কালের প্রহরী 

কালের প্রহরী 

    সেটা ছিল উনত্রিশ সাল। জুলাই মাসের পয়লা তারিখ থেকেই চটকলে শুরু হল ধর্মঘট। বাংলার সব চটকলের   মজুররা একসঙ্গে কাজ বন্ধ করল। কোনো কলে বাঁশি বাজল না, চিমনি থেকে ধোঁয়া উঠল না। হরতাল, ধর্মঘট তার আগেও অবশ্য হয়েছে, তবে একসঙ্গে সব চটকলে এক দাবিতে এমন ধর্মঘট সেই প্রথম। তার ক’বছর আগেই ১৯২০ সালে অবশ্য সারা দেশের মজুরদের একটা সংগঠনও গড়ে উঠেছে। সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ওদিকে রাশিয়ায় নাকি বিপ্লব হয়ে গেছে। সামাজিক ব্যবস্থা নাকি পাল্টে গেছে, মজুররাই দেশের শাসন ক্ষমতায় এসেছে। সেদেশের সব কলকারখানা, সম্পত্তির মালিকানা দেশের মানুষের হয়ে গেছে। এমন সব ভাসা ভাসা খবর উড়ে বেড়াচ্ছিল শ্রমিকদের মধ্যে। তারাও একটু একটু করে ফুঁসতে শুরু করেছিল। যদিও বজবজ জুট মিলে তার অনেক আগেই ঘটে গেছে বিরাট এক লড়াইয়ের ঘটনা। তখন তো তেমন কোনো ইউনিয়ন টিউনিয়ন ছিল না। আর সেই অর্থে লেখাপড়া জানা লোকজন মজুরদের নেতা হয়ে এগিয়েও আসেনি। সে সময় চটকলের লোকেদের সবাই ছোটোলোক বলত। সেই গত শতকেই ঘটে গেল চটকলের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। ১৮৯৫ সালে এ দেশের প্রথম সংগঠিত চটকল ধর্মঘট শুরু হল বজবজ জুট মিলে। ওই বছর জুন মাসে শ্রমিকদের প্রতি মানুষের মতো ব্যবহারের দাবিতে মিলের সমস্ত শ্রমিকের সম্মিলিত ধর্মঘট চলে ছ’সপ্তাহ জুড়ে। মালিকের প্রত্যক্ষ মদতে মিলের সর্দাররা শ্রমিকদের ওপর চালাত অমানুষিক অত্যাচার। সীমাহীন নিপীড়নের শিকার হত শ্রমিকরা। একদিন দুজন শ্রমিককে বেদম মারধোর করে ডিপার্টের ভেতর থেকে বার করে দিল এক সাহেব। বহুদিন থেকেই ক্ষোভে তেতে ছিল মজুররা। এদিনের ঘটনায় ঘি পড়ল আগুনে। মিলের কয়েক হাজার শ্রমিক একসঙ্গে ঘেরাও করল ব্রিটিশ কর্মচারীদের বাংলো। তিন শিফটে তখন কাজ করে ন’হাজার শ্রমিক। খবর পেয়ে দলে দলে মজুররা এসে হাজির হল সেখানে। রাজকীয় ব্যবস্থা সম্বলিত বেশ কিছু বাংলো বাড়ি ছিল মিলের মধ্যেই। এই সমস্ত অত্যাচারি ইংরেজ অফিসাররা থাকত ওই সব বাংলোয়। উত্তেজিত শ্রমিকরা দলবদ্ধভাবে চড়াও হয় সেখানে। তাদের হাতে হেনস্তা হল মিলের দুই ব্রিটিশ আধিকারিক ও এক জন দেশিয় দারোয়ান। পাল্টা পুলিশের গুলিতে মারা গেল দুজন শ্রমিক। টানটান উত্তেজনার মধ্যে টানা ছসপ্তাহ মিলের সমস্ত কাজ বন্ধ রাখল শ্রমিকরা। কোনো স্বীকৃত সংগঠন বা উপযুক্ত নেতৃত্ব ছাড়াই বজবজ জুট মিলের মজুরদের এই দেড় মাসের লড়াই সারা দেশের শ্রমিকদের কাছে এক আগ্রহের বিষয় হয়ে ওঠে।

