অভিজিৎ চৌধুরী
ধারাবাহিক উপন্যাসিকা (নভেলা )
[ অভিজিৎ চৌধুরী বাংলা সাহিত্যের এক দীপ্তিময় নাম। ১৯৬৩ সালের ১ সেপ্টেম্বর মধ্য কলকাতায় জন্ম নেওয়া এই সমাদৃত ভারতীয় ঔপন্যাসিক ও গল্পকার মূলত তাঁর সমাজ-সচেতন ও সূক্ষ্ম মনস্তাত্ত্বিক আখ্যানের জন্য পাঠক ও সমালোচকদের কাছে বিশেষভাবে পরিচিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জনকারী এই লেখকের গদ্য যেমন মননশীল, তেমনই জীবন-ঘনিষ্ঠ। পেশাগত জীবনে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের একজন উচ্চপদস্থ ডব্লিউ বি সি এস এক্সিকিউটিভ কর্মকর্তা হিসেবে দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে তিনি রাজ্যের বিভিন্ন ব্লকের বিডিও, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং মহকুমা স্তরে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ের এই সুদীর্ঘ অভিজ্ঞতা, গ্রামীণ ও নাগরিক মানুষের সঙ্গে নিবিড় সংযোগ তাঁর সৃজনশীল চেতনাকে গভীরভাবে সমৃদ্ধ করেছে, যা তাঁর সাহিত্যকর্মকে দান করেছে এক অনন্য সামাজিক ও ঐতিহাসিক গভীরতা।
তাঁর লেখনীর প্রধান শক্তি হলো মানুষের জটিল মানসিক টানাপোড়েন, দার্শনিক জিজ্ঞাসা এবং নিখুঁত সমাজচেতনার এক অপূর্ব মেলবন্ধন। সমসাময়িক বাস্তবতার সমান্তরালে ইতিহাস ও সংস্কৃতির রূপ ফুটিয়ে তুলতে তিনি সিদ্ধহস্ত। তাঁর এই ঐতিহাসিক ও সমাজ-সচেতন প্রাতিষ্ঠানিক দক্ষতার এক চমৎকার নিদর্শন লক্ষ্য করা যায় তাঁর বিখ্যাত উপন্যাস ‘সমাদৃত সমাগত মধুমাস’ (১ম ও ২য় খণ্ড)-এ, যেখানে ১৯ শতকের সমাজ সংস্কারক ও নারীশিক্ষার অগ্রদূত মদনমোহন তর্কালঙ্কারের জীবন ও সময়কালকে নিখুঁতভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়া তাঁর অন্য এক অনন্য সৃষ্টি ‘প্রবুদ্ধ’ উপন্যাসটি মানুষের অন্তর্নিহিত চেতনা ও মনস্তত্ত্বের সূক্ষ্ম প্রকাশকে ধারণ করে। মূলত কথাসাহিত্যিক হলেও ছোটগল্প এবং কবিতার জগতেও তাঁর সাবলীল বিচরণ পাঠককে মুগ্ধ করে।
প্রশাসনিক ব্যস্ততার মাঝেও অবিরাম সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন অসংখ্য সম্মাননা। তাঁর ঝুলিতে রয়েছে মদনমোহন তর্কালঙ্কার সম্মাননা, প্রবহমান কালের সেরা কথাসাহিত্যিক সম্মাননা, সোপান সম্মাননা, বই তরণী সম্মাননা এবং রোদ্দুর : দ্য সান সাইন সম্মাননার মতো বহু মর্যাদাপূর্ণ পুরস্কার। সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর নেওয়া এই প্রাজ্ঞ কথাসাহিত্যিক তাঁর ক্ষুরধার পর্যবেক্ষণ, গভীর সংবেদনশীলতা ও শৈল্পিক সততা দিয়ে আধুনিক বাংলা সাহিত্যের ধারাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন। জনপ্রিয় উপন্যাসের তালিকায় আছে কেয়ার গন্ধ , ধর্মান্তর, প্রবুদ্ধ, সমাগত মধুমাস (প্রথম ও দ্বিতীয় খণ্ড), মন্থরা , ধর্মে আছি জিরাফে নেই , ঈশ্বরের পাড়া , বিশ্বজননী ইত্যাদি। গল্প সংকলন ও অন্যান্য লেখা-লেখির মধ্যে আছে প্রিয় ২৫ (তাঁর ২৫টি নির্বাচিত ছোটগল্পের সংকলন), ফোটন কণা (জীবনবোধ ও কল্পবিজ্ঞানের মিশেলে লেখা) , একলা পথে (কিশোর সাহিত্য) ইত্যাদি ]
***
জীবনের মূল গল্পের বাইরে কি কোনও গল্প থাকে? থাকে কিছু অতিরিক্ত মুহূর্ত, কিছু অপ্রকাশিত আকাঙ্ক্ষা, কিছু অসমাপ্ত সম্পর্ক, কিছু না-বলা কথা—যেগুলো আমাদের জীবনের হিসেব মেলাতে গিয়েও বাদ পড়ে যায়। সেই বাদ পড়া অংশই কি জীবনের এক্সট্রা?
