ভজ মন রাম চরণ

ভজ মন রাম চরণ

[ অযোধ্যাকান্ড – ১ ]

| ১৬ |

এক্ষণে রামের রথ ছুটে চলেছে গহিন অরণ্যের অভিমুখে। রথের পিছনে পিছনে ধাবমান অযোধ্যানগরীর এক বিপুল জনতা। সেই অযোধ্যাবাসীরা বারবার সমস্বরে হাহাকার করে বলে চলেছেন, ‘রাম! হে রাম! আপনি এভাবে অযোধ্যা ত্যাগ করবেন না। অযোধ্যা আপনার জন্মভূমি। আপনি অযোধ্যায় ফিরে চলুন। অযোধ্যা আপনারই নিলয়। হে রাম, অযোধ্যায় ফিরে চলুন।’

রাম ক্রমশ অস্থির হয়ে উঠতে থাকেন। অযোধ্যাবাসীদের এমন আকুল আবেদন, নিবেদন, অনুরোধ ও উপরোধ তিনি যেন আর সহ্য করে উঠতে পারছেন না। এভাবে চলতে থাকলে পিতৃসত্য পালনে যে অনিবার্য ব্যাঘাত ঘটবে! তিনি মহামন্ত্রী সুমন্ত্রকে রথের গতি সংবরণ করতে অনুরোধ করে বললেন, ‘সুমন্ত্র, আপনি রথ থামান। এক্ষণে এঁদের সকলকে নিবৃত্ত করা একান্ত প্রয়োজন।’

সুমন্ত্র রথের গতি সংবরণ করলেন। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে রামের দিকে তাকিয়ে দেখলেন, যেন সমগ্র অযোধ্যাই নগর ছেড়ে এসে এই পথের উপর দাঁড়িয়ে পড়েছে। এ এক অভূতপূর্ব দৃশ্য!

রামের অনুরক্ত অযোধ্যাবাসীরা, যাঁরা এতক্ষণ তাঁর রথের পিছনে ছুটে আসছিলেন, রথ থামতে দেখে আনন্দিত হলেন। রাম তাঁদের অনুরোধেই রথের গতি সংবরণ করেছেন—এই ভেবে তাঁরা উৎসাহিত হয়ে উঠলেন।

রাম এবার সকলকে নিবৃত্ত করার উদ্দেশ্যে রথ থেকে নেমে দাঁড়ালেন। ক্ষুব্ধ প্রজারা যদি এভাবে তাঁর সঙ্গে রাজধানী ছেড়ে তাঁকে অনুসরণ করতে থাকেন, তবে পিতৃসত্য রক্ষা করাই তো একপ্রকার প্রহসনে পরিণত হবে! তদুপরি রাজ্যের কল্যাণ-অকল্যাণ, সমস্ত দায়ভারই তো শেষ পর্যন্ত রাজার উপর বর্তায়। প্রজাদের সুখ-দুঃখের প্রতি দৃষ্টি রাখাও রাজার কর্তব্য।

রামকে রথ থেকে নেমে আসতে দেখে অযোধ্যাবাসীরাও দাঁড়িয়ে পড়লেন। তাঁরা ভাবলেন, তাঁদের আকুল অনুরোধেই বুঝি রাম রথ থামিয়েছেন। তবে কি রাম তাঁদের সঙ্গে অযোধ্যায় ফিরে যাবেন?

‘রাম! রাম! অযোধ্যা নিলয়ানাম!’

সকলের কণ্ঠে আবারও ধ্বনিত হলো সেই আকুল আহ্বান। রামকে রথ থেকে নেমে তাঁদের কাছে আসতে দেখে তাঁরা আবেগে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তাঁদের আনন্দ যেন আর বাঁধ মানে না। রামকে কাছে পাওয়ার এই আনন্দ তাঁদের হৃদয়ের স্বাভাবিক বহিঃপ্রকাশ। তাঁরা রামকে এতটাই ভালোবাসেন যে, তাঁর সামান্য সান্নিধ্যও তাঁদের কাছে পরম প্রাপ্তি।

রাম সকলের দিকে হাতজোড় করে বললেন, ‘আমার প্রিয় অযোধ্যাবাসীগণ, আমার অনুরোধ, এবার আপনারা সকলে অযোধ্যায় ফিরে যান। আমাকে পিতৃসত্য পালনের জন্য একাকী বনগমন করতে দিন। এভাবে আপনারা সকলে আমাকে আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতে চাইলে আমি যে মনে মনে অত্যন্ত দুর্বল হয়ে পড়ব। আপনারা যদি এভাবে আমার সঙ্গে চলতে থাকেন, তবে আমি কী করে আমার পিতৃসত্য পালন করব?’

এবার সকল প্রজার প্রতিনিধি হয়ে একজন সমর্থ ব্যক্তি বনবাসী রামের সামনে হাতজোড় করে বলে উঠলেন,

‘হে দশরথনন্দন রাম, আপনি কেন আমাদের সঙ্গে অযোধ্যায় ফিরে চলুন না? আপনি অযোধ্যার রাজা হোন। আমরা কৈকেয়ীকে এবং ভরতকে রাজ্যছাড়া করব। আমরা সকলে বিদ্রোহ করব। আপনি এই অন্যায় মেনে নেবেন না—এই আমাদের একান্ত অনুরোধ।’

রাম অযোধ্যাবাসীদের এই অনুনয়কে অসম্মান করতে পারলেন না। তাঁদের আবেগ তাঁকেও বিচলিত করে তুলল। কিন্তু আজ তিনি পিতৃসত্য পালনের সংকল্প নিয়ে বনবাসী হয়েছেন। অতএব অযোধ্যায় ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আসলে এ সমস্তই তাঁর প্রতি প্রজাদের অপরিমেয় ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ।

রাম তাই সকল অযোধ্যাবাসীকে সম্বোধন করে বলে উঠলেন,

‘আমার প্রিয় প্রজাগণ, অযোধ্যার সিংহাসন আমি কারও হাতে তুলে দিতে পারি না। আমার ভ্রাতা ভরতও স্বেচ্ছায় তা অধিকার করতে পারে না। অযোধ্যার রাজসিংহাসনের অধিকার রঘুকুলের ঐতিহ্য ও রাজধর্মের সঙ্গে সম্পৃক্ত। অযোধ্যা আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয়। আমার পিতা মহারাজ দশরথ যাঁর মস্তকে রাজমুকুট তুলে দেবেন, যাঁকে সিংহাসনে বসার আদেশ করবেন, তিনিই সিংহাসনের অধিকারী হবেন। রঘুকুলের রাজসিংহাসন নিয়ে কোনো প্রশ্ন উঠলে তার মীমাংসা করার অধিকারও রঘুবংশীয়দেরই। রাজা যদি একবার কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা তাঁর অবশ্যকর্তব্য। সেই কথা রাখতে না পারা অত্যন্ত অন্যায়।’

রাম এইবার কিঞ্চিৎ বিরতি নিয়ে আবার বলতে থাকেন,

‘আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি। মাতা কৈকেয়ীর অনুরোধ অগ্রাহ্য করাও অন্যায় হবে। রাজা দশরথ আমার বিমাতাকে দুটি বর দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। একদা তাঁর বিপদের সময় মাতা কৈকেয়ী তাঁকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা করেছিলেন। সেই কারণেই রাজা তাঁকে দুটি বর দিতে অঙ্গীকার করেছিলেন। অতএব মাতা কৈকেয়ীকে এ জন্য দোষারোপ করা অনুচিত। হয়তো এই পরিস্থিতি আমাদের কারও কাম্য ছিল না। কিন্তু আজ যখন সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্ন এসে পড়েছে, তখন ভরত, আমার ভ্রাতা, সে রাজা হলেও আপনাদের কখনো অসুখী রাখবে না। সে ধর্মপরায়ণ, প্রজানুরক্ত এবং রাজ্য পরিচালনায় অভিজ্ঞ। সে আপনাদের সুখে রাখবে। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, তার চেয়েও বেশি ভালোবাসবেন আমার ভ্রাতা ভরতকে। আপনাদের কাছে এই আমার দাবি।’

