ধারাবাহিক উপন্যাস
শ্যামলী রক্ষিত
বিংশতি অধ্যায়
পরের দিন সকাল হতে না হতেই বাবা-মা দুজনেই ঘুম থেকে উঠে বসেছিল, মুখে একরাশ চিন্তার ছাপ নিয়ে! ততক্ষণে তার গালের দাগ জানলা দিয়ে আসা পুবের সূর্যকিরণে ভালো করে পরীক্ষা করে দেখেছে মা-বাবা। সে তখনও জানত না! আরও দাগ আবিষ্কার করেছে মা—গলার কণ্ঠার খাঁজে, ঠোঁটে ইত্যাদি সব জায়গায়!
বাবা-মা তখন বুঝে গেছে তার অসুখটা কী! ঘুম ভাঙার পর বাবা-মাকে এইভাবে চিন্তার পাহাড় মাথায় নিয়ে বসে থাকতে দেখে কেমন উঠতেই ইচ্ছা করল না তার। যেমন শুয়েছিল, সেরকমই শুয়ে থাকল মটকা মেরে। তার কানে এল, বাবা বলছে, “দেখি, একবার স্কিনের ডাক্তার তো দেখাই আগে!”
তখন ক্লাস নাইনের হাফ-ইয়ারলি পরীক্ষা হয়েছে সবে। পড়ার চাপ একটু কমই ছিল। মা পাখি পড়ানো করে বলেছিল, “খবরদার, কাউকে কিছু বলবি না! এই দাগের কাছটা একটু বেশি করে পাউডার ঘষে বাইরে বেরোবি, মা! কেউ যেন বুঝতে না পারে।”
কিন্তু কোনো কিছু দিয়েই ঢেকে রাখা গেল না। দু-চার দিনের মধ্যে গালের দাগ আরও বাড়ল। গালের কাছে আরও ছিটছিট কিছু দাগ দেখা গেল। সেই যে ডাক্তার দেখানো শুরু হল! প্রথম প্রথম সে বুঝতে পারেনি এই অসুখের নেচার। মারণরোগ তো নয়, তেমন কোনো কষ্টই নেই। ডেঞ্জারও নয় তেমন। কোনো জ্বালাপোড়া কিছু নেই। তাহলে মা-বাবা এত ভয় পাচ্ছে কেন, এটা ঠিক বুঝতে পারছিল না।
কিছুদিন পর থেকেই মালবিকা বুঝতে পারছিল এই ভয়ের কারণ কী! প্রথম টের পেয়েছিল স্কুলে তার বন্ধু বকুলের আচরণ দেখে।
কলোনির একেবারে দক্ষিণের কোয়ার্টারটা তাদের ছিল। কাজেই স্কুলে যাবার সময় বকুল প্রতিদিন তাদের বাড়ি আসত। বকুল এলে মালবিকা বেরিয়ে যেত। দুজনে একই সঙ্গে স্কুলে যেত এবং স্কুল থেকে ফিরত। সেই নার্সারি থেকেই এইভাবে যাতায়াত করেছে তারা।
কিন্তু সেদিন বকুল এল না দেখে খুব অবাক হয়েছিল সে। কোথাও গেলে, কিংবা শরীর খারাপ হলে স্কুলে যেতে না পারলে, আগে থেকে জানিয়ে দেয় পরস্পরকে। এ যাবৎ তাই হয়েছে। তাই একটু অবাক হয়েছিল। তবু মনে করেছিল, হঠাৎ করে কিছু অসুবিধে হয়েছে বোধহয়। তাই রেডি হয়ে বইয়ের সুটকেস নিয়ে বকুলদের বাড়ি হয়েই স্কুলে গিয়েছিল সেদিন।
সেই দিন থেকেই এই অসুখের যন্ত্রণা টের পেতে শুরু করেছিল সে!
বকুলকে ডেকে তাদের বাড়ির দরজার সামনে দাঁড়াতেই বকুলের মা বেরিয়ে এসে বলেছিল, “বকুল নেই! তুইই স্কুল চলে যা! ও এখন থেকে ওর নিজের মতো যাবে। তুই তোর মতো যা। স্কুলে তুই ওর কাছে বসবি না! রোগটা বড্ড ছোঁয়াচে! একজনের থেকে পাঁচজনের হতে কতক্ষণ? তুই চলে যা!”
