ধ্রুপদী সাহিত্য
শ্যামলকৃষ্ণ বসু
[ অযোধ্যাকান্ড – ১ ]
| ১৭ |
ক্রোধে ক্ষোভে অশ্রুতে
রামানুজ লক্ষ্মণ এক্ষনে তাঁর কর্তব্য নির্ণয় করে নিয়েছেন। সুমিত্রানন্দন লক্ষ্মণও তবে অগ্রজ সমভিব্যাহারে বনবাসী হবেন। হরগৌরী মন্দির এর চকমিলান পাথরের চাতালে অসহায়ভাবে হাহাকার করে চলেছেন মাতা কৌশল্যা ‘হায় রাম‘ আর ‘হায় রাম ‘ করে অর্ধশায়িতা হয়ে লক্ষ্মণ জননীর কোলে মাথা রেখে। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন মাতা সুমিত্রা। ক্রন্দসী কৌশল্যা আক্ষেপরতা তাঁর ক্রূর ভাগ্যের , আর সেই কথাই তিনি বলে চলেছেন হাহাকার করে ।
রাজার প্রথম জায়া আমি মহারাণী।
চণ্ডালী হইল মোর কৈকেয়ী সতিনী ॥
ঘটাইল প্রমাদ কৈকেয়ী পাপীয়সী।
রাজারে কহিয়া রামে করে বনবাসী ॥
সূর্যবংশ রাজ্যে নাই অকাল মরণ।
এই সে কারণে মম না যায় জীবন ॥
পূজিলাম কত শত দেব দেবীগণে।
তার কি এ ফল আজি রাম যায় বনে ॥ [কৃত্তিবাস]
আজ রাম বনবাসী হতে চলেছেন পিতৃসত্য পালনের কারনে। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন মাতা সুমিত্রা। কোন সান্ত্বনার ভাষাই যথেষ্ট নয় অভাগিনী মাতাকে সান্ত্বনা দেওয়ার পক্ষে।
লক্ষ্মণ অস্থির পদচারনা করতে থাকেন।
ওই দেখা যায় রামের রথ ! ঘরঘর শব্দে মেদিনী উথল করে রথে করে এগিয়ে আসছেন অগ্রজ রাম এবং সঙ্গে তৎপত্নী সীতা। অর্থাৎ, দেবী জানকীও কী তবে বনবাসী হতে চলেছেন ?
লক্ষ্মণ জিজ্ঞাসুভাবে অগ্রজের দিকে তাকিয়ে রইলেন।
অভিমান শুন্য অগ্রজ রাম এইবার সীতাকে সযত্নে নামতে সাহায্য করে রথ হতে এবং গম্ভীর হয়ে অনুজের দিকে তাকিয়ে মাত্র উচ্চারণ করলেন,‘ ভাই লক্ষ্মণ, দেবী সীতা ও বনগমন করবেন আমার সঙ্গে ! আমরা মাতার নিকট বিদায় নিতে এসেছি বনগমনের পূর্বে। তুমি রাজ্য রক্ষা কর।’
এবং মাত্র এই কথা বলে এক্ষনে রাম এবং সীতা উভয়ে অগ্রসর হলেন মাতা কৌশল্যার দিকে বিদায়পূর্ব সম্ভাষণ করতে। ওই তো তিনি ছিন্নশাখী তরুলতার মত মন্দিরের চাতালে শোকে নিম্মজিত হয়ে সুমিত্রার কোলে মাথা রেখে অর্ধশয়ান মুদ্রায় দৃশ্যমান। রাম সীতা সমভিব্যাহারে এসে মাতাকে সম্ভাষণ করেন , মাতা এই দেখুন সীতা এসেছেন । সীতা আমার সঙ্গে বনগমন করবেন। আপনি আমাদের অনুমতি করুন মাতা !’
মাতা কৌশল্যা হাহাকার করে ওঠেন , ‘ হায় সীতা , এ আমার কি হোল । আমার সুখের সংসার দুঃখের সাগরে নিমজ্জন হল ! হায় তবে তুমি ও চললে বনে ? রাম , বাছা আমার , মায়ের বচন রাখো পুত্র। আামাকে এমন অসহায় করে চলে যেওনা বাছা।’
বাপের বচন রাখ লঙ্ঘ মাতৃ বাণী।
কোন শাস্ত্রে হেন কথা কোথাও না শুনি।
গর্ভে ধরি দুঃখ পায় স্তন দিয়া পোষে।
হেন মাতৃ আজ্ঞা রাম লঙ্ঘ তুমি কিসে ॥ [কৃত্তিবাস ]
রাম সান্তনা দেন মাতাকে। প্রবোধ দেন মাতাকে। -‘ মাতা আমাকে পিতৃসত্য পালন করতে হবে। আপনি অস্থির হবেন না । আমাকে আর নির্বল করবেন না। মাতা স্থির হন। এ দৈব এ কঠিন ভবিতব্য । ‘
লক্ষ্মণ বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে রইলেন অগ্রজের দিকে।
রাম বনে যেতে প্রস্তুত। অনুমানে সীতাকে ও বনবাসিনী হতে দেখে পুরবাসীগন হাহাকার করে ওঠেন।
রাম এবং সীতার বনগমন স্থির নিশ্চয় দেখে এইবার অনুজ লক্ষ্মণ দৃঢ়পদে রামের কাছে এগিয়ে আসেন ।
‘রাঘব, আমি ও আপনার সঙ্গে বনে যাব। আমি ও বনবাসী হব আপনার সঙ্গে !’
রাম অনুজ লক্ষ্মণকে হঠাৎ এই ভাবে দৃঢ়নিশ্চয় দেখে আশ্চর্য্যান্বতি হয়ে বলে ওঠেন,‘ কিন্তু, লক্ষ্মণ, সে কি ভাবে সম্ভব? আমি বনগমন করব পিতৃসত্য পালনার্থে। তোমার সেখানে যাবার কোন কারন তো নেই ভাই লক্ষ্মণ !’
লক্ষ্মণ বলে ওঠেন, ‘রাঘব, আমি ও পিতৃসত্য পালনার্থেই আপনার সঙ্গে বনবাসী হব। যেখানে রাম সেখানে লক্ষ্মণ। এর কোন অন্যথা না সম্ভবে। যদি আপনি বনে যাওয়াই স্থির করে থাকেন তবে আমি ধনুর্বান ধারণ করে এগিয়ে যাব আপনার আগে আগে। আপনাকে ছেড়ে আমি এই রাজ্যসুখ ভোগ করতে চাই না। রাজ্য দেখবেন ভরত !’
