ভজ মন রাম চরণ

ভজ মন রাম চরণ

| ১ |

অজানা দেশ অচিন পথ 

অজানা দেশ অচিন পথ। অযোধ্যার রাজপুত্র রাম আজ  চলেছেন বনবাসে। সোনার সিংহাসন যার আসন, সেই   আর্যপুত্র নরোত্তম রাম, তাঁকেই আজ পিতৃসত্য রক্ষার্থে হতে হয়েছে বনবাসী । 

রাম চলেছেন এক অজানা পথের দিকে। এ অচেনা এক দেশ। গহীন কানন। বনবাস জীবন অরন্যময় শ্বাপদ শংকুল। এখানে প্রতিপদে বিপদ। প্রতিপদে বন্য জন্তুর ভয়। এখানে অসমতল পথে চলা, কন্টকময় পথে হাঁটা, তীক্ষ্ণ প্রস্তরে প্রতিপদে পায়ে আঘাত পাওয়া, দূর্বাঘাসের রস দিয়ে সেই রক্তাক্ত জায়গাকে ঔষধিকরন করা। গ্রীষ্মে মাথার উপরে প্রখর সূর্যতাপ, বর্ষায় অঝোর ঝরনে বৃক্ষতলে অপেক্ষা, শীতে চরম শীতবায়ুর প্রকোপ , এমনই অভিজ্ঞতা নিয়ে বনবাসের অসহায় এক জীবন। +

তদপেক্ষা প্রতি মুহূর্তের জীবনে মৃগয়া দ্বারা ক্ষুধা নিবারন তৎপত্রে কঠিন ভূমিতে পর্ণশয্যা প্রস্তুত করে উন্মুক্ত আকাশের নীচে ভুমিতে শয়ন। রাজারকুমার রাম এবং রাজবধু সীতার এ কি ভীষণ পরীক্ষা !

এ পথ চলেছে কোন অচিনপথের সন্ধানে। এ হল বনবাস জীবন। ওই পারে রয়ে গেলো শৃঙ্গবেরপুর। 

গঙ্গার অপর তীরে নৌকা হতে অবতরন করলেন দশরাত্মজ রাম  রাজবধু সীতা এবং অনুজ লক্ষন।

লোকালয় ছাড়িয়ে প্রান্তর পেরিয়ে রৌদ্রছায়ায় ক্ষুধায় তৃষ্ণায় সারাদিন হেঁটে চলেছেন তাঁরা। আগে আগে লক্ষ্মন এবং তাহাকে অনুসরন করে চলেছেন ভ্রাতৃবধু সীতা  ও তৎপশ্চাৎ অগ্রজ রাম।

ক্রমে অপরাহ্ন নেমে এলে সেই পড়ন্তবেলায় তাঁরা এসে পৌঁছলেন যমুনার উত্তরে সমৃদ্ধিশালিনী বৎস্য দেশে।

বৎস্য দেশ, প্রয়াগের  নিকট যমুনার উত্তর তীরে অবস্থিত।

সকলেই তাঁরা শ্রান্ত এবং ক্ষুধার্ত। লোকালয় বহুদূরে। পথে এক বিজন বনের ধারে বিশাল বটগাছের তলায় বসে তারা বিশ্রাম করতে লাগলেন। কিন্তু ক্ষুধা বড় ভীষণ বস্তু ।

লক্ষ্মন এক্ষনে তাঁর ধনুর্বাণ হাতে নিয়ে উঠে দাঁড়ান এবং বলেন, ‘রাম, আপনি বিশ্রাম করুন । আমি কোন  শিকার সন্ধান করি।‘  -আসলে লক্ষ্মন সে অগ্রজ এর সেবার্থে  স্বেচ্ছায় এই বনবাস বরণ করেছেন।  

লক্ষ্মন অগ্রসর হলেন এবং কিয়ৎক্ষনের প্রচেষ্টায় অবশ্য দুটি সম্বর হরিণ বধ করে আনতে সক্ষম হলেন। আর তারপর একস্থানে অগ্নি প্রজ্জ্বলিত করে সেই শিকারকৃত শম্বরের মাংসকে ঝলসে নিয়ে তার মাংস দ্বারা সকলে ক্ষুধা নিবারণ করলেন।

এ এক নির্জন বনভূমি। তারা সায়ংকালে বাসের নিমিত্ত সেই বনে একটি পছন্দমত জায়গা বেছে নিলেন।  লক্ষন বৃক্ষ পত্রাদি দ্বারা সেখানে একটি  পর্ণশয্যা প্রস্তুত করলেন। রাম সীতা সায়ংসান্ধ্য তপ সেরে নিলেন ।

লক্ষ্মন এইবার দুটি বড় অগ্নিকুন্ড তৈরি করে ফেললেন। 

রাম বা সীতার কোন রকম কোন অসুবিধা  যাতে না ঘটে লক্ষন সেই জন্য সব সময় প্রস্তুত । তিনি সদা জাগ্রত ।

লক্ষন অনেক ফল ফলাদি সংগ্রহ করে সীতার কাছে এনে রাখলেন । 

সীতা খুব আনন্দিত হলেন ফলসমূহ দেখে। 

সন্ধ্যা বন্দনার পর রাম লক্ষণকে বললেন,‘ লক্ষণ জনপদের বাইরে অদ্য আমাদের প্রথম রাত্রি।’

লক্ষ্মন শির সঞ্চালন করে সন্মতি জানায়। অর্থাৎ, ‘ হ্যাঁ ,আজ প্রথম রাত্রি।’

রামানুজ লক্ষ্মন এমনিতে মৃদুভাষী। সে একটু নীরব প্রকৃতি। কথা সে বলে কম। কিন্তু ক্ষিপ্ত হলে তার মত দুর্দান্ত  প্রকৃতির মানুষ আর দ্বিতীয় দেখা যায় না। 