সকলেই নীরব হয়ে গেলেন। কারও মুখে আর কোনো কথা সরল না।

রাম বলে চললেন, ‘আপনারা জানবেন, ভরত বয়সে নবীন হলেও জ্ঞান ও বিবেচনায় সে অত্যন্ত পরিণত। রাজোচিত সমস্ত মহৎ গুণ তার মধ্যে বিদ্যমান। সে হৃদয়বান। আমার বিশ্বাস, আপনাদের যথাযোগ্য মর্যাদা দিয়ে সে রাজ্য পরিচালনা করবে। আমি নিশ্চিত, ভরত যুবরাজ হওয়ার সম্পূর্ণ যোগ্য। সে আপনাদের হিতসাধন করবে। আমার প্রতি যদি আপনাদের সত্যিই প্রীতি থাকে, তবে আমার অনুরোধ, আপনারা সকলে এখন অযোধ্যায় ফিরে যান।’

প্রজাগণ নীরব। রামের মুখের দিকে তাকিয়ে তাঁরা তাঁর প্রতিটি কথা শুনে চলেছেন।

রাম আবার বললেন, ‘আমার প্রিয় অযোধ্যাবাসীগণ, আমি পিতার সত্যপালনে অঙ্গীকারবদ্ধ। সেই কারণেই আমার এই বনবাসযাত্রা। আমার স্ত্রী সীতা স্বেচ্ছায় আমার অনুগামিনী হয়েছেন। আমার প্রিয় ভ্রাতা লক্ষ্মণও আমার সঙ্গে বনগমন করছেন। আপনারা সকলেই এই আকস্মিক ঘটনায় ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়েছেন। আপনাদের এই ক্ষোভ স্বাভাবিক। আপনারা আমাকে রাজা হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু আপনাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হলো না বলেই আপনারা আজ এতটা মর্মাহত।’

এইবার সকলে আবেগের সঙ্গে বলে উঠলেন, ‘আমরা রামকে রাজা হিসেবে দেখতে চেয়েছিলাম। রাম, আপনিই আমাদের রাজা হোন। আপনি অযোধ্যায় থাকুন।’

রাম পরম শ্রদ্ধার সঙ্গে সকলকে বললেন, ‘আপনারা রামকে রাজা হিসেবে দেখতে চেয়েছিলেন। তা হয়নি বলেই আপনাদের ক্ষোভ উথলে উঠেছে। আপনারা মর্মাহত হয়েছেন। আমি আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আমার ভ্রাতা ভরতকে সহযোগিতা ও শ্রদ্ধা করবেন। আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তাকেও সেই ভালোবাসায় আপন করে নেবেন।’

সকলেই আবার বলে উঠলেন, ‘রাম, আমরা কিছুতেই আপনার বনবাস মেনে নিতে পারছি না।’

রাম হাতজোড় করে বললেন, ‘হে আমার প্রিয় অযোধ্যাবাসীগণ, আমাকে পিতৃসত্য পালন করতে দিন। চৌদ্দটি বছর কেটে যাবে। আমি চৌদ্দ বছর পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। তখন আমার সমস্ত শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আপনাদের সকলের দায়িত্ব গ্রহণ করব।’

রাম সসম্মানে তাঁদের উদ্দেশে আবার বললেন, ‘আপনারা আমাকে যে প্রীতি ও সম্মান প্রদর্শন করেছেন, আমার ভ্রাতা ভরতকে তার চেয়েও অধিক প্রীতি ও সম্মান দেবেন—এই আমার একান্ত অনুরোধ। ভরত জ্ঞান ও বিবেচনায় পরিণত। সে আপনাদের প্রিয় ও হিতকর কাজই করবে। রাজোচিত গুণাবলিতে সে আমার চেয়ে কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই অধিক যোগ্য। আমার অনুরোধ, আপনারা এবার সকলে অযোধ্যায় ফিরে যান।’

কিন্তু অযোধ্যাবাসীদের মধ্যে অযোধ্যায় ফিরে যাওয়ার কোনো আগ্রহ বা চঞ্চলতা দেখা গেল না। তাঁদের ভাবভঙ্গিতে স্পষ্ট, তাঁরা যেন ‘পাদমেকং ন গচ্ছামি’—এক পা-ও নড়ব না—এই সংকল্প নিয়ে পথের উপর বসে রয়েছেন।

এক্ষণে যে সকল বয়োবৃদ্ধ ব্রাহ্মণ রামের অনুগমন করেছিলেন, তাঁরা বার্ধক্যজনিত দুর্বলতায় কম্পিত মস্তকে দূর থেকে বলতে থাকলেন, ‘রাম, তুমি ব্রাহ্মণদের হিতকারী। সেই কারণেই আমরা তোমাকে অনুসরণ করছি। কিন্তু তোমার দ্রুতগামী রথের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো শারীরিক সামর্থ্য আমাদের নেই। আমরা তোমার সঙ্গে চলতে অক্ষম।’

বৃদ্ধ ব্রাহ্মণদের এই আর্তবাক্য শুনে রাম বললেন, ‘হে আমার মাননীয় গুরুজনগণ, আপনারা সকলে যে অশেষ কষ্ট স্বীকার করে, আমাকে ভালোবেসে, আমার সঙ্গে এতটা পথ অতিক্রম করেছেন, তাতে আমি সত্যিই গর্বিত ও আপ্লুত। এবার আপনাদের সঙ্গে আমিও পদব্রজে তমসা নদী পর্যন্ত চলি।’

সকলে আনন্দধ্বনি করে উঠলেন। রাম তাঁদের সঙ্গে একসঙ্গে পদব্রজে চলবেন—এ তাঁদের কাছে অকল্পনীয়। রাজকুমার রাম তাঁদের সঙ্গে হাঁটছেন, তাঁদের সুখ-দুঃখের অংশীদার হচ্ছেন—এ যেন কল্পনাতীত এক আনন্দ। সেই আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যায় না। রাজপুত্র হয়েও রাম সাধারণ মানুষের সঙ্গে এমন সহজে মিশে যেতে পারেন! তাঁর মধ্যে কোনো অভিমান নেই, কোনো অহংকার নেই। তিনি সকলের দুঃখে দুঃখী, সকলের সুখে সুখী। তিনি সত্যিই সকলের সমব্যথী।

এইবার রাম, লক্ষ্মণ ও সীতা পদব্রজে অযোধ্যাবাসীদের সঙ্গে নিয়ে এগিয়ে চললেন। চলতে চলতে তাঁরা এসে পৌঁছলেন তমসা নদীর তীরে।

অবশেষে এই রমণীয় তমসাতীরেই বনবাসের প্রথম রাত্রি অতিবাহিত করার সিদ্ধান্ত হলো। সেদিন সকলেই এই নদীতীরে বিশ্রাম নেবেন।

রাম, সীতা ও লক্ষ্মণকে ঘিরে অযোধ্যাবাসীরা চারদিকে বসে পড়লেন। তাঁদের ফিরে যাওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। তাঁদের মতিগতি দেখে মনে হলো, তাঁরা রামকে ঘিরেই থাকবেন। তাঁরা সকলে রামের সঙ্গেই এই বনবাসের প্রথম রাত্রি কাটাতে চান। অরণ্যের এই নতুন আবাসেও তাঁরা রামের সান্নিধ্য ছেড়ে যেতে রাজি নন।

সুমন্ত্র এবার রথের ঘোড়াগুলিকে বল্গামুক্ত করে দিলেন। তাদের জল পান করালেন, গাত্র মার্জন করিয়ে স্নান করালেন এবং তমসার তীরে ঘাসের উপর চরতে ছেড়ে দিলেন।

অযোধ্যাবাসীরাও তমসার জলে স্নান সেরে নিলেন। তারপর সেই স্থানেই রাত্রিবাসের আয়োজন করতে লাগলেন।

ক্রমে সন্ধ্যা নেমে এল সেই বিজন অরণ্যে। পাখিরা নীড়ে ফিরে এসে সে কী ভীষণ কলরব শুরু করেছে! যেন রামকে এত কাছে পেয়ে তারাও আনন্দিত হয়ে উঠেছে। দূরে ও কাছে মৃগগণ ডাকাডাকি করে চলেছে। তাদেরও বুঝি কোনো আপনজনের সান্নিধ্য আনন্দিত করে তুলেছে। কিন্তু তারা কাছে আসতে পারছে না।

