২১ : ঊর্ণনাভ

২১ : ঊর্ণনাভ

একুশ

ঘরের মেঝে মুছতে মুছতে দীপালীর হাত শিথিল হয়ে যাচ্ছিল। থমকে গেল সে। তার কিছু ভালো লাগছে না। হাত আপনাআপনিই থেমে গেছে। বালতির মধ্যে ন্যাতাটা ডুবিয়ে চুপ করে বসে থাকল খানিকক্ষণ। মনের মধ্যে অভিমানের বুদ্‌বুদ উঠছে আর মিলিয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে, তার এই কষ্ট পাওয়ার কোনও মানে হয় না। আসলে কাজের মেয়েরা কোনওদিন কোনও বাবুদের বাড়িতে আপন হতে পারে না! ঝি-চাকরের সঙ্গে বাবুদের সম্পর্ক তেল আর জলের মতো। কখনওই মিলেমিশে একাকার হবে না।

এই যে ডাক্তারদিদি তাকে এত কথা শোনালেন, তা শুনতে হল এটাই তো ওই ঝিয়ের কাজ! কেউ তো তাকে মাথার দিব্যি দেয়নি, এত আপন ভাবতে! তার এমন স্বভাব! সে সমস্ত কাজের বাড়ির লোকজনকে আপন ভাবে। এটাও তো তারই দোষ!

সেই থেকে বুকের ভেতর যেন হুহু করে একটা হাওয়া বয়ে যাচ্ছে। সত্যিই খুব খারাপ লাগছে তার। রাগে, ক্ষোভে, অভিমানে চোখে জল চলে আসছে দীপালীর। মনটা বড্ড খারাপ লাগছে। সেই সঙ্গে শরীরটাও যেন অবশ লাগছে আজ। ঘর মুছতে মুছতে তার মনে হচ্ছে, এই ঠান্ডা মেঝেতে একটু গড়িয়ে নিতে পারলে ভালো হত! আজ শরীর-মন বড় ক্লান্ত। এমনিতেই তার এরকমটা প্রায়ই মনে হয়।

পুরোনো বাড়ি। মেঝে কী ঠান্ডা! সত্যিই মেঝেতে আঁচলটা পেতে শুয়ে পড়তে ইচ্ছে করছে তার। কিন্তু সময় কোথায় যে হাত-পা ছড়িয়ে একটু বসে, কি শোবে! কিন্তু আজ যেন সত্যিসত্যিই সে পারছে না। মনে হচ্ছে, হাত-পা ছড়িয়ে আরাম করে ঘরের এই ঠান্ডা মেঝেতে শুয়ে থাকবে কিছুক্ষণ! মাথার উপরে বনবন করে ফ্যান চলবে। আরাম করে একটু ঘুমোবে।

কোনও ছোটবেলায় বাপের বাড়িতে থাকতে হাত-পা মেলে শোবার জায়গা পেয়েছিল! গ্রামে তাদের ঘরবাড়ির অভাব ছিল না। শুধু পয়সার অভাব! তখন কলকাতায় আসার জন্য প্রাণটা ছটফট করত। গ্রামে ভালো চাষবাস হত না। বছর বছর বন্যা! সবাই চাইত কলকাতার দিকে চলে আসতে। কলকাতার নাম শুনলেই কেমন মনের মধ্যে যেন কৃষ্ণের বাঁশি বেজে উঠত! কিন্তু কোথায়, কার সঙ্গে আসবে, থাকবে—সেইটুকু সূত্র তো চাই! সেটুকুও মিলত না। লোকেরা নিজের লোকজন ছাড়া কাউকে পাত্তাই দিত না। তাই ইচ্ছা থাকলেও উপায় থাকত না সবার। কিন্তু গ্রামের ওই দারিদ্র্য থেকে মুক্তি পেতে চাইত সবাই। এবং সুযোগের অপেক্ষায় ওত পেতে থাকত। সেরকম করেই একদিন সুযোগ পেয়ে গিয়েছিল দীপালী।

কলকাতায় আসার জন্য তো ছটফানি ছিলই তার। তখন বাবা অনেক করে বারণ করেছিল।

‘কলকাতায় ক্যান যে যাব-যাব করছিস! উখেনে কিছু নেই রে মা। দুটো কাঁচা পয়সা রোজগার করতে পারবি নিজের ইচ্ছামতো। খাবার-পরবার অভাব ঘুচে যাবে। কিন্তু মনের শান্তি ওখেনে নেই মা।’

তখন বাবার কথা কানে তুলে নি দীপালী। ও সেদিন গো ধরে বসেছিল, কলকাতায়ই থাকবে।

কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না! দিনদিন যত বয়স বাড়ছে, তত হাড়ে হাড়ে টের পাচ্ছে!

কলকাতার নেশা এত ছিল যে আর কিছু বিচার-বিবেচনাই করেনি সে। না হলেও এরকম একটা ছেলেকে কোনওমতেই বিয়ে করত না দীপালী। কনকদির বিয়েতে গিয়ে লোকটার সঙ্গে পরিচয় হল। কলকাতার ছেলে শুনেই তখন সে একেবারে প্রেমে গদগদ! আর কোনও কিছুর বিচার করেনি! ভালোমন্দ, আগে-পিছে কিছু ভাবেনি তখন দীপালী। তার তখন বুকের মধ্যে তোলপাড় চলছে—কলকাতার ছেলে! কত দিনের স্বপ্ন তার, কলকাতায় থাকবে! গাড়ি-ঘোড়া, সাজপোশাক, আলোকতক কত কিছু যে আছে কলকাতায়! অদ্ভুত একটা টান ছিল তার কলকাতা নিয়ে! ছেলে যখন কলকাতায় থাকে, তখন আর কিছু লাগবে না তার!