রাম বললেন,‘ ভাই লক্ষ্মণ, কিন্তু, তুমি বনে গেলে আমাদের মাতা কৌশল্যাকে এবং মাতা সুমিত্রাকে কে দেখবেন ? আমাদের মহাতেজা পিতা মহারাজা বিমাতার বশীভূত। রাজ্যের কর্তৃত্ব পেয়ে অনার্য্যা কৈকেয়ী সপত্নীদের দুঃখ দেবেন। ভরত ও বিমাতাদের যত্ন করবেন কি না সে ও অনিশ্চিত? এমন সংকটে লক্ষ্মণ তুমি রাজ্যে থেকে তাদের ভরণ পোষণ করো। তাদের দেখাশোনা করো।’
লক্ষ্মণ বললেন,‘ আমি বিশ্বাস করি, ভরত বিমাতাদের যত্ন করবেন। ভরত ভাই আপনার ভয়ে কখনো তাদের অবহেলা করবেন না। আর মাতা কৌশল্যার ভরণপোষণের নিমিত্ত আমাদের ভাবনার কোন কারণই নেই। তাঁর নিজেরই অনেক সম্পত্তি। তিনি আমাদের মত শতসহস্র ব্যক্তির প্রতিপালনে সক্ষম। আমি আপনার সঙ্গে বনগমন করব , এ স্থির নিশ্চয় ! ‘
রাম এক্ষণে লক্ষণের স্নেহের এই অনুনয়কে উপেক্ষা করতে পারলেন না। তিনি সম্মত হলেন।
রাম বললেন ,’বেশ,যেমন তোমার ইচ্ছা।‘
শ্রীরাম বলেন ভাই যাবে যদি বন ,
বাছিয়া ধনুক বাণ লও তবে লক্ষন ।।
বিষম রাক্ষস সব আছে সেই বনে,
ধনুর্বাণ লহ যেন জয়ী হই রণে ।। [ কৃত্তিবাস]
ভাই লক্ষ্মণ, তুমি আচার্য বশিষ্ঠের গৃহ হতে তবে সঙ্গে নাও আমার বরুণ পাস, অক্ষয় তুণ, সূর্যতুল্য মনিময় খড়গ আর অগ্নিময় যত আয়ুধ। এক্ষণে তবে মাতা ও প্রিয়জনের নিকট হ’তে চলো আমরা বিদায় লয়ে যত দ্রুত সম্ভব বনবাসী হই। আর বিলম্ব নয় ভাই। আমরা না গেলে পিতা অভুক্ত থেকে যাবেন। শীঘ্র চ’ল।’
লক্ষ্মণ এইবার আয়ুধ ইত্যাদি সব সংগ্রহ করে নিলেন।
বনযাত্রার প্রস্তুতি শেষে রাম লক্ষ্মণ এইবার সকলের নিকট হতে বিদায় নিতে প্রাসাদমধ্যে বিশাল রাজসভার অঙ্গনে এসে দাঁড়ালেন। তাহাদের পরনে সামান্য বসন, হাতে ধনুর্বাণ। সীতাও কমণ্ডলু হস্তে বনযাত্রায় অগ্রসর হতে প্রস্তুত হয়ে আছেন।
রাজা আসছেন প্রাসাদঅঙ্গনে তাঁর প্রিয়পুত্রের বনবাসী হবার মুহূর্তের সাক্ষী হ’তে । আজ এই বিদায় মুহূর্ত প্রত্যক্ষ করতে রাজার পাত্র মিত্র অমাত্য সকলে বিষণ্ণ চিত্তে অপেক্ষারত হয়ে আছেন। সকলেই আজ কৌতুহলী । সকলেই আজ মৌনী এবং বিষাদগ্রস্থ। সবাই অপেক্ষা করছেন রাজার আগমনের। তিনি আসছেন কেকয়মহল হ’তে ।
সুমন্ত্র এক্ষনে রাজা দশরথকে কেকয়ভবন হতে সঙ্গে নিয়ে এসে প্রাসাদঅঙ্গনে এক সুন্দর চৌপায়ায় হাতে ধরে বসতে দিলেন। মহারাজ দৃশ্যতঃ বিষণ্ণ এবং অবসন্ন। কৈকেয়ী তখন ও রাজার সঙ্গে সঙ্গে অবশ্য পাশে এসে দাঁড়িয়ে রইলেন।
দশরথ বললেন,‘ কৌশল্যা , সুমিত্রা, কোথায় তোমরা। এসো তোমরা এসে এখানে আমার পাশে দাঁড়াও। কোন অসৈরন কেউ আমার কাছে থাকবে না।’ – এ কথার লক্ষ্য কৈকেয়ী। রাজা দশরথ কৈকেয়ীর মুখদর্শন পাপ বলে মনে করছেন।
কৈকেয়ী কিন্তু তার অধিকার ছাড়তে রাজী নন। তিনি রাজার কাছেই দাঁড়িয়ে রইলেন। আগে ভরতকে সিংহাসন। পরে রামের বনগমন। না হলে তিনি স্বস্তি পাচ্ছেন না।
রাজা দশরথ বললেন,‘সুমন্ত্র রামকে আমার কাছে আনো। আমি রামকে দেখব। হায় রাম। এ আমি কি করলাম।’
রাম এক্ষনে সীতা এবং লক্ষন সহ প্রাঙ্গনের একধারে এসে দাঁড়িয়েছেন বনবাসী বেশে। রাজ্য হতে বিযুক্ত, সংসার হতে বিবর্জিত বিতাড়িত এবং এক্ষণে এক নির্বিকার চিত্ত রাম, প্রাসাদ অঙ্গনে অত্যন্ত নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছেন সীতা এবং লক্ষ্মণ সম্ভিব্যহারে এবং ত্রয়ীকে দেখে কেউই অশ্রু সংবরন করতে পারেন না।
সুমন্ত্র বলেন, ‘ রাম , মহারাজা তোমাকে দেখতে চাইছেন। তুমি রাজার কাছে এসো।’
রাম কৃতাঞ্জলি হয়ে কয়েক পা এগিয়ে দাঁড়ান এবং মহারাজা দশরথকে বলে,’ পিতা শোক সংবরন করুন। আমাকে স্থিতধী হয়ে আমার সত্যব্রত পালন করতে উৎসাহ দিন। আমি যেন কোন ভাবেই সত্যপথ চুত্য না হই। দেখুন আমি একা নয়। আমার সঙ্গে আমার স্ত্রী জনকনন্দিনী সীতা এবং ভাই লক্ষন ও বনবাসে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।’
দশরথ আবার হাহাকার করে ওঠেন, ‘ হায় সীতা। হায় জনক নন্দিনী, আমি তোমায় এ কি শাস্তি দিলাম। তুমি ও শেষে বনবাসী হবে ? তোমাকে ও আমি বনবাসী করে দিলাম ! হায় হায় হায় !’
সীতা এবার এগিয়ে গিয়ে মহারাজের পাদবন্দনা করে বললেন,‘মহারাজ , আপনি আমার পিতার ন্যায়। গুরুজন আমার। সম্পর্কে আপনি আমার মাননীয় শ্বশুর। আপনি আমার নমস্য। আমার প্রতি আপনি শুভদৃষ্টিপাত করুন । আমি আমার স্বামীর সঙ্গে বনে অনুগমন করতে চাই। আপনি আমায় বনগমনের অনুমতি দিন। ‘
রাজা দশরথ হাহাকার করে ওঠেন। -‘হায় হায় হায়, আমি কি করে আমার সুশীলা পুত্রবধুকে বনে গমনের অনুমতি দিতে পারি ? হায় সীতা, না না না , এ হতে পারে না। হায় কৌশল্যা , হায় সুমিত্রা তোমরা কি বারণ করতে পারো না আমার সীতা মা’কে ? সুমন্ত্র, তুমি ও একবার অনুনয় করে দেখো না আমার সীতা মা’কে অন্তত একবার ! ‘
একটা কান্নার রোল ওঠে পুরবাসীদের মধ্যে।
সুমন্ত্র বলেন,‘ জনকনন্দিনী সীতে, আমি তোমায় এই মাত্র অনুরোধ করতে পারি, তুমি একবার মহারাজের কথা ভেবে দেখো। শোকার্ত মহারাজ তোমাকে অনুনয় করছেন। তুমি না হয় সে ঘোর কান্তারে না গেলে মহারাজের মুখ চেয়ে। তুমি রইলে এই অযোধ্যায় তোমার শ্বশ্রূমাতার সহায় হয়ে ? এই মাত্র আমার অনুরোধ দেবী !’