লক্ষ্মণ অনেক ফলমূল সংগ্রহ করে আনলেন রাত্রির আহারের জন্য। তারপর সর্বদা তৎপর অনুজ লক্ষ্মণ তাঁর অগ্রজ রাম ও বধূমাতা সীতার জন্য পর্ণশয্যা প্রস্তুত করে দিলেন।

সন্ধ্যাবন্দনা সেরে বনবাসের প্রথম রাত্রিতে সকলে ফলমূল আহার করলেন। এরপর সেই পর্ণশয্যার পাশে বসে রাম, সীতা, লক্ষ্মণ ও সুমন্ত্র অযোধ্যার স্মৃতিচারণ করতে লাগলেন।

রাম বললেন, ‘অযোধ্যার স্ত্রী-পুরুষেরা আমাদের জন্য বিলাপ করছেন। পিতা ও মাতার কথা ভেবে আমার বড় শোক হচ্ছে। তাঁরা হয়তো কাঁদতে কাঁদতে একদিন দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলবেন।’

সুমন্ত্র বললেন, ‘মহারাজ দশরথ অত্যন্ত মর্মাহত হয়েছেন। আপনার এই বনগমনের সংবাদে তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন।’

রাম বললেন, ‘ধর্মাত্মা ভরত অযোধ্যায় ফিরে এলে নিশ্চয়ই পিতা ও মাতাকে আশ্বস্ত করবে। সেই আমার একমাত্র সান্ত্বনা।’

এইবার রাম সুমন্ত্রকে বললেন, ‘লক্ষ্মণ আমার সঙ্গে এসে ভালোই করেছেন। নচেৎ বৈদেহী সীতার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আমাকে যথেষ্ট বিব্রত হতে হতো।’

সুমন্ত্র রামের কথায় সম্মতি জানিয়ে বললেন, ‘যথার্থই বলেছেন। যথা রাম, তথা লক্ষ্মণ!’

কিছুক্ষণ নীরব থেকে সুমন্ত্র আবার বললেন, ‘কিন্তু রাম, এই অযোধ্যাবাসীরা যতক্ষণ অযোধ্যায় প্রত্যাবর্তন না করছেন, ততক্ষণ আপনি বনবাসের পথে অগ্রসর হবেন কী করে?’

রাম বললেন, ‘মহামন্ত্রী, অযোধ্যাবাসীরা যে আমাকে এত ভালোবাসেন, তাতে আমি সত্যিই আপ্লুত। এঁরা সকলেই আমাদের পরম আত্মীয়সম। আজকের রাত্রিটি এঁদের সঙ্গে এই তমসাতীরেই অতিবাহিত করি। আগামীকাল প্রভাতে আবার এঁদের অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করব।’

অতঃপর জনবহুল তমসাতীরে রাম সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যার প্রজাবৃন্দের সঙ্গে সেই রাত্রি অতিবাহিত করলেন।

রাম ও সীতা নিদ্রিত হলে লক্ষ্মণ রাত্রিকালে জেগে রইলেন। তিনি সুমন্ত্রকে রামের বিবিধ গুণের কথা বলতে লাগলেন। একসময় সুমন্ত্রও নিদ্রিত হলেন। কিন্তু লক্ষ্মণ জাগ্রত রইলেন সতর্ক প্রহরীর মতো। অগ্রজ রামের সেবা করবেন বলেই তো তিনি স্বেচ্ছায় এই বনবাসের দুঃখকে বরণ করে নিয়েছেন।

এই নিস্তব্ধ রাত্রিতে লক্ষ্মণের মনের মধ্যে শুকতারার মতো জেগে রইলেন ঊর্মিলা।

ঊর্মিলা! তুমি কত মহান! স্বামীর সঙ্গে বনবাসে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি অযোধ্যায় থেকে গেলে। তোমার এই ত্যাগের কথা কি কেউ মনে রাখবে? চৌদ্দ বছর পরে আবার আমাদের মিলন হবে। সেই প্রত্যাশাতেই তুমি অপেক্ষা কোরো।

রাত্রির শেষ প্রহর। তখনও চারদিকে অন্ধকার। কিন্তু কোথায় কোন ফুলশাখায় একটি বুলবুলি ডেকে উঠল—

‘টিউ, টিউ, টিউ!’

চরাচরে ছড়িয়ে পড়ল সেই মধুর সুর। বৃক্ষশাখায় শাখায় একে একে পাখিদের ঘুম ভাঙতে শুরু করল। আকাশপটে প্রভাতের প্রথম রঙের আভাস পেয়ে পক্ষীকুলও এবার ডেকে উঠল। অরণ্যের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠল প্রকৃতি।

এ যে ব্রাহ্মমুহূর্ত !

| ১৭ |

তমসার তীরে তখনও রাত ভোর হয়নি। আকাশে নক্ষত্রের প্রভা তখনও দৃশ্যমান। নদীর জলে রাত্রির ছায়া। পূর্বাকাশে অতি মৃদু আলোর আভাস ফুটে উঠছে। শেষ রাতের শীতল মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে। এই তো ব্রাহ্মমুহূর্ত।

আর সেই ব্রাহ্মমুহূর্তে, যখন পৃথিবীর সমস্ত মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন, দশরথনন্দন রাম জেগে উঠলেন। সীতাও শয্যা ত্যাগ করলেন। তাঁদের যেতে হবে এক দূর, অজানা পথে। সেই পথের দুঃখ-কষ্ট কোথায়, কেমন—তা কে জানে!

একদা ঋষি বিশ্বামিত্রের সঙ্গে সিদ্ধাশ্রমে যাওয়ার সময় রাম চলার পথের বাঁকে বাঁকে কত অদৃষ্টপূর্ব ঘটনার সম্মুখীন হয়েছিলেন! সেই অভিজ্ঞতাই আজ তাঁকে ভোর হতে না হতেই নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য উন্মুখ করে তুলল।

রাম স্মরণ করলেন সেই দিনটির কথা, যখন মুনি বিশ্বামিত্র দুই ভাইকে শয্যা থেকে জাগিয়ে বলেছিলেন, ‘রাম, লক্ষ্মণ, ওঠো। সকলে ভোরে যাত্রা শুরু করলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে। নচেৎ বেলা বাড়লে প্রখর সূর্যতাপে পথ চলা দুঃসাধ্য হয়ে পড়বে।’

রাম মনে মনে বললেন, ‘এই তো সেই সময়। এখন সকল অযোধ্যাবাসী পরম নিশ্চিন্তে আশপাশে গভীর নিদ্রায় আচ্ছন্ন। এই শুভক্ষণেই আমাদের এই মায়ার বন্ধন ত্যাগ করে বেরিয়ে পড়া উচিত।’

এরপর রাম লক্ষ্মণকে বললেন, ‘লক্ষ্মণ, দেখো, এঁরা গৃহত্যাগ করে এসে আমাদের উপর নির্ভর করে বৃক্ষতলে কী নিশ্চিন্তে নিদ্রিত রয়েছেন! এঁরা হয়তো প্রাণত্যাগ করবেন, তবুও আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ছাড়বেন না। আমার মনে হয়, এঁদের নিদ্রাভঙ্গের পূর্বেই আমাদের দ্রুত রথে আরোহণ করে অন্যত্র চলে যাওয়া উচিত। আমাদের আর এখানে দেখতে না পেয়ে অবশেষে এঁরা অযোধ্যায় ফিরে যাবেন।’

মহামন্ত্রী সুমন্ত্র রামের এমন বিচক্ষণ পরামর্শে চমৎকৃত হলেন। তিনি অবিলম্বে রথ প্রস্তুত করার ব্যবস্থা করলেন।

পুরবাসীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে রাম এবার সুমন্ত্রকে বললেন, ‘সুমন্ত্র, আমরা আপাতত পদব্রজে অগ্রসর হচ্ছি। আপনি রথ নিয়ে উত্তর দিকে কিছুদূর গিয়ে আবার ফিরে আসবেন। এঁরা যেন আমাদের প্রকৃত গন্তব্যের দিশা বুঝতে না পারেন।’

