শুভাশিস ঘোষ
নবম পর্ব
পরিচ্ছেদ – ১৫
সেদিন ছিল মাসের ২৬ তারিখ। ১৯২২ সালের সেপ্টেম্বর। নিজের সম্পাদিত ধূমকেতু পত্রিকায় কাজী নজরুল ইসলাম লিখলেন একটি কবিতা, ‘আনন্দময়ীর আগমনে’। আদ্যন্ত রাজনৈতিক কবিতাটি ছিল ব্রিটিশ সরকারের যথেষ্ট মাথাব্যথার কারণ। তাই ৮ নভেম্বর সরকার নিষিদ্ধ ঘোষণা করল পত্রিকার ওই সংখ্যা। তার কয়েক দিন পর, ২৩ নভেম্বর, নজরুলের ‘যুগবাণী’ প্রবন্ধের বইটাও বাজেয়াপ্ত হল একই অভিযোগে। সেদিনই তিনি গ্রেফতার হলেন কুমিল্লা থেকে।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া কবিকে কুমিল্লা থেকে নিয়ে আসা হল কলকাতায়। শুনলাম, ১৯২৩ খ্রিষ্টাব্দের ৭ জানুয়ারি নজরুল ইসলাম বিচারাধীন বন্দি হিসেবে আত্মপক্ষ সমর্থন করে একটি জবানবন্দি দিয়েছেন। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে সেই ঘটনা। তাঁর সেই ভাষণ নাকি ছিল ঐতিহাসিক। সেই ভাষ্য পরে বাংলা সাহিত্যে ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে বিশেষ খ্যাতি লাভ করেছে শুনেছি। ১৬ জানুয়ারি বিচারের পর নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। তাঁকে পাঠানো হল আলিপুরের কেন্দ্রীয় কারাগারে।
অর্ধসাপ্তাহিক ধূমকেতু-র সম্পাদকের কারাদণ্ডের প্রেক্ষিতে ২৭ জানুয়ারি প্রকাশিত হল পত্রিকার ‘নজরুল সংখ্যা’। কিছুদিন পত্রিকা প্রকাশ বন্ধ থাকার পরে বীরেন সেনগুপ্ত ও অমরেশ কাঞ্জিলালের সম্পাদনায় পুনরায় প্রকাশিত হয় ধূমকেতু। কিন্তু মার্চ ১৯২৩-এর পর পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় সে পত্রিকা।
১৫ ডিসেম্বর ১৯২৩ মুক্তি পেলেন নজরুল। শুনলাম, এর পরেই রাজনীতিতে সক্রিয় হয়ে উঠলেন তিনি। ১৯২৬ সালে ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় ব্যবস্থাপক পরিষদের নির্বাচনেও তিনি দাঁড়িয়ে গেলেন প্রার্থী হিসেবে। ঢাকা বিভাগে মুসলিম সংরক্ষিত আসনে নজরুল ইসলাম প্রার্থী হলেন স্বরাজ পার্টির মনোনয়নে। তিনি ভাবলেন, স্বরাজ পার্টির প্রার্থী হিসেবে ভোটে লড়লে আর্থিক সহযোগিতার কোনো অভাব হবে না। কবির ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে ভোটে জয়লাভ করাও হবে না খুব একটা কঠিন কাজ।