বিয়ের ঠিক করতে এসে ফিরে গিয়েছিল বাবা। একটাই ঘর। সেখানে শাশুড়ি, ননদ, দেওর—সবাই থাকে। একটা দশ বাই বারো ঘর পার্টিশন দিয়ে ভাগ করে নিলে কতটুকু হবে, জানিস? ওসব মাথা থেকে নে। আমি তোকে গ্রামের ছেলে দেখে বিয়ে দেব। বস্তির ছেলেকে বিয়ে করতে হবে না! সারা জীবন একটুখানি হাত-পা ছড়িয়ে ঘুমোতে পর্যন্ত পারবি না! আমার কথা শোন মা। ওরকম পাগলামো করিস না।

কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনি! তখন কোনও কথাই শুনতে ভালো লাগছিল না দীপালীর। বাবা বাধ্য হয়েই বিয়েটা দিয়েছিল। আসলে সবই হয়তো কপালের লিখন। নাহলে তার অমন একগুঁয়ে স্বভাব হল কেন! বাবা-মাকেও পর্যন্ত কেয়ার করেনি! এরকম মতিভ্রম কেন হয়েছিল, কে জানে!

বিয়ের পর এখানে শুতে-বসতে, নড়তে-চড়তে কী কষ্টই না হত! হাঁফিয়ে যেত দীপালী! ছটফট করত! ঘরের মধ্যে থাকতে বড্ড কষ্ট হত তার। কিন্তু সে কষ্টের কথা কোনওদিন সে বাবামাকে বলতে পারেনি। মা-বাবা কোনওদিন এখানে আসেনি। বলেই বা কী! তোদের ওইটুকু তো ঘর! গিয়ে ঘর জোড়া করে বসলে জামাই থাকবে কোথায়? আর একটা ঘরে জামাই থাকলে আমরা আর কী করে থাকব বল! তাই কোনওদিন দুজনেই তারা কেউ এখানে আসেনি।

সেই তখন থেকেই শুরু হয়েছিল এইরকম একটা স্বপ্ন দেখা! একটু হাত-পা ছড়িয়ে শোওয়ার, বসার স্বপ্ন। তাদের তো গায়ে-গতরে খেটে খাওয়া। খাওয়া-পরা, ঘোরাবেড়ানো—কোনও কিছুর তেমন সমস্যা নেই। এতদিন খুব তেমন অভাবও ছিল না। এই করোনার সময় পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। মহামারিকালের কথা আলাদা। এমন সময় তাদের সংসার ভালোই চলত। অশান্তি ছিল লোকটাকে নিয়ে। তাও অনেক কষ্ট করে তার থেকে মুক্তি পেয়েছে দীপালী। যেটুকু রোজগার করত, সবটাই মদ গিলে ওই মেয়েমানুষটাকে দিয়ে ফতুর হয়ে ঘরে ফিরত! সংসারে একটা পয়সা দিত না। উলটে দুবেলা পাত পেড়ে গিলে উঠত! কী জ্বালিয়েছে তখন! সে সময় এই মালবিকাদিদিই তাকে বুদ্ধি দিয়েছে। আস্তে আস্তে বুঝিয়ে-সুজিয়ে লোকটাকে সিধে করেছে দীপালী। এখন সংসারে আর সেসব কোনও ঝামেলা নেই। সুখে-শান্তিতে চলে যাচ্ছে দিন।

কিন্তু ওই হাঁস-মুরগির খোলের মতো একটা খুবরি ঘর! তার মধ্যে এই গোটা সংসার! ঘরের মেঝে জুড়ে চৌকি। চৌকির নিচে ঠাসা জিনিসপত্র। তাদের সমস্ত সংসারটা ওই চৌকির নিচে আর চৌকির উপরে দোদুল্যমান! সারাদিন এত পরিশ্রম করে রাতবেলায় একটু সচল-বচল জায়গা পায় না শোবার! চৌকিতে কুঁকড়ে-মুকড়ে ওরা তিনজনে শোয় যাহোক করে! আর ওই দুই বাই আড়াই হাত মেঝেতে তার এই রোগা, লম্বা, ছিপছিপে শরীরটাকে সাপের মতো গুটিয়ে নিয়ে শুয়ে পড়ে দীপালী। ক্লান্ত শরীর। একবার শুয়ে পড়তে পারলে আর কিছু স্বর্গ থাকে না! নাক ডেকে নিশ্চিন্তে ঘুমোয়।

কিন্তু মাঝেমাঝে এই বাবুদের বাড়ির কাজ করতে করতে তার বড্ড ইচ্ছে করে হাত-পা ছড়িয়ে ঠান্ডা মেঝেতে একটু নিশ্চিন্তে বিশ্রাম নিতে! এই গরমে, বর্ষায় দমবন্ধ হয়ে যায় একচিলতে ঘরের মধ্যে! ঘর তো নয়! খুবরি। একা শুধু তার ঘরই এরকম নয়। পঞ্চাননতলার বস্তির অধিকাংশ লোকের ঘর মানে এমন একটা করে খুবরি। কী কষ্ট করেই না বেঁচে আছে মানুষগুলো! এতদিন তবু খাওয়া-পরা অভাব ছিল না!