রাম স্মৃতিমেদুর। পর্ণশয্যায় বসে রাম তাই অনুজকে বললেন,‘ লক্ষ্মন, আজ সবাই পিছনে পড়ে রইলেন। গতকাল ও অযোধ্যাবাসী এবং প্রজাবর্গরা ও ছিলেন আমাদের সাথে।’

স্বভাব নীরব লক্ষ্মন আবার তেমনই সম্মতিসূচক ভাবে মাথা নাড়ে। অর্থাৎ ‘ যথার্থ।’

রাম বলেন, ‘আমাদের সঙ্গে ছিলেন মন্ত্রীবর সুমন্ত্র। আমাদের পরম হিতৈষী একজন। আজ তিনি ও আমাদের সঙ্গে নেই। কি ভীষণ নির্বান্ধব আমাদের এই বনবাস।’

লক্ষ্মন বলেন,’ হ্যাঁ এ বড় নির্বান্ধব বনবাস।’

রাম বললেন,‘ আজ পিতা মহারাজ নিশ্চয়ই দুঃখার্ত হয়ে শুয়ে আছেন। কৈকেয়ীর মনোকামনা সিদ্ধ হয়েছে। তিনি পুষ্টি লাভ করেছেন। আমি  বনবাসী হওয়ায় আমার বৃদ্ধ পিতা অনাথ হয়ে গেলেন।’ 

লক্ষ্মন বলেন,‘ বিমাতা কৈকেয়ীর বশবর্তি হয়ে সেই কামাত্মা এখন কি করবেন ?’

রাম বলেন, ’ লক্ষ্মন,না না না, এ ভাবে নয়। এমন রুষ্ট হয়ে কথা ব’ল না। তিনি আমাদের পিতা। তার সম্বন্ধে আমাদের শ্রদ্ধা থাকা উচিত। তিনি আমাদের ধর্ম , তিনি আমাদের স্বর্গ, তিনিই আমাদের পরম তপস্যা । লক্ষন তিনি রাজা হলে ও একজন মানুষ। সংসারে যেমন তাঁর অনেক অবদান আছে , তেমন হয়ত অনেক কিছুই তার অনবধানে ও ঘটে গেছে। সব তো তাঁর নিয়ন্ত্রনে না। আসলে তিনি হয়ত অপারগ হয়ে পড়েছিলেন।’ 

লক্ষ্মন বলেন,‘ জানি তিনি যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন। বিমাতা সেবা করেছিলেন।’

রাম বলেন,‘ রাজার এই ব্যসন ও মতিভ্রম দেখে আমার মনে হচ্ছে ধর্ম অপেক্ষা অর্থ প্রবল। অর্থ অপেক্ষা কাম প্রবল।’ 

লক্ষ্মন বলেন, ‘ রাম, আমাকে বলুন, কোন স্নেহশীল পিতা ও কি নারীর প্ররোচনায় আজ্ঞানুবর্তি পুত্রকে ত্যাগ করতে পারে? যেমন আমাদের পিতা করেছেন। দেখো সস্ত্রীক ভরতই সুখী। তিনি একাকী অধিরাজ্যের ন্যায় সমগ্র কোশল রাজ্য ভোগ করবেন।’

রাম বলেন,  ‘ না, লক্ষ্মন , না!  আমি পিতার কোন দোষ দেখি না। পিতার দোষ দেখা অনুচিত। ভাই, তিনি অসহায়।’

অনুজ লক্ষ্মন বলেন,‘ বিমাতা কৈকেয়ী অতি তরলমতি, তাই এ হেন অনাচার তিনি ঘটাতে পারলেন।’ 

রাম  অনুজ লক্ষ্মনের এ হেন বাক্যকে স্বীকার করলেন এবং বলে উঠলেন,‘ অবশ্যই তাই লক্ষ্মন। মাতা কৈকেয়ী অতি ক্ষুদ্রমতি।  আমার আশঙ্কা হয় তিনি বিদ্বেষবশে আমার মাতাকে ও বিষ দিতে হয়ত কুণ্ঠিত হবেন না।’ 

লক্ষ্মন এইবার ক্ষুব্ধ চিত্তে বলে ওঠেন,‘ রাম আমি আপনার শপথ করে বলছি, আমি ক্রুদ্ধ হলে একাকী শরবর্ষণে অযোধ্যা এমনকি পৃথিবীও শত্রুশূন্য করতে পারি। আমি চেয়েছিলাম পিতা মহারাজকে বন্দী করতে এবং বিমাতা কৈকেয়ীকে রাজ্যের বাহির করতে । শুধু আপনার কথায় আমি স্থিতধী হয়ে ছিলাম। ‘

রাম বললেন,‘ ভাই লক্ষ্মন, আমি জানি তোমার ক্রোধ অন্যায় নয়। কিন্তু অকারণে বলপ্রয়োগ উচিত নয়।  বল প্রয়োগে এমন জটিল সমস্যার সমাধান অসম্ভব ছিল। মাতা কৈকেয়ী তার প্রার্থিত দুটি বর  প্রার্থনা করেছিলেন। সেই বর না দেওয়া পিতার পক্ষে অধর্ম হত। আর জোর করে সিংহাসনের অধিকার ধরে রাখতে চাওয়া সে ও আমার পক্ষে অধর্ম হত। ভাই লক্ষ্মন, আমি সেই অধর্ম ও পরলোকের চিন্তায় পিতার রাজ্য এবং রাজসিংহাসন পরিহার করেছি। ‘ 

