অভিজিৎ চৌধুরী
ধারাবাহিক উপন্যাসিকা (নভেলা )
২
ভিকট্রি ক্লাবে ইভেন্ট ম্যানেজারের চাকরিতে যোগ দিতে এসেছে অর্পণ। কলকাতার নামী ম্যানেজমেন্ট কলেজ থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছে অর্পণ। ইন্টার্ন হিসেবে টালিগঞ্জের একটি গলফ ক্লাবে ছিল। তবে ওর প্রায়োরিটি ফুটবল।
বাবা, লাল্টু চৌধুরী, কলকাতা ময়দানের একসময়ের ঝড় তোলা একটি নাম। বাবার খেলার শেষ বয়সের কিছুটা দেখেছে সে। ফরাসডাঙা স্পোর্টিং থেকে বাবা যখন অবসর নিলেন, তখন সে সবে উচ্চমাধ্যমিক পাশ করেছে। ননাই-জেঠুর খুব প্রিয় প্লেয়ার ছিল ওর বাবা। অবশ্য এখনও বাবা ফরাসডাঙা স্পোর্টিং-এর কোচ। ননাই-জেঠু যতদিন, ফরাসডাঙা স্পোর্টিংও ততদিন—এমনই যেন আয়ু। এবার কলকাতা লিগের ফার্স্ট ডিভিশনে খেলবে তারা।
বাবার শেষ ম্যাচের গোল একদা ফরাসডাঙা স্পোর্টিংকে সেকেন্ড ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে খেলার সুযোগ করে দিয়েছিল। আর জীবনের শেষ ম্যাচের গোলও ফরাসডাঙা স্পোর্টিংকে কলকাতা লিগের ফার্স্ট ডিভিশনে তুলে আনল।
বাবার মুখ থেকে একসময় কলকাতা লিগের কথা যা শুনেছিল, আজ কলকাতা লিগ অনেকটাই বিবর্ণ। পরপর কয়েকবার ইস্টবেঙ্গ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মোহনবাগান সুপার জায়ান্ট চ্যাম্পিয়ন হয়েছে।
ইস্টবেঙ্গ ক্লাবের প্রতি গোপন অভিমান রয়েছে ওর বাবা, লাল্টু চৌধুরীর এবং ননাই-জেঠুরও।
বাবার বয়স প্রায় ষাট ছুঁয়েছে। এখন নিয়মিত প্র্যাকটিস করান, নিজেও মাঠে নেমে খেলেন। প্লেয়ার হিসেবেও নামটা রেখেছেন ননাই-জেঠু। ফরাসডাঙা স্পোর্টিং-এর স্বপ্নের ম্যাচ হবে ইস্টবেঙ্গ ক্লাবের সঙ্গে। ননাই-জেঠু চান, সেই ম্যাচে লাল্টু চৌধুরী অন্তত দশ মিনিটের জন্যও নামবে।
অর্পণ এর আগে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছে। ডিসিপ্লিন তার রক্তে ঢুকে আছে।
ভিকট্রি ক্লাবে মালি ছাড়া কেউ নেই। ক্যান্টিনও সে খুলেছে। ঠিক দশটায় নিজের বাইকে করে পৌঁছে গেছে অর্পণ। মা কপালে দইয়ের ফোঁটা দিয়ে দিয়েছেন বেরোনোর আগে। মা আর বাবাকে প্রণাম করে এসেছে।
বেরোনোর আগে বাবা বলেছিল, “দেখ, কেমন লাগে! রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। হয়তো পাবলিক সার্ভিস কমিশন ফেয়ার হবে।”
তখন অর্পণের মা বলে উঠেছিলেন, “আমি পইপই করেছিলাম, এইসব স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ে সময় নষ্ট না করতে। এখন বলছ সেই পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে!”