    নতুন শতকে গড়ে ওঠা ট্রেড ইউনিয়নের উদ্যোগেই বোম্বাইয়ের সুতোকল, বাংলার চটকল আর চা বাগানে শুরু হয়েছে জোরদার লড়াই, আন্দোলন। চটকলে দিনে আট ঘণ্টা কাজ, হপ্তায় আট টাকা মজুরিসহ মোট আট দফা দাবিতে শুরু হল লাগাতার হরতাল। 

    সেদিন সকালে দিবাকরকে সঙ্গে নিয়ে মিলের গেটে পৌঁছে গেল কানাইচরণ। বন্ধ ফটকের ওপর দুটো লাল পতাকা লাগানো আছে। সামনে চট পেতে শ’খানেক শ্রমিক বসে। তাদের টপকে মিলের ভেতরে কোনো লোকের পক্ষে যাওয়া বা আসা সম্ভব নয়। কয়েকটা চাটাইয়ের ওপর কাগজে আলতা দিয়ে লেখা পোস্টার সাঁটিয়ে রাখা আছে পাশে। তার একটায় লেখা, ‘আজ ধর্মঘটের তেরো দিন’। ওরা যখন পৌঁছল, কোনো নেতা বা নেতা গোছের কারুর বক্তৃতা হচ্ছে না। মজুররা ছোটো ছোটো দলে গোল হয়ে বসে গল্পগুজবে মত্ত। বেশিরভাগ লোকের হাতে জ্বলন্ত বিড়ি আর কাশির শব্দে ভরে আছে গোটা চত্বর। ভোরের দিকে পশলা খানেক বৃষ্টিও হয়ে গেছে। তাই মেঘলা আকাশ অনেকটাই স্বস্তি দিচ্ছে ধর্মঘটিদের। ধর্মঘটি মজুরগুলোর চোখ মুখ দেখলেই বোঝা যায় দারিদ্র আর অর অর্দ্ধাহার ওদের নিত্যসঙ্গী। তবে একটা বেশ লড়াকু প্রত্যয় সকলের চেহারায় ধরা পড়ছে। ভাবখানা এমন যে, না খেয়ে মরব তবু লড়াই চালিয়ে যাব। কোনো চেনাজানা লোক কানাইয়ের চোখে পড়ল না। তাই তাদের পাশে দাঁড়িয়ে সমবেত শ্রমিকদের দিকে তাকিয়ে থাকে সে। দিবাকর বলে, “কী গো কানাইদা, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? তাহলে এতটা পথ হেঁটে এলেই বা কেন?” জমায়াতের মধ্যে থেকে মাঝবয়সী একটা লোক ওদের দিকে তাকিয়ে বলল,”তোমরা কি কারুর খোঁজ করছ?” 

    লোকটার পোশাক আশাকে তেমন বিশেষত্ব না থাকলেও ঠিক চটকলের মজুরদের মতো নয়। ধুতির ওপর হাওয়াই শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা। কথাবার্তা বেশ পরিশীলিত, শিক্ষিত মানুষের মতো। ওঁকে দেখে ঠিক চটকলের মজুর বলে মনে হল না। অমিয়বাবুর কথা মনে পড়ে গেল কানাইয়ের। বলল,”না, কারোর খোঁজ করছি না। আসলে আপনাদের আন্দোলনের কথা শুনছি কদিন ধরেই, তাই দেখতে এলাম।” 

     ভদ্রলোক ভিড়ের মধ্যে থেকে উঠে এলেন। কানাইয়ের কাছে এসে বললেন,” কোথায় থাকো তোমরা?”

     ” বুইতা” বলল কানাই।

     – বুইতা তো এখান থেকে বেশ অনেকটা পথ, তাই না? 

– হ্যাঁ, তা মাইল তিনেক হবে।

     – হ্যাঁ, ওখান থেকে তো অনেকেই চটকলে কাজ করতে আসে। তা কী করো তোমরা? 