সুমন্ত্র তাই করলেন। তিনি রথ নিয়ে উত্তর দিকে কিছুদূর এগিয়ে আবার ফিরে এলেন। রথের চাকার দাগ দেখে যেন কেউ প্রকৃত গতিপথ নির্ণয় করতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই কৌশল। ফলে রথ কোন পথে অগ্রসর হয়েছে, তা অনুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়ল।

সুমন্ত্র রথ নিয়ে ফিরে এলে রাম, সীতা ও লক্ষ্মণ পুনরায় রথে আরোহণ করলেন। শুভযাত্রার প্রথা অনুসারে প্রথমে রথ উত্তরমুখী করে কিছুক্ষণ এগিয়ে নিয়ে যাওয়া হলো। তারপর রথের অভিমুখ ঘুরিয়ে বনপথে যাত্রা শুরু হলো।

তখন সদ্য আলো ফুটেছে। নতুন ভোরের কোমল আলোয় অরণ্য জেগে উঠছে। গাছে গাছে পাখির ডাক। রথের চাকা ঘর্ঘর শব্দ তুলে নতুন পথের দিকে ছুটে চলল। নিদ্রিত অযোধ্যাবাসীরা জানতেও পারলেন না, তাঁদের প্রিয় রাম তাঁদের অগোচরে বনবাসের পথে অনেক দূর এগিয়ে গেছেন।

প্রভাতকালে ঘুম ভাঙার পর অযোধ্যাবাসীরা রামকে কোথাও দেখতে না পেয়ে দুঃখে অভিভূত হয়ে পড়লেন।

‘হায় হায়! আমরা কেন এমন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম! ধিক আমাদের! আমরা রামকে ধরে রাখতে পারলাম না। রাম আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন!’

এই বলে তাঁরা কাঁদতে কাঁদতে রথের চিহ্ন খুঁজতে খুঁজতে বহুদূর এগিয়ে গেলেন। কিন্তু রথ কোন পথে চলে গেছে, তার কোনো হদিসই পেলেন না। অগত্যা তাঁরা সকলেই নিতান্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে অযোধ্যার অভিমুখে ফিরে চললেন।

…

সকাল হয়ে গেছে। উত্তর কোশলের পথ ধরে রামের রথ ঘর্ঘর শব্দে ছুটে চলেছে। পথের দুপাশে কত গ্রাম, কত বন, কত উপবন, কত লোকালয়, কত চাষের ক্ষেত! সকালের উজ্জ্বল আলোয় ছায়াঘেরা পাখিডাকা গ্রামের পথ দিয়ে যেতে যেতে রামের মন উদাস হয়ে ওঠে।

মাঠে গরু চরছে। চাষিরা জমিতে চাষ করছেন। গ্রামের মানুষ নিজেদের মধ্যে নানা কথা বলাবলি করছেন। তাঁদের কথার কিছু কিছু রামের কানে ভেসে আসছে।

কেউ বলছেন, ‘ধিক, ধিক রাজা দশরথকে! এমন করে কে নিজের পুত্রকে বনবাসে পাঠায়?’

আর কেউ বলছেন, ‘ততোধিক ধিক রানি কৈকেয়ীকে! তাঁর মতো পাপিষ্ঠা আর কোথাও নেই। এমন নিষ্ঠুর ও অধর্মের কাজ কোনো মানুষ করতে পারে?’

রথের চাকার ঘর্ঘর শব্দ এবং ঘোড়ার খুরের আওয়াজে সমস্ত কথাই স্পষ্ট শোনা গেল না। তবু মানুষের এই ক্ষোভ ও অভিমানের কিছুটা রামের কানে পৌঁছল।

রথে যেতে যেতে তাঁরা বেদশ্রুতি ও গোমতী নদী অতিক্রম করলেন। সমৃদ্ধ জনপদের মধ্য দিয়ে রথ ছুটে চলেছে।

রাম সীতাকে দেখিয়ে বললেন, ‘সীতা, এই যে বিশাল জনপদখানি দেখছ, এই জনপদ একসময় আমাদের পূর্বপুরুষ ইক্ষ্বাকুকে সম্রাট মনু দান করেছিলেন। ধনধান্যে পরিপূর্ণ এই দেশ। এখানকার মানুষ বিত্তবান, দানশীল ও স্বাস্থ্যবান। কোনো অমঙ্গল, কোনো ভয় যেন এখানে প্রবেশ করতে পারে না। চারদিকে সুজলা-সুফলা শস্যক্ষেত্র, দুগ্ধবতী ধেনুর বিচরণ। রমণীয় চৈত্য, যূপ ও উদ্যানের শোভায় এই দেশ পরিপূর্ণ। এখানকার বাতাসে সর্বদা বেদমন্ত্রের ধ্বনি প্রতিধ্বনিত হয়। এই অযোধ্যা, এই কোশল আমাকে মাতৃস্নেহের মতো আকর্ষণ করে।’

রাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আনমনা হয়ে আবার বলে উঠলেন, ‘জানি না, আবার কবে এখানে ফিরে আসব। আবার কবে এই সরযূর পুষ্পিত কাননে বিহার করতে পারব!’

রামের কণ্ঠে বিষাদের সুর ফুটে উঠল।

সুমন্ত্র কোনো কথা বললেন না। হয়তো রামের মনের ব্যথা অনুমান করতে পেরেছিলেন। তিনি ঘোড়াদের লাগাম টেনে ধরে রথটিকে পথের উপর থামিয়ে দিলেন।

দিগন্তবিস্তৃত ধরিত্রী। চারদিকে উন্মুক্ত প্রান্তর। নয়নাভিরাম সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইলেন রাম। এবার তাঁরা কোশল রাজ্যের সীমানা অতিক্রম করে এসেছেন।

রাম রথ থেকে নেমে অযোধ্যার অভিমুখে কৃতাঞ্জলি হয়ে দাঁড়ালেন। মাতৃভূমির কাছে শেষ বিদায় প্রার্থনা করলেন।

‘বিদায়, অযোধ্যা! সূর্যবংশের দ্বারা সেবিত, নগরশ্রেষ্ঠ, পুণ্যভূমি, আমার জন্মভূমি অযোধ্যা—তোমাকে বিদায় জানাই। তোমাকে অধিষ্ঠান করে যেসব দেবতা বিরাজ করছেন, তাঁদের কাছেও আমার বিদায়। বনবাসের ঋণ থেকে মুক্ত হয়ে ফিরে এসে আবার যেন তোমাকে দেখতে পাই। আবার যেন তোমার পবিত্র মাটিতে পা রাখতে পারি।’

বৈদেহী সীতাও অশ্রুসজল কণ্ঠে বললেন, ‘বিদায়, অযোধ্যা! তোমার ভূমিপুত্র রাম বনবাস শেষ করে আবার তোমার মাটিতে ফিরে আসবেন। তিনি আবার তোমার সেবা করবেন। আমিও তোমায় প্রণাম জানাই।’

লক্ষ্মণ মনে মনে শুধু বললেন, ‘বিদায়, ঊর্মিলা! তুমি ভালো থেকো। তুমি আমার অন্তরে শুকতারার মতো জেগে থেকো।’

এদিকে জনপদবাসীরা রামকে চিনতে পেরে দলে দলে এসে ভিড় করে দাঁড়ালেন। এ যে তাঁদের প্রিয় রামচন্দ্র! তাঁদেরই গ্রামের পথ দিয়ে তিনি চিরকালের মতো চলে যাচ্ছেন। এই দৃশ্য দেখে তাঁদের বুক ফেটে যায়। তাঁরা সকলে করুণ চোখে, আর্ত মিনতি নিয়ে তাঁর দিকে তাকিয়ে রইলেন। মুখ ম্লান, দৃষ্টি ব্যথাতুর।

তাঁরা শুধু উচ্চারণ করলেন, ‘রাম! অযোধ্যার যুবরাজ রাম! আপনি আমাদের ছেড়ে চলে যাবেন?’