ভুলটা যে লাল্টু চৌধুরীর, সন্দেহ নেই। তিনি কল্পনার জগতের মানুষ, যদিও একজন সেন্টার ফরোয়ার্ড।
অর্পণের মা আর বললেন, “তোর বাবা যখন ফুটবলার হিসেবে চাকরি পেয়েছিল, তখন ছিল ফুটবলের যুগ। ভারতীয় ফুটবল দলের প্রায় এগারোটা প্লেয়ার ছিল বাঙালি।”
লাল্টু চৌধুরী চিমটি কেটে বলেছিল, “ইস্, তুমি এত জানো!”
মা বলেছিলেন, “বেশি জেনেই তো তুমি ছেলেটার সর্বনাশ করলে।”
তখন বাবা বলেছিল, “আরে, ভিকট্রি ক্লাব বেশ নাম করেছে। ভালো কিছু হতেও পারে।”
ক্যান্টিন থেকে কারুর একটা নির্দেশে এক কাপ চা এল, সঙ্গে বিস্কুট।
বেলা বারোটার দিকে একে একে অনেকে আসতে থাকল। শেষে এলেন একজন সুদর্শন মানুষ। সাদা, ব্যাকব্রাশ করা চুল, মুখে আমন্ত্রণের হাসি।
এসেই বললেন, “কখন এসেছ, অর্পণ!”
অর্পণও হেসেই বলল, “স্যার, ঠিক দশটায়।”
“আমার নাম দর্শন চৌধুরী। তোমাদের ফরাসডাঙা স্পোর্টিং-এর যেমন ননাইদা, আমিও ভিকট্রি ক্লাবের ননাইদা। পার্থক্য, আমাদের স্পনসর আছে, ইনভেস্টরের খোঁজ চলছে। যাই হোক, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গ, মোহনবাগানের সমকক্ষ হয়ে উঠব, বা ছাড়িয়ে যাব। তোমার বাবাকে নিয়ে ফরাসডাঙা স্পোর্টিংও সেই স্বপ্ন দেখছে, তাই তো!”
অর্পণ বলল, “আপনি অনেকটাই জানেন, স্যার।”
সুদর্শন মানুষটি বললেন, “আসলে তুমি তো হয়তো আগে কর্পোরেট হাউসে ছিলে, আমাদের ক্লাব কালচার। কখনও লাল চা, আবার কখনও বাঙালির বত্রিশ পদ রান্না। আবার কন্টিনেন্টালও পাবে। হাই টি-ও হবে। স্টার্টারে চমকে যাওয়ার মতো আইটেম থাকবে। তবে সবকিছুর মধ্যেই এলোমেলো ভাব, যেমন ক্লাব হয় আরকি!”
এবার অর্পণ বলল, “স্যার, আপনি আমার বাবাকে চেনেন!”
“অসাধারণ বল প্লেয়ার। তার সঙ্গে ওই শুটিং দক্ষতা। রাজনীতির শিকার হয়েছেন। ইন্ডিয়া টিমে চান্স দিয়েও একটি ম্যাচেও নামানো হয়নি।”
“আমি বাবার খেলা তেমন দেখিনি।”
“তোমাকে একটা গল্প বলি, তোমার বাবাকে নিয়ে।”
অর্পণ হেসে বলল, “বলুন।”
“আমি তখন কলকাতা লিগে বেশ জমিয়ে খেলছি, বড় দলে আছি। তবে দলের নাম বলব না। তোমার বাবা তখন স্পোর্টিং ইউনিয়নে। ওঁর শেষের দিক বলে একটু ঢিলে দিয়েছিলাম। হঠাৎ আমার পাশ দিয়ে লাল্টুদা স্পিন টেনে বেরিয়ে গেল। একটা আউটসাইড ডজে আমাদের তিনজনকে কাটিয়ে একেবারে পেনাল্টি বক্সে। আমি শেষ মুহূর্তে চোরাফাউল করলাম, পিছন থেকে হাত দিয়ে হালকা পুশ করে লাল্টুদার বাম দিকটা কভার করে নিলাম। আমরা তখন বড় টিমের ডিফেন্ডার। রেফারি পেনাল্টি দিতে পারত, দিল না। ডান পায়ে উইক ছিল লাল্টুদা। গোলে শট নিল, কিন্তু বল ফার্স্টবারে লেগে ছিটকে গেল। ম্যাচটা ড্র হল। কোনওদিন লাল্টুদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসব।”