রাম অশ্রুপূর্ন মুখে এই প্রকারে বহু বিলাপ করলেন। 

সীতা বললেন,’ রাঘব আপনি যা ন্যায় , যা ধর্ম বলে পরিহার করেছেন কেন আর তার জন্য তবে এমন বৃথাশোক করছেন। আপনি বনবাসে এসেছেন সত্যধর্ম পালন করতে। এমত শোক আপনাকে মানায় না। আপনি শোক সংবরণ করুন।’ 

রাম বললেন,‘সীতা তোমার বাক্যে এই আমি শোক সংবরন করলাম। যদি আর কখনো এমন শোক আমা হতে প্রকাশ হয়ে পড়ে তখন তুমি আমাকে এমনি ভাবেই সংযত হতে ব’লো।’  

সেই রাত্রি রাম লক্ষ্মন সীতা সেই বনেই রাত্রি যাপন করলেন।

পরদিন তারা সূর্যোদয় হলে গঙ্গা-যমুনা সঙ্গম অভিমুখে যাত্রা করবেন স্থির করলেন ।

| ২ |

প্রয়াগ – ভরদ্বাজ আশ্রম

পরদিন সূর্যোদয় হলে তাঁরা গঙ্গা যমুনা সঙ্গমের দিকে যাত্রা করলেন। গভীর জঙ্গলের মধ্য দিয়ে তাঁরা তিনজনে সারাদিন পথ হাঁটলেন। যেতে যেতে দিবা অবসান হল। অপরাহ্ণবেলায় তারা এসে পৌঁছলেন গঙ্গা ও যমুনা সঙ্গমে প্রয়াগতীর্থে, যেখানে গঙ্গা এবং যমুনার দুই স্রোতঃধারার সংঘর্ষে উত্থিত হচ্ছে ভীষণ জলকলোচ্ছ্বাস। দুই নদীর মিলনে জলের ঘোরতর ঘর্ষণের ভীষণ নিনাদ উত্থিত হচ্ছে।’ 

রাম বললেন,‘লক্ষ্মন, আমরা হয়ত এখন প্রয়াগে ভরদ্বাজ মুনির আশ্রম এর নিকটবর্তী হয়েছি। যজ্ঞের  পবিত্র ধুম বাতাসকে সুগন্ধিত করে আকাশমার্গে উঠছে। অহোঃ, এ অতি মনোরম স্থান, নয় কি লক্ষ্মন ? চলো আজ আমরা ভরদ্বাজ মুনির আশ্রমে আতিথ্যগ্রহণ করি।’

লক্ষ্মন বলে, ‘ আজ ভরদ্বাজ মুনির আশ্রমেই আমাদের যাত্রা সাঙ্গ করা উচিত হবে হয়ত। আমরা আজ বড়ই শ্রান্ত ।’  

রাম বললেন, ‘যথার্থ । ‘

কিয়ৎদুর পথ চলার পরে তাঁরা ভরদ্বাজমুনির আশ্রমে এসে উপস্থিত হলেন। শিষ্যপরিবৃত মুনিবর ভরদ্বাজ রাম লক্ষ্মন এবং সীতাকে দেখে জানতে পারলেন অযোধ্যার রাজকুমার দশরথ নন্দন রাম তাঁর কাছে এসেছেন। তিনি অনেক আগেই সমস্ত সংবাদ অবগত ছিলেন।  

মুনিবর ভরদ্বাজকে প্রণাম করে রাম নিজের পরিচয় দিলেন।  

এমন পরম অতিথি পেয়ে ঋষি ভরদ্বাজ অত্যন্ত আনন্দিত হলেন। ত্রিকালদর্শী ঋষি তাদের স্বাগত জানিয়ে নানাবিধ বন্য ফলমূল দিয়ে অর্ঘ্য,বৃষ, পূণ্য উদক এবং ফলাদি দিয়ে আপ্যায়িত করলেন।

তিনি বলেন,‘রাম, আমি সব কিছুই অবগত হয়েছি। আমি তোমারই আসার প্রতীক্ষা করছিলাম। প্রয়াগ তীর্থের এই স্থান বড় রমনীয়। তোমরা মনে হলে এখানেই বনবাসের কাল সুখে অতিবাহিত করতে পারো। দুই মহানদীর এই সংগম স্থান অতি নির্জন । এই স্থান অতি পবিত্র ও রমনীয়।’  

রাম বললেন,‘ ভগবন, আপনার প্রস্তাব অতি উত্তম। কিন্তু এই স্থান অযোধ্যার অতি সন্নিকটে। অযোধ্যাবাসি আমাদের অবস্থান সংবাদে আগমন অসম্ভব নহে। ইহাতে নিশ্চিত আশ্রমের শান্তি ও নির্জনতা বিঘ্নিত হবে। আপনি এমন কোন নির্জনস্থানের সন্ধান দিন যেখানে সীতা সুখে বাস করতে পারেন।’

মুনি রামের কথায় প্রসন্ন হয়ে বললেন,‘ রাম, আমি জানি, তুমি এখন লোকচক্ষুর অন্তরালে নিতান্ত নির্জনবাস কামনা করছ। সে খুবই স্বাভাবিক। মনুষ্য চক্ষুর অগোচরে এবং অন্তরালেই বনবাস শ্রেয় ! বৎস রাম,  তবে আমি তোমাদের  জানকী সহ চিত্রকূট পর্বতেই অবস্থান করতে বলব।’

রাম বললেন, ‘ চিত্রকূট পর্বত ? বেশ ! যেমন আপনি আমাদের  পক্ষে উপযুক্ত মনে করেন। তবে  কোন দিশায় তাঁর অবস্থান যদি নির্দেশ করেন ?’ 

