ধারাবাহিক অনুবাদ উপন্যাস ( অসমিয়া )
রাজীব বরা
[ রাজীব বরা ১৯৭০ সনে অসমের মাজুলীতে জন্মগ্রহণ করেন।ডিব্রগড় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সনে অসমিয়া সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বর্তমানে নাজিরা মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।রাজীব বরা সাহিত্যের বিভিন্ন বিভাগে নিজ প্রতিভার পরিচয় দানে সমর্থ হয়েছেন।তিনি একাধারে কবি,সমালোচক,গল্পকার,ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক।বর্তমান অসমিয়া কবিতার জগতে রাজীব বরা একটি অতি সুপরিচিত নাম।কাব্যগ্রন্থগুলি যথাক্রমে ‘তটিনী তীরর খেলা’,’ঢেউ’,’মানুহ চেরাই বাচি থকা নাযায়’,’মাউরর দিন’,এই ফালেও কবি আছে’।মৌলিক প্রবন্ধ সংকলন ছাড়াও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ‘চিন্তা-পরিক্রমা’,’অসমিয়া আরু কথা সাহিত্যর আভাস’ ইত্যাদি।আলোচ্য উপন্যাস ‘সলিল সমাধি’ (‘জলজাহ’) মাখন হাজরিকা স্মৃতি উপন্যাস পান্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিবেচিত হয়। এছাড়াও শ্রীবরা বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। ]
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ – বাসুদেব দাস
১৯৫৮ সনে অসমের নগাঁও জেলার যমুনামুখে বাসুদেব দাসের জন্ম হয়। ১৯৮২ সনে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাতত্ত্বে এম এ করেন। আজ পর্যন্ত অসমিয়া অনূদিত গল্পের সংখ্যা পাঁচশত পঞ্চাশটির ও বেশি।সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে নিয়মিত ভাবে অসমিয়া গল্প,কবিতা,প্রবন্ধ এবং উপন্যাস অনুবাদ করে চলেছেন।গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সংস্থা NEINADএর পক্ষ থেকে অসমিয়া ভাষা-সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য Distinguished Life Membership এর দ্বারা সম্মানিত করা হয়।প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশটি।হোমেন বরগোহাঞির অসমিয়া উপন্যাস ‘সাউদর পুতেকে নাও মেলি যায়’(সওদাগরের পুত্র নৌকা বেয়ে যায়) বাংলা অনুবাদের জন্য ২০২৪ সনের সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কারে সম্মানিত হন।
(২৩)
নেশা না হলে মিথ্যা
কাংকানের চোখের জল মুছতে পারার মতো বুধিরামের আঙুল শুকিয়ে এসেছিল যদিও সঙ্গে তরাবতী থাকার জন্য সে সেই কাজ করতে পারছিল না। আর ইচ্ছা হলেই বা কী ,অনাত্মীয়, অজাতির একটি যুবতি মেয়ের চোখের জল মুছে দেওয়ার মতো তখন পর্যন্ত ওদের মধ্যে সৌহার্দ্য গড়ে ওঠেনি। তরাবতীর মুখ থেকে কাংকানের দুঃখময় কথকতা শুনে বুধিরামের বুকটা মোচড় দিয়ে উঠেছিল। তার প্রতি তার সহানুভূতি জেগেছিল। তার প্রতি জাগ্রত হওয়া আকর্ষণ যে চোখের জলে মিলে প্রেমের নদী হয়ে বইবে আর সেই নদী যে জাত কুলের বাঁধ মানবে না সেটা হয়তো বুধিরাম কল্পনাও করতে পারেনি। কখন ও অন্যকে চেনা সহজ কিন্তু নিজেকে চেনা কঠিন।
