অভিজিৎ চৌধুরী
ধারাবাহিক উপন্যাসিকা (নভেলা )
১
লাল্টু চৌধুরী এই বছর থার্ড ডিভিশনে খেলা একটি দলে জয়েন করেছেন। নাম ফরাসডাঙ্গা স্পোর্টিং। বয়স হয়েছে লাল্টুর, চল্লিশের কাছাকাছি। সেই দম, দুরন্ত সরীসৃপের মতো রাইট আউট দিয়ে বল নিয়ে ছোটা—সব এখন অতীত।
তবু ফরাসডাঙ্গার ননাইদা মনে করেন, লাল্টু জাত প্লেয়ার।
ফরাসডাঙ্গা স্পোর্টিংয়ের জার্সির রং ফিকে লাল, ফিকে হলুদ। অনেকেই মজা করে বলেন, ‘লাল-হলুদ, একস্ট্রা!’ গায়ে মাখেন না ননাইবাবু। মোহনবাগান, ইস্টবেঙ্গল স্টার ক্লাব। ওদের সঙ্গে লাগলে কলকাতায় ফুটবল খেলা যাবে না। তাই ফরাসডাঙ্গা স্পোর্টিংয়ের জার্সি বাইরে থেকে নিষ্প্রভ লাল-হলুদ, আর অন্তরে ধূসর আর কালো। টাকা নেই ক্লাবের। ননাইদা একা স্বপ্নের ক্লাবের নেশায় টাকা ঢালেন। ও চলে গেলে ফরাসডাঙ্গা স্পোর্টিং ক্লাবেরও ইতি হয়ে যাবে।
আজ ম্যাচটা জিতলে ফরাসডাঙ্গা সেকেন্ড ডিভিশনে যাবে। পল্টন নতুন ছেলেদের মধ্যে লাল্টু চৌধুরীর মনে ধরেছে। ফরাসডাঙ্গা স্পোর্টিং ক্লাবের কোনও কোচ নেই। লাল্টু চৌধুরী একরকমের কোচ।
ওর পাশে এসে বসল বাবান। পৌরসভার অফিসে গাড়ি চালায়। তবে ওর বড় পরিচয় ডুবুরি। যখন সিভিল ডিফেন্সের ছেলেরাও হাত গুটিয়ে বসে থাকে, তখন ডুবুরি হিসেবে সরকারি স্বীকৃতি না থাকলেও বাবান জলে নামে। সে ডুবসাঁতার দেয়, কোনও অক্সিজেন সিলিন্ডার নেই। কত লাশ যে উদ্ধার করেছে, তার গুণতি করলে সাড়ে তিনশো হবে। কত ডুবন্ত মানুষকে বাঁচিয়েছে। উদ্ধার করার পর এদের সঙ্গে ছবি নিয়েছেন রাজনীতির লোকজন, আর বাবান আড়ালে থেকে গেছে।
সেই বাবান পাশে এসে বসেছে।
এই সময় ওর মোবাইলে ফোন এল।
ও বলল, “মাঠে আছি। লাল্টুদার পাশে বসে আছি। পরে করিস।”
লাল্টু বলল, “কে ফোন করেছিল?”