শুনেছিলাম, তাঁকে ভোটে লড়তে নাকি কলকাতার বিধান ডাক্তারের হাত দিয়ে সি. আর. দাশ পাঠিয়েছিলেন মাত্র তিনশো টাকা। অথচ ঢাকা বিভাগের নির্বাচনী ক্ষেত্র ছিল বিরাট এলাকাজুড়ে। ঢাকা, ফরিদপুর, বরিশাল আর ময়মনসিংহ মহকুমা ছিল সেই এলাকার অন্তর্ভুক্ত। তখন তো কেবল সম্পত্তির ভিত্তিতেই ভোটার হওয়া যেত। তাই সেই বিশাল এলাকার নির্বাচনী ক্ষেত্রে মোট ভোটারের সংখ্যা ছিল মাত্র ১৮,১১৬ জন।
বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সীমিত সংখ্যক ভোটারের কাছে ওইটুকু অর্থের জোরে প্রার্থী হিসেবে নিজের নামটা পৌঁছে দেওয়াই কবির পক্ষে হয়ে দাঁড়াল দুঃসাধ্য ব্যাপার। ওই সামান্য দলীয় তহবিলের ভরসায় ভোটের ময়দানে নেমে নজরুল পড়লেন অথৈ জলে। উল্টোদিকে তো শুনলাম, সব বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বী। অর্থ আর লোকবলে তাঁদের কাছে কবি তো ছিলেন নিতান্তই শিশু।
একদিকে ছিলেন বরিশালের জমিদার মুহাম্মদ ইসমাইল হোসেন চৌধুরী। অন্যদিকে টাঙ্গাইলের জমিদার আবদুল হালিম গজনবি। আর একদিকে ঢাকা নবাববাড়ির খাজা আবদুল করিমের মতো ওজনদার প্রার্থী।
ভোটের ময়দানে নেমে নজরুল পড়লেন মহা ফাঁপরে। একদিকে ট্যাঁকে টাকা নেই, অন্যদিকে লোকবল প্রায় শূন্য। বাধ্য হয়ে ধারদেনা শুরু করলেন কবি। সে খবর কেমন করে যেন পৌঁছল শম্ভুচরণের কানে। তড়িঘড়ি নগদ এক হাজার টাকা ভাইয়ের হাতে দিয়ে নজরুলের কাছে পাঠাল এই ঘোষালবাড়ির বড় খোকা শম্ভুচরণ।
সেদিন ভোরে কাকপক্ষী জাগার আগেই রওনা দিল কানাইচরণ। পায়ে হেঁটে বজবজ স্টেশনে গিয়ে ট্রেন ধরে পৌঁছল শিয়ালদা। টাকাগুলো আলাদা কাপড়ে মুড়ে কোমরে বেঁধে, তার ওপর কষিয়ে ধুতি পরেছিল কানাই। শম্ভুচরণ বুঝিয়ে দিয়েছিল কোথায় কীভাবে যেতে হবে। পরিষ্কার নির্দেশ ছিল, একমাত্র কবির হাতেই যেন পড়ে সেই টাকা। বলেছিল, কবির পায়ে হাত দিয়ে প্রণাম করে যেন তাঁর হাতে তুলে দেয় টাকা।
দুদিন পর আছিপুর পোস্ট অফিস থেকে লোক এসে খবর পৌঁছে দিয়ে গেল শম্ভুচরণের হাতে। কানাইচরণ ধরা পড়েছে ঢাকা রেলস্টেশন থেকে। টাঙ্গাইল জমিদারের কাছারিতে ডাকাতির মামলায় নাকি বাওয়াল-সমেত পাকড়াও হয়েছে কানাই। তার হয়ে আদালতে সওয়াল করার কোনো উকিল ছিল না সেদিন।
শুনেছি, শম্ভুচরণের পাঠানো সেই টাকার কথা নাকি নজরুল কোনোদিন জানতেও পারেননি। সে যাত্রায় অবশ্য চূড়ান্ত ভরাডুবি হল কবির। পাঁচ প্রার্থীর মধ্যে চতুর্থ হয়ে জামানতটুকুও খুইয়ে বসলেন নজরুল ইসলাম। ভোটে লড়ে এক বড়সড় দেনার দায়ে ডুবলেন কবি। সেই সঙ্গে নাকি বুঝেছিলেন ভোটের লড়াইয়ের কী মহিমা! সেখানে অর্থ আর প্রতিপত্তির সামনে কবির জনপ্রিয়তা নিতান্তই নস্যি।