কিন্তু এই মহামারিতে বস্তির মানুষদের দুর্দশার শেষ নেই। একে তো ঘরে ঘরে রোজগার বন্ধ! বাড়ির বেটা-ছেলেদের কাজ বন্ধ! ছেলেমেয়েদের স্কুল বন্ধ! বাইরে বেরোনোর উপায় নেই! এদিকে ওই আট বাই ছয়ের কুটুরি! খেলার মাঠে গিয়ে ছেলেপিলেরা আড্ডা দিত, সেটুকুও বন্ধ। প্রাণ বেরিয়ে যাচ্ছে মানুষগুলোর! তবু কী করে যে বেঁচে আছে তারা! ভাবলেও অবাক লাগে! কোথায় এতটুকু শান্তি নেই!

তাদের মতো কাজের লোকজনকে তো অধিকাংশ বাড়ির মালিক মানুষ বলে মনেই করে না। এরা মানুষ না, পিশাচ এক-একটা! একটুও মায়া-দয়া নেই শরীরে এদের! স্বার্থপরের একশেষ! কিন্তু মালবিকাদিদি আলাদা মানুষ! যাকে বলে মাটির মানুষ! তাকে কোনওদিন কাজের লোক মনে করে না! দীপালীও খুব ভালোবাসে দিদিকে। নিজের দুঃখ-যন্ত্রণা-কষ্ট সব তো দিদিকে বলে হালকা হয়! সবসময় তাকে সুপরামর্শ দেয় দিদি। মানুষটা সত্যিই খুব ভালো! অমন মানুষ হয় না!

আর ভগবানকে দেখো, তাকেই এই কষ্ট দিচ্ছে! ওই মানুষটারই কপালটা পোড়া! আহা, যেন লক্ষ্মীঠাকুরের মতো দেখতে! তেমনই ভালো মন! ভগবান খুব নিষ্ঠুর গো! নাহলে এমন মেয়েটাকে কিনা এই অসুখ দিল! এমনিই অসুখ-বিসুখ করল বাবা, ডাক্তার-বদ্যি দেখাল, ভালো হবার হলে ভালো হল! আর তা যদি না হয়, হয়তো শেষে মরেই গেল! ব্যস, মিটে যেত ঝামেলা! ঠাকুর এমন রোগ দিল যে সারা জীবন মরে বেঁচে থাকতে হবে!

যখন কাজে ঢুকেছিল, কত লোকের কত কথা! বলে কিনা, ছোঁয়াচে রোগ দীপালী, ওদের বাড়ির কাজ নিস না! ওই বাড়ি কাজ করতে গেলে শেষে অন্য বাড়ির কাজ চলে যাবে!

সেসব কথায় পাত্তা দেয়নি সে। পঞ্চাননতলার বস্তি থেকে সে তখন একাই এদিকে কাজে আসত। তখন বেশিরভাগ কাজ ছিল কাকুলিয়া রোড আর গোলপার্কের দিকে। এদিকে নূপুকুর মাঠের দিকে সেই প্রথম কাজ পেল। তখন সংসারে অভাব খুব। চার বাড়ির কাজ করে সংসার চলছিল না। তাই কাজ খুঁজছিল দীপালী। কিন্তু ওদিকে কাজ পাচ্ছিল না। তাই তখন একরকম জোর করেই ঢুকেছিল। যেহেতু এদিকে কাছেপিঠে আর কোনও বাড়িতে কাজ ছিল না, তাই অন্য বাড়ির কেউ জানতেও পারবেন না! এই ভরসাতেই ঢুকেছিল তখন।

কিন্তু দু-চার দিন কাজ করতে না করতেই বুঝে গিয়েছিল, দিদি খুব ভালো মানুষ! আর ভেতরে ভেতরে খুব অসহায়। মাসিমাও যেন সবসময় মরমে মরে থাকতেন! মেয়েটার জন্যে মনে এতটুকু শান্তি ছিল না তাঁর। দিদি না থাকলে বলতেন, ‘দীপালী, একটু ভালো করে চাকর করতমা! আয় আমার কাছে বসে একটু খা!’

খেতে খেতে কত গল্প যে করতেন! এক-একদিন দিদির কথা বলতে বলতে হাউহাউ করে কাঁদতেন আর বলতেন, ‘আমার পাপেই বোধহয় মেয়েটার এমন অসুখ হল মা! এমনিই অসুখ, একটা ছেলে দেখে বিয়ে পর্যন্ত দিতে পারলাম না! যে চারজন ছেলে পাওয়া গিয়েছিল, তাদের সবারই এক কথা—বাড়িটা, কাপ-পয়সা, সমস্ত তাদের নামে লিখে দিতে হবে! মালবিকা সে শর্তে রাজি হয়নি। “আমি মরে গেলেও এই বিয়ে করব না! তোমরা আমাকে নিয়ে দুশ্চিন্তা বন্ধ করো মা! আমাকে নিজের মতো করে বাঁচার জন্য প্রস্তুতি নিতে দাও।” আহা গো! মেয়েটার কেউ নেই মা! আমি চোখ বুজলে আর আপনজন বলতে কেউ থাকবে না! দুটো নিজের দুঃখের কথা, কষ্টের কথা বলবে, এমন কোনও মানুষও পর্যন্ত নেই এখানে! ওর বাবা যখন কলকাতায় চলে এল, তখন মেয়েটা একদম রাজি ছিল। সত্যিই এখানে এসে ভুল করেছিল তারা! মেয়েটার ভালো করতে গিয়ে ক্ষতি করে ফেলেছি মা! এখন এই মৃত্যুর সময় আর কী করব বল মা! শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি! যতদিন বেঁচে থাকব, ওইটুকুই শুধু করতে পারব! তোরা থাকলি আর ঈশ্বর আছেন! লক্ষ্মীমা আমার! আমি মরে গেলে তোরা আমার মেয়েটাকে একটু দেখিস মা।’