সীতা এবার বলে ওঠেন,‘ মহারাজ, আপনি শান্ত হন। আপনার আদেশ আমার শিরোধার্য । কিন্তু আমার বিনীত নিবেদন আমার স্বামীর বনগমনের আদেশে, মহারাজ, আমি ও আদিস্ট। আমি আমার স্বামীর সর্বকর্মের সহায়ক। তিনি সিংহাসনে আরোহন করলে আমি সিংহাসনের অধিকারিনি হই। তিনি যুদ্ধে গেলে আমি তাঁর যুদ্ধের সহায়ক হই। তবে তিনি বনগমন করলে তাঁর সঙ্গে আমি ও কেন বনে যেতে বাধ্য নয়? আপনারা উদ্বেল হবেন না। আমার কর্তব্য আমাকে পালন করতে দিন।’ – এ অত্যন্ত কঠিন বাক্য। এমত যুক্তি কেহই খন্ডন করতে সাহস করলেন না। এ হ’ল কর্তব্যের প্রশ্ন ।
দশরথ হাহাকার করতে থাকেন, ‘হায় সীতা , আমি জনকরাজকে কি কৈফিয়ত দেবো। তোমার কথা আমার অন্তরে যে ভাবে বিদ্ধ হচ্ছে, তুমি আমায় ক্ষমা কর বৈদেহী।
সীতা বলতে থাকেন, ‘পিতা মহারাজ, আমি আপনার পুত্রবধূ। রঘুবরের জীবনের সাথে আমার জীবন গ্রন্থিত। ধনুকের সাথে যেমন তীরের অঙ্গাংগী সম্বন্ধ, আমার স্বামীর সঙ্গে আমার ও তেমনই অংগাঙ্গী সম্বন্ধ। আমার স্থান আমার স্বামীর পাশে। অন্য কোথাও নয়। আমি আমার স্বামীর ভারবাহি হব না। আমি নিজেকে রক্ষা করতে সক্ষম। আমি আমার স্বামীর এক মাত্র অবলম্বন। আপনি নিশ্চিন্ত থাকুন। ‘
সকলে ‘সাধু সাধু‘ বলে উঠলেন। একদিকে সাধুবাদ আর একদিকে সুতীব্র আক্ষেপ এমন অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে শোকের আবহ যেন গাঢ় হয়ে ওঠে। সীতার বাক্য শুনে সবাই স্তম্ভিত হয়ে ওঠেন। সে যে জনকের কন্যা তাঁর প্রমান তাঁর দৃঢ়তায়। তাঁর বাগ্মীতায়। তাঁর চরিত্রে।
সুমন্ত্র বলেন, ‘হে ধরিত্রিকন্যা, আপনি রাজা জনকের পুত্রী। মুনিঋষিগন হতে বেদান্তজ্ঞানে আলোকপ্রাপ্তা । আপনি নিজে হরধনুকে তুলে ধরার ক্ষমতা রাখেন। আপনার যাদৃশ মনোবল তাদৃশ আপনার জ্ঞান এবং তৎ সদৃশ দৃঢ়তা প্রশংসনীয়। ‘
সীতা বলেন,’মহামন্ত্রী আপনি আমার অভিবাদন গ্রহন করুন। আপনি আমাকে যাত্রাকালে সাহস প্রদান করুন । ‘ – এবং এইবার তিনি শ্বশ্রূ মহারাজ এর দিকে হাত জোড় করে বললেন, ‘ পিতা আপনার পুত্রের ন্যায় আপনার পুত্রবধূ এক্ষনে আপনার কাছে আশীর্বাদ যাচ্ঞা করছে। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমার ধর্মে মতি থাকে ।’
দশরথ বললেন,’ পুত্রী জানকী, আমি আমার অন্তঃকরন হতে তোমার সর্বমঙ্গল কামনা করি। তুমি আমার আশীর্বাদ নিও। কল্যানীয়া তোমার কল্যান হোক। সব অশুভ হতে হর পার্বতী তোমাকে রক্ষা করুন।’
রাম বলেন, পিতা মহারাজ, আপনি দুশ্চিন্তা ত্যাগ করে এইবার আমাদের বনগমনের অনুমতি দিন।’
রাজা দশরথ বলেন,‘রাম তুমি কোন প্রতিবাদ না করেই সত্যপালনে বদ্ধপরিকর হলে। রঘুবংশের মান তুমি অনেক উচ্চে তুলে ধরলে। তুমি সত্যপালনে দৃঢ়প্রতিজ্ঞ আজ। আমি কৈকেয়ীকে বরদান করে মোহগ্রস্ত হয়েছি। আমি বলছি পুত্র, তুমি আমাকে বন্ধন করে আজ এই মুহূর্তে অযোধ্যার রাজা হও।’
রাম বলেন,‘ পিতা, আপনি হাজার বৎসর রাজত্ব করুন। আমি চতুর্দশবৎসর অরণ্যবাসের পর পুনর্বার আপনার চরন বন্দনা করব।’
দশরথ বলেন,‘ বৎস শ্রেয়লাভ এবং শ্রীবৃদ্ধির নিমিত্ত তুমি অব্যাকুল চিত্তে অকুতোভয়ে শুভপথে গমন কর। তোমাকে নিবৃত্ত করা আমার সাধ্য নয়। কিন্তু হে প্রিয়পুত্র তুমি মাত্র আজ রাত্রে আমার সামনে থাকো। আমি তোমায় অবলোকন করি। সীতাকে দেখে লক্ষনকে দেখে কিয়ৎক্ষন প্রাণ লাভ করি।’
রাম বললেন, ‘পিতা, সংসারীজন সকলে স্বতঃই মোহগ্রস্থ হয়ে থাকেন। এতদ মোহ সংসারীজনের প্রকৃত দুঃখের কারন ? – আজ আপনাকে দেখে যে সুখ লাভ করব কাল সে সুখ আমাকে কে দেবে বলুন? অতএব আমি এখন অযোধ্যা হতে বিদায় নিয়ে বনবাসে্র পথে রওনা হয়ে যেতে চাই।’
রাজা দশরথ জড়বৎ অবস্থা হতে এইবার কোন রকমে উঠে দাঁড়ান এবং প্রিয় পুত্রের দিকে অগ্রসর হন এবং প্রাণাধিক পুত্র রামকে আলিঙ্গন করে আবার মুহ্যমান হয়ে পড়েন।
কৈকেয়ী ভিন্ন সকলে হাহাকার ক’রে কাঁদতে লাগলেন।
ক্রোধে ক্ষোভে অশ্রুতে উদবেল হয়ে উঠেছেন সকলে ।
সুমন্ত্র এবার দৃশ্যতঃ বাধভাঙ্গা ধৈর্যহারা হয়ে কৈকেয়ীকে বললেন, ‘হে অনার্য্য, মহারাজের প্রাণপ্রিয়া, এ আপনি কি করলেন? দুধে গরল মিশ্রিত করলেন ? আপনার মনের বিষে সুন্দর একটা সংসারকে বিধ্বস্ত করে দিলেন ? এ কেমন প্রতিহিংসাবোধ আপনার ? আপনার মুখ দেখাও পাপ। আপনার মায়ের মতই আপনার কুৎসিত মন বিচিত্র স্বভাব। আপনার মা ও যেমন পতিহন্তা ছিলেন আপনিও তেমনি আপন পতিহন্তা হলেন। আপনার চরিত্র আপনার মায়ের অনুরূপ !
সুমন্ত্রর তীক্ষ্ণ বাক্যে কৈকেয়ীর মুখবর্ণের কোন বিকার দেখা গেল না।
সকলে এমন অশ্রুতপূর্ব বাক্য শুনে ভীষণ ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন পাপীয়সী কৈকেয়ীর দিকে।
কৈকেয়ী তথাপি হংস মধ্যে বকো যথা একাকী বিরস বদনে দাঁড়িয়ে রইলেন। তিনি রাজাকে চোখের আড়াল হতে দেবেন না, এ অভিসন্ধি সকলের চোখের সামনে নগ্নরূপে প্রতিভাত হচ্ছে। তিনি স্বার্থ চিন্তাকারী । তিনি কুচক্রি। তিনি সন্দেহপ্রবনা। তিনি কাহাকেও বিশ্বাস করেন না। আর , ওই দেখো, ওই যে দূরে স্তম্ভের আড়ালে প্রচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে আছে কুব্জি মন্থরা, বনগমনোদ্যত রাম সীতার দিকে দৃস্টি মেলে।
সুমন্ত্রর কথায় সকলে বিস্ময় আবিষ্ট হলেন।
সুমন্ত্র বললেন, ‘কৈকেয়ী তোমার অকার্য কিছুই নেই। তোমার এই অনার্য আচরণ তোমার মাতার মতন। তোমার পিতা সব প্রাণী ও পক্ষীদের ভাষা বুঝতে পারতেন। তিনি সেই ভাষা কাহাকে ও প্রকাশ করলে মৃত্যু হবে এ বিষয় তিনি জানতেন। তথাপি তোমার মাতা তাঁর অত্যন্ত জিদ্দি এবং হঠকারী প্রকৃতিবশতঃ তোমার পিতার কাছে সেই ভাষা অনেক বারণ স্বত্বেও শুনতে চেয়েছিলেন। অতঃ তোমার পিতা অশ্বপতি সেই গোপনভাষা তোমার মাতাকে প্রকাশ করে মৃত্যুমুখে পতিত হলেন। সে কথা আপনি নিশ্চয়ই বিস্মৃত হননি ?’
উপস্থিত সকলে ধিক্কার জানালেন,‘ধিক ধিক ধিক !’