ফুটবল, বন্ধুত্ব, হারিয়ে যাওয়া প্রেম, মফস্সলের বদলে যাওয়া মুখ, স্মৃতির অলিগলি আর বয়সের সীমানায় দাঁড়িয়ে নতুন করে জীবনের দিকে ফিরে তাকানোর এক আখ্যান—‘এক্সট্রা’। যেখানে মাঠের বাইরে থেকেও জীবন তার নিজস্ব খেলা চালিয়ে যায়, আর অতীতের কিছু মানুষ হঠাৎ ফিরে এসে খুলে দেয় বন্ধ হয়ে যাওয়া দরজা।
অভিজিৎ চৌধুরীর ধারাবাহিক নভেলায়—জীবনের অতিরিক্ত মুহূর্তগুলিই হয়তো হয়ে ওঠে সবচেয়ে জরুরি গল্প। আজ চতুর্থ ও পঞ্চম পর্ব ।
৪
তখন লাল্টুদের মফস্সলে শীতকালে প্রেমের বাড়বাড়ন্ত হতো। নতুন নতুন প্রেমের জোয়ারে ভাসত শীতঋতু। গলির আলোগুলো ছিল নিবু নিবু। তার তলায় দাঁড়িয়ে চলত অফুরন্ত প্রণয়কাব্য। তারপর সেই প্রেমিক-প্রেমিকারা যখন সংসারের বদ্ধ জলাশয়ে আটকে যেত, প্রেম বায়বীয়, কিংবা ভোলাটাইল গ্যাসের মতো উবে যেত।
রাগিনীর সঙ্গে এমন প্রেমের সুযোগ হয়নি। রাগিনী কলকাতার মাঠে খেলা দেখতে গেছে, বড় টিমে চান্স পাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করেছে, কখন তার প্রেমিক লাল্টু চৌধুরীকে নামানো হবে। নামানো হতো, তারপর অজ্ঞাত কারণে তাড়াতাড়ি তুলে নেওয়া হতো। কখনও কখনও সে গোলও পেয়েছে, তবু তাকে তুলে নেওয়া হয়েছে। বলা হয়েছে, লাল্টু চৌধুরী মডার্ন ফুটবল জানে না। এখন ফুটবল ওয়ান টাচ। সেলফিশ গেম খেললে চলবে না।
মনে মনে হেসেছে লাল্টু। যারা ওয়ান-টু-ওয়ান সিচুয়েশনে একটা ড্রিবল করতে পারে না, তারাই বেশি করে নস্যাৎ করতে চেয়েছে লাল্টু চৌধুরীর উইং প্লে, স্কিল। যে ওয়ান টাচ ফুটবল নিয়ে এত কথা, তা দিয়াগো মারাদোনা, পেলে—এঁদের মনে রাখত না মানুষ? ওয়ান টাচ ফুটবল খেলতে গেলেও রিসিভিং নিখুঁত হতে হয়। একবার বলেছিল লাল্টু চৌধুরী।
এও বলেছিল, আমাদের স্ট্যামিনা, দম—এইসব ঘাটতি হয়তো রয়েছে। কিন্তু সবচেয়ে বড় ঘাটতি স্কিল, ফুটবলের বেসিক। এখনকার প্লেয়াররা জানে কই!