সহানুভূতি, দুঃখ বোধ গিয়ে প্রেমে দাঁড়াবে, সেটাও এত দ্রুত সে যেন বুঝতেই পারল না। মন ভুলানোর অজুহাতে যৌনতাকেও উশকে দিয়ে তার পুরুষত্বকে পাগল করে তুলবে, সে তার আভাসই পেল না। সমাজ, আত্মীয়,নীতি নিয়মের বাঁধন ছিঁড়ে জীবন জলধির ঘূর্ণিপাকে ঘোরাবে সেটাও গভীরভাবে ভাবা হল না।
তার কী এমন দরকার পড়েছিল যে কাংকানের চোখের জলের উৎসের খোঁজে সে ওদের বাড়িতে গিয়ে পৌঁছাবে–তা সে নিজেই বুঝতে পারল না। আগেও সে ওদের গ্রামে ধানক্ষেতে কাজের জন্য নিরতীর খোঁজে গেছে। তরাবতীর দাদার সঙ্গে জানাশোনা থাকার জন্য ওদের বাড়িতেও অনেকবার গেছে। তবে কাংকানের বাড়িতে যাওয়া হয়নি। কিন্তু ওদের চাঙঘরটা দূর থেকে দেখেছে। কাংকানের দাদা খেমকরণকেও সে ভালোভাবে চেনে। তরাবতী আগেও ওদের খেতে কাজ করেছে।
তাই ধানক্ষেতের আগাছা বাছার জন্য নিজে থেকে কারু খোঁজ না করে, তরাবতীর সঙ্গের কাউকে নিয়ে আসার জন্য অনুরোধ করতে গিয়েছিল। সেই অজুহাতে কাংকানের সঙ্গে তার পরিচয়। সেটাও খুব বেশি দিনের নয়। আগে কাংকানকে মাঠে-ঘাটে, চর অঞ্চলে কোথাও দেখেছিল যদিও চোখে পড়েনি। চোখে পড়েনি বলার চেয়ে বরং সেদিকে চোখ দেয়নি বলাই ভালো।
স্বাধীনচেতা, কর্মঠ মিসিং নারীদের তুলনায় সে দেখেছিল তার নিজের গ্রামের মেয়েরা দুর্বল, এবং কেমন যেন ঠুনকো ধরনের। মিসিং মহিলার কর্মশক্তি বিস্ময়ের সঙ্গে মানতেই হবে। তাদের আর্থ সামাজিক ব্যবস্থায় মহিলার গুরুত্ব অধিক। নারীরা শুধুমাত্র হাল বায়না, বাকি সমস্ত কাজই করে – ধানের চারা বোনা, ধান কাটা, সরষে তোলা, ধান মাড়াই করা থেকে শুরু করে সমস্ত কাজ। মাছ ধরাতেও মিসিং মহিলা অত্যন্ত দক্ষ। চরের মাটিতে কোদাল চালাতে থাকা নারী পিঠে শিশুকে হোরার মতো কাপড় দিয়ে বেঁধে নেয়। বুকে মেঠনি মেরে সর্ষের খেতে বিশেষ যন্ত্রের সাহায্যে মাটির চাপরা ভাঙতে থাকা মিসিং নারী পুরুষ মানুষের শক্তিকেও প্রত্যাহ্বান জানাতে পারে।
তার অনুপাতে কিছুসংখ্যক মানুষের প্রাধান্য যেন কেবল নারীর ওপরে কর্তৃত্ব খাটানো– মদ খেয়ে মাতাল হয়ে নারীকে শাসন করা। পুরুষের নির্যাতন এবং আধিপত্য কখনও কখনও নারীর ওপরে অভিশাপ হয়ে আসে। অবশ্য তার যে ব্যতিক্রম নেই তা নয়, খুঁজলে কর্মঠ পুরুষ ও পাওয়া যায়। কিন্তু খেমকরণের মতো পর নির্ভরশীল মানুষ কর্মহীনতার একটি জীবন্ত উদাহরণ।