সুমন্ত্র বলেন,’আমি আশ্চর্য হচ্ছি আপনার এমন অসৎ আচরণে! মেদিনী কেন আজ বিদীর্ণ হলেন না ? আপনার এই অন্যায় অপকীর্তির জন্য আজ রাজার প্রিয়পুত্র রামকে বন গমন করতে হচ্ছে। সীতাকে তাঁর স্বামীর অনুগমন করতে হচ্ছে এবং ভাই লক্ষণ ও বনগমন করছেন! এতে কি তোমার হৃদয় বিদীর্ণ হচ্ছে না নিষ্ঠুরা নারী ? এ তোমার কোন দুর্মতি, যে, তুমি একটা সোনার সংসারকে ছারখার করে দিলে ?‘
সুমন্ত্রর তীক্ষ্ণবাক্যে কৈকেয়ীর মধ্যে কোনরকম উত্তেজনা বা বিকার দেখা গেল না। তিনি নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি শোক দুঃখের অতীত।
কৈকেয়ী এবার শুধু বললেন,‘মন্ত্রীবর সুমন্ত্র, আপনি আপনার অধিকারের সীমা লঙ্ঘন করবেন না। আমি মহারাজার কাছে আমার পূর্ব প্রতিশ্রুত দুখানি বর চেয়েছি মাত্র। রাজা আমাকে সেই বর দুখানি দিতে এতখানি ইতস্ততঃ করবেন সেটা নিশ্চই কাম্য না। ‘
সুমন্ত্র এবার বলে ওঠেন,‘ আমি নিশ্চিত ভরত আপনাকে কোনোভাবেই ক্ষমা করবেন না।’
কৈকেয়ী বললেন, ‘ আমি আমার পুত্র ভরতের সিংহাসন দাবী করেছি মাত্র রাজার কাছে একবরে !’
লক্ষ্মণ এক্ষনে এক নিস্ফল আক্রোশে অসহায়ভাবে কেবল দুই মুষ্টিবদ্ধ হাতকে সংযত করার চেস্টা করে।
রাজা দশরথ শুধু ‘ সুমন্ত্র আর সুমন্ত্র’ বলে এক অসহায় ভাব ব্যক্ত করার প্রয়াস পান।
রাম বললেন,’মন্ত্রীবর সুমন্ত্র আপনি ইক্ষ্বাকু বংশের হিতৈষী। আপনি এই বংশের প্রতি অনুগত ! আমি আপনার দায়িত্বে আমার পিতা-মাতাগণকে রেখে গেলাম। আমি বনগমন শেষে পুনর্বার অযোধ্যায় ফিরে আবার আপনার সাথে মিলিত হব।’
সুমন্ত্র বলেন, ‘ রাম, হায় রাম, এমন হৃদয় বিদারক দৃশ্য আমাকে দেখতে হবে আমার এই বয়সে আমি ভাবতে পারিনি । ‘
লক্ষণ এইবার মাতা সুমিত্রাকে বলেন,‘ মাতা, আমাকে তবে তুমি বনগমনের অনুমতি দাও। আমি ও রামের পদাঙ্ক অনুসরণ করব।’
সুমিত্রা বলেন,‘পুত্র লক্ষ্মণ, আমি তোমাকে বনগমনের অনুমতি দিলাম। সজ্ঞানেই তোমাকে বনগমনের অনুমতি দিলাম। রামের সঙ্গে তুমি যাবে লক্ষ্মণ। নিশ্চয়ই যাবে। রামের সঙ্গে সঙ্গে তুমি থাকবে । নিশ্চয়ই থাকবে। এক্ষেত্রে কোনপ্রকার অন্যথা নহে। সম্পন্ন অথবা বিপন্ন সকল অবস্থায় একমাত্র রামই তোমার আশ্রয়। সে তোমার বড় ভাই। রামকে তুমি পিতৃতুল্য মনে করবে। আর সীতা আমারই মতো তোমার মাতৃতুল্য। অরণ্যে বাস হবে তোমার অযোধ্যাবাস। তুমি হৃষ্টমনে বনগমন কর। তোমার প্রতিভু ঊর্মিলা আমার কাছে রইল। তাকে দেখে আমি তোমার শোক সংবরণ করার চেস্টা করব।’
লক্ষন এইবার তাঁর স্ত্রী ঊর্মিলাকে সম্বোধন করে বলে ওঠে, ‘উর্মিলা তুমি মাতাপিতাগনের সেবা করো এবং ধর্মাচরণে নিরত থেকো। মাতা সুমিত্রা মাতা কৌশল্যার সেবা করো। পিতাকে নিত্য চরনবন্দনা করো। তুমি দেখতে পাচ্ছো, পিতা মহারাজ কত অসহায় হয়ে পড়েছেন । তোমার হাতে আমি এদের দ্বায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বনগমন করতে চাই। মা তুমি উর্মিলাকে স্নেহ দিয়ে রেখো।’
এতক্ষন ঊর্মিলা সমস্ত ব্যাপার দেখে নীরব হয়ে ছিলেন। এখন শান্তশিষ্ট উর্মিলা স্বামীকে বনগমন করতে দেখে সে ও বনগমনে ইচ্ছুক হয়ে ওঠে। সে তো নারী । সে তার স্বামীর অধিকারিনী। তাঁর ও দাবি আছে স্বামীর ওপরে।
ঊর্মিলা লক্ষনকে বলে বসেন, ‘সৌমিত্রে, আমি ও যাব তোমার সাথে বনবাসে। আমাকে ও তুমি তোমার সঙ্গে কেন না নিয়ে চল বনবাসে ? ‘
লক্ষণ বললেন,‘ উর্মিলা আমাদের বংশের সমূহ বিপদ। তুমি তো দেখতে পাচ্ছো বনবাসী হবেন রাম। আমি তাকে রক্ষা করতে সঙ্গে থাকবো। বড় ভাই পিতার সমান। ছোট ভাইয়ের কর্তব্য তাকে সাহায্য করা।’
ঊর্মিলা বলেন,’ কিন্তু নাথ আমি তাহলে আপনাকে ছেড়ে এই চোদ্দ বৎসর একাকি কি ভাবে থাকব ? আমার প্রতি তোমার কি কোন কর্তব্য নেই ?’
লক্ষন বলেন,‘ প্রিয়ে আমি সব বুঝতে পারছি। কিন্তু বড় অসহায় আমি। তুমি যদি আমার সঙ্গে বনে যাও তবে আমার ধ্যান জ্ঞান থাকবে তোমার উপরে। তখন আমার কর্তব্যে অবহেলা ঘটবে। প্রিয়ে তুমি আমাদের পিতা মাতার ধ্যান রেখো। আমি তোমার উপরে ভরসা করেই বনগমন করছি।’
উর্মিলা কেঁদে ফেলেন, ‘এ কি হল নাথ? এ কি ভীষণ অভিশাপ নেমে এলো আমাদের জীবনে। আমাকে কি এমনি করে স্বামী বিরহীনি হয়ে থাকতে হবে চোদ্দবৎসর? আমার চোখের জলের কি তবে কোন মূল্যই নেই ? এতগুলো বছর আমি তোমাকে কাছে পাবো না। তোমাকে চোখের দেখা ও দেখতে পাবো না । এতগুলো বসন্ত আমাকে যোগিনী করে রেখে দেবেন ঈশ্বর চিরকাল ?’