একজন বলেছিল,
‘তুই সবকিছু বুঝিস। অনেক বড় মাতব্বর হয়ে গেছিস।’
আরেকজন তখন বলেছিল,
‘এই জন্য তো ইন্ডিয়া টিমে তোকে কেন নেওয়া হয় না?’
আগুন জ্বলে উঠেছিল সেদিন মাথায়। লাল্টু বলেছিল,
‘নেয় না তার কারণ তোমাদের চুকলিবাজি। কোন ট্রায়ালে আমাকে কেন নানান অজুহাতে ডাকা হয় না! চোট না থাকলেও বলা হয়, আমি চোট লুকিয়ে খেলছি।’
এবার সুজন বলে, একজন বলল,
‘টমি-দা, মালটাকে কেন রেখেছ বলো তো! ছিল তো ছোট টিমে, বড় টিমের ইজ্জত বোঝে!’
টমি-দা মুখে কোনও উত্তর দিল না। কিন্তু ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হল লাল্টুকে। যে আগুন লাল্টু চৌধুরীর মধ্যে ছিল, তা অসফলতর বড়ির মতো একটুখানি ঝলসে উঠে হারিয়ে গেল।
তবু ময়দানে লাল্টু চৌধুরী এক ট্র্যাজিক হিরোর নাম। তার আউটসাইড ড্রিবল, বক্সের মধ্যে ফুটিয়ে তোলা শিল্পরসিকতা ফ্যানদের বুকে জেগে রইল।
বড় ক্লাবগুলিকে জবাব দেবে বলে লাল্টু চৌধুরী এল ছোট ছোট ক্লাবে। বড় টিমের বিরুদ্ধে জ্বলে উঠত—তালাহলুদ হোক বা সবুজ-মেরুন।
শিল্পায়ন নেই রাজ্যে। এর আগের সরকারের সময় একের পর এক লকআউট, কারখানাগুলোতে চুরি—ব্যবসায় লগ্নি করতে কেউ আর চাইত না। ডানলপ প্রায় বন্ধ হয়ে গেল। হিন্দমোটর, হিন্দুস্তান মোটরস নতুন নতুন গাড়ির মডেলের সঙ্গে পাল্লা দিতে পারল না। শেরাই কেল্লা গ্লাস কারখানাও ধুঁকছে। জয়শ্রী টেক্সটাইলস কিছুটা লড়ছিল। গঙ্গার ধারের নৈহাটি, ভাটপাড়া, পাটের কলগুলো যুগের সঙ্গে তাল মেলাতে পারছিল না।
একান্নবর্তী পরিবার ভেঙে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি—মা, বাবা আর সন্তান। হালুইকরের কাল গেল, এল ক্যাটারিং। মরা পোড়ানোর জন্য আর পাড়ার ছেলেদের দরকার নেই, এসে গেছে স্বর্গরথ। বৃদ্ধাশ্রম বাড়ছে, বিদেশে গেল ছেলেমেয়েরা, আর ফেরে না এই পোড়া দেশে।
সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হতেই মায়েরা ছেলেদের ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেল। হারিয়ে গেল বাঙালির চিরকালের আবেগের ফুটবল।
এর মধ্যে একদিন ফরাসডাঙার তপা এল। এককালের এলাকার ত্রাস, তপা পৌরসভার ভোটে দাঁড়িয়ে কাউন্সিলর হয়েছিল। এখন অবশ্য সেইসব আর করে না, সমাজসেবায় মন দিয়েছে। রাধামাধব নিয়েই থাকে।
সেই তপা এসেছে ফরাসডাঙা স্পোর্টিংয়ের কাছে।
ননাইদাকে বলল,
‘গুরু, একটা টুর্নামেন্ট করব বাবার নামে। বাবা মাইরি ফুটবল হেব্বি ভালোবাসত।’
ননাইদা বলল,
‘আমাকে কী করতে বলছিস?’