ঘর মুছতে মুছতে এসব কথা মনে পড়ে গেল দীপালীর আজ। কথায় আছে, নিজের দুঃখ নাড়ি-চারি, পরের দুঃখ সইতে নারি! সত্যিই, এদের মেয়ের কথা ভেবে বুকের ভেতরটা খামচে ওঠে দীপালীর। বড় মায়া হয়। তারপরই আবার মনটায় আপসোস হয়! ভাবে, দিদিকে ওমনই করে বলা ঠিক হয়নি। দীপালীর মন শ্রাবণের জলভরা মেঘের মতো ভারী হয়ে উঠল। ভাবল, এবার হাতের কাজ সেরে নেওয়া যাক! আর বসে থাকলে সামলাতে পারবে না।

বাইশ

‘কী অত ভাবছিস দীপালী! নে, কাজ সেরে নে! মন খারাপ করিস না! রাগের মাথায় দু-চার কথা বলেছেন, কাল কাজে গেলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। অত চিন্তা করিস না।’

দীপালী কেমন করুণ, বিষণ্ণ চোখে তাকাল। অদ্ভুত লাগছিল ওর এই চাওনি! মালবিকা এর আগে কখনও এরকম করে তাকাতে দেখেনি দীপালীকে। বুঝতেই পারছে, ওর মনটা খুব অস্থির হয়ে আছে। একে তো ছেলেমেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছে! মনটাও ওর একদম ভালো নেই! পরশুদিন খুব কান্নাকাটি করছিল। এত ভেঙে পড়েছে মেয়েটা! আসলে ছেলেমেয়েকে নিয়ে তো ওর অনেক স্বপ্ন ছিল! কত কষ্ট করেও ওদের হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছিল, সেটা তো সবটাই জানে মালবিকা! প্রতি মাসে কত কিছু কেনাকাটা করে নিয়ে যায় ওদের জন্যে! নিজে পরের বাড়ি কাজ করলে কী হবে! ছেলেমেয়ের এতটুকু অভাব রাখেনি! যখন যা চেয়েছে, কিনে দিয়েছে ওদের! পুজোয় কত দামি দামি জুতো-জামা কিনে দেয়! কোনও বাড়ি থেকে নিজের জন্য কিছু নেয় না। বলে, ‘যা দেবার, আমাকে দিয়ে দেবে! আমার জন্য কিছু কিনো না! আমি ছেলেমেয়েকে কিনে দেব।’

কত করে বারণ করেছে তখন মালবিকা!

‘দেখ দীপালী, এইভাবে নিজে কিছু না ভোগ করে সর্বস্ব ছেলেমেয়েকে দিয়ে দিস না! অভাব-অনটনটাও ওদের বুঝতে দে! তুই যে এত কষ্ট করছিস ওদের জন্য, ওরা সেটা বুঝুক! এইভাবে ঠিক নয় দীপালী!’

কিন্তু ওর সেই মায়ের মন! বলত, ‘আমার আর কোনও সখ-সাধ নেই দিদি! ওরা খুশি হলেই আমি খুশি! আমি কষ্ট করছি বলে কি ওদের কষ্ট করতে দেব?’

‘তা, দেবে কেন? কিন্তু ওরা তো তোর কষ্টটাকে অন্তত ফিল করবে! তা না হলে ওরা মানুষ হবে কী করে বল!’

তখন কোনও কথাই শোনেনি! তার ফল যা হবার হয়েছে! তবু হয়তো যাহোক একটা চলনসই গোছের কিছু হত! এতখানি অধঃপতন ঘটত না হয়তো! সর্বনাশ করে দিল করোনা! ছেলের কাণ্ড দেখে খুব আঘাত পেয়েছে দীপালী! কী করে সব দিক সামলাবে, তার ঠিক নেই! তার ওপর আবার মরার ওপর খাঁড়ার ঘা! আহা, বেচারা! ওই জন্যেই বলে সব কপালের দোষ!

দীপালী তখন মনে মনে খুব অস্থির হয়েছিল। খুব অনুশোচনা হচ্ছে তার। ভাবছে, ওখানেও ওদের বাড়িতে উটকো ঝামেলা লাগল, আর তার জের এসে পড়ল এখানে! এদিকে দিদি তার মাকে নিয়ে হিমশিম খাচ্ছে! তিন-চার দিন ধরে খাওয়া-দাওয়া প্রায় বন্ধ! ডাক্তার একরকম জবাবই দিয়ে দিয়েছে। যতই বয়স হোক! মা তো! কষ্ট তো হবেই! হাসপাতালে ভর্তি করানো গেলে তবু হয়তো সুস্থ হয়ে হয়ে উঠতেন! এখন বাড়িতে পড়ে পড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকা! ডাক্তার ভিডিও কলে কথা বলে রোগী দেখছেন! বাঁচবেন না আর! যে কদিন কপালে দুর্ভোগ লেখা আছে, ভোগ করতে হবে! ভোগান্তি শেষ হলেই তুলে নেবে।