লক্ষণ বলে,‘ উর্মিলা, আমি তোমার অনুরাগ মনে নিয়ে যাচ্ছি এক ভীষণ কর্তব্যে। তুমি আমাকে সাহস দাও। তুমি এখানে থেকে সংসারকে ধরে রাখো। তুমি আমার হৃদয়ে থাকবে চিরকাল। বনবাস থেকে ফিরে এসে আমরা আবার মিলিত হবো ঊর্মিলা।’
ঊর্মিলা স্বামীকে জড়িয়ে ধরে কাঁদলেন। সকলেই চোখের জল ফেললেন। কেউ বাধা দিলেন না। স্বান্তনা দিলেন না। যে নারীকে স্বামীবিরহিনী হয়ে থাকতে হবে তাঁকে আর কে কি স্বান্তনা দেবেন ! কৌশল্যা কাঁদলেন। সুমিত্রা কাঁদলেন। রাজা অধোবদন হয়ে অশ্রুবিসর্জন করলেন। মন্ত্রীবর সুমন্ত্র ও চোখে হাত দিয়ে অশ্রুজলকে বাঁধ মানাতে চেস্টা করলেন।
সেই ক্রৌঞ্চী হতে বিযুক্ত ক্রৌঞ্চ। ক্রৌঞ্চী কেঁদে চলেছে ক্রৌঞ্চের বিরহে। এই গাঁথা সেই ক্রৌঞ্চ ক্রৌঞ্চির বিরহের সুরে বাঁধা। এর অন্যথা নয় ।
ঊর্মিলা অনেকক্ষন কাঁদলেন। তারপর সীতাকে লক্ষ্য করে বললেন,‘ দিদি জানকী, তুমি তোমার দেবর লক্ষনকে দেখো। আমি তাঁর অপেক্ষায় দিন গুনব । ‘
সীতা ঊর্মিলাকে হাত ধরে নীরব স্বান্তনা দিলেন।
ঊর্মিলা এবার তাঁর অশান্ত মনকে বাঁধলেন। লক্ষ্মণ নির্নিমেষে তাকিয়ে রইলেন।
এইবার ঊর্মিলা স্বামী লক্ষ্মণকে বললেন,‘ তাই যাও স্বামীন। তুমি তোমার কর্তব্য সম্পাদন করো। আমার জন্য তোমার কর্তব্যে কোন দাগ না পড়ে। আমি তোমার পথ চেয়ে থাকব তোমার বনবাসের চোদ্দ বৎসর কাল।
লক্ষ্মণ বললেন,‘ ঊর্মিলা তুমি মহান। তোমার মহার্ঘ প্রেম আমাকে শক্তি প্রদান করুক।‘
| ১৮ |
বন যাত্রার উপক্রম
রাম এক্ষনে মাতা কৌশল্যাকে প্রনাম করে বিদায় প্রার্থনা করলেন।- ‘ মাতা, আমাকে তবে এবার অনুমতি দিন । আমি বন যাত্রার উপক্রম করি।’
কৌশল্যা এইবার তাঁর প্রিয়পুত্র রামকে আলিঙ্গন করে বললেন, ‘ রামা , রামাভদ্র আমার, তুমি সংকল্প ত্যাগ করবে না জানি। আমি এক্ষনে পুত্র বিচ্ছেদের জন্য আমার মনকে প্রস্তুত করে নিয়েছি। আমি তোমায় আশীর্বাদ করি, ধর্ম তোমায় রক্ষা করুন। রাম যেখানে তোমার অভিরুচি যাও। তুমি নীরোগ থেকে কর্তব্য সাধন করে অযোধ্যায় ফিরে এসে রাজ্যলাভ করবে এবং বধূ সীতার মনোবাঞ্ছা পূর্ণ করবে , আমি যেন তাই দেখতে পাই। পুত্র তুমি কবে বনবাস থেকে ফিরে আসবে আমি সেই আশায় তোমার পথ চেয়ে বেঁচে থাকব। রামাভদ্র , আমার কোলে ব’স । আমি তোমার কানে আমার মন্ত্র দিব।’
যে মন্ত্র কৌশল্যা পেয়েছিল আরাধনে।
সেই মন্ত্র দিল রাণী শ্রীরামের কানে ॥
চতুদ্দশ বর্ষ-বনে থাকিবে কুশলে।
অষ্ট লোকপাল রাখুন আমার ছাওয়ালে ॥
ব্রহ্মা বিষ্ণু রাখুন কার্ত্তিক গণপতি।
লক্ষ্মী সরস্বতী আর রক্ষা করুন পার্ব্বতী।।
একাদশ রুদ্র আর দ্বাদশ যে রবি।’
জলে স্থলে. রক্ষা করুন আর যে পৃথিবী ॥
চৌদ্দবর্ষ যদি রহে আমার জীবন।
তবে তোমা সনে মম হবে দরশন।। [কৃত্তিবাস ]
রাম বলেন,’মা, আমি আমার কর্তব্য সম্পূর্ণ করে এসে আবার তোমার এবং পিতার পাদবন্দনা করব। পিতা বড় অসহায় হয়ে পড়েছেন। মা তুমি পিতাকে দেখো। তিনি কুশলে থাকুন।’
দশরথ এবার সাশ্রু নয়নে সুমন্ত্রকে আজ্ঞা করলেন,‘ মহামন্ত্রী সুমন্ত্র , তুমি রামের সঙ্গে যাবার জন্য চতুরঙ্গ বল সজ্জিত কর। রামের সঙ্গে সঙ্গে অরণ্য তত্ত্বজ্ঞ ব্যাধগণ সঙ্গে যাক। উত্তম আয়ুধ, গতিমান শকট , ধনকোষ ও ধান্যকোষ রামের সঙ্গে পাঠাও যাতে রাম পূণ্যস্থানে যজ্ঞ করেও দক্ষিণা দিয়ে ঋষিদের কাছে সুখে বাস করতে পারেন। রামের সঙ্গে সর্বপ্রকার ভোজ্যবস্তু প্রেরণ কর।’
রাম এইবার মনোদুঃখী পিতা দশরথকে বিনম্রভাবে বললেন,‘ পিতা, আমি সর্বপ্রকার ভোগ ত্যাগ করে বনগমন করতে উদ্যত হয়েছি। এই সব ভোগ্যসামগ্রী আমার কি প্রয়োজন? আমি তপস্বীর মত এই চৌদ্দবৎসর ব্যতীত করব। ধনুঃ শর আমার এক মাত্র আয়ুধ। পদব্রজে আমার বনেবনান্তরে বিচরন। ফলমূল দ্বারা আমার ক্ষুধা নিবারন। পর্ণরাজী দ্বারা রচিত আমার শয্যা। কদলীপত্রে থাকবে আমার পূজার ফুল। মৃত্তিকায় রচিত হবেন আমার ধ্যানের দেবতা। পিতা, অধিক ব্যসন আমার কাছে সম্পূর্ণ নিরর্থক। আমাকে চীর ও অজিন ধারন করেই বনবাসে ব্যতীত করতে হবে।’
সকলে বিমুঢ় হয়ে তাকিয়ে আছেন। কেহই রামের জন্য চীর আনিতে প্রস্তুত না। রামকে কেহই বৃক্ষ বল্কল পরিধানরত দেখতে ইচ্ছুক না। এ এক অসম্ভব প্রস্তাব। এ এক হৃদয়বিদারক ভাবনা ও বটে।
এক্ষণে নির্লজ্জ কৈকেয়ী ব্যস্ত সমস্ত হয়ে মন্থরাকে চীর ও অজিন আনতে নির্দেশ দিলেন।
মন্থরা সানন্দে বলে ওঠে, ‘ আ আ আমি এক্ষনি চীর এনে দিচ্ছি বনবাসী রাম সীতা লক্ষনের জন্য।’
সকলে স্তম্ভিত হয়ে যান। কেউই চান না রাম সীতা চীর ধারণ করুন। এ হেন করুন দৃশ্য কেউই দেখিতে রাজি হন না। কিন্তু নির্লজ্জ কৈকেয়ীর আদেশে মন্থরা অতি হর্ষে চীর সংগ্রহ করে এনে রাম লক্ষন সীতার হাতে তুলে দেয়।
উপস্থিত সকলে ধিক্কার দিয়ে ওঠে। রাম এক্ষনে নিজের অঙ্গে চির ধারন করলেন। সীতার কৌশেয় বস্ত্রের উপরে চির বেঁধে দিলেন। লক্ষণকেও চির জড়িয়ে দিলেন।
সকলে এইবার রুষ্ট হয়ে রাজা দশরথকে ধিক্কার দিতে লাগলেন,‘ হায় হায় মহারাজ। আপনি কি চোখ বুজে বসে আছেন ? জনক নন্দিনীর গায়ে এ হেন চীর অজিন যে ভীষণ বেমানান ? এ অপমান অপমান অপমান।’
রাজা দশরথ এবার কৈকেয়ীকে ধিক্কার দিয়ে বলে ওঠেন, ‘ পাপিষ্ঠা এই সুকুমারী জনক কন্যা চীর ধারণ করে বনে যাবেন এমন নিষ্ঠুর প্রতিজ্ঞা আমি তো কখনো করিনি। বৈদেহী তোমার কি করেছেন ? নির্লজ্জ নারী ! আমার সীতামা সর্বরত্ন ভুষিত হয়ে আমার পুত্রের সঙ্গে বনে যাবেন। সুমন্ত্র তুমি সীতাকে রাজ আভরণ এনে দাও।’
রাজার আদেশে সুমন্ত্র সীতার জন্য অনেক সুন্দর আভরণ এনে দিলেন। কৌশল্যা তাঁকে সেই আভরণে ভূষিত করলেন। পরে সীতাকে কৌশল্যা আলিঙ্গন ও মস্তক আঘ্রান করে বললেন,‘ নন্দিনী তুমি আমার পুত্রের রক্ষাকারিনী। তুমি তাঁর সহধর্মিনী। তুমি সব সতীনারীর মতোই পতিকে পরম পূর্ণসাধন জ্ঞান করবে। যে সব নারী স্বামীর সদ্ব্যবহার পেয়েও দুর্দশাগ্রস্থ পতিকে অবমাননা করে লোকে তাদের অসতী বলে। তারা সংসারে ধিকৃত হয়। আমার বনবাসী পুত্র নির্ধন বা সধন যাই হোক তুমি তাকে দেবতুল্য জ্ঞান করবে।
সীতা কৃতাঞ্জলি পুটে কৌশলাকে বলেন, ‘আপনি আমার শ্বশ্রুমাতা। আমার মাতার সমান। আর্য্যা আমি আপনার সকল আদেশ পালন করব। স্বীয় ভর্তার প্রতি স্ত্রী ধর্মে আমার কি কর্তব্য তা আমি জানি এবং আমার মাতার কাছে ও স্বামীর প্রতি কি কর্তব্য তা আমি জেনেছি।’
সকলে বললেন , ‘সাধু সাধু !’