তপা বলল,
‘তোমাকে গুরু, কলকাতার কয়েকটা প্লেয়ার আনতে হবে। আমার টিমে খেলতে হবে।’
ননাইদা বলল,
‘তোর টিমের নাম কী?’
তপা বলল,
‘তুমি একটা দাও, গুরু।’
ননাইদা বলল,
‘আবার ইলেকশনে দাঁড়াবি!’
‘টুর্নামেন্ট জিতলে হয়তো হতে পারে।’
‘তোর টিমের নাম যদি দিয়ে ফেলি…’
একটু ভাবল ননাইদা। তারপর বলল,
‘ড্রিম ইলেভেন, কেমন হয়!’
তপা লাফ দিয়ে উঠল। বলল,
‘গুরু, হেব্বি হবে!’
ননাইদা বলল,
‘মাল্লু লাগবে কিন্তু।’
‘নো অবজেকশন।’
‘ক্যাপ্টেন কাকে করবি?’
‘লাল্টু চৌধুরী।’
ননাইদা চিমটি কেটে বলল,
‘সে তো বুড়ো ঘোড়া। চলবে?’
তপা বলল,
‘কী যে বলেন! ওল্ড ইজ গোল্ড।’
‘হঠাৎ তুই লাল্টু চৌধুরীকে বাছলি কেন?’
তপা বলল,
‘পড়াশোনা জানা শিক্ষিত ফুটবলার। ব্যাঙ্কে চাকরি করত।’
‘সব খবর রাখিস তুই!’
‘খবর রাখতে হয়, দাদা।’
‘আর কাকে নিবি?’
‘বাকিটা তুমি আর লাল্টুদা মিলে ঠিক করবে। কাপ কিন্তু আমার চাই। সে যদি মাঠে পেটো ছাড়তে বলে, তাও আছি।’
৫
‘কেমন আছ তুমি!’
চমকে তাকাল সন্দীপা।
তারপর হেসে বলল,
‘এই কথাটা জিজ্ঞেস করতে তোমার তো মনে হয় কয়েক যুগ কেটে গেল।’
হাসল শংকর।
বলল, ‘সত্যি তাই। কতবার যে তোমার পিছন পিছন গেছি।’
সন্দীপা বলল, ‘জানি তো। সেই হাওড়া স্টেশনে নেমে আমি সাতান্ন নম্বর বাস ধরতাম।’
শংকর বলল, ‘আমিও তো তাই। তবে তুমি যে বাসে উঠতে, আমি সেই বাসে উঠতাম না।’
‘কেন?’
‘যদি ধরা পড়ে যেত যে তোমার পিছুনিয়েছি!’
‘ধরা না হয় পড়তেই—তাতে কী হতো?’
‘তুমি হয়তো খুব রেগে যেতে।’
‘আজও তো রেগে যেতে পারি।’
শংকর হেসে বলল, ‘এখন তো আর আমাদের যৌবন নেই। সেই ভয়ও আর নেই।’
সন্দীপা মিষ্টি করে হেসে বলল, ‘ও, তাই!’
শংকর বলল, ‘আমাদের নবগ্রাম অনেক বদলে গেছে।’
‘খুব কি বদলে গেছে?’
শংকর বলল, ‘পুরোনো মানুষগুলো আর নেই। ফ্ল্যাট হচ্ছে প্রচুর।’
সন্দীপা বলল, ‘হ্যাঁ, নতুন নগরজীবনের ছোঁয়া নবগ্রামেও লেগেছে। তবে পুরোনো মানুষদের মধ্যে তুমিও তো আর নেই। আবার এলে যে!’
‘আমাদের বাড়িটাকে দেখতে।’
‘কেমন আছে তোমাদের বাড়ি?’
‘ভালো নেই। এখন উই বাসা বেঁধেছে মানুষের বদলে।’
‘মাসিমা, মেসোমশাই—দু’জনেই মারা গেছেন, তাই না?’
শংকর বলল, ‘হ্যাঁ। তোমার কি এখনও মাইগ্রেন হয়?’
‘কোনটা শুনলে খুশি হবে?’