এদিকে সেই প্রথমবার শম্ভুচরণও ব্যর্থ হল ভাইকে মুক্ত করতে। তিন বছরের জেল হয়ে গেল কানাইচরণের।
পরিচ্ছেদ – ১৬
সাজা শেষ হল কানাইচরণের। ঘোষালবাড়িতে যখন সে ফিরল, ততদিনে পৃথিবীটা তিন পাক ঘুরে এসেছে। পঞ্জিকা বদল হয়ে গেছে তিনবার। তিনবার মাঠের ধান গোলায় উঠেছে। তিনটে পৌষপার্বণ, তিনটে দুর্গাপুজো কেটে গেছে।
সত্যচরণের প্রথম দুই ছেলে কারবারের দিকে ফিরেও তাকাল না। তবে অভয়চরণ ঠিক বুঝেছিল মা লক্ষ্মীর মাহাত্ম্য। তাই পাঠশালার পাঠ শেষ করে কালীপুরের ইশকুলে বছর তিনেকের বেশি আর যাওয়ার দরকার মনে করল না সে।
সত্যচরণও বলল,
“ওই ঢের হয়েছে। শুভঙ্করী, যোগ-বিয়োগ, কড়াকিয়া, গণ্ডাকিয়া ছাড়া আর কী বা লাগবে আড়তে বসতে? শুধু বুদ্ধিটা একটু খোলতাই হলেই চলবে। তারপর তো সব মা লক্ষ্মীর কৃপা।”
তাই চিলেকোঠার ঘরে বই-খাতা তুলে দিয়ে একটা শুভদিন দেখে সেজ খোকা যাওয়া শুরু করল বাপের আড়তে।
সত্যচরণ বলল,
“দিগ্গজ পণ্ডিত না হোক, অভয় আমার লক্ষ্মী ছেলে। মা লক্ষ্মীর ভাণ্ডার আমার এই ছেলেই আগলে রাখবে।”
অভয়চরণের কারবারে মন আর দেব-দ্বিজে ভক্তি দেখে খুশিতে ভরে উঠল সত্যচরণের মন। আড়তে বসে হুঁকোয় টান দিয়ে ফজলুল মিঁয়া বলল,
“যাই বলো ঘোষাল, তোমার সেজ ছেলেটি কিন্তু একদম তোমার হাত পাবে। কেমন মন দিয়ে আড়তের কাজকর্ম সব শিখছে। খাতাপত্তরও তো দেখি লেখালিখি করে। সব ঠিকঠাক পারে তো?”
মিঁয়ার কথায় একটু ফুলে ওঠে বুকটা। হুঁকোয় একটা লম্বা টান দিয়ে, কাশি থামিয়ে সত্যচরণ বলে,
“ওই তোমাদের আশীর্বাদে শিখছে আর কী! সব কী আর ঠিকঠাক পারবে এখনই? তবে আমি যদ্দিন আছি, একটু শিখেপড়ে নিক। তারপর তো নিজেকেই চালাতে হবে এই আড়ত, বাপকেলে তেজারতি, সবকিছুই।”
“হ্যাঁ, তা তো বটেই। বাপকেলে ব্যবসা ছেলেপুলেরা দেখবে না তো আর কে দেখবে?”
“না মিঁয়া, সব ছেলেপুলের কথা বোলো না। বড় খোকার কথা আলাদা। সে আমার বংশের রত্ন। গোটা পাঁচ গাঁয়ের নাম সে উজ্জ্বল করেছে। তাকে নিয়ে কিছুটি বলার নেই। আর বিষ্ণু তো এখন দুধের শিশু। কিন্তু মেজটি তো আমার বংশের কুলাঙ্গার। আমার ঘরে মা ষষ্ঠী এমন একটা কুলাঙ্গার কোন কর্মদোষে যে পাঠালেন, কে জানে!”
“আহা! অমন করে বলছ কেন ঘোষাল? তোমার কানাইচরণ যে কাজে ব্রতী হয়েছে, ক’জন তা পারে বলো তো?”