     কানাই উত্তর করার আগেই ভদ্রলোক বললেন, “চলো, ওখানে একটা বেঞ্চি আছে, বসে কথা বলা যাক।”

     জমায়েতের পাশেই একটা ছোটো বেঞ্চ রাখা আছে। ফাঁকাই পড়ে আছে। সম্ভবত ওটার ওপর দাঁড়িয়ে বক্তৃতা করেন বক্তা। ভদ্রলোক নিজে বসে কানাই আর দিবাকরকে ইঙ্গিত করলেন বসার জন্য। বসতে বসতে কানাই বলল, “না তেমন কিছু করি না। দেশের স্বাধীনতা সংগ্রামে সাধ্য মতো অংশ নেওয়ার চেষ্টা করি। কোথাও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে, খবর পলে ছুটে যাই। কিছু করার থাকলে পাশে থাকার চেষ্টা করি আর কী।”

    কানাইচরণের কথাগুলো ভদ্রলোক বেশ মনোযোগ দিয়ে শুনতে শুনতে তাকিয়ে থাকলেন ওর মুখের দিকে। বয়সে কানাই অনেকটাই ছোটো হলেও, বেশ সমীহ জেগে উঠল ওঁর চোখেমুখে। বললেন ,”কী নাম তোমার?”

     – কানাই। কানাইচরণ ঘোষাল।

     – আর তোমার সঙ্গীটি বুঝি তোমার সহকর্মী? দিবাকরের দিকে তাকালেন ভদ্রলোক।

     দিবাকর এবার বলল, “না না তেমন কিছু না। কানাইদার মতো আমি হতে পারিনি। আমরা, গ্রামের ছেলেরা মাঝেমধ্যে কানাইদার সঙ্গে থাকি, কিছু শেখার চেষ্টা করি। আমাদের গ্রাম উন্নয়ন সমিতিতে কানাইদার নেতৃত্বে সাধ্য মতো কাজ করি। আর নিজের দেশকে ভালোবাসার শিক্ষা নিই কানাইদার থেকে।

     ভদ্রলোক বললেন, “বাঃ! তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে পারো। ভালো। তা তোমার নামটি যেন কী?”

    – দিবাকর নস্কর 

    – তা তুমিও কি ওখানেই থাকো?

    – হ্যাঁ, বুইতায় 

    – তোমরা কি নিছকই কৌতুহল বশত এখানে এসেছ, নাকি বিশেষ কিছু কাজে ?

     ভদ্রলোকের কথার অর্থ বুঝতে অসুবিধা হল না কানাইয়ের। গলার স্বর খাদে নামিয়ে বলল, “আপনি কি অমল রায়?”

     ভদ্রলোক চশমার ওপর দিয়ে তাকালেন কানাইয়ের দিকে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর একটু নীরবতা। তার পর বললেন, “তুমি?” 

     হাওয়াই শার্টের বোতামে বাঁ হাতের তিনটে আঙুল দিয়ে ঘোরাতে লাগল কানাই।

     “বিনয় মণ্ডল পাঠিয়েছে?”, চাপা স্বরে অমলবাবু জিজ্ঞেস করলেন।

     সম্মতি সূচক মাথা নাড়ে কানাই। একটু এদিক ওদিক তাকিয়ে নিয়ে হাওয়াই শার্টের ভেতরের পকেটে হাত ঢুকিয়ে একটা চিরকুট বার করল। একটু সতর্কতার সঙ্গে সেটা গুঁজে দেয় অমলবাবুর হাতে। কয়েক মুহূর্ত চুপচাপ কাটে। পাশে বসে থেকেও দিবাকর ঠিক বুঝল না, কী একটা ঘটে গেল দুজনের মধ্যে। অবশ্য কানাইয়ের সঙ্গে থাকতে থাকতে একটু সে শিখে নিয়েছে, বিপ্লবীদের সঙ্গে থাকলে কৌতুহল সংবরণ করতে হয়। যতটা জানাবার তা বিপ্লবী নিজে থেকেই জানায়। বাকিটা গোপনীয়। তাই অকারণ কৌতুহল এখানে চলে না। আর কানাইও বোঝে এবিষয়ে গ্রামের নবীন বাহিনীর মধ্যে দিবাকরই তার সবচেয়ে আস্থাভাজন। তার ওপর ভরসা রাখা যায়। কথা চেপে রাখতে জানে সে। পেট ফুলে হাঁপিয়ে ওঠে না। ভবিষ্যতে তাকে বিপ্লবের দীক্ষায় দিক্ষিত করার কথাও ভাবা যেতে পারে। 