শংকর বলল, ‘জানি না। তবে তোমার সম্পর্কে এটুকু জানতাম।’
‘যাক, কিছু তো জানতেই! একটা কথা বলব?’
‘বলো।’
‘তুমি কি আমায় ভালোবাসতে?’
শংকর বলল, ‘হ্যাঁ।’
‘বলোনি কেন?’
‘সাহস হয়নি।’
অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ল।
সন্দীপা বলল, ‘বিয়ে করেছ?’
‘না।’
‘তবে তো তোমার এখানে এসে থাকা দরকার।’
সন্দীপা আবার বলল, ‘কোথায় থাক, আমি জানি না। নিজের বাড়ি ছেড়ে কেন চলে গেলে?’
শংকর বলল, ‘মা-বাবার মৃত্যুর পর খুব একটা শূন্যতা গ্রাস করেছিল। ভাবলাম, মা-বাবা যখন নেই, এই বাড়ি নিয়ে কী করব!’
‘এখন যে এলে!’
‘যদি বলি, তোমায় দেখতে!’
‘ডাহা মিথ্যে।’
‘সবটা মিথ্যে নয়। মনে মনে ভেবেছিলাম, যদি দেখা হয়, মন্দ কী!’
‘কী করো এখন?’
‘চাকরি করতাম। এখন অবসর নিয়েছি।’
‘তুমি নাকি অনেক বড় চাকরি করতে!’
শংকর হেসে বলল, ‘কে বলল?’
‘জেনেছি।’
শংকর বলল, ‘বড় কেউ হয় না।’
‘এখনও লেখো?’
‘একটু একটু।’
এবার সন্দীপা বলল, ‘সেই পুরোনো দিনের প্রেমিক-প্রেমিকার মতো আমরা কিন্তু অনেকটা সময় গল্প করলাম।’
শংকর বলল, ‘সেই মতি-ছন্ন, নিবু নিবু আলোর তলায়।’
সন্দীপা বলল, ‘যাই তবে।’
শংকর লাল্টু চৌধুরীর বন্ধু। বলা যায়, একসময়ের হরিহর আত্মা।
ফরাসডাঙায় গঙ্গার ধারে বসে এসব বলছিল শংকরকে।
লাল্টু চৌধুরী বলল, ‘একজনকে কেমন মনে মনে ভালোবেসে সারা জীবন বিয়ে করল না!’
হাসল শংকর। বলল, ‘খারাপ আছি কি!’
লাল্টু চৌধুরী বলল, ‘জানি না আমি। আরেকদিন নবগ্রামে গেলে আমায় বলিস। আমার বাড়িটাও তো একা। উইয়ে দেওয়াল খেয়ে ফেলছে। আলমারির বইগুলো একে একে নষ্ট হয়ে যাচ্ছে।’
‘চল, আবার আমরা পুরোনো জায়গায় একসঙ্গে থাকি।’
লাল্টু বলল, ‘তুই তো সন্দীপার খোঁজে যাবি। আমি কেন যাব!’
‘রাগিনীর সঙ্গে তোর প্রেমের জায়গাগুলো খুঁজতে।’
লাল্টু বলল, ‘আর পাব না খুঁজে। তুই তো প্রেম ডিপ ফ্রিজে রেখেছিলি।’
‘আর তুই?’ শংকর বলল।
‘আমি রান্না করে খেয়ে ফেলেছি।’
দুই বন্ধু হোহো করে হেসে উঠল।
এবার শংকর বলল, ‘চাকরি করতে করতে কখনও ছুটি নিতে পারিনি। এবার ভাবছিলাম লন্ডনে যাব।’
লাল্টু বলল, ‘আরে, ব্বাস! এটা তো দারুণ খবর। তোর পাঠক-পাঠিকারা নিয়ে যাচ্ছে!’
শংকর বলল, ‘ধুস! আমি কি এতটাই জনপ্রিয় যে পাঠকেরা নিয়ে যাবে!’
লাল্টু বলল, ‘এখন কিন্তু লেখক হিসেবে কেউ কেউ তোর নাম করে। বলেও, ওর এই লেখাটা পড়লাম।’
শংকর বলল, ‘সেই এক-আধজন। আমি তো তোকে নিয়ে গর্ব করতাম। আমার বন্ধু কত বড় ফুটবলার!’