“দেখো মিঁয়া, তুমি আমার বন্ধুলোক। তাই তোমাকে ছোটো-বড়ো কথা বলতে পারব না। কিন্তু ওই কুলাঙ্গারের কথা আমার সামনে উচ্চারণ কোরো না।”
কানাইয়ের প্রতি সত্যচরণের অভিমান আর রোষ দেখে কিছুক্ষণ চুপ করে থাকে মিঁয়া। তারপর একগাল ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল,
“দেখো ঘোষাল, তোমার রাগের কারণ আমি বুঝি। সব বাবাই তো চায় ছেলেরা বড়ো হয়ে পরিবারের দায়দায়িত্ব পালন করুক, ঘরসংসার করে সুখে-শান্তিতে জীবন কাটাক। এমন চাওয়ায় তো দোষের কিছু নেই। কিন্তু কী জানো, এই যে আমাদের দেশটাও ওই বেনের জাত ইংরেজরা দখল করে রেখেছে, আমাদের তো ওরা মানুষ বলে গণ্যই করে না, তার কী হবে বলো তো? দেশের মানুষগুলো আর কতদিন পড়ে পড়ে মার খাবে বলতে পারো? দেশটাকে স্বাধীন করতে আজ কত মানুষ এগিয়ে এসেছে, তুমি জানো কি?”
সত্যচরণের ক্ষোভের আগুনের আঁচ কিছুটা কমলেও আরও একবার ঝাঁঝিয়ে উঠল,
“দেখো মিঁয়া, তুমি আর ওর হয়ে ওকালতি করতে এসো না। বলি, দেশ উদ্ধার করার কি আর লোক ছিল না নাকি? ওকেই নিতে হল সেই দায়িত্ব? একে তো মানুষের চক্ষুশূল আমার এই ব্যবসা। তার ওপর ঘরে যদি এমন কালসাপ পোষা থাকে, তো পুলিশ, বরকন্দাজের একদম পোয়াবারো। সেটা বোঝো তুমি? জানি না কদ্দিন ঠিকঠাক ধরে রাখতে পারব এইসব কারবার!”
“শোনো ঘোষাল, দেশসেবার এই মহান দায়িত্ব সবাই নিতে পারে না। এই দায়িত্ব তুলে নিতে গেলে চাই চওড়া কাঁধ আর দরাজ দিল। তোমার কানাইয়ের আছে গো তেমন চওড়া কাঁধ। আর ওর দিলটা যে কত বড়ো, তা তুমি মুখে স্বীকার না করলেও ভালোই জানো। তুমিই বলো না, শুধু তোমাদের বুইতা কেন, গোটা পাঁচ গাঁয়ে প্রমোদ আর তোমার কানাই ছাড়া আর কেই-বা তেমন করে এগিয়ে এল? তোমার কানাইচরণ আমাদের এই পাঁচ গাঁয়ের অহংকার গো ঘোষাল। আমাদের ঘরে আর তেমন সোনার আওলাদ পয়দা হল কই? ঘোষাল, তুমি নসিব জোরে পেয়েছ গো এমন ছেলে।”
মিঁয়ার কথায় গুম হয়ে বসে থাকে সত্যচরণ। বেলা বাড়ছে দেখে মিঁয়া বলল,
“আজ তাহলে আমিও উঠছি ঘোষাল। একটা কথা বলছিলাম, রাগ কোরো না যেন। বলছি, কানাইয়ের তো ছাড়া পাওয়ার কথা ছিল, কবে ফিরছে কিছু জানো নাকি?”
“ফিরছে মানে? ফিরে তো গেছেন মহাপুরুষ। বাড়ি ফিরে আমাকে উদ্ধার করে দিয়েছেন। তবে কদ্দিন বাইরে থাকবে তো আর জানি নে। আবার কবে ইংরেজ তাড়াতে গিয়ে জেলে ঢুকবে কে জানে?”
“ওঃ! কানাই ফিরে এসেছে? ভালো কথা তো। হে আল্লাহ! অনেক মেহেরবান তোমার।”
দুটো হাত বাড়িয়ে ওপরের দিকে তাকিয়ে কথাগুলো বলল মিঁয়া।
“আজ তো অনেক বেলা হয়ে গেল। দেখি কাল একবার তোমার বাড়ির দিকে যাব ঘোষাল।”
“হ্যাঁ হ্যাঁ, তাই যেও। দেখো, তুমিও কতটা দেশ উদ্ধার করতে পারো। এই বুড়ো বয়সে দু-চারবার জেলের ভাত না হয় তুমিও খেয়ে দেখো, কত মজা পাও। ইংরেজের ডান্ডার স্বাদটাও পেয়ে যাবে, বুঝলে? বলি, চুলে পাক ধরেগেল মিঁয়া, অথচ তোমার বুদ্ধিশুদ্ধি এখনও পাকল না? যত অকালপক্ক ডেঁপো ছোঁড়াদের মতো কাজকর্ম! আরে ধুর ধুর, মুখ্যু কোথাকার, সব আকাট মুখ্যু!”
