে আসা মিসিং লোকদের নামঘরে স্পর্শ বাঁচিয়ে খড় পেতে আলাদাভাবে বসতে দেওয়া কাজের সেও ভাগীদার নয় কি?
ওদের বাড়িতে আসা জনজাতীয় অতিথিদের কখনও জলপান খাওয়ার সময় খোলে-দোঙে খেতে দিলে অসুবিধা নেই।বাটিতে চা দিলে মায়েরা আর সেই বাটি স্পর্শ করে না। তাদের দ্বারাই ধুয়ে এবং পরিষ্কার করিয়ে তাদের স্নান করতে বাধ্য করা হয়। এই দূরত্ব আরোপিত। সেইসবের যুক্তিযুক্ততা কোথায় সে জানে না। কিন্তু সেই নিয়ম ভাঙতে গেলে বুধিরাম জানে বিপদ হতে পারে। নামঘরে কথায় কথায় মহাপুরুষ শঙ্করদেবের আদর্শ প্রচার করা হয় –’কুকুর শৃগাল গর্দভরো আত্মারাম।জানিয়া সবাকো করিবা প্রণাম।।’ অথচ এই পদ ব্যখ্যা করা ব্যক্তিরাই অন্যের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ায়। সে দেখেছে মাজুলীতে গোঁসাই বামুন কলিতাকে, কলিতা কোঁচকে বা নাথদের আর নাথরা কৈবর্ত এবং এই সমস্ত মিসিং জনজাতীয়দের নিচুস্তরের বলে ভাবে। কেবল ভাবাই নয় ব্যবহারিক জীবনেও ছোঁয়াছুঁয়ি মেনে চলে।
এরাবারীর পাশেই অনেক মিসিং গ্রাম থাকলেও মিসিং নয় এই ধরনের লোকের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ হওয়ার কথা বুধিরামের জানা নেই। কোথাও হলে হয়ে থাকতে পারে। হলে সামাজিকভাবে ঘটতে পারা ঝামেলার কথা সে অবশ্য জানে। তাই কাংকানের প্রতি মন গেলেও তার মন বারবার সংকুচিত হয়ে পড়ে। শেষে মন পুনরায় ডানা মেলে। উড়তে চায়। সামাজিক নিয়ম কাটতে পারা ডানা দুটি দৃঢ় করে পরে সেও উড়তে চায়। তার কারণ, কাংকানের প্রতি ভালোবাসা না সামাজিক নীতি নিয়মের প্রতি বিদ্রোহ– সেসব সে বুঝতে পারে না।
কাংকানের প্রতি তার ভালোবাসা জেগেছে। মেয়েটির দুঃখময় জীবন দেখে সে ব্যথিত হয়েছে। তাকে যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য তার ইচ্ছা হয়েছে। সেগুলি হয়তো গৌণ কারণ। তাকে সুখী করতে পারা একজন নারীর অস্তিত্ব যেন কাংকানের মধ্যে রয়েছে– এই চিন্তা তাকে বারবার আলোড়িত করেছে।কাংকানকে পেলে সে যেন শান্তি পাবে– দেহে এবং মনে। এটাই হয়তো প্রধান কারণ– সে মনে করে।
তাই একটা সামাজিক ঝামেলার কারণ হবে না বলে সে নিজেকে নিজে দেওয়া প্রবোধ বৃথা হয়ে উঠে। জীবনে করব বলে কাজগুলি খুব সহজে হয় না, যেটা করব না বলে ভাবি সেটাই অনেক সময় চট করে ঘটে যায়– এই আকস্মিকতায় জীবনকে বিপদে ফেলে। অভিজ্ঞতাও দেয়। ঘটনাগুলি দুর্ঘটনাও হয়। কখনও সু-ঘটনাও হয়।
কাংকানকে বিয়ে করে সে বুঝতে পেরেছিল– জ্ঞাতি দুর্ঘটনা বলে ভাবা ঘটনাটা তার জীবনে সাময়িকভাবে জঞ্জালের সৃষ্টি করলেও সেটি একটি সু-ঘটনাই ছিল। তবে সেই সু-ঘটনা এনে দেওয়া উপলব্ধির আমেজ বা দুঃখ নেওয়ার মূল্য তাকে দিতে হয়েছিল পরিবার পরিজন থেকে দীর্ঘদিনের বিচ্ছেদের মাধ্যমে।…
( চলবে )