এবার লাল্টু বলল, ‘আমরা কেউ কিছু তেমন করতে পারলাম না। অথচ নবগ্রাম বিদ্যাপীঠে আমাদের কয়েক বছর পরের ব্যাচের গৌতম এখন নাসায়।’
বাপিন বলল, ‘আমি অনেক স্বপ্ন দেখতাম লেখালিখি নিয়ে। এখন স্বপ্নের বৃত্ত ক্রমশ ছোট হয়ে যাচ্ছে।’
লাল্টু বলল, ‘বা-রে! তুই তো লন্ডন যাচ্ছিস।’
‘ভাইজির কাছে। ও অনেকবার বলেছে। চাকরির কারণে যেতে পারিনি।’
‘সন্দীপার খবর—তুই কি কিছু জানিস?’
শংকর বলল, ‘না। ওই সেদিন দেখলাম। কোনও দিনই তো কথা বলিনি। সেদিন বলে ফেললাম।’
‘ওর বরের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। একা থাকে। দেখ, তোর চার হাত এক হয় কি না, নতুন করে।’
এবার শংকর বলল, ‘তাহলে তো আমার প্রেমেরও রান্না হয়ে যাবে। রহস্য, অপেক্ষা কিছুই আর থাকবে না।’
লাল্টু বলল, ‘ঠিক বলেছিস। রোমান্সটা বাঁচিয়ে রেখে দে।’
আবার বলল, ‘তুই তো এক্সটেনশন নিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আছিস।’
শংকর বলল, ‘ওটা আর দু-মাস আছে। ভিসা পেতেও তো সময় লাগবে। যেতে যেতে ২০২৭-এর জানুয়ারি মাস হয়ে যাবে। আর আমি এই চাকরি ছেড়ে দেব ডিসেম্বরের শুরুতে।’
‘লন্ডনে ঠান্ডা কেমন পড়ে?’
‘আমার তেমন ধারণা নেই। ওদের মুখ থেকে জেনেছি, বেশ ঠান্ডা পড়ে। আর রবীন্দ্রনাথের জীবনস্মৃতি থেকে ধারণা হয়েছে, লন্ডনে খুব স্যাঁতসেঁতে আবহাওয়া।’
লাল্টু চৌধুরী বলল, ‘তোর যাত্রা শুভ হোক, নতুন সূর্যোদয় হোক। লন্ডনে সূর্যোদয় খুব ব্যতিক্রমী একটা বিষয়, তাই ওসব হবে না। আচ্ছা, তোর মতো আমাদের স্যান্ডিও তো ব্যাঙ্কে ছিল।’
‘আরে ব্বাস! সে তো পার্সোনাল ম্যানেজার হয়েছিল। আর আমি তো প্লেয়ার। যখন আমার কলকাতার মাঠে কদর কমল, ব্যাঙ্ক আমাকে এধার-ওধার বদলি করতে থাকল। শেষমেশ ক্যাশিয়ার হয়ে অবসর নেব। আর মাত্র কয়েক দিন।’
শংকর বলল, ‘সন্দীপের সঙ্গে দেখা হয়?’
‘অনেক দিনই হয় না।’
‘আমাদের সেভেন্টি এইট মাধ্যমিক ব্যাচের গ্রুপটা কী হল?’