সীতা বলেন,‘ চন্দ্রের প্রভা যেমন চন্দ্র হতে বিচ্ছিন্ন হতে পারেনা, আমিও সেইরূপ ধর্ম হতে স্থলিত হবো না । পিতা ভ্রাতা ও পুত্র যা দেন তা পরিমিত। কিন্তু ভর্তার দান অপরিমিত। তাঁকে কোন সাব্ধী রমনী না পূজা করবে হে জননী।’
সীতার কথা শুনে কৌশল্যা শোকে ও হর্ষে অশ্রুপাত করতে লাগলেন। -‘জনকনন্দিনী সীতা, তুমি চির আয়ুস্মতি হও। সকল নারীর আরাধ্যা হও। সংসারে তুমি পরম মাননীয়া হও।’
রাম বললেন,‘ মাতা, এইবার তবে আদেশ করুন, আমরা বনগমন করি। আপনি দুঃখ সংবরণ করে পিতাকে রক্ষা করুণ। মাতা , আগামী চতুর্দশবর্ষ নিদ্রাবশে কেটে যাবে। তখন আবার আমাদের আপনি দেখতে পাবেন । আমরা তিনজনেই তখন ফিরে এসে আপনার চরণ বন্দনা করব।’
এইবার রাম সীতা ও লক্ষণ দশরথ ও কৌশলকে প্রণাম করলেন এবং আশীর্বাদ নিলেন।
তখন লক্ষণ তার জননী সুমিত্রার কাছে এগিয়ে গিয়ে তাকে প্রণাম করলেন।
সুমিত্রা বললেন,’ লক্ষণ তুমি সর্বদা অপ্রমত্ত হয়ে রামের সেবা করবে। বিপদগ্রস্ত বা সমৃদ্ধ যেমনই হন তিনিই তোমার গতি। জেষ্ঠের বশবর্তী হওয়াই সদধর্ম। এবং রামই দশরথ এবং জনক নন্দিনী সীতাকেই মনে করবে আমি, যেমন তোমার মাতা। এবং ওই অরণ্যই তোমার অযোধ্যা এই রূপ জ্ঞান করবে। বৎস এখন সুখে যাত্রা কর।’
রাজপ্রাসাদের অঙ্গনে এক্ষণে ভীষণ কলরব ও ক্রন্দন ধ্বনি উত্থিত হ’ল। সেই ক্রন্দন ধ্বনি দিকবিদিকে ছড়িয়ে পড়ল।
অযোধ্যাবাসী রাজপ্রাসাদ হতে উত্থিত কলরব শুনে বুঝতে পারে আজ নিশ্চয়ই কোন অনর্থ ঘটেছে। তারা প্রাসাদের সিংহদরজায় ক্রমে সকলে এসে জমায়েত হন। তারা জানতে পারেন, রাম বনবাসী হতে চলেছেন। অবশ্য এই সংবাদ অনেক আগেই রাস্ট্র হয়ে গেছে। তারা জানতে পেরেছেন , রানী কৈকেয়ীর অনর্থ বুদ্ধিতে রাজা দশরথ বিবশ হয়ে বরদান করেছেন, ভরত রাজা হবেন আর প্রিয় পুত্র রাম চোদ্দ বছর এর জন্য বনবাসে যাবেন।
অযোধ্যাবাসি এমন ঘটনায় বিমোহিত এবং বিহবল হয়ে পড়ে। এ কি ভীষণ দুসংবাদ ! না , না , এ হতে পারে না। তাঁরা রামকে বনবাসে যেতে দেবেন না।
রাজপ্রাসাদের অন্দরে যে অযাচিত ঘটনাই ঘটুক, সেখানে রাজনীতির যে কোন ক্রুর আস্ফালনই ঘটুক, কিন্তু এ যে অযোধ্যার আগামী অধ্যায়ের উপর এক ভীষণ অশনি সংকেত। অযোধ্যাবাসি তাহারা তো চুপ করে থাকতে পারেন না।
রাজা দশরথ হাহাকার করে বলে ওঠেন,‘ রাম যেও না। তুমি আমাকে বন্দী করে অযোধ্যার রাজা হও। আমি পাপী। মহাপাপী।’
রাম পিতার দিকে আর তাকালেন না। তাঁর দৃঢ় পদক্ষেপে তিনি সকলকেই বুঝিয়ে দিলেন, তিনি পিতৃসত্য পালনে বাধ্য। তিনি কর্তব্যবোধে এগিয়ে চললেন। মাতা কৈকেয়ীর দাবী ন্যায্য বা অন্যায্য যাই হোক, পিতা যখন কথা দিয়েছেন রাম বনবাসী হবে তখন রাম পুত্র হয়ে সেই সত্য পালনে বদ্ধপরিকর।
অযোধ্যার রাজপ্রাসাদের সিংহ দ্বারে মানুষের ঢল নেমেছে । তারা রামকে বনবাসে না যেতে দিতে বদ্ধ পরিকর ।
রাম সুমন্ত্রকে বললেন,’মন্ত্রীবর এই যে অযোধ্যার মানুষ এদের এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলা অসম্ভব। আপনি আমার নিস্ক্রমনের ব্যবস্থা করুন।’
সুমন্ত্র বলেন, ‘ রাম মহারাজ আদেশ দিয়েছেন , আপনাকে রথে করে সসন্মানে বনবাসে এগিয়ে দিতে। আমি তাই রথে করে যতদূর সম্ভব আপনাকে পৌছে দিয়ে আসব। রথ প্রস্তুত। আমি রথ নিয়ে আসছি।’
চতুরংগ সেনা অযোধ্যার বিশৃংখল জনতাকে শৃঙ্খলায় আনতে রাজ প্রাসাদের সিংহদ্বারে ঘেরা বন্দী করার ব্যবস্থা করে ফেলেছে ।
সুমন্ত্র এক্ষণে রথ নিয়ে এগিয়ে এলেন রামের কাছে। তিনি রামকে বললেন,‘ রাম, রথে আরোহন করুন। মা সীতা ও রথে উপবেশন করুন। লক্ষণ তুমিও বসো। আমি তোমাদের বনবাসে এগিয়ে দেব। আজ থেকেই তোমাদের বনবাসের চতুর্দশ বর্ষ আরম্ভ হোক।’
রাম বললেন,‘ চলুন মহামন্ত্রী। যথার্থ বলেছেন । আজ হতেই আমাদের চতুর্দশবর্ষ বনবাসের শুরু হোক।’
সীতা হৃষ্টমনে সেই সূর্যতুল্য প্রভান্বিত রথে উঠলেন। তাঁর বসনভূষণ এবং বিবিধ অস্ত্র বর্ম চর্মাবৃত পেটিকা ও খনিত্র রথের মধ্যে রেখে রাম লক্ষণ ও রথে উপবিষ্ট হলেন।
সুমন্ত্র এক্ষণে বনবাসী রামকে এবং সীতাকে এবং অনুজ লক্ষনকে বনবাস পথে এগিয়ে দিতে রথ চালনা করলেন। রাম এবং সীতা সকল অযোধ্যাবাসীকে করজোড়ে অভিবাদন করে বনবাস এর দিকে অগ্রসর হলেন।
উদ্ভ্রান্ত নগরবাসী সবাই পথে নেমে এসেছেন। রাজপথে এত জনতা যে সুষ্ঠুভাবে রথ চালানোই বেশ দুঃসাধ্য। লোকে প্রাসাদ হতে, হর্ম্য হতে ও গৃহ হতে রামকে এবং সীতাকে দেখতে উৎসুক হয়ে উঠেছেন।