রাম সস্নেহে তাঁদের দিকে হাত তুলে বললেন, ‘আমার প্রিয় অনুরাগীগণ, আপনারা মনে কোনো দুঃখ রাখবেন না। আমাকে আমার পিতৃসত্য পালন করতে দিন। এই সময় আর আমাকে পিছু ডাকবেন না। আপনারা এখন আপন আপন কাজে ফিরে যান। আপনাদের আশীর্বাদ ও সম্মান আমি মাথা পেতে গ্রহণ করলাম।’

সকলে নির্বাক হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলেন।

রাম এবার রথে উঠে বসলেন এবং সুমন্ত্রকে বললেন, ‘সুমন্ত্র, চলুন। এবার আমাদের পথে এগিয়ে যাওয়া যাক।’

সুমন্ত্র লাগামে টান দিলেন। রথ আরও দ্রুতগতিতে বনবাসের পথে ছুটে চলল।

তমসা নদী অতিক্রম করে রামের রথ বহুদূর পথ অতিক্রম করল। ক্রমে তাঁরা এসে উপস্থিত হলেন এক নতুন জনপদে। এ দেশ নিষাদরাজ গুহকের রাজ্য। এই স্থানের নাম শৃঙ্গবেরপুর।

কোশল রাজ্যের সীমানা অতিক্রম করে তাঁরা গোমতী ও সান্দীকা নদী পার হয়েছেন। এবার গঙ্গার তীরবর্তী এই জনপদে এসে রাম সুমন্ত্রকে রথ থামানোর নির্দেশ দিলেন।

এই শৃঙ্গবেরপুরে তিনি একবার পিতার সঙ্গে এসেছিলেন। গঙ্গার উত্তর তীরে অবস্থিত এই জনপদটি প্রাচীনকাল থেকেই নিষাদরাজের অধীন। এখানকার নদীপথ ও জলপথের উপর নিষাদদের বিশেষ কর্তৃত্ব।

রামের রথ এবার গঙ্গার তীরবর্তী প্রদেশে এসে উপস্থিত হলো। সেই অঞ্চলে ঋষিদের আশ্রম রয়েছে। রয়েছে মনোরম উদ্যান এবং বৃহৎ বৃহৎ জলাশয়ও। সেই বিশাল জলাশয়ের সৌন্দর্য অপূর্ব। প্রাচীন জনশ্রুতি অনুসারে, দেবতা, দানব, গন্ধর্ব ও কিন্নরগণও এখানে ক্রীড়া করতে আসেন।

সারস ও ক্রৌঞ্চপাখির কলতানে মুখরিত গঙ্গার তীরবর্তী শৃঙ্গবেরপুরে এসে রাম সুমন্ত্রকে বললেন, ‘নদীর অদূরে ওই যে বিশাল ইঙ্গুদি বৃক্ষটি দেখতে পাচ্ছেন, ওই গাছের নিচেই আজ আমরা বিশ্রাম করব, সুমন্ত্র।’

সুমন্ত্র রামের নির্দেশমতো সেই ইঙ্গুদি বৃক্ষের নিচে রথ থামালেন। রাম, সীতা ও লক্ষ্মণ রথ থেকে অবতরণ করলেন। সুমন্ত্রও রথ থেকে নেমে ঘোড়া দুটিকে রজ্জুমুক্ত করে দিলেন।

অমনি কাছেপিঠে বড় বড় দামামা বেজে উঠল।

ডাম! ডাম! ডাম!

এ কী! কেন এই বাদ্যধ্বনি? কিসের এই ঘোষণা? রাজ্যের মধ্যে কি কোনো অনধিকার প্রবেশ ঘটেছে?

দুজন রক্ষী এগিয়ে এলেন। তাঁরা কিছু জিজ্ঞাসা করার আগেই অযোধ্যার রাজরথ এবং রাজপুত্র রামকে চিনতে পারলেন। আরে, এ যে রাজা গুহকের পরম মিত্র মহারাজ দশরথের পুত্র রাম!

অমনি তাঁরা রামের পায়ের কাছে নত হয়ে প্রণাম করলেন।

‘আসুন, আসুন, রাম! কী সৌভাগ্য আমাদের! আপনি আমাদের রাজ্যে এসেছেন! আমরা এখনই আমাদের রাজাকে সংবাদ দিচ্ছি।’

তাঁরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। একজন আরেকজনকে বলতে লাগলেন, ‘গুহক রাজ! গুহক রাজ! দেখুন, কে এসেছেন! রাম এসেছেন! রাম এসেছেন!’

মুহূর্তের মধ্যে চতুর্দিকে আনন্দের সংবাদ ছড়িয়ে পড়ল—

‘রাম এসেছেন! রাম এসেছেন!’

শৃঙ্গবেরপুরের এই নিষাদরাজ্য গঙ্গার তীরবর্তী এক গুরুত্বপূর্ণ জনপদ। উত্তরে ও পশ্চিমে বিস্তৃত নানা জনপদের সঙ্গে এর যোগাযোগ। নদীপথে যাতায়াত ও বাণিজ্যের ক্ষেত্রে নিষাদদের ছিল বিশেষ দক্ষতা ও কর্তৃত্ব। নৌচালনা ও জলপথের উপর তাদের একচ্ছত্র প্রভাব ছিল। তারা বলবান, সাহসী এবং দুর্ধর্ষ যোদ্ধা হিসেবেও পরিচিত।

এই নিষাদরাজ্যের অধিপতি রাজা গুহক। রামচন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল রাজকীয় মিত্রতার নয়, গভীর হৃদ্যতার। গুহক রামের প্রাণপ্রিয় সখা। তিনি রামকে অত্যন্ত ভালোবাসেন ও শ্রদ্ধা করেন।

| ১৮ |

শৃঙ্গবেরপুর — নিষাদরাজ গুহকের দেশে

রামের আগমনের সংবাদ নিষাদরাজ গুহকের কাছে পৌঁছতেই তিনি অত্যন্ত ব্যস্ত ও চঞ্চল হয়ে উঠলেন। রামচন্দ্র এসেছেন! তিনি গঙ্গার তীরে ইঙ্গুদি বৃক্ষের নিচে অবস্থান করছেন! এই সংবাদ শুনে নিষাদরাজ আর এক মুহূর্তও অপেক্ষা করতে পারলেন না। মন্ত্রী, অমাত্য ও অনুচরবর্গকে সঙ্গে নিয়ে তিনি রামকে অভ্যর্থনা করতে ছুটে গেলেন। সঙ্গে নিয়ে চললেন নানা উপঢৌকন ও আতিথেয়তার সামগ্রী।

দ্রুত প্রস্তুত হয়ে গুহক রামের কাছে উপস্থিত হলেন। বন্ধুকে দেখামাত্র তিনি তাঁকে আলিঙ্গন করে বলে উঠলেন,

‘আহা! আমার কী সৌভাগ্য! রাম, তুমি এসেছ! ওহো, সঙ্গে রয়েছেন দেবী সীতা! দশরথনন্দন রাম, তোমার দর্শন পেয়ে আজ আমি যে কী আনন্দ লাভ করলাম, তা ভাষায় প্রকাশ করতে পারব না। বলো বন্ধু, তোমার জন্য আমাকে কী করতে হবে? কিন্তু একি! তোমাদের এমন বেশ কেন? রাজবেশ কোথায়? পরনে চীরবস্ত্র ও অজিন! এ কেমন বেশ ধারণ করেছ তোমরা?’

রাম বন্ধুকে আশ্বস্ত করে বললেন, ‘গুহক, শোনো। তোমাকে সব কথা খুলে বলছি।’

নিষাদরাজের বৃদ্ধ অমাত্য, জ্ঞাতিবর্গ এবং অন্যান্য সভাসদও রাম ও সীতাকে যথোচিত সম্মান প্রদর্শন করলেন।

নিষাদরাজ গুহক বললেন, ‘রাম, যেমন অযোধ্যা তোমার, তেমনই এই দেশও তোমার। মহাবাহু, আমার এই শৃঙ্গবেরপুর রাজ্যে তোমাকে স্বাগত জানাই। এ রাজ্যও তোমারই বলে জেনো। এখানে তোমার কোনো সংকোচ নেই।’

রাম বললেন, ‘গুহক, তোমার এই আন্তরিক আতিথেয়তায় আমি অত্যন্ত প্রীত হয়েছি। এসো, বসো। তোমার সঙ্গে কিছু কথা বলি।’

গুহক বললেন, ‘রাম, তোমার জন্য আমি ভোজ্য, লেহ্য, পেয় এবং নানা প্রকার সুস্বাদু খাদ্যসামগ্রীর ব্যবস্থা করছি। তোমাদের বিশ্রামের জন্য উত্তম শয্যারও আয়োজন করছি।’

রাম এবার নিষাদরাজ গুহককে বললেন, ‘বন্ধুবর গুহক, শোনো। আমি এখন বনবাসী। দেখতে পাচ্ছ, চীরবস্ত্র ও অজিন পরিধান করেছি। তুমি আমাকে যে আন্তরিক স্নেহ ও ভালোবাসা দেখালে, তাতেই আমি পরম তৃপ্ত। তোমার এই ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’

নিষাদরাজ গুহক অবাক হয়ে রামের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ‘তাই তো দেখছি নিজের চোখে। কিন্তু তুমি বনবাসী হলে কেন? কী এমন ঘটল যে তোমাকে এই বেশ ধারণ করতে হলো?’