হাসল অর্পণ, বলল, “আমি কিন্তু প্লেয়ার নই।”
“জানিতো। তুমি আমাদেরই ইভেন্ট ম্যানেজারদের একজন হলে। ওয়েলকাম টু ভিকট্রি ক্লাব।”
তারপরেই চলে গেলেন সুদর্শন মানুষটি।
এই সময় একজন এল। অর্পণের চেনা লাগল। বেশ লম্বা, দোহারা চেহারা। গালে হালকা দাড়ি রয়েছে। রংটা চাপা, কিন্তু মুখে হাসি থাকে বোধহয়। কোথাও একটা দেখেছে মনে হয়।
এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, “কী রে, চিনতে পারছিস! আমি প্রতীক চৌধুরী, তোর প্রতীকদা হলাম।”
অর্পণের মনে পড়ল, “প্রতীকদা, তুমি তো আমাদের কলেজের!”
“তোর অনেক সিনিয়র, ২০২২ ব্যাচ।”
অর্পণ বলল, “প্রতীকদা, এখানে আমার কী কাজ হবে!”
“কয়েকদিন তোর হানিমুন পিরিয়ড। তারপর সব কাজই করতে হবে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ।”
বলে হোহো করে হেসে উঠল।
এবারও বলল, “আমি কিন্তু কোনও এনগেজমেন্ট লেটার পাইনি। কলেজ বলল, তোমরা মেইল করেছ, আমার নাম আছে ওতে, তাই চলে এসেছি।”
প্রতীক বলল, “বেশ করেছিস। এখন চল ক্লাব লাউঞ্জে।”
৩
সেই সমস্ত কথা বহু বছর আগের। একটা মফস্সল শহর, নাকি আসলে গ্রাম—সঠিকভাবে বলা যাবে না। সেখানেই কৈশোর আর যৌবনের অনেকটাই কেটেছে লাল্টু চৌধুরীর। জায়গাটার নাম নবগ্রাম। আর স্টেশনের নাম কোন্নগর। হাওড়া মেইন লাইনের একটি স্টেশন।
নবগ্রামের নাকি পত্তন হয়েছিল ১৯৪৮ সালে। পূর্ববাংলা থেকে আসা মানুষরা এই গ্রামের পত্তন করে। ওপারটাকে কোন্নগর বলা হয়। অনেকটাই প্রাচীন শহর। রাস্তাঘাট পাকা, ড্রেনও কাঁচা নেই। একেবারে উল্টো ছবি নবগ্রামে। রাস্তাঘাটে এখনও মেঠোভাব রয়েছে, আর পয়ঃপ্রণালীও সুবিধের নয়।
নবগ্রামে যা আছে, তা হল সংস্কৃতি, নাটকের চর্চা আর ফুটবল। কোন্নগরেও প্রাচীন দুটো ফুটবল ক্লাব আছে—অলিম্পিক ও ফ্রেন্ডস ইউনিয়ন। আর নবগ্রামে রয়েছে সেবক সংঘ ও মহাদেশ পরিষদ। কালে কালে ঝাঁকে ঝাঁকে ফুটবলার নবগ্রাম থেকেই কলকাতার বড়, ছোট, মাঝারি যাবতীয় ক্লাবে যেতে শুরু করল।