দিদিও তো স্পষ্ট বুঝে গেছেন এসব! মন তো খারাপ হবেই! আর সে এমন পিশাচ, এই অবস্থায় কিনা এমন করে বলে ফেলল! বলাটা ঠিক হয়নি! ছিছি! মাথাটা গেছে! বিচ্ছিরি একটা অস্বস্তি হচ্ছে তার! কী যে করবে! দীপালীর কাজে মন লাগছিল না আজ। অদ্ভুত ভারী আর অস্থির লাগছিল মনটা তার। চুপ করে নিঃশব্দে বসে থাকতেই ইচ্ছে করছিল তার। কিন্তু তার তো উপায় নেই! সারাটা দিন একটা দম দেওয়া পুতুলের মতো ছুটতে হয় তাকে! শুধু সে একা নয়! তার মতো যারা পরের বাড়ি কাজ করে খায়! ভোর থেকে উঠে নিজের বাড়ির বাসি কাজ করে বেরোয়, আর তারপর থেকে সাত-আট বাড়ির কাজ সামলে! মেশিনের মতো ছুটতে হয় তাকে। শরীর অবশ হয়ে আসে! কিন্তু তবুও চলমান থাকে! কেননা মনটা ভালো থাকে, তাই কিছু গায়ে লাগে না! কিন্তু আজ না-না ভাবেই মরমে মরে আছে! ওদিকে ছেলেটার জন্য দুশ্চিন্তা হচ্ছে! এদিকে মেয়েও উড়ছে! কী যে হবে শেষ পর্যন্ত কে জানে! যেদিন থেকে ছেলেটার এই পাল্টে যাওয়া চোখে পড়েছে, সেদিন থেকেই দুশ্চিন্তা শুরু হয়েছে! মনের শান্তি, সুখ সব পানসে হয়ে গেছে! আজ আবার এই শুরু হল! এসবের রেশ কিনা গিয়ে পড়ল এই অসহায়, নিরীহ মানুষটার উপর! এখন এই মুহূর্তে তার জন্যেই বেশ মনখারাপ লাগছে দীপালীর!

মালবিকা অবাক হয়ে দেখছিল আজ দীপালীকে। বলল, ‘কী ব্যাপার রে! আজ তোকে বড্ড কেমন লাগছে! শরীরটা খারাপ লাগছে নাকি রে?’

‘বললাম তো, মন খারাপ করিস না! ভেবে তো কোনও সমাধান হবে না!’

‘ওদের নিয়ে আমি ভাবিনি দিদি! আমি তোমার কথা ভাবছি! সত্যি, ভগবান ভালো মানুষগুলোকেই বেছে বেছে কষ্ট দেয়! আর আমরাও দেখো! বড়লোকদের কাছে লাথি খেয়ে এসে আবার তোমার উপুড় হয়ে পড়া দেখাচ্ছি! একটা অসহায় মানুষের উপর উলটো জুলুমবাজি করছি!’

‘আমি কিছু মনে করিনি দীপালী! তুই তো ন্যায্য কথাই বলেছিস! সত্যি সত্যিই বাজারদর যা হয়েছে, তাতে এই মাইনেতে চলে না! কিন্তু কী করব, দেখি! না হয় নিজেকেই করে নিতে হবে! তুই বরং একটা অন্য বাড়িতে কাজ দেখে নিবি! বেশি মাইনে পাবি! ছেলেমেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে তো হবে! একথা তো ঠিকই বলেছিস! আমাকে নিয়ে ভাবিস না! তুই বরং ডাক্তারদিদির বাড়ির কাজটা ছাড়িস না! ভালো মাইনে পাস!’

‘মাইনেটাই সব নয় দিদি! গরিব মানুষ বলেই কি আমাদের মন-সম্মান কিছু নেই?’

‘না, না, আমি তা বলিনি দীপালী! ভুল বুঝিস না! তোকে তো পরের বাড়ি কাজ করতেই হবে! যতদিন না ছেলেমেয়ে মানুষ হচ্ছে, ততদিন তো কাজ না করলে তোর চলবে না! সংসারটা তো চালাতে হবে তোকে! ছেলেমেয়েকে মানুষের মতো মানুষ করবি বলে কত চেষ্টা করছিস! ওরা যেদিন লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে, সেদিন তোর মতো সুখী কে হবে বল! তাই বলছিলাম, যে বাড়িতে তুই কাজে যাস না কেন, কাজের লোকের উপর মায়া-দয়া আর কজন করে বল! ডাক্তারদিদিদের বাড়ি ছেড়ে তুই অন্য বাড়ি কাজ নিবি, তারা যে খুব ভালো হবে, তা তো নাও হতে পারে!’