সুমন্ত্র বললেন, ‘নিষাদরাজ, শুনুন। রাম পিতৃসত্য পালনের জন্য বনবাসী হয়েছেন। তাঁকে চৌদ্দ বছর অরণ্যে অতিবাহিত করতে হবে।’

নিষাদরাজ গুহক বিস্ময়ে রাম, লক্ষ্মণ ও সুমন্ত্রের মুখের দিকে তাকিয়ে রইলেন। ক্রমে তাঁদের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন,

‘হায় রাম! এ কী শুনলাম! তুমি বনবাসী হয়েছ! এ কেমন ভাগ্যের পরিহাস! বেশ, দাশরথি, তবে এই চৌদ্দ বছর তুমি আমার রাজ্যেই রাজার মতো থেকো। তোমার জন্য আমার রাজ্য উন্মুক্ত। তুমি এখানে থাকলে আমি নিজেকে ধন্য মনে করব।’

রাম বললেন, ‘তোমার কথা শুনে বড় আনন্দ পেলাম, গুহক। আমি জানি, বন্ধু, তুমি আমাকে কত ভালোবাসো। কিন্তু রাজা গুহক, তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, এখন আমার রাজ্যসুখ ভোগ করার সময় নয়। আমার সামনে কঠিন পরীক্ষা। আমাকে যেতে হবে সেই দণ্ডকারণ্যে, বনবাসে। আমি প্রতিজ্ঞাবদ্ধ।

‘আমি, সীতা ও লক্ষ্মণ এখন কুশ, চীরবস্ত্র ও অজিনধারী তাপসের জীবন গ্রহণ করেছি। আমরা ফলমূল ভক্ষণ করে জীবনধারণ করব। সংসারী মানুষের খাদ্যদ্রব্য, ভোজ্য কিংবা বিলাসসামগ্রীর কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা এখন ব্রতধারী তাপস মাত্র। বন্ধু, তুমি নিশ্চয়ই আমাদের এই সংকল্প বুঝতে পারছ।’

নিষাদরাজ গুহক শুধু শিরঃসঞ্চালন করে বললেন, ‘হায় রাম!’

রাম এবার বললেন, ‘গুহক, এই মুহূর্তে আমার রথের অশ্বগুলির খাদ্য ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এই অশ্বগুলি আমার পিতার অত্যন্ত প্রিয়। তারা তৃপ্ত হলেই আমি সুখী হব। তুমি আমার রথের ওই অশ্বগুলির জন্য কিছু খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করলেই আমি খুশি হব।’

নিষাদরাজ গুহক বললেন, ‘সে আর এমন কী কথা, রাম! তোমার জন্য এ সামান্য কাজটুকু করতে পারব না? আমি এখনই অশ্বগুলির খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করছি।’

এই কথা বলে নিষাদরাজ তাঁর আজ্ঞাবাহী ভৃত্যদের অশ্বগুলির জন্য পর্যাপ্ত খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করতে আদেশ দিলেন।

সন্ধ্যা নেমে এসেছে। গঙ্গার বুকে শান্ত জলস্রোত বয়ে চলেছে। মৃদুমন্দ শীতল বাতাস প্রবাহিত হচ্ছে নদীতীরের ইঙ্গুদি বৃক্ষের শাখায় শাখায়। গাছের ফুল ঝরে পড়ছে ধীরে ধীরে। দিনান্তের শেষে বলাকারা তাদের আশ্রয়ের দিকে উড়ে চলেছে। প্রকৃতির মধ্যে এক নিবিড় প্রশান্তি।

সন্ধ্যাকালে রাম তাঁর নিত্য সন্ধ্যাকৃত্য সম্পন্ন করলেন। লক্ষ্মণ নদী থেকে জল এনে দিলে তিনি সেই জল পান করলেন।

এরপর লক্ষ্মণ রামের জন্য পর্ণশয্যা প্রস্তুত করে দিলেন।

গুহক বললেন, ‘রাম, আজ সারারাত আমি আমার চর ও অনুচরদের নিয়ে তোমাদের পাহারা দেব। তোমাকে ও দেবী সীতাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। তোমার সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তোমার কৃপায় আমার যশ, ধর্ম, অর্থ ও কাম—সকল পুরুষার্থই সার্থক হবে বলে আমার বিশ্বাস।’

এটি ছিল বনবাসের দ্বিতীয় রাত্রি। রাম ও সীতা পর্ণশয্যায় বিশ্রাম নিতে গেলেন।

গুহক তখন লক্ষ্মণকে বললেন, ‘রাজপুত্র লক্ষ্মণ, তোমার জন্যও এই শয্যা প্রস্তুত রয়েছে। তুমি কেন জেগে থাকবে? এসো, এই শয্যায় শুয়ে আরাম করে নিদ্রা যাও।’

এইবার লক্ষ্মণ কিছুটা উত্তেজিত স্বরে বলে উঠলেন,

‘রাজা গুহক, চেয়ে দেখো! ত্রিভুবনত্রাস, সুরাসুরবিজয়ী রাম আজ দৈবের পীড়নে তাঁর প্রিয়তমা পত্নী সীতাকে সঙ্গে নিয়ে ভূমির উপর তৃণশয্যায় আশ্রয় নিয়েছেন। এই দৃশ্য দেখে আমার মতো অনুজ ভ্রাতার পক্ষে সামান্যতম নিদ্রা কিংবা সুখভোগের প্রয়োজনই বা কোথায়?

‘মন্ত্রে, তপস্যায় ও পরাক্রমে মহারাজ দশরথ যে পুত্র লাভ করেছিলেন, সর্বগুণসম্পন্ন সেই রামচন্দ্র আজ নিজের রাজ্য থেকে নির্বাসিত! এই অবস্থায় আমার সুখ কোথায়, গুহক? কী করে আমি সুখনিদ্রায় মগ্ন হতে পারি?’

গুহক বললেন, ‘ভাই লক্ষ্মণ, তোমার কথা শুনে আমি অত্যন্ত বিচলিত বোধ করছি। বিধাতার এ কেমন বিধান! দৈবের এ কেমন খেলা! হায় হায়, এমন অঘটনও কি মানুষের জীবনে ঘটতে পারে?’

তখন লক্ষ্মণ বললেন, ‘আমি নিশ্চিত, প্রিয় পুত্রকে বনবাসে পাঠিয়ে মহারাজ দশরথ আর বেশিদিন বেঁচে থাকতে পারবেন না। আমার মাতা সুমিত্রা হয়তো শত্রুঘ্নের মুখ চেয়ে বেঁচে থাকবেন। কিন্তু বীরপ্রসবিনী মাতা কৌশল্যাও যে অচিরেই প্রাণত্যাগ করবেন, এই আশঙ্কাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।’

এইভাবে লক্ষ্মণ বহুক্ষণ ধরে মনের দুঃখ ও আশঙ্কার কথা বলে চললেন। তাঁর কথা শুনে নিষাদরাজ গুহকও অত্যন্ত ব্যথিত হলেন।

সুমন্ত্র এবার তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন, ‘লক্ষ্মণ, উত্তেজিত হয়ো না। তোমার এই বিলাপ শুনলে রামও দুঃখ পাবেন। নিজেকে সংযত করো।’

সুমন্ত্রের কথায় লক্ষ্মণ কিছুটা শান্ত হলেন। এরপর নিষাদরাজ গুহক ও লক্ষ্মণ একসঙ্গে রাত্রি জেগে পাহারা দিতে লাগলেন। তাঁরা নানা বিষয়ে আলাপ করলেন। কথায় কথায় উঠে এল রামের অসাধারণ গুণাবলি, তাঁর পরাক্রম, তাঁর প্রজাপ্রীতি ও ধর্মনিষ্ঠার কথা। তাঁরা রামের যশ ও মহত্ত্বের প্রশংসা করতে করতে রাত্রি অতিবাহিত করলেন।

পরদিন প্রভাতকালে রাম গুহককে বললেন, ‘গুহক, আজ আমরা গঙ্গা পার হয়ে অপর তীরে যেতে চাই। আমাদের গন্তব্য চিত্রকূটের দিকে। তুমি আমাদের গঙ্গা পারাপারের ব্যবস্থা করে দাও।’

গুহক বললেন, ‘রাম, তোমাকে গঙ্গা পার করানোর জন্য আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি।’

এই বলে গুহক তাঁর অনুচর ও আজ্ঞাবহ কর্মচারীদের দ্রুত নৌকা প্রস্তুত করার নির্দেশ দিলেন।

এদিকে সুমন্ত্র এবার রামকে জিজ্ঞাসা করলেন, ‘রাম, এখন আমাকে কী করতে আদেশ করছেন?’