লাল্টু চৌধুরী এই নবগ্রামের মাঠে-ঘাটে খেলে কলকাতার স্পোর্টিং ইউনিয়নে জায়গা পেল। মূলত বাঁ পায়ের প্লেয়ার লাল্টু। স্ট্রাইকারে খেলেছে কখনও, আবার কখনও উইং প্লে করেছে। ওর একটা ভালো নামও আছে, ব্রতীন চৌধুরী। কিন্তু ওর ডাকনাম লাল্টু। সঙ্গে চৌধুরী পদবি অক্ষত রেখেই সকলে ওকে লাল্টু চৌধুরী নামেই জানে।
রাগিনীকে ভালোবেসে বিয়ে করেছিল লাল্টু। মা-বাবার অমত ছিল না। যখন বিয়ে করেছে, তখন খেলার জোরেই ব্যাংকে চাকরি করছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তখন ফুটবল খেললে নানা জায়গায় চাকরি হত। দারুণ স্পিড ছিল লাল্টুর। উইং প্লে করার সময় দ্রুতগতিতে আউটসাইড ড্রিবল করে কর্নার ফ্ল্যাগের কাছ থেকে অল্প কিছু গোল জিরো ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও করেছে। চোখে পড়ে গেল একদিন মহমেডানের হার্ডকোর ফ্যান ডালিমদার।
ডালিমদাই বলল, “লাল্টু, মহমেডানে আসবি। আমরা তোকে চাইছি।”
নবগ্রামে একসময় অনেক বড় ফুটবলার ছিলেন। ইস্টবেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিলেন চিত্ত চন্দ। শম্ভু দাস চৌধুরী। তিনিও ইস্টবেঙ্গ ক্লাবে খেলেছেন। এখনও অরুণ ভট্টাচার্য রয়েছেন। মহমেডানে এক বছর ছিলেন। ইদানীং আবার ক্লাব বদল করে ছোট ক্লাবে এসেছেন। ডিফেন্ডার, কিন্তু রাফ বা টাফ নন। নিজস্ব স্টাইলে খেলেন। লাল্টুও তাঁর কাছ থেকে কিছু ড্রিবলিং শিখেছে।
এছাড়াও আরেক সুব্রত ভট্টাচার্য রেলওয়ে এফসি-তে ডিফেন্সে খেলছে, দক্ষিণ-পূর্ব রেলে চাকরিও পেল। ওর ডাকনাম বাবুল। ময়দানের মোহনবাগানের বিখ্যাত ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য নন, নবগ্রামের বাবুল রেলওয়ে এফসি-র জার্সিতে মন্দ খেলছেন না।
ওপারে কোন্নগরে অলিম্পিক ক্লাবের জার্সির রং সবুজ-মেরুন আর ইউনিয়ন ক্লাবের জার্সির রং লাল-হলুদ। ইউনিয়ন ক্লাবের পুরোনো নাম ফ্রেন্ডস ইউনিয়ন। নতুন একটি কিশোর ছেলে সকলের নজর কেড়েছে। সে অলিম্পিকের জুনিয়র টিমে রয়েছে, নাম পিয়াল। পুরো নাম পিয়াল সেনগুপ্ত।
কোন্নগর আদি জনপদের বাসিন্দারা সব ঘটিবাঙাল আর নবগ্রামে সব বাঙাল। কাঠ বাঙাল।
পুজো আসছে। ষষ্ঠীতে বিজয় মাস্টারমশাইদের বাড়িতে ঢাকের কাঠি পড়লেই নবগ্রামের দুর্গোৎসব শুরু হয়ে যাবে। মানুষজন তাঁকে বিজয় মাস্টারমশাই বললেও তিনি এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাণিজ্য শাখার। বারোয়ারি পুজো বলতে নবগ্রামে মহাদেশ পরিষদের পুজো।