সেদিন সন্ধ্যা বেলা কাংকানদের উঠোনে বুধিরাম উপস্থিত হওয়ার সময় খেমকরণের শরীরে হুঁশ ছিল না। নিরন্তর মদ খেতে খেতে আপঙের নেশাতেও কাজ না হওয়া খেমকরণের নাকি ফটীকা পানী না হলে নেশাই হত না। ঘুম থেকে উঠেই ফটিকা পানি মুখে নেওয়া খেমকরণ নেশা পূরণ করার জন্য একটা নিষ্কর্মা জীবন বেছে নিয়েছিল এবং পৈতৃক সম্পত্তি বলতে থাকা জমিগুলির কিছু অংশ বন্ধকে দিয়ে কিছু বিক্রি করে প্রায় ভিখারির দশায় পৌঁছেছিল।
আপঙ জাতীয় পানীয়ের স্থান লাভ করলেও তার মাত্রাধিক্য পরিবারে নামিয়ে আনা দুর্যোগ প্রতিটি গ্রামের অনেক মানুষই দেখেছিল, অভিজ্ঞতা লাভ করেছিল। অনেকে নেশাগ্রস্ত অবস্থায় কর্দমাক্ত পুকুরে পড়ে প্রায় অন্ধ হওয়া গরৈ মাছের অবস্থায় পৌঁছেছিল। কেবল নেশা পূরণ করার জন্যই যে নিজের আট দশ বছরের সন্তানকেও অন্যের বাড়িতে বন্ধক রাখতে পারে । খেমকরণও একমাত্র মেয়েকে কমলা বাড়ির কোনো একটি অফিসে কাজ করা একজন অভিযন্তার বাড়িতে কাজ করার জন্য কাজের মেয়ে হিসেবে রেখেছিল। বোন কাংকানকেও অন্যের খেতে কাজে লাগিয়ে নিজে কর্মহীন জীবনযাপন করছিল।
তরাবতীর দাদার কাছ থেকে কিছুক্ষণ আগে জেনে আসা কথাগুলি বুধিরামের সামনে তখনই পরিষ্কার হয়ে পড়েছিল, যখন সে খেমকরণের উঠোনে গিয়ে উপস্থিত হল। চাঙঘরের সামনে থাকা ধান ভানার ঢেঁকির কাছে উবুর হয়ে মদের নেশায় পড়ে থাকা খেমকরণ মুখ দিয়ে বিড়বিড় করে কীসব বলছে। পরনের কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা নেই।
দু’একবার তার নাম ধরে ডাকার পরেও তার হুঁশ ফিরে এল না। মুখে বিড়বিড় করা চলতেই থাকল। একবার টলমল পায়ে তার কাছে এসে জড়ানো কন্ঠে কী সব বলতে শুরু করল। মিসিং এবং অসমিয়া মিশ্রিত অস্পষ্ট কণ্ঠে বলা কথাগুলি বোঝা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু খেমকরণ বারবার এগিয়ে দেওয়া হাতটা এবং কুড়ি টাকা শব্দটি থেকে বুধিরাম কিছু একটা অনুমান করতে পেরেছিল। সেই অনুমান ঠিকই ছিল– কাংকান ওদের ক্ষেতে নিরানির কাজ করার মূল্য চেয়েছিল। তার কুড়ি টাকা চাই।
চাঙঘরে উঠা মৈ- টার ওপরের দিকে দাঁড়িয়ে মাথায় হাত রেখে স্থানুর মতো কাংকান দাঁড়িয়ে ছিল। হয়তো বুধিরাম তাদের বাড়িতে পৌঁছে যাবে সেটা কাংকান ভাবতেও পারেনি। আর তার প্রতি যে বুধিরামের মনে অন্য এক রকমের ভাব জেগেছে সেটাও সে জানতে পারেনি। তাই বুধিরামকে তাদের বাড়িতে দেখে সে রীতিমতো আশ্চর্য হয়েছিল।