তাঁরা সকলে রাম সীতাকে বনবাসী হতে দেখে বিলাপ করে বলতে থাকেন, ‘হায় হায়, বৃহৎ চতুরঙ্গ সেনা যার অনুগমন করতো আজ দেখো সেই দশরথ পুত্র রাম একাকী চলেছেন বনবাসে। ওই দেখো , রামের সঙ্গে চলেছেন তাঁর প্রিয় সহধর্মিণী সীতা। সেই সঙ্গে অনুজ লক্ষণ ও চলেছেন বনবাসে। হায় হায়, অসূর্যমপশ্যা সীতা ও আজ নিরাভরন এবং দৃশ্যমান। রাজমার্গের সাধারণ মনুষ্য সকল ও রাম ঘরনীকে চাক্ষুষ করতে পারছেন। মহারাজা দশরথ কৈকেয়ীর প্ররোচনায় ভুতাবিষ্ট হয়ে এইরূপে তাঁর প্রিয়পুত্র রামকে পরিত্যাগ করলেন। হায় হায় হায়। আমরা রামের সঙ্গে সুখদুঃখভাগি হয়ে, চলো সকলে তাঁর সঙ্গে বনবাসে চলে যাই। রাঘব যে বনে যাবেন তা সুখসম্পন্ন এক নগর হোক। আর এই পরিত্যাক্ত অযোধ্যারাজ্য হয়ে যাক এক বিশাল বন। রাক্ষসী কৈকেয়ী তাঁর পুত্র ও শুভানুধ্যায়ীদের নিয়ে এখানে একা একা বিরাজ করুন।’
নগরবাসী রামের প্রস্থানে মোহপ্রাপ্ত হয়ে হাহাকার করতে থাকেন। সে এক অভূতপূর্ব দৃশ্য ।
হস্তিরা মত্ত ও কুপিত হয়ে উদভ্রান্ত হল। অশ্ব সকল চঞ্চল হয়ে হ্রেষা রব করতে লাগলো ।
প্রখর গ্রীষ্মে তৃষ্ণার্ত জন যেমন জলের দিকে ছুটে যান সেইরূপ আবালবৃদ্ধবনিতা সকলেই রামের পশ্চাতে পশ্চাতে ধাবমান হলেন। জনতা বাঁধ মানেন না। তারা রথের পিছনে ছুটতে থাকেন।
তারা সকলে,‘রাম থামো থামো‘,‘রাম আমাদের ফেলে যেও না’ ইত্যাদি রকম অনুনয় করতে করতে রথের পিছনে দৌড়াতে থাকেন। রাম লক্ষণ সীতা এমনভাবে ধাবমান নগরবাসীকে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন।
নগরবাসী সকলেই রথের সঙ্গে সঙ্গে দৌড় শুরু করেছেন। কেউ কেউ রথের মধ্যে ঝুলে পড়েছেন আর সারথি কে বারবার অনুনয় করছেন,‘ সারথি, ও সারথী, ধীরে চালাও, ধীরে চালাও তোমার রথ। আমরা তোমাকে অনুনয় করি, আমাদের রামকে সীতাকে ক্ষণমাত্র অবলোকন করি। রাম জননীর হৃদয় নিশ্চয়ই লৌহ নির্মিত। নচেৎ সে বিদীর্ণ হয়ে যেত। ধন্য বৈদেহী, যিনি ছায়ার ন্যায় পতির অনুগমন করছেন। ধন্য লক্ষন, যিনি তাঁর দেবতুল্য ভ্রাতার পরিচর্যা করবেন।’
তখন বোরুদ্যমানা পত্নীগনের সঙ্গে রাজা দশরথ তাঁর পুত্রকে দেখবার জন্য গৃহ থেকে বেরিয়ে এলেন। তাঁরা ‘হা রাম হা সীতা হা লক্ষণ’ বলে ছুটছেন।
রাম এক্ষনে দশরথ ও কৌশল্যাকে উদ্ভ্রান্ত হয়ে পদব্রজে আসতে দেখে অস্থির হয়ে উঠলেন এবং সুমন্ত্রকে বললেন, ‘সুমন্ত্র রথ দ্রুত বেগে চালান। যত শীঘ্র সম্ভব সকলের দৃষ্টি সীমার বাইরে চলুন।’
[ ত্রিপদী ]
ধাবমান রথযান রাম সীতা বনে যান
অযোধ্যাবাসি ধায় পিছু পিছু !
কান্দে শুধু সকলে, রাম কোথা যাও বলে
না দেখেন পথ উঁচু নিচু।।
রাম বলেন মহারথী, চলো চলো শীঘ্রগতি
এই দৃশ্য না যায় সহন ,
পিতা কান্দেন মাতা কান্দেন, মায়ায় সকলে বান্ধেন
অসহায় হই যে বড় এখন।।
দশরথ বলেন ‘থামো’, রাম বলেন ‘নাহি থামো’
সুমন্ত বিব্রত মধ্যস্থানে ,
এ বড় ধর্ম সংকট, বিষয় বিষম বিকট
মায়া দেখো কেমনে যে টানে।।
বলেন সুমন্ত্র রথি, মহারাজ দুঃখী অতি
তাঁর আজ্ঞা এড়াতে যে নারি
রাম বলেন মতিমান, রাজারে কহি ও আন
রথ ঘর্ঘরে আজ্ঞা বুঝিতে না পারি। [স্বরচিত ]
রাজা দশরথ বলছেন ‘থামো থামো‘, রাম বলছেন ‘ চলো চলো‘। সুমন্ত্র বিব্রত হয়েন মধ্যখানে । রাম তাঁকে বললেন, ‘সুমন্ত্র, রথ না থামবার জন্য রাজা যদি পরে তোমাকে তিরস্কার করেন তবে বলবে যে রথের ঘর্ঘর ধ্বনিতে তাঁর আজ্ঞা তুমি শুনতে পাওনি। সুমন্ত্র , বিলম্ব আমার পক্ষে অতি কষ্টকর হবে। তুমি বেগে রথ চালাও।’ – সুমন্ত্র তবে বেগে রথ ছোটালেন এক্ষনে দৃষ্টিসীমার বাহির হয়ে যেতে।
অমাত্যগন দশরথকে বোঝালেন,‘ মহারাজ, যার পুনরাগমনের জন্য অপেক্ষা করতে হয় তার সঙ্গে অধিকদুর যাওয়া উচিত নয়। রাম একদিন ফিরে আসবেন। আজ তাঁকে পিছনে ডেকে কেন মিছে সত্যভ্রস্ট করা। তিনি যান তাঁর সত্যপথে। চোদ্দবছর বনবাস, অসহ হলেও আশ, রাম একদিন আসিবেন ফিরিয়া।
| ১৯ |
দশরথ কৌশল্যার পুত্র বিরহ
রথের ধুলি যতক্ষণ দেখা গেল রাজা ততক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন। এবং যতক্ষণ রামের রথ দৃষ্টিসীমার বাইরে না পৌঁছায়, দশরথ ততক্ষন তাকিয়ে থাকেন পথের দিকে। তারপর ‘ হায় রাম’ বলে মূর্চ্ছিত হয়ে পড়লেন।
কৌশল্যা হাহাকার করে ওঠেন।
যত ছিলেন অমাত্যগন যত্ন সহকারে তাহারা তখন রাজাকে ধরনীতল হতে তুলে ধরে সুস্থ করে বসালেন চৌপায়ার উপরে।
এইবার কৈকেয়ী কাছে আসতেই রাজা ক্রুদ্ধ হয়ে বলে ওঠেন,‘পাপিয়সী, দূরে যাও। আমার অঙ্গ ছুঁয়ো না। আমি তোমাকে দেখতেও চাই না। তুমি আমার ভার্যা নও। না তুমি আমার আত্মীয়া। তুমি সর্বনাশী। তুমি কুটিলা । তোমার অনুজীবিরাও আমার কেউ নয়। তোমাকে আমি ত্যাগ করলাম।’