‘এদিকে তুই না করলেই এখনই হাজার লোক চলে আসবে কাজ করার জন্য! মাথা গরম করিস না। তুইই তো বললি, মাইনে ভালো দেয়। সময়ে-অসময়ে আরও অনেক কিছু দেয়! তাহলে ছাড়বি কেন? বরং ভালো না লাগলে দুদিন যাস না কাজে! অপেক্ষা কর। ডাক্তারদিদি কিছু বলে কিনা দেখ না। দুম করে কিছু করে বসিস না। এমনিতেই এখন অনেক বাড়িতেই বাইরের লোক যাতায়াত করা অ্যালাউ করছে না! এখন নতুন করে কাজ পাওয়া খুব সহজ নয়! কিছুদিন যাক, পরে যাহোক সিদ্ধান্ত নিস।’

দীপালী অবাক হয়ে দেখল মালবিকাকে! আর নিজের উপর তার প্রচণ্ড রাগ হচ্ছিল তখন! এইমাত্র এই মানুষটাকেই সে কীভাবে বলল! দিদির মতো মানুষকেও তো এইভাবে বলতে তার জিভে আটকানো লাগল না! এত বাড়িতে কাজ করে, দিদির মতো কেউ ভালোবাসে না তাকে! কাজের লোকের সঙ্গে এমন আন্তরিকতা আর কোনও বাড়িতে সে পায় না। সংসারের সমস্ত ঝামেলা-ঝঞ্ঝাট যা-ই হয়ে যাক না কেন, সবসময় দিদি সমস্যা মেটানোর পথ দেখায়! সুপরামর্শ দেয়! কী সুন্দর করে বুঝিয়ে বলে সবকিছু! তখন আপনাআপনিই তার মনের কাছে সব পরিষ্কার হয়ে যায়! দিদির কাছে এসে প্রাণ খুলে সমস্ত কথা বলা যায়! যা অন্য কারও কাছে হয় না। আর সেই তাকেই কিনা এইভাবে বলে ফেলল! ছিছিছি! পয়সাটাই বড় হল জীবনে!

‘কী হল দীপালী! ওরকম চুপ করে বসে থাকিস না! হাতের কাজ সেরে নে! আমারও অনেক কাজ! তোর সঙ্গে বকবক করছি। ওদিকে কাজের গাদা পড়ে আছে! মায়ের শরীরটা ভালো যাচ্ছে না রে! খেতেও পারছেন না দেখ না! সারাদিন একটুখানি হারলিক্স আর ফলের রস, এক চামচ! কী হবে কে জানি?’

‘হাসপাতালে নিয়ে যেতে পারতো দিদি।’

‘কোনও হাসপাতাল ফাঁকা নেই রে! বাড়িতে থেকে যে কদিন থাকে থাকুক! বুঝতেই পারছি, মায়ের দিন এবার শেষ হয়ে এসেছে! আর টানাহেঁচড়া করে কোনও লাভও নেই! হাসপাতালে গিয়ে যদি কিছু হয়ে যায়, তখন তো আর একবার চোখের দেখাও দেখতে পাব না!’

‘তা অবশ্য ঠিকই বলেছ।’

‘শেষ কটা দিন বাড়িতেই থাকুক।’

‘সেই ভালো। আর মানুষটাকে কষ্ট দিয়ে লাভ নেই! হাসপাতালে নিয়ে গেলে আর একবার চোখের দেখাও দেখতে পাবেন না! তার চেয়ে যে কটা দিন বেঁচে আছে, বাড়িতেই থাক! তবু তুমি নিজে একটু দেখাশোনা, সেবা-যত্ন করতে পারবে! দেখতে পাবে!’

তেইশ

কী রোদ রে বাবা! আস্ত একটা জীবন্ত মানুষকেই যেন পুড়িয়ে ছাই করে দেবে! রাস্তায় দিয়ে হাঁটা যাচ্ছে না। যেমন রোদের তেজ, তেমনই হুহু করে লু বইছে! ছাতা মাথায় দিয়েছে বটে দীপালী, কিন্তু তাতে সুরাহা কিছু হচ্ছে না। চারদিক থেকে আগুনের হলকানি যেন ঘিরে ফেলেছে তাকে! দাউদাউ করে পুড়ছে শরীরটা তার। জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে!

অন্যদিন ঠিক এতটাও অসহ্য কষ্ট লাগে না তার! আসলে মন পুড়লে বোধহয় বাইরের শক্তিও সুযোগ পেয়ে যায়! অল্পতেই কাবু করে দেয় মানুষকে। এক বাড়ির এই পরিস্থিতি! দুশ্চিন্তায় রাতের ঘুম চলে গেছে তার! আবার শুধু শুধু ডাক্তারদিদির সঙ্গে ঝামেলা! সেই তাল গিয়ে পড়ল মালুদিরও ওপর! তার জন্যে আবার বিবেকের দ্বন্দ্ব! সব মিলিয়ে শরীরটা আজ বড্ড টালমাটাল করছে দীপালীর! ভালো লাগছে না আর কোনও বাড়ির কাজ করতে যেতে! শরীর আইঢাই করছে! মনে হচ্ছে বাড়ি গিয়ে ঠান্ডা জলে ভালো করে স্নান করে নিয়ে, আরাম করে পাখাটা চালিয়ে দিয়ে একটু শুয়ে পড়বে। কিন্তু সে উপায় তো নেইই! এখনো দুটো বাড়ির কাজ পড়ে আছে! অসহায় বুড়োবুড়ি! তার পথ চেয়ে বসে থাকবে! দুটো ফ্যামিলিই তার ওপর নির্ভর করে বেঁচে আছে!