“উদাত্তের ড্রাইভার।”
লাল্টু বলল, “সে তো এখন জেলে রয়েছে।”
হাসল বাবান। বলল, “ওদের জন্য জেল একরকমের মামার বাড়ি। জেল আর বাড়ি সব এক।”
লাল্টু বলল, “সাবধানে থাকিস। এদের ফোন তো ব্লক করতে পারবি না। তবে কি না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।”
বাবান হেসে বলল, “ঠিক বলেছ দাদা।”
এই সময় ননাইদা এলেন। বললেন, “এবার নামবি তুই! পল্টন কী রকম মিস করল! সেলফিস গেম করছে ছেলেটা। পায়ে এত বল রাখলে হয়? কতবার আনোয়ারও ইঙ্গিত করল, বল বাড়াল না।”
লাল্টু চৌধুরী জার্সিটা গায়ে দিয়ে বলল, “আনোয়ারকে বসাও। ওর জায়গায় আমি নামব। আনোয়ার তো বড় ক্লাবে পা বাড়িয়ে দিয়েছে। তোমার এখানে ব্রেকফাস্ট করেই লাঞ্চে চলে যাবে বড় ক্লাবে।”
তাই হল। আনোয়ারকে বসানো হল। লাল্টু চৌধুরী নামল। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট বাকি।
পল্টন সাজানো বল দিল লাল্টু চৌধুরীকে। পেনাল্টি বক্সের আগে সামান্য আউটসাইড ড্রিবল করে দুজনকে সহজেই হেলিয়ে দিল। ইনসাইড করে বক্সে ঢুকতেই সামনে শুধু গোলকিপার। লাল্টু চৌধুরীকে দেখেই সে হয়তো কাঁপতে শুরু করেছে। গোলার মতো শট নিল লাল্টু। বলটা ডান বারপোস্ট দিয়ে ঢুকে জালে জড়িয়ে গেল।
ননাইদার চোখে জল। কত দিন পর স্বপ্ন সফল হল! ফরাসডাঙ্গা স্পোর্টিং এবার থেকে সেকেন্ড ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে খেলবে।
লাল্টু পল্টনের কাছে এসে বলল, “আনোয়ারকে দিচ্ছিলি না কেন! এতক্ষণে গোলের মালা হয়ে যেত।”
পল্টন বলল, “ও বড় টিমে চলে যাবে, আমাদের দিকে ফিরেও তাকাবে না।”
লাল্টু চৌধুরী বলল, “তুইও একদিন যাবি বড় ক্লাবে। তোর পায়ে জাদু আছে। ফুটবলে বল কখন ছাড়তে হবে, সেটাও জানতে হবে। অফ দ্য বল খেলাটাও শিখতে হবে।”
পল্টন বলল, “তুমি নামলে আমি পারব।”
লাল্টু চৌধুরী হেসে বলল, “আমি বাতিল রেসের ঘোড়া।”
পল্টন বলল, “তুমি মাঠে এখনও তেজি ঘোড়া।”
হাসল লাল্টু। বলল, “না রে। আমার আর সেই গতি নেই, স্কিল হয়তো আছে। আর হবে না আমার। তবে তোর জন্য মাঠে নামব। তোকে সবুজ-মেরুন জার্সি গায়ে দিতে হবে।”
পল্টন বলল, “তুমি তো লাল-হলুদের জার্সি বেশি পরেছ।”
“তাতে কী হয়েছে? তুই সবুজ-মেরুন পরবি।”
মনে মনে বলল, লাল-হলুদের অনেক অপমান গায়ে লেগে রয়েছে। আমরা ফিকে লাল-হলুদ, একস্ট্রা নই। আমরাই আসল লাল-হলুদ।
ননাইদা বললেন, “লাল্টু, যাস না। আজ মুরগির মাংস আর ভাত। ছেলেরা ধরেছে।”
লাল্টু বলল, “রান্না কে করবে?”
ননাইদা বললেন, “শ্যামের ক্যাটারিং থেকে রাঁধুনি আসবে।”
লাল্টু ডাকল, “বাবান!”
বাবান সামনে এল।
লাল্টু বলল, “তুই রাঁধতে পারবি তো?”
বাবান ঘাড় কাত করল।
“কতজন হবে তোমার?”
ননাইদা বললেন, “একশো হবে।”
লাল্টু বলল, “বাবান, পারবি তো?”