‘আছে, তবে সকলের উৎসাহে ভাটা পড়েছে।’
শংকর বলল, ‘জরার সঙ্গে ব্যাধিরও তো যোগ রয়েছে। তুই যে কোচিং করাচ্ছিস, এটা খুব ভালো।’
লাল্টু চৌধুরী বলল, ‘আরে, বলিস না! ননাইদার পাগলামির জন্য এই বয়সেও মাঠে নামছি।’
শংকর হেসে বলল, ‘বেকেনবাওয়ার জানলে চমকে যেতেন।’
‘তুই আজ রাতটা ফরাসডাঙায় আমার কাছে থেকে যা। রাগিনী আর আমাদের ছেলের সঙ্গেও দেখা হবে।’
শংকর বলল, ‘তাই হোক, বন্ধু।’
কিছু কিছু মানুষকে দেখে মেয়ে হয়ে খুশি হয়, বাপিন সেই দলে পড়ে। রাগিনীও শংকরকে দেখে উল্লসিত হয়ে উঠল।
এর সঙ্গে শংকরের ভাব বাড়ানোর জন্য লাল্টু বলল, ‘ও লন্ডন যাচ্ছে ২০২৭-এর জানুয়ারিতে।’
চমৎকৃত হয়ে উঠল রাগিনী। বলল,
‘আপনি জীবনটাকে উপভোগ করছেন।’
‘আর তোমরা! সাকসেসফুল কাপল, কত সুন্দর সংসার করছ!’
রাগিনী বলল, ‘ধুস! ওই আমাদের জীবন হল থোড় বড়ি খাড়া, থোড়। চলছে এক্কাগাড়ির মৃদুমন্দ গতিতে।’
শংকর বলল, ‘জমিয়ে চাপান, এক পেয়ালা।’
‘উফ! আপনি একদম বদলাননি।’
লাল্টু ফোড়ন কাটল, ‘বদলেছে।’
রাগিনী বলল, ‘মানে বিয়ে করলেন! কই, আমাদের বললেন না তো!’
‘তার চেয়েও বেশি।’
এবার ভিরমি খেল রাগিনী। বলল, ‘লিভ-টুগেদার! না, নাও, সব আপনি পারবেন না।’
লাল্টু বলল, ‘কয়েক যুগ পর জীবনে প্রথম সন্দীপার সঙ্গে কথা বলেছে নবগ্রামে।’
রাগিনী বলল, ‘আপনি সত্যিকারের প্রেমিক। লেখক তো তাই জীবনটাকে নভেলের মতো গুছিয়ে বাস্তব আর কল্পনা মিশিয়ে জিইয়ে রাখলেন।’
ও হাসল। একার জীবন হয়তো একার নয়। চারপাশে স্মৃতিরা থাকে দল বেঁধে। সন্দীপাও তো ছিল। তবে সবাই ভাবছে, বা অনেকেই ভাবছে, সন্দীপার বিরহে শংকরের এতটা কাল কেটে গেল। এমনও তো নয়, নারী আসেনি। দেহসুখও কম উপভোগ করেনি। তবু ফাউল করেনি। একবার অবশ্য হয়ে গিয়েছিল। তারপর মেয়েটি নিজেই গর্ভপাত করায়, কোনও রকম বদনাম লেগে রইল না। যতটুকু কলঙ্ক, সে একা বহন করল।
নারীকে অসম্ভব শ্রদ্ধা করে। ওর উপন্যাস হোক, গল্প হোক, অজান্তেই এক অদ্ভুত ভালোবাসা বা সহানুভূতি জড়িয়ে থাকে নারীজাতির জন্য। দুঃখও পেয়েছে নারীর কাছ থেকে এমন এক দীর্ঘ জীবনে, আবার ভুলেও গেছে নতুন নারীর আহ্বানে।
সন্দীপার সঙ্গে যখন সে কথা বলতে পারেনি, তখনও সে এক উদ্ভ্রান্ত, অসফল যুবক। তারপর বয়স হয়েছে, সাফল্যও এসেছে। তখন অনেক বেশি প্রত্যয়ী হয়েছে। কোনও কালের লাজুক, ভীরু যুবক সন্দীপাকে হয়তো ধরে রেখেছিল মনে মনে। ও বিয়ে করলে শংকর আর তেমনটা ভাবত না। অবিবাহিতও সন্দীপা শংকরের হৃদয়ে এক নতুন আশার অঙ্কুরোদ্গম ঘটাল—যে ভালোবাসার কখনও মৃত্যু হয় না।
নিজের মনে মনে হাসল শংকর। ওর ভালো নাম অঙ্কুর চক্রবর্তী। তবে ছেলেবেলার বন্ধুদের কাছে শুধু শংকর। আসলে শংকর নামটা ঠাকুরমার দেওয়া।
‘কী হল লেখকমশাই, কী ভাবছেন?’