মহামুনি ভরদ্বাজ বললেন, ‘এই স্থান হতে দশ ক্রোশ দূরে যমুনার অপর পারে মহর্ষি সেবিত শুভ দর্শন পূর্ণ সেই চিত্রকুট পর্বত। সেখানে অনেক গোলাঙ্গুল, বানর এবং ভল্লুক ও বাস করে। বহু মুনিঋষি সহস্র সহস্র বৎসর সেই স্থানে তপস্যা করে সিদ্ধিলাভ করেছেন। সেই পর্বতের এমনই মহিমা তাঁর শিখরমালা দর্শন করলে মানবের চিরকল্যাণ হয়। সকল পাপ সকল মোহ হতে মুক্তি হয়। মধু ফুল ফল বৃক্ষ সমন্বিত বন্য হরিণ ও ময়ূর নিনাদিত কিন্নর বাসিত পবিত্র সেই চিত্রকুট। গুহাকন্দর শোভিত কোকিল কুজিত সেই বনে বনে কত নির্ঝরিনী। কন্ঠহারের মতো প্রবাহিত মন্দাকিনী। রাম চিত্রকুট তোমাদের বনবাসের জন্য উত্তম স্থান বলে মনে করি।’

রাম বলিলেন, ‘মুনিবর, সে অতি উত্তম প্রস্তাব। আমরা তবে কল্যই চিত্রকুটের অভিমুখে রওনা হতে ইচ্ছা করি।’

মুনিবর বললেন, ‘ যথার্থ রাম। অদ্য এই স্থানেই তবে তোমরা বিশ্রাম কর। তোমরা পথশ্রমে অশেষ ক্লান্ত !’’

রাম বললেন, ‘ যথা আজ্ঞা মুনিবর ।’

সেইদিন রাম লক্ষন এবং সীতা ভরদ্বাজ আশ্রমে রাত্রি যাপন করলেন। 

          ***

মূক প্রাণীগুলো যেন ফিরতেই চায়না । শৃঙ্গবেরপুর হতে রাম গঙ্গার দিকে চলে গেলে ও  রাম যখন সুমন্ত্রকে অযোধ্যায় ফিরে যেতে বললেন তথাপি অশ্ব দু’টি চলতে চায় না। ওরা হাওয়ায় গন্ধ শোকে। 

 রাম লক্ষ্মণ সীতা নৌকায় উঠছেন । এপারে দাঁড়িয়ে সুমন্ত্র দেখছেন।

নৌকা ক্রমশ গঙ্গার ওপারে দক্ষিণ কূলে গিয়ে ভিড়ল। একে একে নামলেন লক্ষ্মণ, সীতা, রাম। তাঁরা এগিয়ে চলেছেন দূরে অস্পষ্ট ছায়ার মতো। চোখে জল আসে। দৃষ্টি ঝাপসা হয়ে যায়। সুমন্ত্র আর দেখতে পান না। দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠেন। কেউ নেই সেখানে। শুধু সেই মৌন বৃক্ষ আর উদাসীন হাওয়া।..

তারপর একসময় রথের অশ্বগুলি বাতাসে ঘ্রাণ নিয়ে হঠাৎ হ্রেষা ধ্বনি করে উঠল । শূন্য রথ নিয়ে সুমন্ত্র তখন অযোধ্যায় ফিরে চললেন।

আর তারপর সুমন্ত্র শৃঙ্গবেরপুর হতে দুইদিন পরে সায়াহ্নকালে নিরানন্দ নিঃশব্দ অযোধ্যায় ফিরে এলেন।

সুমন্ত্রকে রথ নিয়ে ফিরতে দেখে অযোধ্যাবাসী শত সহস্র লোক তার রথের পিছনে ধাবমান হয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ‘রাম কোথায়, সুমন্ত্র, রাম কোথায় ? রাম কে কোথায় রেখে এলেন মন্ত্রীবর ?’

সুমন্ত্র রথ থামালেন এবং ধীরে উত্তর দিলেন,‘ আমি গঙ্গাতীর পর্যন্ত রামের সঙ্গে গিয়ে তাঁর আজ্ঞায় ফিরে এসেছি এই অযোধ্যায়।’ 

নগরবাসী বলতে থাকেন,‘ হায় হায়, রাম গঙ্গা পার হয়ে চলে গেলেন। আর আমরা রামকে দেখতে পাবো না কোনদিন !’ 

সুমন্ত্র বেদনাহত স্বরে বলে উঠলেন, ‘ জানি না আমি ও আর তাঁর দর্শন পাব কি না?’ – এবং তিনি প্রাসাদের দিকে চলে গেলেন।

নারীরা বাতায়নে দাঁড়িয়ে বিলাপ করতে লাগলেন। প্রজাগন মুহ্যমান হয়ে রইলেন ।

সুমন্ত্র  এইবার তাঁর মুখ ঢেকে রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন।

                      ***

পরদিন প্রভাতে রাম চিত্রকূট যাত্রার জন্য প্রস্তুত হলেন। পুত্রের যাত্রাকালে পিতা যেমন স্বস্তিবাচন করেন, মুনি ভরদ্বাজ তেমনই একজন স্নেহময় পিতার মতো  স্বস্ত্যয়ন আদি করলেন এবং অন্তর হতে আশীর্বাদ করে ঋষি তাদের বিদায় জানালেন।

যাত্রাকালে মুনিবর ভরদ্বাজ রামকে বললেন,‘ রাম,তুমি সংগম স্থান হতে যমুনার পশ্চিমে স্রোতের বিপরীত দিকে যাত্রা করে এক তীর্থে উপস্থিত হবে। সেইখানে নদী আড়ে পরিসর এবং গভীর বিস্তর। সেখানে ভেলা দ্বারা তোমাদের নদী পার হতে হবে।

               সেই দেশে নাহি রাম নৌকার সঞ্চার

              ভেলা বান্ধি যমুনায় হইয়ো তুমি পার ।। [কৃত্তিবাস]