কথাগুলো বলেই হুঁকোয় একখানা লম্বা টান দিয়ে নাক-মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে সত্যচরণ। ঠোঁটের কোণে একটু হাসি ঝুলিয়ে বাড়ির পথে পা বাড়ায় ফজলুল মিঁয়া।
কানাইচরণ ছাড়া পেয়ে ঢাকায় দিনকয়েক কাটিয়ে বুইতায় ফিরেছে। বলা ভালো, ফিরিয়ে এনেছে শম্ভুচরণ। ফেরার পরের দিনেই তো খোদ মেজ দারোগা এল ঘোষালবাড়িতে। বৈঠকখানায় বসে বড় খোকার সঙ্গেই কথাবার্তা বলল।
দারোগা নাকি শাসিয়ে গেছে, এবার যদি আর কোনো অভিযোগ আসে কানাইচরণের নামে, তাহলে কিন্তু বেশ কড়া হতে হবে পুলিশকে। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করলে যে ঘোষালবাড়ির ভালো হবে না, তা সাফ বলে গেছে।
অবশ্য বড় খোকা নিচু গলায় ঠিক কী বলল, তা শুনতে পায়নি বাড়ির কেউ। তাই আমারও আর ঠিক জানা হয়নি কী কথা হয়েছিল দুজনের।
এদিকে অন্দরমহলে তো কানাঘুষোর বিরাম নেই। নতুন বউ নাকি পটের বিবি! ঝি-চাকরদের মধ্যে চলতে লাগল কত রকমের মুখরোচক আলোচনা। নতুন বউয়ের বাপ নাকি আশি ভরি গয়নায় সাজিয়ে দিয়েছিল মেয়েকে। এমন কথাও তো কানে এল, যশোরের জমিদারির ভাগ বাবাজীবনের নামে লিখেই দিয়েছে ভট্টাচার্য মশাই। সেই শর্তেই নাকি ব্যারিস্টার জামাই খরিদ করেছিল সুতানুটির দীনবন্ধু ভট্টাচার্য। আর এই দেমাকেই তো মাটিতে পা পড়ে না বড়বউয়ের। কথায় কথায় ফিরিস্তি দেয় তার বাপের সম্পত্তির।
তবে একটা খটকা আমার প্রথম থেকেই ছিল। যশোরে ব্রাহ্মণ বংশের জমিদারি, তাও আবার বিরাট তালেবর—এমনটা কে কবে শুনেছে এই বাংলায়?
তবে একদিন সব খোলসা করে শোনালেন নতুন বউয়ের কাকা। বেয়াইবাড়িতে বেড়াতে এসে হরিবন্ধু ভট্টাচার্য গল্প জুড়েছিল সত্যচরণের সঙ্গে। দুপুরে খাওয়াদাওয়া করে পান চিবোতে চিবোতে দুজন এসে বসল বাগানে ছাউনি দেওয়া ওই গোল জায়গাটায়।
কথায় কথায় ভট্টাচার্য মশাই বললেন, তাঁর ঠাকুরদাদার বাবা ছিলেন যশোরের জমিদার রায়চৌধুরীদের কুলপুরোহিত। একবার কী একটা নাকি ভীষণ বিপদ থেকে জমিদারগিন্নি আর তাঁর দু-বছরের ছেলেকে রক্ষা করে বংশের মানমর্যাদা বাঁচিয়েছিলেন তিনি। সেই কেশব ভট্টাচার্যের ওপর খুশি হয়ে জমিদার তেজেন্দ্রনারায়ণ নাকি তাঁর জমিদারির একটা অংশ দান করেছিলেন। সেই দানে প্রাপ্ত জমিদারির আয় থেকেই ভট্টাচার্য বংশের যত বাড়বাড়ন্ত। আজ কলকাতা শহরে তাদের এত প্রতিপত্তির মূলেও ওই রায়চৌধুরী বংশের দান।
(চলবে)