     আরো কিছু সাধারণ কথাবার্তা হল অমলবাবুর সঙ্গে কানাইচরণের। যার বেশিরভাগ সময়েই দিবাকর থাকল নিছক নির্বাক দর্শক হয়ে। তাদের কথপোকথনের প্রায় কোনো শব্দই স্পষ্ট কানে গেল না দিবাকরের। বিপ্লবীদের কি নিজেদের মধ্যে কথা বলার জন্যও বিশেষ কোনো প্রশিক্ষণ দেওয়া হয় ? দিবাকর ভাবতে থাকে। 

     এক সময় ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, “অমলদা, অনেকক্ষণ চুপ মেরে বসে আছি তো সব্বাই। সব শালা কেমন যেন মিইয়ে গেছে। ওদিকে কতগুলো সমুন্দির পো উঁকিঝুঁকি মারছে দূর থেকে। তবে আজ যদি ইটপাটকেল ছোঁড়ে তো রক্তগঙ্গা বইয়ে দোবো, এই আমনাকে শুনিয়ে রাখলুম কিন্তুন। আমনি একটু সোলাগান চালু করুন দিকি, আসরটা গরম হোক। তার পর দেখছি সমুন্দির পোগুলো কোথায় গেল।”

     অমলবাবু বললেন,”হ্যাঁ, আসছি। সবাইকে একসঙ্গে থাকতে বলো এখানে।”

    উঠে দাঁড়ানোর ফাঁকে চোখের ইশারায় কানাইকে চলে যেতে বলল এখান থেকে, যেটা নজর এড়াল না দিবাকরের। তার  হাতটা ধরে উঠে পড়ল কানাইও। দুজনে হাঁটা দেয় বাড়ির পথে।

    ফেরার পথে হাঁটাতে হাঁটতে খুব একটা কথাবার্তা হল না কানাইয়ের সঙ্গে দিবাকরের। চড়িয়ালের কাছাকাছি আসতেই কানাই বলল, “কী ভাবছিস দিবাকর? ভাবছিস তো অমলবাবু লোকটা কে ? কী করেই বা জানাশোনা হল আমাদের, তাই তো ?”

    দিবাকর বলল,” না, তা ঠিক নয়।”

    – শোন, দেশের কাজে যারা নিবেদিতপ্রাণ, তাদের অনেক কথাই গোপন রাখতে হয় রে। তার মানে এটা নয় যে, তোকে আমি অবিশ্বাস করছি।

    – আরে না না কানাইদা, তা কেন হবে? 

    – আমি জানি, তুই কিছু মনে করবি না। তবে আমাদের কাছে দেশের থেকে বড়ো আর কিছু নেই রে দিবাকর। তাই এখানে যা দেখবি, যা শুনবি তা নিজের মধ্যই রাখবি। একমাত্র প্রয়োজন হলে উপযুক্ত লোকের কাছেই মুখ খুলবি। তবে তার আগে একশো শতাংশ বুঝে নিবি সে সত্যিই উপযুক্ত কি না। আর সব ক্ষেত্রেই আমাদের কাছে নিজের জীবনের থেকেও দেশ অনেক বড়ো। দরকারে জীবন চলে যাবে, কিন্তু পেট থেকে কথা বেরবে না। এটা একজন দেশপ্রেমিকের সব চেয়ে বড়ো গুণ, বুঝলি।

    কানাইয়ের পাশে হাঁটতে হাঁটতে দিবাকরের শরীর জুড়ে খেলে যায় এক বিশেষ অনুভূতি। মনে মনে নিজেকে বিপ্লবীদের এক জন ভাবতে থাকে সে।