পরপারে শ্যাম নামে এক হরিৎপত্র বটবৃক্ষ দেখতে পাবে। সীতা যেন সেই বৃক্ষ মূলে প্রণাম করেন। সেই বটবৃক্ষ হতে এক ক্রোশ পথ গিয়ে এক নীলবর্ণ কানন দেখবে। সেই হল চিত্রকূট। চিত্রকূটের সেই সুগম পথে আমি বহুবার চলাচল করেছি। তথায় তুমি মহর্ষি বাল্মিকির সাক্ষাৎ পাবে। ‘

রাম বললেন,’ যথা আজ্ঞা মুনিবর। এবার তবে আপনি আদেশ করুন, আমরা আমাদের পথে এগিয়ে যাই।’ 

ঋষি ভরদ্বাজ বললেন,‘রাম, যাই নয়। এসো। কবে যে আবার তোমাদের দেখতে পাব জানি না । তবে আমি দু চক্ষু মেলে বসে থাকব তোমার আসার পথ চেয়ে।

                         হে নর নারায়ন তুমি বিষ্ণু অবতার 

                          বিষ্ণু আরাধন তপ করয়ে সংসার ।।

                     সেই নরনারায়ন আইলেন আমার ভবনে

                    শ্রী রাম লক্ষ্মন লক্ষ্মী দেখিলাম তিনজনে ।। [কৃত্তিবাস]

তখন ঋষি ভরদ্বাজকে অভিবাদন করে তাঁর নির্দেশিত পথে রাম সীতা ও লক্ষ্মন যাত্রা করলেন। যমুনার উজানে পশ্চিমতীর ধরে তাঁরা হেঁটে চলেছেন। ছায়া নিবিড় ঘননীল কানন পথ। যমুনার নীলজলে আকাশের নীল মেঘের ছায়া। তাঁরা এইবার যথাস্থানে এসে উপস্থিত হলেন। এইবার একটি ভেলা অবশ্যই প্রস্তুত করা প্রয়োজন। সেখানে যমুনা পারাপারের কোন উপায় কিছু মাত্র নাই। অতএব লক্ষন কতকগুলি কদলীবৃক্ষ কাটলেন এবং কয়েকটি শুষ্ক কাঠ এবং উশীর বা বেনার লতা দ্বারা একটি মজবুত ভেলা প্রস্তুত করলেন।  

সীতা ভেলায় উঠতে ভীত হচ্ছিলেন। রাম ঈষৎ বিব্রত এবং লজ্জিতা সীতাকে সাহস দিয়ে ভেলায় উঠতে সাহায্য করলেন। তারপর তাঁর পাশে বসনভূষণ খনিত্র এবং ছাগচর্মাবৃত পেটিকা রেখে রাম এক্ষনে লক্ষ্মন এর সঙ্গে নিজে ও ভেলায় উঠে বসলেন। লক্ষন এইবার দাঁড় বেয়ে ভেলা নিয়ে চললেন। 

তারা তিনজনে ভেলায় নদী পার হচ্ছেন। যমুনার মধ্য দেশে এসে সীতা যমুনা নদীকে প্রণাম ও স্তুতি করে প্রার্থনা করলেন,‘হে সূর্যতনয়া দেবী কালিন্দী, তোমার কাছে আমার এই প্রার্থনা, চৌদ্দ বৎসর বনবাস সেরে দশরথ পুত্র রাম অযোধ্যায় ফিরে এলে আমি শত সহস্র ধেনু এবং শত শত সুধা কলসে তোমার পূজা করব।‘ -সীতার নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল। 

পরপারে উপস্থিত হয়ে তাঁরা তাকালেন পিছন দিকে। একটা কি দীর্ঘনিঃশ্বাস বেরিয়ে এলো তাদের অন্তর হতে !   এক্ষনে বুঝি ছিন্ন হল মায়ার বন্ধন। পিছু টান বড় টান। অনেক পিছনে পড়ে রইল অযোধ্যা তাঁর মহিমময় রাজঐশ্বর্য এবং এক বিশাল দুঃখ আর বঞ্চনা নিয়ে। পিছনে পড়ে রইল শোক। সন্মুখে এখন অপার শান্তি । 

 নীল আকাশ, সবুজ বনানী, অসীম দিগন্ত। চলার পথে সেখানে কত বিচিত্র তরুলতা। কত বর্ণের গন্ধ পুষ্প। কত রঙয়ের পাখীর কুজন। 

ঋষি ভরদ্বাজ যেমন বলেছিলেন, তাঁরা চলতে চলতে সেই শ্যামবট দেখতে পেলেন। সমুন্নত মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে বিরাট এক বটবৃক্ষ। রক্তবর্ণ ফলে এবং ঘনশ্যাম পত্রপল্লবে যেন আকাশ আচ্ছন্ন।

এইবার সীতা সেই বৃক্ষকে প্রণাম ও প্রদক্ষিন করলেন এবং  করজোড়ে প্রার্থনা করলেন , ‘হে পুন্যবান মহাবৃক্ষ। আমার স্বামীর ব্রত যেন সফল হয়। আমরা আবার যেন সকুশল অযোধ্যায় ফিরে আসি।‘ 

সীতা যেন মূর্তিময়ী প্রার্থনা। চলার পথে পথে গঙ্গায় যমুনায় জলে স্থলে বৃক্ষে পাদপে পরম আকুতি সহকারে শুধু প্রার্থনা করে চলেছেন স্বামীর মঙ্গলের জন্য। পথ চলায় তাঁর যেন আর কোন ক্লান্তি নেই। তিনি এখন যেন এক  প্রাণ উচ্ছ্বলা এক তরুনী। তিনি এই প্রথম অবাক হয়ে নিরীক্ষন করছেন চতুর্দিক। 