বাবান বলল, “পারব, লাল্টুদা।”
অনেক বড় ক্লাবে বত্রিশ পদের রান্নাও খেয়েছে। স্টার্টার, মেন কোর্স নিয়ে এলাহি আয়োজন থাকে। আজ কিন্তু অন্যরকম অনুভূতি হল। ননাইদার আন্তরিকতা, কত সামান্য আয়োজন! ফুটবল থেকে কী-ই বা পাবে ছেলেগুলো? কেউ হকারি করবে, কেউ রোলের দোকান খুলবে, কেউ হয়তো জীবনের থেকেই হারিয়ে যাবে। ভারতীয় ফুটবল ক্রমশ অন্ধকার থেকে আরও গভীর অন্ধকারের দিকে চলেছে। সবকিছু হারিয়ে শুধু থাকবে ফুটবলের প্রতি ভালোবাসা।
বাতিল লাল্টু চৌধুরীর গোলে ফরাসডাঙ্গা স্পোর্টিং সেকেন্ড ডিভিশনে উঠল। কে জানে, একদিন হয়তো ফরাসডাঙ্গা স্পোর্টিং সুপার ডিভিশনও খেলবে। লাল্টু শুধু স্বপ্ন দেখাতে পারে, বলতে পারে, “তোরা পারবি।”
সামান্য বিয়ার পানও হল। বয়স ভুলে গিয়ে মিশে গেল একদল স্টার ফুটবলার লাল্টু চৌধুরীর সঙ্গে।
বাবান গাড়ি নিয়ে এল। ও পৌরসভা থেকে একটা গাড়ি ম্যানেজ করেছে। ফুচু, নীচু—ক্লাবের দুজন ডিফেন্ডার এই প্রথম চারচাকার গাড়িতে চড়ল। আকাশ থেকে আজ বানভাসি জ্যোৎস্না পথেঘাটে অকাতরে ছড়িয়ে দিয়েছে।
লাল্টু চৌধুরীকে বাড়ির গেটে নামিয়ে বাবান চলে গেল।
যাওয়ার আগে বলল, “লাল্টুদা, আমার যদি সিভিল ডিফেন্সে কিছু হয়, একটু দেখো।”
লাল্টু বলল, “আগেকার সরকার তো সব পার্টির ছেলেকে ঢুকিয়েছে। একজন ড্রাইভারও নেই। তোর জন্য বলব ছোটনদাকে।”
পরদিন সকালে তখন বেলা আটটা হবে। হঠাৎ ননাইদার গাড়ির ভেঁপুতে ঘুম ভাঙল লাল্টুর। আজ আর মাঠে খেলতে যেতে পারেনি। এই সময় সাব-জুনিয়র টিমটাকে প্র্যাকটিস করায়।
পুরোনো গাড়ি, ননাইদার অ্যাম্বাসাডর। রং কালো করে আভিজাত্য বাড়ানো হয়েছে, কিন্তু তাতে কী হবে—গাড়ির ট্যাক্সি ডার্মি দরকার। ননাইদা মানবেন না। ড্রাইভার লতিফ বুড়ো হয়ে গেছে। তবু তাকে ছাড়া চলবে না ননাইদার।
লাল্টু চৌধুরী বেরিয়ে এল। বলল, “এসো, ভিতরে এসো। তোমার বউমার হাতের চা-পান করে যাও এক পেয়ালা।”
হাসলেন ননাইদা। বললেন, “আরেক দিন হবে।”
ননাইদাকে দেখতে খুব সুন্দর এখনও। চুলটার সামনের দিকটা কোঁকড়ানো, আগেকার দিনের যাত্রার দলের নায়কদের মতো বাবরি করা। পেছনে মস্ত একটা টাক হয়েছে। এটা নিয়ে মন খারাপ রয়েছে ননাইদার। সেলুনে মাথার পিছনে আয়নায় সেই টাক প্রতিবিম্বিত হলে আর মন খারাপ হয়ে যায়। গিলেকরা সাদা পাঞ্জাবি এই সাতসকালেই পরে রয়েছেন ননাইদা। সঙ্গে ময়ূরপঙ্খি ধুতি।
লাল্টু চৌধুরী বলল, “এবার কোন বিয়েবাড়ি যাচ্ছ?”
“না রে। আমি যাব ফরাসডাঙা শ্মশানে।”
লাল্টু চৌধুরী বলল, “ওটা তো তোমারই।”
“লিজ নিয়েছি।”
“এজেন্সিকে দিয়েছ?”
“না রে, নিজেই দেখি। আজ ওখানে ঘাটবাবু ছুটি নিয়েছে। এদিকে বিস্তর চাপ, প্রচুর মৃতদেহ আসে।”
লাল্টু চৌধুরী বলল, “তাহলে এবার কি তুমি আমায় এক দিনের ঘাটবাবুর ডিউটি করতে বলবে?”
ননাইদা বললেন, “না রে। এরকম আমি বলতে পারি? তাপসকে বলেছি ঘাটবাবুর ডিউটি করতে, অন্তত এক দিন।”
“সেই দাড়িওয়ালা রামপ্রসাদ তাপস?”
