শুভাশিস ঘোষ
একাদশ পর্ব
পরিচ্ছেদ ১৯
সেবছর ফাল্গুনেই আবার নহবত বসল ঘোষালবাড়িতে। জ্ঞাতি গুষ্টি সবার ডাক পড়ল। আবার একবার পাড়াপড়শির পাত পড়ল এবাড়িতে। তবে বড়ো ছেলের বিয়ের মতো জাঁক হল না অভয়ের বেলায়। শোনা গেল যতটা হাঁকডাক করেছিল সুরেন ঘটক, অবস্থা নাকি তেমনটা নয় চক্কোত্তিদের। আমতলায় আড়ত একখানা আছে ঠিকই, তবে তা এজমালি। শচীন চক্কোত্তিরা চার ভাই, সমান ভাগ। হবু বেয়াই নাকি গদিতে বসার সুযোগও পায় না। সে অধিকার বড়ো আর মেজ জনের। ছোটো জন মন্দিরের সেবাইতের সব দায়িত্ব পালন করে। মন্দিরের সব সিন্দুকের চাবি থাকে তার কাছেই। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হলে সোনা রূপো, পেতল, কাঁসা যা কিছু বাবার নামে নিবেদিত হয়, সব জমা হয় ওই সব সিন্দুকে। আর তার চাবিকাঠি সব ছোটো ভাইয়ের দখলে। বাবা পঞ্চাননের জমি জায়গা, পুকুর থেকে যা আয়, সব কিছুর হিসেব নিকেষ সে ই বুঝে নেয়। যদিও সংসারের যাবতীয় খরচাপাতি ছোটো জনই সামাল দেয়। বছর শেষে নামমাত্র একটা হিসেব কষে কিছু টাকাপয়সা গুঁজে দেয় বাকি তিন ভাইকে। এ নিয়ে বড়ো মেজোর বিস্তর অভিযোগ থাকলেও খুব একটা বিবাদ কখনো হয়নি। পাছে আড়তের হিসেব নিকেষ সব খুলে বসতে হয়। কিন্তু শচীন চক্কোত্তির হয়েছে যত জ্বালা। সে না পায় আড়তে গদি সামলানোর স্বাদ, না পায় মন্দিরে খবরদারির অধিকার। যেন অনেকটা না ঘর কা না ঘাট কা। তাই মেয়ের বিয়ের দেয়াথোয়াও নেহাত ছাপোষা গেরস্ত মতোই। নিতান্তই সাদামাটা আয়োজন। মেয়ের বড়ো জ্যাঠা পরিবারের কত্তা হিসেবে সব কিছুর আয়োজক। সেখানে সত্যচরণের হবু বেয়াইয়ের মতামতের খুব একটা দামও নেই। সেসব বুঝেই সত্যচরণও আর অনুষ্ঠানের জাঁক তেমনটা করল না। ওই যেটুকু না করলে মান থাকে না, সেটুকুই।
নতুন বউ ঘরে এল। তার সাজসজ্জা আর গয়নার ওজন এক নজরেই মেপে নিয়েছিল বড়োবউ। ঠোঁট বেঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে প্রথম দিনেই বড়োবউ বুঝিয়ে দিল তার ধারেকাছে আসে না নতুন বউ। এয়োস্ত্রীদের সঙ্গে বরণ করতে গিয়েও একটু বাঁকা চোখে তাকিয়ে বাড়ি ভর্তি লোকের মাঝে আরো একবার বুঝিয়ে দিয়েছিল সেকথা।
যেকথা প্রথম দিনে ছিল অনুচ্চারিত, কেবল চোখের ভাষায় বুঝিয়ে ছিল বড়োবউ, কদিন পরে থেকেই সেকথা উচ্চারিত হতে লাগল মুখে। নানান কথার মাঝে ইনিয়ে বিনিয়ে দিনে অন্তত এক বার বাপের বাড়ির বিষয় সম্পত্তির ফর্দ শুনিয়ে দিতে শুরু করল সে। যার উদ্দেশ্যে সে ফর্দের বর্ণনা, তার অবশ্য বুঝতে বাকি থাকল না। নেহাত নববধূর গন্ধ গায়ে আছে, তাই প্রথম প্রথম কোনো উত্তর এল না। কিছু দিন পর থেকেই দুটো একটা পাল্টা টিপ্পনি ভেসে আসতে লাগল। কয়েক মাস পর থেকে সমানে সমানে চলতে থাকল বাকযুদ্ধ। ঘোষাল গিন্নি নিতান্তই নির্বিবাদী গৃহকর্ত্রী, কথার প্যাঁচ বোঝেন না। তাই সব সময় ঠিক ধরতে পারে না কোন বাক্যবাণটা কোন দিক থেকে এসে কোথায় আছড়ে পড়বে। তাই সর্বদা শান্তিজল ছিটিয়ে গৃহশান্তির আয়োজন করে। কখনও সফল হয়, আবার কখনও বা চূড়ান্ত ব্যর্থ। এভাবেই কাটতে লাগল ঘোষালবাড়ির অন্দরমহলের দিনরাত।