চাঙঘরের নীচে খোঁয়াড়ে ঘোঁত ঘোঁত করতে থাকা শুয়োর গুলিকে তাড়িয়ে আনা কেউ একজন অন্য কাউকে গালিগালাজ করছিল। সেই গালিগালাজ থেকে বুধিরাম আন্দাজ করেছিল সেগুলি ছিল খেমকরণের উদ্দেশ্যে গালিগালাজ।গালি গালাজের মধ্যে দুই একটি ছিল কাংকানের উদ্দেশ্যে।বুধিরাম ঠিকই অনুমান করেছিল। বুধিরাম অনুমান করেছিল– ইনি খেমকরণের স্ত্রী হবেন।
ঢেঁকির কাছ থেকে উঠে তার কাছে আসা খেমকরণের হুঁস না ফেরায় শরীর স্থির হয়ে দাঁড়াতে না পেরে বারবার হেলে পড়ছিল।শুয়োর চরে বেড়ানো ,হাঁস থপথপ করে বেড়ানো গর্তে উবুড় হয়ে পড়া খেমকরণকে তুলে ধরার জন্য কেউ এগিয়ে এল না। বুধিরামও কোনো আগ্রহ দেখায়নি। দু-বারের মতো উঠার চেষ্টা করে পুনরায় তাতে পড়ে একটা শুয়োরের মতো শুয়ে পড়ে সে একবার কোনোভাবে উঠে দাঁড়াল এবং তুফানে হাওলা গাছের মতো ভারসাম্য হারিয়ে দুলতে লাগল। তার মুখে গালিগালাজের বিরাম ছিল না। কাংকান ছাড়া পাশের চাঙঘরের উঠোনে দাঁড়িয়ে থাকা মহিলাদের সামনে তাঁর লজ্জা লাগতে লাগল।
কাংকান দুদিন ধরে মাঠে না যাবার কারণ জিজ্ঞেস করার জন্য এসে পরিবেশটা দেখে তার অর্ধেক উত্তর সে পেয়ে গেছে বলে মনে হল। তথাপি স্থানু হয়ে থাকা কাংকানের মুখের দিকে তাকিয়ে পরেরদিন থেকে মাঠে আসার জন্য বলে সে ফিরে আসার জন্য এগিয়ে গেল। তখনই খেমকরণ তার পথ রোধ করে দাঁড়িয়ে বলল–’পয়সা দিয়ে যা। দুদিনের হাজিরা কুড়ি টাকা দিয়ে যা। মাগনা করেনি। কাজের দাম দিয়ে যা।’
এগিয়ে দেওয়া হাতটার স্থিরতা রাখতে না পেরে সে বুধিরামের গায়ে হেলান দিয়ে দাঁড়াল।ফটিকার টক গন্ধ এবং তার শরীরে লেগে থাকা নোংরা দুর্গন্ধ সহ্য করতে পারাটা বুধিরামের পক্ষে অসহ্য হয়ে উঠল। সে হঠাৎ সরে দাঁড়াল এবং ভারসাম্য রাখতে না পেরে খেমকরণ পুনরায় ধড়মড় করে মাটিতে গড়িয়ে পড়ল।
‘শালা ,আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। দাঁড়া তোকে দেখে নেব। বাপকে চিনিস নি। ভালো চাস তো পয়সা দিয়ে যা। ঐ তাকিয়ে কী দেখছিস, পয়সা দিয়ে যেতে বল। না দিয়ে গেলে তোর পিঠের চামড়া উঠিয়ে নেব।’শেষের বাক্য দুটি কাংকানের উদ্দেশ্যে। সম্ভাব্য নির্যাতনের কথা ভেবে বুধিরাম সঙ্গে থাকা দশ টাকার একটা নোট তার দিকে এগিয়ে দিয়ে বলল–’বাকিটা পরে। আর তোকে দিতে আসব না। কাংকানের কাছে দিয়ে দেব।’
অপ্রকৃতিস্থ অবস্থায় থাকলেও দশ টাকার নোটটা সে চিল পাখির মতো ছিনিয়ে নিল এবং দেহের ভারসাম্য বজায় রাখতে না পেরে পুনরায় হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল।
না, তার প্রতি বুধিরামের কোনো অনুকম্পা জাগেনি। একদিন বাঁকরডুবির তে- রাস্তায় খেমকরণের মৃতপ্রায় দেহটা তুলে ধরে একদল জিঘাংসু মানুষের হাত থেকে রক্ষা করার জন্য সে সচেষ্ট হয়েছিল, আজ তার সম্পূর্ণ বিপরীত ভাবটা বুধিরামের মনে দেখা দিল।
( চলবে )