                             পরিচ্ছেদ ১৮

রাজরোষে পড়া মেজো ছেলের বাউন্ডুলে চরিত্র আর তার সৃষ্টিছাড়া দেশ উদ্ধারের কাজকর্ম দেখে সত্যচরণ মনে মনে তাকে এক রকম ত্যাজ্যপুত্র করেই দিয়েছে। কেবল বড়খোকার জন্যই বাড়ি থেকে বার করে দিতে পারেনি। অবশ্য এ সংসার কানাইয়ের জন্য যে বিরাট দায় দায়িত্ব পালন করে এমনটা অতি বড়ো শত্রুও বলতে পারবে না। বাড়িতে রাত কাটালে দুবেলা দুমুঠো ভাতের জোগান দেওয়া ছাড়া আর কী বা কানাইয়ের জন্য করে এই ঘোষালবাড়ি? তাই ঘোষালবাড়ির কোনো প্রয়োজনে, কাজেকম্মে কানাইকেও ধর্তব্যের মধ্যেই আনে না সত্যচরণ। কানাইও অবশ্য তেমন প্রত্যাশা যে করে না, তা বেশ বোঝা যায়। তার সঙ্গে এবাড়ির সম্পর্কের সুতোটা ধরে রেখেছে তার মা, ঘোষাল গিন্নি। তবে শম্ভুচরণের সঙ্গে মেজো ভাইয়ের যে অগাধ আস্থার সম্পর্ক তা বেশ বুঝতে পারি। আড়তের কাজ, মহাজনি কারবার, সবটা ভালোই শিখে পড়ে নিয়েছে অভয়। এখন বিষয় সম্পত্তির ব্যপারে অনেকটা নিশ্চিন্ত বোধ করে সত্যচরণ। লোকজনকে বড়ো মুখ করে বলে, “আমার অভয় হল মা লক্ষীর বরপুত্র। ও ছেলেই আমার কারবারভুতো সব ঠিক দেখবে।” 

         সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বড়োখোকাকে নিজের ঘরে ডেকে পাঠাল সত্যচরণ।

      “আমি ঠিক করেছি অভয়ের এবার বিয়ে দিয়ে সংসারি করে দেব। ব্যাবসাপত্র তো ভালোই সামলাচ্ছে। এবার ঘরে বউ এনে দিলে সংসারেও মন বসবে। তা তুমি কী বলো?” শম্ভুর মুখের দিকে তাকিয়ে বলল সত্যচরণ।

     বাপ ছেলের কথার মাঝেই ঘোষাল গিন্নি বলে উঠল,” তুমি আগে অভয়ের বে দিতে চাইছ, তা কানাইয়ের কী হবে শুনি?”

     কথাটা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠল সত্যচরণ,”কানাইয়ের কী হবে মানে? ওই বাউন্ডুলে কুলাঙ্গার ছেলের জন্য কি আমার অভয়ের ঘরসংসার হবে না? অভয় কি ওর মতো চিরকাল বেম্বচারি হয়ে থাকবে নাকি ?” 

     “তা বলে তোমার মেজো ছেলের কথা কি একবারও ভাববে না?” 

     – এতে ভাবাভাবির আর আছেটা কী ? ও কি বিয়ে করে সংসার পাতবে? নাকি লক্ষ্মীছেলে হয়ে বাপকেলে কারবার সামলাবে, যে ওকে নিয়ে ভাবতে যাব? ও যখন নিজের ভালো নিজেই বোঝে না, তখন আমরা আর কী করতে পারি?”

     কাঠের চেয়ারে বাবার মুখোমুখি বসেছিল শম্ভুচরণ। বলল,”শোনো, এ বিষয়ে এক্ষুনি আলোচনা কি না করলেই নয়? পরেও তো কথা হতে পারে?”

     সত্যচরণ বলে,” না না পরের কথা নয় বড়োখোকা। সুরেন ঘটককে আমি বলে রেখেছিলুম, ও একটা সম্বন্ধ এনেছে, আমতলার শচীন চক্কোত্তির মেয়ে। আড়তদারি ব্যবসা আছে চক্কোত্তিদের। বড়ো পরিবার হলেও কারবারে নাকি আয়পয় আছে। জমিজায়গাও নেহাত কম নেই। বাবা পঞ্চননের মন্দিরের তিন পুরুষের সেবাইত ওরা। প্রচুর দেবোত্তর সম্পত্তির ভোগদখল করে। সুরেন তো বলল অভয়ের সঙ্গে নাকি বেশ মানাবে মা লক্ষ্মীকে। পাত্রীপক্ষ তো যাওয়ার কথাই বলে পাঠিয়েছে। তাই তোমার মতামত নিয়ে পাত্রী দেখতে যাওয়ার দিন ঠিক করতে চাই।”

     কিছুক্ষণ নীরব থেকে মৃদু স্বরে শম্ভু বলে,” অভয়ের ওপর কানাই আছে, তার বিয়ের আগে অভয়ের বিয়ে … মানে পাত্রীপক্ষ কোনো খারাপ কিছু ভাববে না তো?”