ননাইদা বললেন, “হ্যাঁ।”
“হয়েছে তবে! সে তো বেজায় ফাঁকিবাজ। হয়তো ফ্যামিলি-ফৌজ নিয়ে শ্মশানে দাঁড়িয়ে রয়েছে।”
ননাইদা বললেন, “আর বলিস না, প্রায় কামাই করে। যেখানে দিই না কেন, কয়েক দিন পরই কামাই শুরু হয়ে যায়। ছাড়ানোর কথা বললেই ওর বউ ফোন করবে আর নাকি সুরে বলবে, ‘ও তো ফ্যান থেকে ঝুলছে। মরে যাবে।’”
লাল্টু হেসে বলল, “মরে গিয়েছিল কোনও দিন?”
ননাইদা হেসে বললেন, “দিব্যি বেঁচে আছে।”
ননাইদার অ্যাম্বাসাডরে চাপল লাল্টু চৌধুরী। ননাইদাকে মনে মনে শ্রদ্ধা করে লাল্টু। মানুষটা হৃদয়বান। কেউ আসতে না পারলে তিনিই হয়তো ঘাটবাবুর দায়িত্ব পালন করবেন আজ রাতে।
গাড়িতে উঠে লাল্টু বলল, “তুমি তো দেখছি বর সেজে শ্মশানে চললে!”
অজান্তে আঘাত করে ফেলল লাল্টু। ননাইদা সোনাগাছির একটি মেয়েকে ভালোবেসেছিলেন। ননাইদার পরিবারের একসময় রায়বাহাদুর খেতাব ছিল। অবশ্য ননাইদা বলেন, ওসব বলার মতো নয়। রায়বাহাদুর মানেই হল ব্রিটিশের চর। যাই হোক, একমাত্র সন্তান সোনাগাছির মেয়েকে বিয়ে করবে—বাড়ির লোকের মনের প্রগতিটা তো তেমন ছিল না। আজও কি হয়েছে!
ননাইদা বিয়ে করলেন না আর সোনাগাছি যাওয়া ছেড়ে দিলেন। ক্লাবে মনপ্রাণ ঢেলে দিলেন।
গাড়ি এসে পৌঁছল শ্মশানঘাটে।
ননাইদা নামলেন।
তাপস দাঁড়িয়ে ছিল।
ননাইদা বললেন, “তুই তাহলে আজ ঘাটবাবুর কাজটা করছিস!”
তাপস বলল, “আমার শরীর খারাপ।”
ডোমের দল হেসে উঠল।
বলল, “তাপস, তুই তো বলছিলি গাঁজায় দম দিবি! একটা রাত তো!”
তাপস আবার গাঁইগুঁই করতে থাকল।
তারপর করুণ স্বরে বলল, “আমি তো এই আছি, এই নেই।”
লাল্টু বলল, “সব মানুষই তো তাই। তুই একা কেন, সবাই তো তাই।”
এবার ননাইদা বললেন, “তাপস, তোর রোগটা হচ্ছে মনে। তোকে আমার অফিসে দিলাম, সেখানেও তোর এই একই রকম। তাই ভাবলাম, এক রাতে শ্মশানে কাটালে সাহস বাড়বে।”
তাপস বলল, “চড়কে ভর্তি ছিলাম।”
লাল্টু বলল, “আরে, চড়ক তো সেই চৈত্র মাসে হয়!”
ভোম্বল বলে একজন বলল, “লাল্টুদা, আমিই থাকব। ননাই-কাকাকে থাকতে হবে না।”
এরপর ননাইদা বললেন, “তাপস, শ্মশানে ডিউটি করবি না বলে চড়কে ভর্তি হতে হল তোকে!”
ননাইদা বললেন, “আরেক কাজে ডুব দিয়ে যখন অনেক দিন পর আসে, পুরো পরিবারকে নিয়ে চলে আসে। আর প্রতিবার ওর বউয়ের একই কথা—আর হবে না। ও এরপর থেকে ঠিকঠাক আসবে।”
ননাইদা ভোম্বলকে বললেন, “পারবি তো?”
তারপর বললেন, “আগামীকাল ফরাসডাঙ্গার ম্যাচ আছে। বুঝলি, লাল্টু, ও আমাদের নতুন গোলকিপার।”
বেশ লম্বা, সুদর্শন ছেলেটি।
লাল্টু ওর পিঠ চাপড়ে দিয়ে বলল, “নিশ্চয়ই পারবি তুই।”
( চলবে )