দশরথ হাহাকার করে বলতে থাকেন, ‘কৈকেয়ী,তোমার মনস্কামনা সিদ্ধ হোক। তুমি বিধবা হয়ে রাজ্য ভোগ কর। আমি পুরুষ শ্রেষ্ঠ রামের বিরহে বাঁচতে চাই না।’ -সকলেই রাজাকে সান্ত্বনা দেন। মহারাজ শান্ত হন। এমন বিলাপ করলে আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে।
কৈকেয়ী খরদৃষ্টিতে মহারাজের দিকে তাকিয়ে বলে ওঠেন,‘মহারাজ আপনার নিজের ওপরে ধিক্কার আসা উচিত। মাত্র দুটি বর দিতে আপনার এ হেন আক্ষেপ খুবই অসমীচিন। আমি আপনার কাছে দুটি মাত্র বর চেয়েছি। এক ভরতের রাজ্যাভিশেক । দুই রাম এর বনবাস।
রাজা দশরথ বললেন,‘ ভরত যদি এই রাজ্য পেয়ে সুখী হয় তবে সে আমার প্রেতাত্মার উদ্দেশ্যে যা দান করবে তা যেন আমার কাছে না পৌঁছায়। যাও, দূর হও আমার দৃষ্টির সন্মুখ হতে। পাপীয়সী এইবার সুখে রাজ্যভোগ ক’র।‘
কৈকেয়ী নিস্ফল আক্রোশে তাকিয়ে থাকেন মহারাজার দিকে। অন্যদিকে সকলে কৈকেয়ীর ছায়া হ’তে সরে দাঁড়ালেন। যথা অনাচারীকে সকলে ঘৃণা করেন প্রাণেমনে।
রাজা দশরথ এক্ষণে রাম সীতা লক্ষণ বিরহিত ভবনে প্রবেশ করলেন।
দশরথ সকলকে বললেন,‘ আমাকে রাম জননী কৌশল্যার ভবনে নিয়ে চলো। অন্যত্র আমার হৃদয় শান্ত হবে না। ‘ – তখন সকলেই মহারাজা দশরথকে কোশলমহলে রানী কৌশল্যার ঘরে পৌঁছে দিলেন।
দশরথ উপাধানে মাথা রেখে পথের দিকে তাকিয়ে বিলাপ করতে থাকেন।
’হায়, কৌশল্যা, যে অশ্বগুলি রামকে নিয়ে গেছে তাদের খুরের চিহ্ন এখনো সজীব। শুধু রামকে দেখছি না। আমার যে পুত্র চন্দনে চর্চিত হয়ে উপাধানে সুখে শয়ন করতো, বরনারীগণ যাকে বিজন করত, সে আজ বৃক্ষ মূলে কিংবা পাষাণে মাথা রেখে শয়ন করবে। জনকের প্রিয়কন্যা আজ ক্লান্ত দেহে বনে প্রবেশ করবে। কণ্টকে তাঁর পদতল বিক্ষত হবে। হায়, তিনি বনের কিছুই জানেন না। শ্বাপদের লোমহর্ষণ গর্জন শুনে ভয় পাবেন জনকনন্দিনী।’
কৌশল্যা বলেন,‘মহারাজ শেষে এমত দুঃখ ছিল আমাদের কপালে। পুত্র পুত্রবধু সহ সুখী সংসার কৈকেয়ীর বিষ নজরে এই ভাবে ভেঙ্গে গেলো। তাদের হাতের সেবা আমরা পেলাম না। যাদের দেখে আমরা সুখী হব সে সুখে এইভাবে কে বাদ সাধে ? হায়, লোকে যাদের সুখী দেখে, তাঁর ক্ষতি করার চেষ্টা করে। লোকে যাকে সম্পন্ন দেখে তাঁর ধন লুট করার চেষ্টা করে। লোকে যাকে নম্র দেখে তাঁর বিনম্রতাকে ব্যঙ্গ করে। লোকে যাকে শান্ত দেখে তাঁকে অপারগ ভাবে। লোকে যাকে সহানুভূতিশীল দেখে তার মধ্যে দুর্বলতা খোঁজে। হায় লোকচরিত্র কি ভীষণ অদ্ভুত।’
কৌশল্যা আবার রাজা দশরথকে বললেন, ‘রাম এখন সীতা ও লক্ষণের সঙ্গে বনে প্রবেশ করেছে। হায় তারা বনের কষ্ট কিছুই জানে না। মহারাজ আপনি কৈকেয়ীর কথায় যাদের ত্যাগ করলেন তাদের এখন কি অবস্থা হবে আমি ভাবতে পারছি না।’
দশরথ সেই কালরাত্রির মধ্যভাগে বলে উঠলেন,‘কৌশল্যা আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমাকে হাত দিয়ে স্পর্শ কর। আমার দৃষ্টিশক্তি রামের সঙ্গেই গেছে। আর বুঝি আমি তাদের দেখতে পাবো না।’
কৌশল্যা ‘হায় হায়’ করে উঠলেন। – ‘হায় মহারাজ ! কবে সেই দিন আসবে যখন রামসীতালক্ষণকে আবার এক সাথে দেখে আমাদের শোকের অবসান হবে।’
এক্ষনে সুমিত্রা এগিয়ে এসে কৌশল্যাকে প্রবোধ দেন, ‘মহারানী কৌশল্যা, আপনি অশ্রু সংবরণ করুন। আপনার পুত্র রাম পিতৃসত্য রক্ষার্থে বন গমন করেছেন। বৃথা কেন আর শোক করছেন কৌশল্যা দিদি ? তার পরম প্রিয় ভ্রাতা লক্ষণ ও আছে তার অগ্রজের সেবা করতে ! তৎসঙ্গে আছেন বধূমাতা সীতা জনকনন্দিনী। আমার কথা রাখুন, তাঁরা তিনজন একসাথে সুখেই থাকবেন। ঘনবনানীর বিশালকায় বনস্পতির ছত্রছায়া সূর্য্যতাপ হতে তাকে রক্ষা করবে। কাননের নাতিশীতোষ্ণ সুখস্পর্শ বায়ু রামকে সেবা করবে। রাত্রিতে শয়নকালে চন্দ্রের প্রভাময়ী জ্যোৎস্না তাকে সুখনিদ্রা দান করবেন। আর্য্যা, তোমার রাম, তোমার রামা, তোমার রামভদ্র শীঘ্রই ফিরে এসে তোমার চরণ বন্দনা করবেন।‘
সুমিত্রার কথায় কৌশল্যা আকুল হয়ে কাঁদতে থাকেন,‘ ওহো হো হো রাম, ও আমার রামা, ও আমার রামাভদ্র, হায়, কতদিন পরে তোমায় আমি দেখব বাছা। হায়, কেমন করে আমার এ আকুল পরাণকে বেঁধে রাখব পুত্র তোমার অদর্শনে। হায় রাম !’ রাজাও নিতান্ত শ্রান্ত মনে উপাধানে মাথা রেখে মাত্র বলে চলেছেন, ‘ হায় রাম হায় রাম ! ‘
লক্ষ্মণজননী সুমিত্রা বলেন, ‘কৌশল্যা দিদি, আপনি নিজেকে সংবরণ করুন। রাজা কাঁদবেন। রাজা পুত্র বিরহে আছাড়িপিছাড়ি করবেন। শান্ত হউন দিদি আপনি শান্ত হউন।’
(চলবে)