সেদিন সারাটা পথ হুহু করে কেঁদেছিল সে। বকুলকে ছাড়াই স্কুলে যেতে একটুও ইচ্ছা করত না। কিন্তু যেতেই হত। স্কুলে কোনো বন্ধু তার কাছে বসতে চাইত না। একমাত্র সুলেখা বসত। বায়োলজির দিদিমণি একদিন সবাইকে বুঝিয়েছিল, “এটা ছোঁয়াচে রোগ নয়। তোমরা মালবিকার সঙ্গে একসঙ্গে খেলবে, ওর পাশে বসবে, তোমাদের কিছু হবে না। অযথা ভয় পেয়ে ওকে কষ্ট দিও না!”
তবুও কেউ বসত না। স্কুলে সারাক্ষণ মনমরা হয়ে একা বসে থাকত সে।
আশ্চর্য ব্যাপার, সুলেখা তখন এগিয়ে এসে আগ বাড়িয়ে বন্ধুত্ব করল তার সঙ্গে! যে মেয়েটা মুখ চুন করে লাস্ট বেঞ্চে বসে থাকত! নাদোরার গরিব, অশিক্ষিত পরিবারের মেয়ে সুলেখা। ভালো করে পেটপুরে খেতে পর্যন্ত পায় না! ওর বাবা জমাদারের কাজ করে। তাকে ক্লাসের কেউ তেমন গ্রাহ্যই করত না। সেই সুলেখাই সেদিন থেকে বন্ধু হল!
মালবিকা যখন বলত, “সবাই যখন ভয়ে আমার সঙ্গ ত্যাগ করছে, তুই কেন রিস্ক নিচ্ছিস?”
সুলেখা বলত, “রিস্ক আর কী, মালবিকা! আমাদের তো এই কানাকড়ির জীবন। লাঞ্ছনা, অপমান তো সঙ্গের সাথি! ওই অসুখ হলেই কী, আর না হলেই বা কী! আলাদা করে কোনো অঘটন ঘটবে না তেমন। তোর এই কষ্টের সময় তোর সঙ্গে থাকলে তবু তো আসলে একটা বন্ধু পাব! আমাদের তো জন্মগতভাবে কিছুই জোটে না রে কপালে! সবটাই নিজেদের দিয়ে অর্জন করতে হয়। এরকম সময় যদি তোর পাশে থেকে তোর বন্ধুত্ব পাই, তাতেই খুশি হব। আমার কথা ভাবিস না! আমার কিছু হবে না, দেখিস!”
সেই সময় সুলেখা সত্যিই তাকে বাঁচিয়ে দিয়েছিল! ওর কথা জীবনে ভুলবে না মালবিকা!
মাঝেমধ্যে ওর সঙ্গে ফোনে কথা বলে শান্তি পায় সে। এখন একটা প্রাইমারি স্কুলে চাকরি করে। বিহারে বিয়ে হয়েছিল সুলেখার। বিয়ের পর যখন ও এক্সচেঞ্জে চাকরি পায়, তখন শ্বশুরবাড়ির লোকজন আপত্তি করে। চাকরি করতে দেবে না! কিন্তু সুলেখা চাকরি করবেই। রাতের অন্ধকারে মেয়েকে বুকে করে নিয়ে বেরিয়ে পড়েছিল। সেই যে ফিরে এসেছিল, আর কোনোদিনও ওমুখো হয়নি।
শ্বশুরবাড়ির লোকজন অনেক ঝামেলা করেছে। মেয়েকে নিয়ে চলে যেতে চেয়েছে! কিন্তু সুলেখা কোনো কিছুকেই তোয়াক্কা করেনি। এসব কথা অনেক পরেই জানতে পেরেছে সে।
এখনও খুব ভালো আছে সুলেখা। অনেক করে তাকে যাবার কথা বলে। যাবার জন্য তারও মনটা ছটফট করে। একবার আদ্রা ঘুরে আসার জন্য সত্যিই তার বুকের ভেতর তোলপাড় করতে থাকে। কিন্তু সে নিরুপায়! মাকে কার কাছে, কোথায় রেখে যাবে?
তাই যতই ইচ্ছা হোক, যাওয়া হয় না। তবে সুলেখাকে সে বলেছে, মা যতদিন বেঁচে আছে, আলাদা কথা! এখন এই অবস্থায় তো আর মাকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। পরে সে হয়তো কলকাতার পাঠ চুকিয়ে আদ্রাতেই ফিরে যাবে। পাহাড়ের কোলে নাদোরা গ্রামে গরিব-দুঃখী মানুষের সঙ্গে থাকবে। ওখানকার গরিব বাচ্চাদের পড়াবে। শেষ জীবনটুকু ওখানেই কাটাবে সে। ফিরে যাবে সুলেখার কাছে, তার প্রিয় রেলকলোনি—সেই আদ্রায়!
দেখা যাক, জীবনের স্রোত কোন খাতে বয়। সবকিছু তো আর নিজের হাতে কাটা ছকে চলে না!
( চলবে )