লাল্টু রেশন দোকান থেকে চাল, গম, কখনও কখনও চিনি আনার জন্য লাইন দিলে শিল্পীর প্রতিমা গড়া দেখতে যেত। মহাদেশ পরিষদের থিয়েটারের স্টেজে দেবী দুর্গা সপরিবারে এক-এক করে আবির্ভূত হবেন। পঞ্চমীতেও মায়ের অস্ত্র নেই। ষষ্ঠীতে কলাবউ স্নানের পর বোধনের ঢাক বাজবে আর মায়ের হাতে উঠবে একের পর এক অস্ত্র। ষষ্ঠীতে সারারাত জেগে যাত্রা, আর যাত্রা দেখতে দেখতে রাগিনীকে দু-চোখ ভরে দেখা। আরও সুযোগ পেলে অপাঙ্ক্তেয় দৃষ্টিতে দেখে নেবে লাল্টুকে।
নটী বিনোদিনী হবে এবার। জ্ঞান চৌধুরী, ক্লাবের সর্বেসর্বা, সুঠাম, ফর্সা, দীর্ঘদেহী। তিনিই গিরিশ ঘোষ। আর ঠাকুর রামকৃষ্ণ গদাইদা। মাঝখানের ওপরের পাটির কয়েকটা দাঁত নেই। রাঙাবাবু কুণাল, জ্ঞান চৌধুরীর কাকা। ফর্সা, সুদর্শন। বিনোদিনী দাসী ভাড়া করা। সেই উৎপল দত্তের রাইফেল থেকে করে আসছেন।
এর মধ্যেই ক্রমশ জন্ম নিচ্ছে সিন্ডিকেট, শুরু হচ্ছে ভূমি নিয়ে দালালি-কারবার। ১৯৭৭-এ যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এলো, সাতাশ বছরের কংগ্রেস সরকারকে গণতান্ত্রিকভাবে সরিয়ে।
তবে এসব থাকলেও ফুটবলের উন্মাদনা রয়েছে পাড়ায় পাড়ায়। এখনও ক্রিকেট সীমাবদ্ধ সুনীল গাভাসকার আর অজয় বসু, পি আর সেন সুরেটা আর শীতের রোদের আমেজে।
ইডেন গার্ডেন্সে ক্রিকেট হয় পাঁচ দিনের। খুব বেশি ছাপ তখনও বঙ্গজীবনে পড়েনি। ক্রিকেট ধনী আলালের ঘরের দুলালদের খেলা। আর গরিব ঘরের খেলা ফুটবল।
এইসব কথা এলোমেলোভাবে মনে পড়ে লাল্টু চৌধুরীর। তখন পুরোদস্তুর ফুটবলার সে। স্বপ্নেও ফুটবল, কখনও কখনও রাগিনীর সঙ্গে প্রেম। এইসব কথা ছেলেকেও কয়েকবার বলেছে। এখন পুরোনো হয়ে গেছে সবটা।
প্র্যাকটিস করাতে এসব মনে পড়ছিল। তখন ডিফেন্স আগলাচ্ছিল, অন্যমনস্ক ছিল, যা ফুটবলে একেবারেই অনুচিত। ভোলা গোল করে বসল। একেবারে লজ্জা পেয়ে গেল একদা ময়দান কাঁপানো লাল্টু চৌধুরী।
সেভেন সাইডের মাঠ। অফসাইড নেই। ভোলা সুযোগটা কাজে লাগিয়েছে। গ্রিন, ব্লু, রেড, স্যাফ্রন, হোয়াইট—এইভাবে লটারি করে টিম হয়েছে। আর দুটো স্টার টিম, রেড অ্যান্ড ইয়েলো। লাল্টু ছিল রেডে। কিছুতেই খেলতে চাইনি রেড গ্রুপে। তবে তার মতো একদা স্টার প্লেয়ারকে তো মানায় এমন গ্রুপ। ফরাসডাঙার ফিকে লাল-হলুদে জ্বলে উঠতে চায়।
জুনিয়র ছেলেরা তাকে রেড গ্রুপে রেখেছে। বলছে, “তুমি আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।”
বড় ক্লাবে খেলা কয়েকজন মাঠের বাইরে থেকে প্যাক দিল। কেউ একজন বলল, “কেন যে এখনও নামছে এই বয়সে!”