রাগিনীর ডাকে সম্বিত ফিরল।
‘কখন থেকে এক পেয়ালা চা আর আপনার প্রিয় ডবল ডিমের অমলেট নিয়ে দাঁড়িয়ে রয়েছি।’
বলল, ‘ইস! রাগিনীকে দাঁড় করিয়ে রাখতে আছে!’
রাগিনীর পাশে এক যুবক রয়েছে, সুদর্শন। গালে হালকা দাড়ি। গায়ের রং ফর্সা, তবে ইদানীং রোদে হয়তো বেশি ঘুরছে, তাই একটা তামাটে ভাব এসেছে।
রাগিনী চা আর অমলেট টেবিলে রাখার পর বলল,
‘আমার ছেলে অর্পণ। প্রণাম কর।’
অর্পণ খুব প্রতিভাবান। প্রণাম করে বলল,
‘আপনার কথা অনেক শুনেছি, আর আপনার লেখাও পড়েছি।’
রাগিনী বলল, ‘আমার ছেলে। তোমায় জেঠু বলবে, না কাকু বলবে?’
‘শক্ত প্রশ্ন। তুমিই ঠিক করে দাও, তুমি তোমা…’
রাগিনী বলল, ‘তুমি যখন বিয়ে করোনি, তাহলে কাকুই ঠিক আছে।’
হেসে বলল, ‘ঠিক আছে, তাই হবে।’
তারপর বলল, ‘তুমি তো স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়েছ। এখন ভিকট্রিক্লাবে রয়েছ। কেমন লাগছে?’
ও কিছু উত্তর দেওয়ার আগে রাগিনী বলল, ‘ওর বাবার ভুল। স্পোর্টস ম্যানেজমেন্টের কোনও কিছু পশ্চিমবঙ্গে নেই।’
শংকর বলল, ‘ভিকট্রিক কিন্তু খুব গ্রোয়িং ক্লাব।’
অর্পণ বলল, ‘কাকু, কোনও রকম প্রফেশনালিজম নেই। প্লেয়াররা মাইনে পায়নি দু’মাস হচ্ছে। আর ম্যানেজমেন্ট গ্রুপের মাইনের কোনও ঠিকঠিকানা নেই।’
রাগিনী বলল, ‘ছেলেটার শুধু বাইকে তেল পুড়ছে। তুমি একটা কিছু করতে পার!’
রাগিনী খুব সহজে আপনি থেকে তুমি সম্বোধনে চলে এসেছে। আগেও বোধহয় তুমি ডাকত। মাঝখানে অনেক দিন দেখা না হওয়ায় আপনি করে বলছিল।
এবার বলল, ‘লাল্টু কোথায়?’
‘তাসের আড্ডায়।’
রাগিনী বলল।
অর্পণ চলে গেল।
রাগিনী বলল, ‘মদ খেয়ে ফিরবে। অনেক বদলে গেছে। ইন্ডিয়া টিমে চান্স পেল না, এটা সারা জীবন ভুলতে পারল না।’
‘ও আর কিছু করে না তো?’
‘না, কখনও আমার গায়ে হাত দেয়নি। ছেলে তো ওর প্রাণ। মদ খুব বেশি খায় না। মুখের গন্ধ ঢাকার জন্য জর্দা পান মুখে দিয়ে আসে। অনেক সময় এসেই ঘুমিয়ে পড়ে।’
‘আজ কখন আসবে?’
ও এই কথা শেষ না হতেই লাল্টু চলে এল। বলল,
‘রাগিনী, রান্না করা মাংস নিয়ে এলাম আমজাদ হোটেল থেকে। শংকর স্পেশাল গেস্ট না!’
অর্পণ বলল, ‘ওদের মাংস লাজবাব।’
ছেলের দিকে তাকিয়ে লাল্টু চৌধুরী বলল, ‘ভাবিস না, আমি আছি তো। একটু অন্যরকম অভিজ্ঞতা হবে।’
রাগিনী বলল, ‘তুমি কি চিরটাকাল থাকবে?’
( চলবে )