রাম বললেন, ‘মহামন্ত্রী সুমন্ত্র, এবার আপনি রথ নিয়ে অযোধ্যায় ফিরে যান। এখন আমরা তিনজন পদব্রজে বনগমন করব। সুমন্ত্র, আপনার মতো ইক্ষ্বাকু বংশের সুহৃদ আর কেউ নেই। আমার জন্য মহারাজ দশরথ যেন অতিরিক্ত শোকগ্রস্ত না হন, আপনি সেই বিষয়ে যত্নবান হবেন।

‘আপনি আমার পিতা মহারাজ দশরথকে এবং মাতা কৌশল্যাকে আমার প্রণাম জানাবেন। মহারাজকে বলবেন, তিনি যেন শীঘ্রই ভরতকে তার মাতুলালয় থেকে অযোধ্যায় ফিরিয়ে এনে রাজপদে প্রতিষ্ঠিত করেন।’

সুমন্ত্র ব্যথিত কণ্ঠে বললেন, ‘বৎস রাম, তোমাকে এখানে রেখে আমি সেই শোকে নিমজ্জিত পুরীতে কী করে ফিরে যাব? তোমার জননীকে আমি কীভাবে এমন দুঃসহ সংবাদ জানাব যে, তোমাকে বনবাসের পথে এগিয়ে দিয়ে আমি একাকী ফিরে এসেছি? রাম, এ আমার পক্ষে অত্যন্ত বেদনাদায়ক হবে। আমি কী করে তোমাদের ছেড়ে চলে যাব?’

রাম বললেন, ‘মহামন্ত্রী সুমন্ত্র, আপনি ফিরে গেলে মাতা কৈকেয়ী বিশ্বাস করবেন যে রাম সত্যিই বনবাসে গেছেন। নতুবা তিনি হয়তো আমার পিতা মহারাজ দশরথকে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বলে মনে করবেন। পিতাকে সেই অসম্মান থেকে রক্ষা করাও আমার কর্তব্য।

‘আপনি ভরতকে রাজ্যভার গ্রহণ করতে বলবেন। এ আমার আপনার কাছে সামান্য অনুরোধ।’

কিন্তু সুমন্ত্রের তখনও ফিরে যাওয়ার ইচ্ছা হলো না। তিনি রামকে বললেন,

‘রাম, এই রথ ও অশ্বসহ আমি তোমার কাছেই থাকতে চাই। বনবাসের অন্তে আমি আবার তোমাকে এই রথে করেই অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাব। তোমাকে ছেড়ে আমার ফিরে যেতে মন চাইছে না।’

সুমন্ত্র বারবার রামকে অনুরোধ করতে লাগলেন। তাঁর চোখে তখন গভীর শোকের ছায়া।

রাম বললেন, ‘সুমন্ত্র, আপনি আমাদের আত্মার আত্মীয়। মহারাজ দশরথ যেমন প্রতিপদে আপনার উপর নির্ভর করেন, আমিও তেমনই আপনার পরামর্শ ও সুমন্ত্রণার ভাগী। আপনি তো নিজের চোখেই দেখলেন, আমাদের বংশে আজ কীভাবে এক দৈবদুর্বিপাক নেমে এসেছে। আমি কাউকেই দোষ দিতে চাই না। আপনি বিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তি। পরিস্থিতি আজ আমাদের সকলেরই হাতের বাইরে।

‘আমি বরং আমার পিতা মহারাজের জন্য শঙ্কিত। আপনি ফিরে না গেলে মাতা কৈকেয়ী হয়তো মনে করবেন, রাম আদৌ বনগমন করেননি। তিনি তখন পিতাকে আরও সন্দেহ করবেন, আরও মনঃকষ্ট দেবেন। না, না, মন্ত্রীবর, তা হতে দেওয়া যায় না। সেটি বড় অনৈতিক হবে।

‘আমরা এবার আমাদের বনবাসের পথে যাত্রা করব। আপনি প্রস্থান করুন। আর মায়া বাড়িয়ে লাভ নেই, সুমন্ত্র।’

অবশেষে সুমন্ত্র আর রামকে ধরে রাখতে পারলেন না। তাঁর হৃদয় তীব্র শোকে মথিত হতে লাগল। তিনি একদৃষ্টে রামের গমনপথের দিকে তাকিয়ে রইলেন।

সুমন্ত্র দেখলেন, রাম, সীতা ও লক্ষ্মণ ধীরে ধীরে দূরে এগিয়ে চলেছেন। ক্রমে তাঁরা অস্পষ্ট ছায়ার মতো হয়ে গেলেন।

তাঁরা তিনজনে গঙ্গার ঢালু পাড় ধরে নদীর কিনারায় গিয়ে দাঁড়ালেন। এবার গুহক রাম, লক্ষ্মণ ও সীতাকে নৌকায় আরোহণ করিয়ে গঙ্গা পার করানোর উদ্যোগ করলেন।

মন্ত্রীবর সুমন্ত্র তখনও সেই স্থানে জড়বৎ দাঁড়িয়ে রইলেন। সেখান থেকে চলে যেতে তাঁর মন চাইল না। যতক্ষণ তাঁদের দেখা যায়, ততক্ষণ তিনি তাঁদের দিকে তাকিয়ে থাকতে চান। তারপর যখন তাঁরা দৃষ্টির আড়ালে চলে যাবেন, তখনই তিনি রথ নিয়ে সেই শোকমগ্ন অযোধ্যাপুরীর দিকে ফিরে যাবেন।

গঙ্গায় যাত্রার পূর্বে রাম গুহককে বললেন, ‘গুহক, আমাকে কিছু বটের আঠা এনে দাও। আমি, সীতা ও লক্ষ্মণ—আমরা তিনজনেই আমাদের কেশগুচ্ছ জটায় পরিণত করে নেব।’

গুহক বটের আঠা এনে দিলে রাম, লক্ষ্মণ ও সীতা তিনজনেই সেই আঠা দিয়ে তাঁদের মাথার চুল জটায় পরিণত করলেন। মস্তকের উপর জটামণ্ডিত কেশগুচ্ছ তাঁদের তপস্বীরূপকে আরও স্পষ্ট করে তুলল। এবার তাঁদের দেখে সত্যিই অরণ্যবাসী তাপস বলে মনে হতে লাগল।

গুহক তাঁদের দিকে তাকিয়ে বললেন, ‘রাম, আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমি কিছুতেই ভাবতে পারছি না যে অযোধ্যার নরেশের পুত্র রামচন্দ্র আজ বনবাসী হতে চলেছেন। এ যে কী ভীষণ হৃদয়বিদারক ঘটনা!’