     – ও নিয়ে তুমি কিছু ভেবো না। সেটা সুরেন বলে নেবেখন। 

     বাপ বেটার কথার মাঝে নিজেকে বোধহয় বাড়তি মনে করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে দেখে মাকে বলল শম্ভু,”তুমি কোথায় যাচ্ছ মা? এখানে তোমারও থাকা দরকার। তোমার মতামতেরও তো একটা মূল্য আছে।”

     ” ও আবার কী বলবে? মেয়েমানুষের আবার মতামত কী? যা করার আমরাই ঠিক করব।” সত্যচরণের এ কথায় বেশ ক্ষুণ্ন হল শম্ভু। বলল,” না না, তা কেন হবে? বাবা, দিনকাল এখন পাল্টাচ্ছে। পরিবারের সিদ্ধান্ত শুধু পুরুষরাই বা কেন নেবে? বাড়ির মহিলাদের একটা মতামত তো থাকবেই। তাছাড়া মা তো কানাই, অভয়েরও মা, তাই মায়ের মতটাও খুব গুরুত্বপূর্ণ।”

    পরের রবিবার আমতলায় পাত্রী দেখতে যাওয়ার দিন স্থির হল। খবর দেওয়া হবে দুই জামাইকে। ঠিক হল হাজিপুরেও লোক পাঠানো হবে সত্যচরণের ছোটো মামার কাছে। ঘোষালবাড়ির কোনো কাজই যে অঘোরি ভটচাজ ছাড়া হয় না, সে কথা মনে করিয়ে দিল ঘোষাল গিন্নি। ওদিকে ডোঙাড়িয়ায় লোক পাঠানোর বিষয়টা যেন সত্যচরণ ভুলে না যায়, সে কথা বলে দিল বড়খোকা। শম্ভুর মুখে ডোঙারিয়ায় খবর পাঠানোর প্রসঙ্গ শুনে মায়ের চোখেমুখে খুশির ঝলক খেলে গেল। সেই কবে বাপের বাড়ির লোকজনের সঙ্গে দেখা হয়েছিল, সেকথা মনে করেই এমন খুশি। মায়ের প্রতিক্রিয়ায় বড়খোকাও খুশি হল। ঠিক হল, অভয়ের বিয়ের ব্যাপারে কানাইয়ের সঙ্গে কথা বলবে বড়খোকা। শম্ভু বলল, “ঠিক আছে, ওর ব্যপারটা আমার ওপর ছেড়ে দাও। সে তো বলতে গেলে সংসারে থাকা এক সন্ন্যাসী মাত্র। তাকে নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না। ” 

                   ( চলবে )

Author

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

ভজ মন রাম চরণ

ধ্রুপদী সাহিত্য শ্যামলকৃষ্ণ বসু [ অযোধ্যাকান্ড – ১ ] | ১৬ | তমসাতীরে বনবাসের প্রথম রাত্রি এক্ষণে রামের রথ ছুটে চলেছে গহিন অরণ্যের অভিমুখে। রথের

Read More »

সুন্দর রাত

জোহান ভোল্ফগাং ফন গ্যেটে [জোহান ভোল্ফগাং ফন গ্যেটে (১৭৪৯–১৮৩২) ছিলেন আধুনিক জার্মান সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে কবি, নাট্যকার ও ঔপন্যাসিক

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

ভজ মন রাম চরণ

ধ্রুপদী সাহিত্য শ্যামলকৃষ্ণ বসু [ অযোধ্যাকান্ড – ১ ] | ১৬ | তমসাতীরে বনবাসের প্রথম রাত্রি এক্ষণে রামের রথ ছুটে চলেছে গহিন অরণ্যের অভিমুখে। রথের

Read More »

সুন্দর রাত

জোহান ভোল্ফগাং ফন গ্যেটে [জোহান ভোল্ফগাং ফন গ্যেটে (১৭৪৯–১৮৩২) ছিলেন আধুনিক জার্মান সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে কবি, নাট্যকার ও ঔপন্যাসিক

Read More »

নতুন ভোরের আলো

অদিতি চ্যাটার্জি বারান্দা থেকে ঘরের চৌকি অবধি আসতে হাঁপ ধরে যায় এখন,  তাও মৌমিতা নির্মল বাবুর হাতটা ধরে রাখে, চা আনতে রান্নাঘরে গেল মেয়েটা, বহু

Read More »