অবশ্য তার মানে এই নয় যে দীপালী ছাড়া তারা বাঁচবে না! দিব্যি বাঁচবে! কথাতেই আছে, রাজা বিনে কি রাজ্য আটকে যায়? যায় না! দীপালী সে কথা জানে। তবু ভেতরে ভেতরে তার কেমন একটা সুপ্ত অহংকার আছে! সে মনে করে, সত্যিই সে না কাজ করলে এই বুড়োবুড়িগুলোর জীবন অচল! আসলে দীপালী নিজেই খুব দুর্বলচিত্তের মানুষ। তার শরীরে দয়া-মায়া-ভালোবাসা একটু বেশিই! অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে! ভালোবাসে! তাই সবার জন্য প্রাণপাত করে ফেলে! এর জন্যে জীবনে কম ঠকতে হয়নি তাকে! সে যেমন লোকের ভালোবাসা পেয়েছে, মানুষ যেমন তাকে বিশ্বাস করে, ভরসা করে, তা তো সবাইকে করে না মানুষ! এটাই তার অহংকার।

এতদিন এসব নিয়ে, এদের সুখ-দুঃখ-কষ্ট নাড়াচাড়া করে তার কেটে যাচ্ছিল ভালোই! কিন্তু ছেলের এই ঘটনাটা তাকে স্তম্ভিত করে দিয়েছে! বড় ক্লান্ত লাগছে তার! এর আগে যা কোনওদিন ছিল না! অদ্ভুত একটা অবসন্নতার বোধ এসে তাকে ছেয়ে ফেলছে যেন ক্রমশ। ভালো লাগছে না কিছু!

এই যেমন এখন আর কারুর বাড়িই কাজে যেতে ইচ্ছা করছে না তার! সকাল থেকেই মেজাজ বিগড়ে গেলে আর কাজ করেই বা কী করবে! কোথায় আজ মনে করেছিল মালুদির সঙ্গে একটু কথা বলবে! নিচের ঘরটা তো পড়েই আছে! ভাড়াটে ছেলেটা তো এখন আসছে না! যতদিন এরকম অবস্থা থাকে, ততদিন যদি এই লকডাউন পিরিয়ডে ছেলেমেয়েটাকে নিচের ঘরে কদিন থাকতে দেয় দিদি! মুন্নি ঘরদুয়ার পরিষ্কারও করে রাখল! এখানেও ওরা দুজনে মন দিয়ে পড়াশোনাও করল! এদিকে দিদিও মাকে নিয়ে এখন এই অবস্থায় একা একা আছে। তারও একটা সুরাহা হবে! রাতবিরেতে কখন কী হবে, তার কি ঠিক আছে! তবু ওরা থাকলে তো একটু হেল্প করতে পারবে!

কিন্তু মনের কথা মনেই থেকে গেল! যা পরিস্থিতি হল, হুট করে! এই সমস্ত ভাবনাচিন্তা মাথাতেই ছিল না আর! কেন যে মুখ দিয়ে হুট করে মালুদিকে মাইনে বাড়ানোর কথা বেরিয়ে এল, এ লোকে জানে! অথচ এসব তার ভাবনার মধ্যেই ছিল না! তবু বলে ফেলল! পাগল হয়ে গেছেন নাকি, কে জানে!

সব উলটপালট হয়ে গেল! যাক, সন্ধেবেলায় মাসিমার খবর নেবে, ফোন করে। প্রতিদিনই ফোন করে রাতে একবার করে! খোঁজখবর নেয়! যদি কোনও প্রয়োজন পড়ে! আজও তো ফোন করবে! তখনই বলবে না হয়! দীপালী জানে, দিদি না করবেন না। তার বরং ভয় হচ্ছে নিজের ছেলেকে নিয়েই! ছেলে যদি না শুধরায়! যদি এখানেও এসে নোংরামো করে! কথাটা মনে হতেই বুকটা খামচে উঠল! বেচারি এমনিতেই মরণে মরে আছে! তার ওপর এই খাঁড়ার ঘা!

তারপরই তার মনে হল, রাজু তো পরশুর পর থেকে বেশ ঝিমিয়ে আছে! দেখেতো বেশ কষ্ট পাচ্ছে বলে মনে হচ্ছে! ও নিশ্চয়ই আর কোনও ভুল করবে না! তাছাড়া মুন্নিও তো থাকবে! ওও কি আবার কোনও ভুল করবে! কী জানি, বাবা, ছেলেমেয়ের ওপর তার আর কোনও বিশ্বাসই হচ্ছে না! সবসময় একটা গভীর আতঙ্কবোধ তাকে যেন জড়িয়ে ধরে আছে!

এইসব ভাবতে ভাবতেই হনহন করে হাঁটছিল দীপালী। শরীরটা যেন আজ তার কাছে পঙ্গু মানুষের মতো একটা বোঝা লাগছে! ভীষণ ভারী আর অবসন্ন! সত্যিই আজ আর পেরে উঠছে না সে! ভালো লাগছে না তার! কিন্তু বাড়িতে যে যাবে, গিয়ে তো একটু হাত-পা ছড়িয়ে বসতেই পারবে না! সেটুকু জায়গাও নেই! যতক্ষণ লোকের বাড়ি থাকে, ততক্ষণই তার ভালো লাগে! তবু দিদির কাছে একটু হাত-পা ছড়িয়ে বসতে পারে! অন্য বাড়িতে তো মেঝে ফাঁকা নেই! ফার্নিচার ভর্তি! বসার জায়গা মানে তো সেই সোফা! সেখানে তো আর তাদের বসাচ্ছে না! কাজের লোকজন গিয়ে সোফায় বসবে, একথা ভেবেই উঠতে পারবে না কেউ!