হাঁটুর বয়সি ছেলেটা পাশ দিয়ে গোল মেরে দিল। কেউ বলছে, “এখন আবার ফরাসডাঙা স্পোর্টিং-এর কোচ—ননাইকে ডুবিয়ে ছাড়বে!”
পিকলুকে সেন্টার করার সময় ছোট্ট পুশ করতে বলল, ও করল। চকিতে শট নিল। গোলকিপার মতাফার্স্টবারে দাঁড়িয়েছিল। বলটা গোলার মতো সেকেন্ডবারে পোস্ট দিয়ে জালে জড়াল।
ভোলা দৌড়ে এসে প্রণাম করল, “গুরু, তুমি জাত ফুটবলার!”
তারপর সেভেন সাইড মাঠে গ্রিন দলকে গুনে গুনে ছয়টা গোল একাই দিল লাল্টু চৌধুরী। ট্রফিটা হাতে নিয়ে পিকলুর হাতে দিয়ে চেঁচিয়ে বলল, “তোর বাবা, কাকারা ইন্ডিয়া টিমে ঢুকতে দেয়নি, তোর কী আছে! ফরাসডাঙা স্পোর্টিং-কে আমি ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন করব। তোদের ইস্টবেঙ্গ, মোহনবাগান, মহমেডান—সব বড় টিমকে হারাব। আমার নাম লাল্টু চৌধুরী!”
এইবার আর কোনও আওয়াজ উঠল না। যারা এতক্ষণ প্যাক দিচ্ছিল, সটকে পড়েছিল।
ননাইদা বলল, “এরকম মাথা গরমের কারণে তুই ইন্ডিয়া টিমে খেলতে পারলি না।”
স্বদেশরঞ্জন এসেছিলেন, একসময় ইস্টবেঙ্গ ক্লাবের ডিফেন্স স্তম্ভ।
পিঠে হাত রেখে বললেন, “তুই তখন বোধহয় উয়ারিতে, আমাকে ড্রিবল করে ছিটকে দিয়েছিলি, তারপর গোল করলি। আমিই ক্লাবকে বলে তোকে পরের বছর নিলাম। তোর ব্যাড লাক, হাঁটুর চোট লুকিয়েছিলি।”
লাল্টু চৌধুরী বলল, “বিশ্বাস করো স্বদেশদা, আমার কোনও চোট ছিল না। একটাও ম্যাচে তোমরা খেলালে না।”
স্বদেশ বললেন, “ওসব পুরোনো কথা ভুলে গিয়ে কোচিং করাস। ননাইদা, তোকে বিশ্বাস করে, ভালোবাসে। এছাড়া ইন্ডিয়া টিমে একজনও বাঙালি নেই। তুই চেষ্টা করে দেখ।”
লাল্টু চৌধুরী বলল, “তুমি কি লবিবাজি আটকাতে পারবে!”
স্বদেশ বললেন, “চেষ্টা করব। তবে বড় টিমের বিরুদ্ধে গোল চাই। শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষের মাঠে গোল চাই।”
লাল্টু চৌধুরী ভাবছিল, পিয়াল এখন কী করছে!
তারপর নিজের মনেই হেসে উঠল।
পিয়ালের তো আর বয়স নেই। সেও তো বুড়ো ঘোড়া।
তবু স্বদেশদাকে বলল, “পিয়ালের খবর জানো!”
“মোহনবাগান থেকে অবসর নিয়েছে। ইন্ডিয়া টিমেও আসেনি একবারও। বাঙালি নাকি ফুটবল খেলতে জানে না!”
চোয়ালটা শক্ত হয়ে উঠল লাল্টু চৌধুরীর।
( চলবে )