যেতে যেতে সীতা তাঁর না চেনা না জানা বিভিন্ন পাদপ গুল্ম ও পুষ্পিতলতা সম্বন্ধে রামকে প্রশ্ন করতে লাগলেন। যত্র অচেনা কোন তরুগুল্ম বা অজানা কোন পুষ্পশালিনী লতা দেখছেন, তত্র রামকে জিজ্ঞাসা করতে থাকেন , এ কোন ফুল ! ওই লতার নাম কি ? ‘

লক্ষণ সীতার ইচ্ছানুসারে নানা প্রকার পুষ্প ইত্যাদি এনে হতে তুলে দিচ্ছেন। সে কি কৌতুক । আর কত যে আনন্দ। 

সেই রাত্রি তারা যমুনার কূলে অতিবাহিত করবেন বলে ঠিক করলেন। কাল রওনা হবেন চিত্রকুটের দিকে । তারপর আরো এক ক্রোশ  পদব্রজে এগিয়ে গিয়ে অতঃপর প্রাণ ধারনের নিমিত্ত দুই ভ্রাতা বহু প্রকার পবিত্র মৃগ বধ করে এনে যমুনা তীরস্থ বনে অগ্নিতে তাকে রন্ধন করে অতঃ তিনজনে ভোজন করে তাহাদের ক্ষুধা নিবারণ করলেন। তারপর তারা ময়ূরনাদিত হস্তি ও বানর সংকুল সুন্দর সমতল নদীতটে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন। পরদিবস প্রভাতকালে তারা চিত্রকূট যাবার সংকল্প করলেন। 

।৩।

চিত্রকূটের পথে 

বনবাসে রাত্রি ভাগে রাম ও সীতা সমগ্র দিনের ক্লান্তি অপনোদন করতে শয্যা নিলেন। আর অনুজ লক্ষণ রাত জেগে পাহারা দিতে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে ঘুম নেই। তিনি নিরলস প্রহরী।

তখন সেই গহীন কাননে নিদ্রাদেবী সেই মধ্যনিশীথে নিদ্রাহীন লক্ষ্মনকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ‘কে জাগে এই নিদ্রামগ্ন চরাচরে  ?’

লক্ষ্মন জিজ্ঞাসা করলেন, ‘ কে আপনি ?  আমি লক্ষ্মন !‘  

নিদ্রাদেবী তাঁর পরিচয় দিয়ে বললেন,‘ রামানুজ , আমি স্বয়ং নিদ্রার দেবী। সারা চরাচর পশু-প্রাণী মানুষ সকলেই যখন নিদ্রামগন তখন তুমি কেন জেগে আছ মহাবীর ?

লক্ষণ বলেন,‘ দেবী,আমি আমার কর্তব্যে অধীর। স্বয়ং শ্রীরাম আমার অগ্রজ এবং তাঁর স্ত্রী দেবী জানকীর প্রতি এ আমার পরম কর্তব্য। আমি কেমন করে নিদ্রা যাই দেবী ? আমি  তো নিদ্রা যেতে পারি না। ‘

নিদ্রাদেবী বললেন,‘ মহাবীর লক্ষণ, এ যে ভীষণ অনিয়ম। জীবজগত নিয়ম মত নিদ্রা না গেলে সব কর্মহীন হয়ে পড়বে। এ যে জগৎ সংসারের সর্বময় নিয়ম। তোমাকে তো তা মানতেই  হয়।’

লক্ষণ বলেন, ‘হে মাননীয়া নিদ্রাদেবী, আমার নিদ্রা যাবার সময় নেই। আমি কর্তব্যবিমুখ হতে পারবো না । আমি যদি নিদ্রা যাই, তবে কে আমার অগ্রজ ভাতা এবং জনকনন্দিনীর প্রতি সতর্ক হয়ে কর্তব্য করবে? আমি বনবাসে এসেছি মাত্র আমার অগ্রজ শ্রীরামচন্দ্রের বিপদ বারণের জন্য। তিনি জগতের হিতে কর্তব্যরত। আমি তাঁর পরম সেবক। আমি কখনোই নিদ্রা যেতে পারি না। জগত নিদ্রা যাক, আমি জেগে থেকে আমার কর্তব্য করে যেতে চাই। ’

নিদ্রাদেবী বলেন,‘ রামানুজ লক্ষণ, তোমার কথায় আমি ভীষণ সন্তুষ্ট হলাম। কর্তব্যে জাগরন নয় অসৈরন।  তবে যদি কেউ তোমার হয়ে নিদ্রার সাধনা করে তাহলে তুমি নিদ্রাহীন নিরলসভাবে তোমার কর্তব্য করতে পার। নচেৎ অনিদ্রার অনিয়মে তোমার কর্তব্যে বিঘ্ন ঘটতে পারে। তুমি কি মনে কর তোমার হয়ে কেহ নিদ্রারত হবেন ? তোমার নিদ্রা আমি কাকে দান করব লক্ষ্মন !’