ওদিকে দেশের স্বাধীনতা আন্দোলনেও লেগেছে তিনমুখি ঢেউ। গান্ধিজির আইন অমান্য আন্দোলন বেশ সাড়া ফেলে দিল দেশজুড়ে। সবরমতী থেকে ডান্ডি যাত্রার কথা তো দেশময় ছড়িয়ে পড়ল মুখে মুখে। কাগজপত্রে চলল খুব লেখালিখি। অন্যদিকে কমিউনিস্টরা তাদের ঝাঁঝ বাড়াচ্ছে কলে কারখানায়। শুনলাম নাকি বিপ্লবীদের বড়ো অংশই ওদের প্রতি দুর্বল। কানে আসতে লাগল বিপ্লবীদেরও একের পর এক সব কাজকর্ম। চট্টগ্রামে নাকি বিশাল এক কাণ্ড ঘটিয়ে বসেছে তারা। গোলাবারুদ, অস্ত্রশস্ত্রের দখল নিয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ চালানোর বড়সড়ো ছক ছিল বিপ্লবীদের। সে এক যুদ্ধ হল বটে জালালাবাদে। কত জনে মারা পড়ল, কত জন ধরা পড়ল! টাকার লোভে ওই বিপ্লবীদের নেতা সূর্য সেনকে ধরিয়ে দিল কোনো এক নেত্র সেন।
সে এক লোম খাড়া করা কাহিনি কানে এল তখন। সেই চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা সূর্য সেন, যিনি বিপ্লবীদের কাছে মাস্টারদা, এক রাতে গোপন মিটিং করছিলেন ছিলেন গৈরালা গ্রামের ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে। সেখানে ছিলেন কল্পনা দত্ত, মণি দত্ত, ব্রজেন সেন, সুশীল দাশগুপ্তরা। পাশের বাড়িতে থাকত নেত্র, ব্রজেন সেনের ছোটো ভাই। সে ছোঁড়াও বিপ্লবীদের দলেই ছিল, মাস্টারদার খুব ঘনিষ্ঠ। বলা ভালো ওদের গোটা পরিবারটাই ছিল মাস্টারদায় অনুরক্ত। কিন্তু লোভ, টাকার লোভ যে বড়ো সাংঘাতিক! সেই টাকার লোভে নেত্র সেন করে বসল বেইমানি। শুনেছিলাম তো নাকি পাক্কা দশ হাজার টাকায় পুলিশের কাছে বিক্রি হয়েছিল ছোঁড়াটা। ধরিয়ে দিলে মাস্টারদাকে। সেই সঙ্গে ধরা পড়ল তার সহোদর ব্রজেন সেনও।
তবে তার পরের ঘটনাই তো সব চেয়ে মনে রাখার মতন। মাস্টারদাসহ বিপ্লবীদের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতায় ফুঁসছিল গোটা বাংলার বিপ্লবীরা। কিরণময় সেন ছিল তখন ক্লাস এইটের এক ছাত্র। দীক্ষিত বিপ্লবী। দায়িত্ব নিল বিশ্বাসঘাতক নেত্র সেনকে উপযুক্ত শাস্তি দেওয়ার। এগারো মাস পরে এল সেই কাঙ্ক্ষিত দিন। নিজের বাড়িতে রাতের খাওয়ার সময় খুন হল নেত্র সেন। রামদার এক কোপে নেত্রর মুণ্ডুটা ধর থেকে আলাদা করে দিল আঠেরো বছরের কিশোর কিরণ। নিজের চোখের সামনে বিশ্বাসঘাতক স্বামীর এমন নৃশংস খুন দেখেও পুলিশের কাছে কিরণের নাম একবারও উচ্চারণ করল না নেত্রর স্ত্রী। সেও যে ছিল অনুশীলন সমিতির ঘরের জন, মাস্টারদার অনুগামী। এ ঘটনা যেদিন শুনলাম, আমার মাথা চিরদিনের মতো নত হয়ে রইল ওই দেশপ্রেমিক রমনীদের পায়ে। নেত্র সেনের বউয়ের মতো হাজার হাজার নারী তখন দেশের স্বার্থে সাধ্যমতো করে যাচ্ছেন আত্মত্যাগ।