রাম বললেন, ‘গুহক, শান্ত হও। এ শোকের সময় নয়। ঈশ্বরের কোন ইচ্ছায় এই সংসারচক্র পরিচালিত হয়, তা কে বলতে পারে! তুমি এবার আমাদের গঙ্গা পার করে দাও। গঙ্গা পার হয়ে আমরা কোন পথে এগোব, সেই পথের নির্দেশও আমাকে দাও।’

গুহক বললেন, ‘রাম, আপনি গঙ্গা পার হলে দিবাবসানে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল প্রয়াগ তীর্থে পৌঁছতে পারবেন। সেখানে মহর্ষি ভরদ্বাজের আশ্রম রয়েছে। আপনি সেখানে গিয়ে ঋষির আশীর্বাদ গ্রহণ করবেন।’

রাম বললেন, ‘তথাস্তু। গুহক, তুমি এবার আমাদের গঙ্গা পার করে দাও।’

রাম এবার সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে গঙ্গার দিকে অগ্রসর হলেন।

জটামণ্ডিত তপস্বীর বেশে রাম, লক্ষ্মণ ও সীতা নৌকায় আরোহণ করলেন। নির্মল বাতাস বইছে। নদীর ঢেউয়ে নৌকা মৃদু দুলছে। সাগরগামিনী গঙ্গা কলকল শব্দে বয়ে চলেছেন। মধ্যগঙ্গায় গভীর জলস্রোত। মাঝি দাঁড় টানছেন। মাথার উপর নীল আকাশের অসীম গাম্ভীর্য। চারদিকে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য।

এই সময় রামজায়া সীতা গঙ্গার উদ্দেশে প্রার্থনা জানালেন।

‘হে ব্রহ্মলোকবিহারিণী, মকরবাহিনী গঙ্গে! হে ত্রিপথগামিনী, পতিতপাবনী দেবী! তুমি সর্বসৌভাগ্যদায়িনী। হে মাতা, জনকদুহিতা সীতা তোমাকে প্রণাম জানাচ্ছে।

‘সপ্তস্রোতা সরিতশ্রেষ্ঠা, শিবজলা মাতা, তুমি আমাদের প্রতি প্রসন্ন হও। দেখো, আজ দশরথনন্দন রাম বনবাসে চলেছেন। তুমি তাঁকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো। চৌদ্দ বছর পরে তিনি অযোধ্যায় ফিরে এসে পুনরায় রাজ্যলাভ করলে তোমার এই পুণ্যতটে যত দেবতা, যত মুনি ও ঋষি বিরাজ করছেন, তাঁদের সকলকে আমি সহস্র কলসের জল দিয়ে পূজা করব।

‘হে সর্বকামপ্রদায়িনী দেবী, বনবাস থেকে ফিরে এসে আমি প্রফুল্ল মনে তোমার পূজা করব।’

সীতা আবার বললেন,

‘এই নরশ্রেষ্ঠ রাম বনবাস থেকে ফিরে এসে পুনরায় রাজ্যলাভ করলে তোমার প্রীতির উদ্দেশ্যে আমি ব্রাহ্মণদের শতসহস্র ধেনু দান করব। তোমাকে সহস্র ঘট সুরা এবং মাংসযুক্ত অন্নের ভোগ নিবেদন করব। তোমার তীরবর্তী সমস্ত দেবালয় ও তীর্থস্থানেও যথাবিধি পূজা নিবেদন করব।

‘হে মাতা গঙ্গে, তুমি আমাদের এই বনবাসযাত্রাকে নির্বিঘ্ন করো। চৌদ্দ বছর পরে যেন আমরা আবার তোমারই কৃপায় অযোধ্যায় ফিরে যেতে পারি।’

সেই সময় সীতা গঙ্গার মাহাত্ম্য স্মরণ করে প্রার্থনা করলেন—

সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিঃ।
ত্রিপুরারিং শিরশ্চারী সতত দুঃখবিনাশিনী॥

— [বাল্মীকি]

নৌযান এবার ক্রমশ গঙ্গার অপর তীরের দিকে এগিয়ে চলল। নদীর দক্ষিণ তীরে গিয়ে নৌকা ভিড়ল। গুহক অত্যন্ত সাবধানে রাম, লক্ষ্মণ ও সীতাকে নৌকা থেকে নামিয়ে দিলেন।

রাম বললেন, ‘এবার তুমি ফিরে যাও, বন্ধু। আমরা আমাদের যাত্রা শুরু করি।’

গুহক হাতজোড় করে অশ্রুসজল চোখে বলে উঠলেন, ‘হে রাম, আবার কবে তোমাকে দেখতে পাব? চৌদ্দটি বছর আমরা তোমার পথ চেয়ে থাকব। এই দীর্ঘ সময় কীভাবে কাটবে, তা জানি না।’

রাম বললেন, ‘গুহক, আমি এখন আমার ব্রত পালনে অগ্রসর হচ্ছি। আমাদের যাত্রা এবার পদব্রজে গহন অরণ্যের দিকে। তুমি আমাদের যে সমাদর করেছ, যে সম্মান ও ভালোবাসা দিয়েছ, তা আমি কোনোদিন ভুলব না। তোমার নৌযানে আমাদের তিনজনকে গঙ্গা পারাপারের ব্যবস্থা করে দিয়েছ। তোমার এই আন্তরিক আতিথেয়তা ও বন্ধুত্বের কথা সকলেই স্মরণ করবে।

‘এবার আমাকে বনবাসের পথে অগ্রসর হতে দাও, বন্ধু। এখন আমরা চলি। আর মায়া বাড়িয়ো না। আমাদের কর্তব্যপথে এগিয়ে যেতে দাও।’

এই বলে রাম হাত তুলে গুহককে আশীর্বাদ করলেন।

গুহক জোড়হস্তে অশ্রুসজল চোখে রাম, লক্ষ্মণ ও সীতার যাত্রাপথের দিকে নিমেষহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তাঁর প্রিয় বন্ধু ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন। তিনি কিছুক্ষণ সেই স্থানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন।

রাম এবার লক্ষ্মণকে বললেন, ‘লক্ষ্মণ, তুমি আগে আগে চলো। সীতা আমাদের মাঝখানে থাকবেন। আমি পিছনে থেকে তোমাদের দুজনকে লক্ষ রাখব। এইভাবেই আমাদের পরস্পরকে রক্ষা করতে হবে। অরণ্যের পথে সতর্ক থেকে এগোতে হবে।’

অতঃপর তাঁরা তিনজনে পদব্রজে যাত্রা শুরু করলেন। সামনে অজানা দেশ, অচেনা পথ, গভীর অরণ্য।

পিছনে পড়ে রইল গঙ্গার তীর, নিষাদরাজ গুহকের স্নেহ ও বন্ধুত্ব এবং দূরে দাঁড়িয়ে থাকা সুমন্ত্রের বিষণ্ণ অবয়ব।

রাম, সীতা ও লক্ষ্মণ এগিয়ে চললেন তাঁদের চৌদ্দ বছরের বনবাসের পথে।

( চলবে ) 

Author

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

ভজ মন রাম চরণ

ধ্রুপদী সাহিত্য শ্যামলকৃষ্ণ বসু [ অযোধ্যাকান্ড – ১ ] | ১৬ | তমসাতীরে বনবাসের প্রথম রাত্রি এক্ষণে রামের রথ ছুটে চলেছে গহিন অরণ্যের অভিমুখে। রথের

Read More »

সুন্দর রাত

জোহান ভোল্ফগাং ফন গ্যেটে [জোহান ভোল্ফগাং ফন গ্যেটে (১৭৪৯–১৮৩২) ছিলেন আধুনিক জার্মান সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে কবি, নাট্যকার ও ঔপন্যাসিক

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

ভজ মন রাম চরণ

ধ্রুপদী সাহিত্য শ্যামলকৃষ্ণ বসু [ অযোধ্যাকান্ড – ১ ] | ১৬ | তমসাতীরে বনবাসের প্রথম রাত্রি এক্ষণে রামের রথ ছুটে চলেছে গহিন অরণ্যের অভিমুখে। রথের

Read More »

সুন্দর রাত

জোহান ভোল্ফগাং ফন গ্যেটে [জোহান ভোল্ফগাং ফন গ্যেটে (১৭৪৯–১৮৩২) ছিলেন আধুনিক জার্মান সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে কবি, নাট্যকার ও ঔপন্যাসিক

Read More »

নতুন ভোরের আলো

অদিতি চ্যাটার্জি বারান্দা থেকে ঘরের চৌকি অবধি আসতে হাঁপ ধরে যায় এখন,  তাও মৌমিতা নির্মল বাবুর হাতটা ধরে রাখে, চা আনতে রান্নাঘরে গেল মেয়েটা, বহু

Read More »