লক্ষ্মন বলেন,‘ নিদ্রাদেবী, আমার অনুরোধ, আপনি স্বচ্ছন্দে আমার স্ত্রী উর্মিলাকে আমার নিদ্রা দান করুন। সে আমার জন্য বহু ত্যাগ স্বীকার করেছে। তাঁর জন্য আমি সত্যই কৃতজ্ঞ। নিদ্রাদেবী, আপনার বরে সে তবে আমার বিরহ ক্লেশ ভুলে থাকতে পারবে। আপনি বরং তাঁর কাছেই যান। ‘

নিদ্রাদেবী বললেন,‘ তথাস্তু,মহাবীর লক্ষন। আমি তোমার নিদ্রা তোমার স্ত্রী উর্মিলাকেই প্রদান করলাম। সে তোমার বিরহক্লেশ ভুলে থাকতে পারবে তোমার বনবাস শেষ না হওয়া পর্যন্ত।’ – এবং তখন নিদ্রা দেবী সাব্ধি ঊর্মিলাকে সম্বোধন করে বললেন, ‘ঊর্মিলা আমি তোমাকে তোমার স্বামীর নিদ্রা প্রদান করলাম। তুমি স্বামীভিমানিনী হ’ও । 

উর্মিলা বললেন,’ নিদ্রাদেবী তাই দাও। আমাকে নিদ্রা দাও। আমার স্বামীর নিরলস কর্তব্যে কোন ব্যাঘাত না হয়। আমি তার বিরহ ভুলে থাকতে চাই। তুমি আমায় দয়া করো হে নিদ্রা দেবি।’

নিদ্রা দেবী আবার বললেন,’ তথাস্তু। ‘ – (রঙ্গানাথ রামায়ন বাই বুদ্ধা রেড্ডি) 

উর্মিলা কাব্যে উপেক্ষিতা নায়িকা। তিনি তাঁর কর্তব্য পালন করে গেলেন স্বামীর প্রতি। লক্ষণ জেগে রইলেন বনবাসে স্ত্রীর বিরহে। আর তাঁর স্ত্রী  ঊর্মিলা কেঁদে কেঁদে নিদ্রা গেলেন স্বামীর বিরহে।

বিরহ মধুর হলো আজি এই মধুরাতে। 

               ***

পরদিন প্রভাতকালে তারা সকলে যমুনা নদীর পবিত্র জল স্পর্শ করে চিত্রকূট অভিমুখে যাত্রা করলেন। দুরে ওই চিত্রকূট পর্বত  দৃশ্যমান।

রাম বললেন,‘সীতা ওই দেখো চিত্রকুট। গর্বে উৎফুল্ল বৃষরাজের মতো গম্ভীর মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রকূট পর্বত। আর ওই দেখো, অভ্রভেদী ধাতুরঞ্জিত সব শিখরমালা। রক্ত পীত নীল লোহিত মঞ্জিষ্ঠাবর্ণে শৃঙ্গগুলি মনিমুক্তার মত ঝলমল করছে। রমনীয় এই গিরি দেখে আমার মনে রাজ্য হারানোর জন্য কোন দুঃখ নেই। আত্মীয় পরিজন হতে এত দূরে এসে ও মনে আমার কোন দুঃখই আজ আর নেই।‘ 

লক্ষ্মন বলে ওঠে,‘ রাম, আমি নিশ্চিত, এখানে প্রচুর ফলমূল পাওয়া যাবে। ঋষিরা ও এখানে বাস করেন।’

রাম বললেন, ‘তুমি ঠিক বলেছো লক্ষ্মন। ওই দেখো, দূরে ওই বুঝি মহর্ষি বাল্মিকীর আশ্রম। বাঃ এ তো বেশ সুন্দর সমভূমি আর রমনীয় কানন।’  

সীতা বললেন, ‘রাঘব, আহা কি মনোরম ওই চিত্রকূট পর্বতের শোভা। শীত ঋতুর অবসানে বৃক্ষ সকল দেখো ফুলে ফুলে প্রদীপ্ত হয়ে রয়েছে। বসন্তের রক্তপলাশে আর ওই যে সব লাল কৃষ্ণচুড়ায় গাছে গাছে রঙের আগুন ধরে রয়েছে। অহোঃ, বৃক্ষশাখে মধু মক্ষিকার মধু চক্রগুলি কেমন সুন্দর সেজে আছে। ওহঃ, কত যে সব ফলের গাছ, দেখো তারা সব ফলভারে কেমন অবনত হয়ে আছে। কত যে পাখীর কুজন আর ময়ুরের কেকারব এই বনভূমিকে মাতিয়ে রেখেছে। নাথ , এই রমনীয় কাননে আমরা সুখেই বাস করব। ‘

রাম বললেন , ‘ যথার্থ , জানকী !’

এইবার গিরিসন্নিকটে বাল্মিকীর আশ্রমের সন্ধান পেয়ে হৃষ্টমনে তাঁরা এগিয়ে গেলেন আশ্রমের দিকে । 

তাঁরা মহর্ষি বাল্মিকীর আশ্রমে এসে কৃতাঞ্জলি হয়ে প্রণাম করে নিজ পরিচয় দিলেন।

মহর্ষি আনন্দিত হয়ে তাদের  অভ্যর্থনা ও সৎকার করলেন।

রাম বললেন, ‘ আমি দশরাত্মজ রাম। ‘

বাল্মীকি বললেন, ‘ আমি জানি আপনি রাম। অযোধ্যা রাজকুমার দশরথ নন্দন। ইনি আপনার স্ত্রী সীতা । আর ওই হলেন আপনার অন্তর আত্মা প্রাণ প্রিয় ভ্রাতা লক্ষ্মন। আমি ধ্যান যোগে সমস্তই অবগত আছি।’

রাম অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং বললেন,‘ মুনিবর আমি আনন্দিত হলাম। ঋষি ভরদ্বাজের কাছে আপনার সন্ধান পেয়ে এই পথে আমরা বনবাসী হয়ে এলাম।‘

বাল্মীকি বললেন,‘ রাম, আমি তোমাদের আসার প্রতীক্ষা করছিলাম। চিত্রকুট বড় সুন্দর স্থান। এখানে তোমরা তোমাদের বনবাসী জীবন শুরু করতে পারো।’

রাম বললেন, ‘ মুনীবর আপনার কথা কিছু জানতে ইচ্ছা করি।’

বাল্মীকি বললেন, ‘ আমি প্রচেতার পুত্র। আমি বহু বৎসর তপস্যা করেছি। এই চিত্রকুটে আমি অনেকদিন ধরেই অবস্থান করছি । তুমি ও তোমার বনবাস জীবন এখানে শুরু কর।’ 