এদিকে মেজোখোকা কানাইচরণ সেই উথালপাথাল সময়ের কোনো এক ভোররাতে ছাড়ল ঘোষালবাড়ি। সেটা ছিল শুক্লা দ্বাদশীর রাত। সারা বাগান, বাড়ির দেওয়াল, ছাদ, সামনের মেটে রাস্তা, গাছপালা, দূরের ধানখেতসহ সমস্ত চরাচর, সব ধুয়ে দিচ্ছিল চাঁদের আলো। ভুলোটা হঠাৎ চেঁচিয়ে উঠল। আমার সামনের অশ্বত্থের মাথায় বাস করত এক জোড়া প্যাঁচা। জ্যোৎস্না রাতে হয়তো শিকারে বেরতে পারেনি, কিংবা রাতের সফর সেরে ক্লান্ত দম্পতি হয়তো সবে ঘরে ফিরেছে। ভুলোর ডাক আর কানাইয়ের পায়ের শব্দে তারা সতর্ক করল অন্য রাতচরাদের। হয়তো গৃহস্থকেও। কিন্তু তখন গভীর ঘুমে আচ্ছন্ন আস্ত ঘোষালবাড়ি। যে বাড়িতে তার আপনজন বলতে আছে কেবল জন্মদাত্রী মা আর এক সহোদর। বাকিরা রক্তের সম্পর্কে তার নিকটজন, কিন্তু আত্মিক সম্পর্ক প্রায় নেই বললেই চলে। সেই কানাইচরণ বেরিয়ে এল ঘোষালবাড়ির অন্দরমহল থেকে। ধুতির ওপর বাংলা শার্ট আর কাঁধে একখানা ঝোলা। কী ছিল তাতে ঠিক বলতে পারব না। তবে আর্থিক বিচারে কোনো মূল্যবান বস্তু যে তার ঝোলায় সেদিন ছিল না, তা আমার থেকে ভালো আর কে বা জানে ? তার সেই প্রস্থান লগ্নে ঘোষালবাড়ির একমাত্র সাক্ষী হয়ে থাকলাম আমি, এই অতন্দ্র প্রহরী। সঙ্গে ওই দ্বাদশীর চাঁদ, অশ্বত্থের ডালে বসে থাকা খেচর-দম্পতি, ওই দীর্ঘ মেটে রাস্তার ধুলো, কত অচেনা অজানা রাতচরা পাখি, এবাড়ির ভুলোটা, এই চরাচর আর সেই শান্ত স্নিগ্ধ জ্যোৎস্নামাখা রাত। কানাইচরণ সেই যে বাড়ি ছাড়ল, তার পর কত বছর কোনো খোঁজখবর পেলাম না, ঠিক হিসেব করে বলা মুশকিল। মাঝেমধ্যেই কানাঘুষো শুনতাম পাক্কা বিপ্লবী হয়ে ওঠা কানাইচরণের সব রোমাঞ্চকর কথা। সেসব কখনো মনে হত গল্প, আবার কখনো বা রূপকথা। কিন্তু তার কতটুকু সত্যি, তা আজও আমার কাছে রহস্যই থেকে গেছে। তার পর যখন অনেক বছর পরে কানাই ফিরে এল ঘোষালবাড়িতে, তখন তার পরিচয় এবাড়ির মেজকত্তা। কিন্তু মাঝের ওই সময়ের একটা বড়ো অধ্যায় আজও রয়ে গেছে অজ্ঞাত। শুনেছিলাম কিরণময় সেনকে পুলিশ ধরার পরেও নেত্র সেনের খুনি হিসেবে উপযুক্ত প্রমাণের অভাবে নাকি ছেড়ে দিতে বাধ্য হয়। তখন নাকি আমাদের কানাইচরণ ছিল সেই কিরণময়ের সঙ্গী। তার পর তো শুনেছিলাম কিরণময় নাকি কয়েক বছর বর্মা মুলুকে কাটিয়েছিল। তখনও কি কানাইচরণ বর্মাতেই ছিল, নাকি এদেশের অন্য কোথাও, অন্য কোনোখানে? কোনো বিপ্লবী কাজে বা শ্রমিক আন্দোলনে? নাকি অখ্যাত কোনো গ্রামের কৃষকের পাশে? সে খবর আর কোনোদিনও জানাই হল না। আমার জীবনের এ এক বড়ো আফসোস।
( চলবে )