হ্যাঁ, মালুদিদের বাড়িতে যা করতে পারে, তা অন্য কোথাও নয়! ডাক্তারদিদিদের বাড়িতে তো নয়ই! ওরা সেই জমিদারি স্টাইলে চলে। বাড়ির কাজের লোক মানেই তো সেই ঝি-চাকর! তাদের প্রতি দয়া-দাক্ষিণ্য থাকবে, কিন্তু স্নেহ-ভালোবাসা নয়! দিদি তো পুরো জমিদারি মেজাজের মানুষ! উনি যা বলবেন, শুনতে হবে! কিন্তু ওনাকে তার সুবিধে-অসুবিধের কথা বলতেই পারে না দীপালী! সংসারের নানান ঝক্কি-ঝামেলার কথা সবকিছু নির্দ্বিধায় বলতে পারে মালুদিকে! সে যেন কত আপন! সেই মানুষটাকেই কিনা আঘাত দিয়ে ফেলল! দিদি অবশ্য বলেছে, সে কিছু মনে করেনি! কিন্তু সে যাই বলুক, তার যে প্রচণ্ড একটা ভুল হয়েছে, সেটা তো তাকে মানতেই হবে!

সত্যিই আজ শরীরটা আর চলছে না দীপালীর! কিন্তু কিছু করার নেই! বাড়ি ফিরে গিয়েও শান্তি নেই! তবু কাজের বাড়ি পাঁচটা পাঁচরকম কথা শুনতে পায়! আর কাজ নিয়ে ভুলে থাকে সে! ছেলেটার কথা মনে করতে চাইছে না দীপালী! সেদিনের কথা মনে পড়লেই থরথর করে কাঁপছে তার শরীরটা! রাগে, ঘেন্নায়, ক্ষোভে, হতাশায় মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার!

অনেক করে তো বারণ করেছে ছেলেকে! সে মরে যাবার ভয় দেখিয়েছে! এই মরে যাবার ভয় দেখানোর কোনও অছিলা নয়! সত্যিসত্যিই তার মনের অবস্থা এরকমই হচ্ছে! রাজুর ওই মূর্তি দেখার পর বারবার তার মরেই যেতে ইচ্ছে করেছে। এতদিন এত কষ্টের মধ্যে কোনওদিন তার কোনও মনোকষ্ট ছিল না! বরং ওদের মুখের দিকে তাকিয়ে সব কঠিন কাজ তার কাছে সহজ হয়ে গেছে! সারাদিন মনের আনন্দে কাজ করেছে দীপালী! সবসময় সমস্ত কাজে একটা উৎসাহ থাকত! শত পরিশ্রমেও দীপালীর কোনও ক্লান্তি ছিল না! দু চোখের পাতায় পাতায় তার স্বপ্ন কাজল পরা থাকত!

কিন্তু এখন রাজুর ওই দৃশ্য দেখে আর কোনও ভরসা নেই তার! সমস্ত আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন বানভাসি হয়ে গেছে কী করে যেন!

( চলবে )

Author

One Response

  1. ভালো লাগছে পড়তে, ঝরঝরে লেখনী, মালবিকা, দিপালীর সমস্যা, কষ্টের সঙ্গে একাত্ম হওয়া যায় ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

২ : একস্ট্রা

অভিজিৎ চৌধুরী ধারাবাহিক উপন্যাসিকা (নভেলা ) ২ ভিকট্রি ক্লাবে ইভেন্ট ম্যানেজারের চাকরিতে যোগ দিতে এসেছে অর্পণ। কলকাতার নামী ম্যানেজমেন্ট কলেজ থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পোস্টগ্র্যাজুয়েট

Read More »

৩ : প্রাচীন পথ,শুভ্র মেঘমালা

থিচ নাট হান তৃতীয় পর্বদ্বিতীয় অধ‍্যায় অনুসৃজন : সুপর্ণা বোস জলমহিষের পরিচর্যা দিনেরবেলা আবহাওয়া বেশ ঠান্ডা।দুপুরের খাওয়া দাওয়ার পর প্র‍ত‍্যক ভিক্ষু নিজেই নিজের ভিক্ষাপাত্রটি ধুয়েমেজে

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

২ : একস্ট্রা

অভিজিৎ চৌধুরী ধারাবাহিক উপন্যাসিকা (নভেলা ) ২ ভিকট্রি ক্লাবে ইভেন্ট ম্যানেজারের চাকরিতে যোগ দিতে এসেছে অর্পণ। কলকাতার নামী ম্যানেজমেন্ট কলেজ থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পোস্টগ্র্যাজুয়েট

Read More »

৩ : প্রাচীন পথ,শুভ্র মেঘমালা

থিচ নাট হান তৃতীয় পর্বদ্বিতীয় অধ‍্যায় অনুসৃজন : সুপর্ণা বোস জলমহিষের পরিচর্যা দিনেরবেলা আবহাওয়া বেশ ঠান্ডা।দুপুরের খাওয়া দাওয়ার পর প্র‍ত‍্যক ভিক্ষু নিজেই নিজের ভিক্ষাপাত্রটি ধুয়েমেজে

Read More »

২১ : ঊর্ণনাভ

ধারাবাহিক উপন্যাস শ্যামলী রক্ষিত একুশ ঘরের মেঝে মুছতে মুছতে দীপালীর হাত শিথিল হয়ে যাচ্ছিল। থমকে গেল সে। তার কিছু ভালো লাগছে না। হাত আপনাআপনিই থেমে

Read More »