রাম বললেন , ‘ যথা আজ্ঞা মুনিবর।’

এইবার রাম তাঁর অনুজ লক্ষণকে বললেন,‘লক্ষন এই পবিত্র চিত্রকূটে আমরা তবে আমাদের বনবাস জীবন শুরু করি। আমাদের বাসগৃহ নির্মাণের জন্য তুমি উত্তম দৃঢ় কাষ্ঠ সংগ্রহ করো।’

লক্ষ্মন তখন সেই গহীণ বন হতে অনেক কাষ্ঠ ইত্যাদি সংগ্রহ করে এনে  আপন কর্ম দক্ষতায়  অগ্রজের আগ্রহ মত এক পর্ণশালা নির্মাণ করলেন। 

রাম বললেন,‘ আমাদের বহুকাল এখানে বাস করতে হবে। সেজন্য যথাশাস্ত্র বাস্তুশান্তি করা অবশ্য প্রয়োজনীয়।

অতএব লক্ষণ তুমি এক কৃষ্ণমৃগ বধ করে নিয়ে এসো।’

এইবার লক্ষণ এক পবিত্র কৃষ্ণ মৃগ বধ করে এনে তার মাংস অগ্নিপক্ক ও শোণিত শূণ্য করে রামকে দিলেন।

রাম তমসা নদীতে অবগাহন করলেন। তৎপরে যথাবিধি মন্ত্রপাঠ ও জপ করে যথাবিহিত হোম যজ্ঞ দেব অর্চনা ও বাস্তু শান্তির পর তাঁরা তাদের নুতন গৃহে প্রবেশ করলেন। 

রমণীয় চিত্রকূট পর্বত। মাল্যবতী নদী। মৃগ পক্ষী সমন্বিত কানন। এবং বায়ুপ্রবাহ হতে সুরক্ষিত পর্ণকুটির। এই সকল লাভ করে তারা নির্বাসনের দুঃখ ভুলে গিয়ে আনন্দে কাল যাপন করতে লাগলেন। 

চারিদিকে শান্ত বনশ্রী। আম জাম লোধ্র পিয়ালের নিবিড় ঘনছায়া। পুষ্পিত তরু কদম্ব কেতকী। ফলভারে আনত কত মধুক বিল্ব। রসাল যত পনস তিলক। মন্দাকিনীর জলে অজস্র পদ্মের শোভা। মধুগন্ধে পুষ্পাসারে বিহঙ্গ বিহগে চিত্রকূট যেন কুবেরের অলকা বা ইন্দ্রের অমরাবতী।

সীতাকে রাম বললেন, ‘প্রিয়ে যদি চিরকাল এমনি করে লক্ষণকে নিয়ে তোমার সঙ্গে চিত্রকুটে থাকি তাহলে আমার মনে কোন কষ্ট থাকবে না। এই মন্দাকিনী তোমার চেয়েও সুন্দর। আর এই চিত্রকুটে বাস আমার অযোধ্যা বাসের চেয়েও সুখের। তোমার সঙ্গে মন্দাকিনীর শীতল জলে স্নান করবো। বনের মধু ফলমূল খেয়ে সুখে থাকব। এই জীবন ছেড়ে আমি অযোধ্যাও চাই না রাজত্বও চাই না।’ 

                                [ অযোধ্যাকাণ্ড ২ ]

( চলবে ) 

Author

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

২ : একস্ট্রা

অভিজিৎ চৌধুরী ধারাবাহিক উপন্যাসিকা (নভেলা ) ২ ভিকট্রি ক্লাবে ইভেন্ট ম্যানেজারের চাকরিতে যোগ দিতে এসেছে অর্পণ। কলকাতার নামী ম্যানেজমেন্ট কলেজ থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পোস্টগ্র্যাজুয়েট

Read More »

৩ : প্রাচীন পথ,শুভ্র মেঘমালা

থিচ নাট হান তৃতীয় পর্বদ্বিতীয় অধ‍্যায় অনুসৃজন : সুপর্ণা বোস জলমহিষের পরিচর্যা দিনেরবেলা আবহাওয়া বেশ ঠান্ডা।দুপুরের খাওয়া দাওয়ার পর প্র‍ত‍্যক ভিক্ষু নিজেই নিজের ভিক্ষাপাত্রটি ধুয়েমেজে

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

২ : একস্ট্রা

অভিজিৎ চৌধুরী ধারাবাহিক উপন্যাসিকা (নভেলা ) ২ ভিকট্রি ক্লাবে ইভেন্ট ম্যানেজারের চাকরিতে যোগ দিতে এসেছে অর্পণ। কলকাতার নামী ম্যানেজমেন্ট কলেজ থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পোস্টগ্র্যাজুয়েট

Read More »

৩ : প্রাচীন পথ,শুভ্র মেঘমালা

থিচ নাট হান তৃতীয় পর্বদ্বিতীয় অধ‍্যায় অনুসৃজন : সুপর্ণা বোস জলমহিষের পরিচর্যা দিনেরবেলা আবহাওয়া বেশ ঠান্ডা।দুপুরের খাওয়া দাওয়ার পর প্র‍ত‍্যক ভিক্ষু নিজেই নিজের ভিক্ষাপাত্রটি ধুয়েমেজে

Read More »

২১ : ঊর্ণনাভ

ধারাবাহিক উপন্যাস শ্যামলী রক্ষিত একুশ ঘরের মেঝে মুছতে মুছতে দীপালীর হাত শিথিল হয়ে যাচ্ছিল। থমকে গেল সে। তার কিছু ভালো লাগছে না। হাত আপনাআপনিই থেমে

Read More »