ধারাবাহিক অনুবাদ উপন্যাস
কাহিনি : থিচ নাট হান
থিচ নাট হান (১৯২৬-২০২২) একাধারে বিশ্বখ্যাত ভিয়েতনামী জেন বৌদ্ধ সন্ন্যাসী, লেখক, কবি এবং শান্তিকামী কর্মী। দলাই লামার পর তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বৌদ্ধ আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করা হয়।
হান বিশ্বজুড়ে “মাইন্ডফুলনেস” (সচেতনতা) চর্চাকে জনপ্রিয় করেন। সমাজবিচ্ছিন্ন সন্ন্যাস নয়, বরং যুদ্ধ, দারিদ্র্য ও সামাজিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে অহিংস উপায়ে কাজ করার দর্শন যা “এনগেজড বুদ্ধিজম” নামে পরিচিত—তিনিই তার প্রবক্তা। ভিয়েতনাম যুদ্ধের সময় অহিংস শান্তি আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় ভিয়েতনাম সরকার তাঁকে প্রায় ৪০ বছর দেশছাড়া করে রাখে। তাঁর এই অনন্য শান্তি প্রচেষ্টার জন্য ১৯৬৭ সালে মার্টিন লুথার কিং জুনিয়র তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। পরবর্তী কালে তিনি ফ্রান্সে “প্লাম ভিলেজ” (Plum Village) নামের একটি বিখ্যাত আন্তর্জাতিক মঠ ও ধ্যান কেন্দ্র গড়ে তোলেন, যা বর্তমানে পশ্চিমে বৌদ্ধ চর্চার সবচেয়ে বড় কেন্দ্র। হ্যান একশোটিরও বেশি বই লিখেছেন। তাঁর সহজ ও কাব্যিক গদ্যে লেখা ‘ওল্ড পাথ হোয়াইট ক্লাউডস’, ‘দ্য মিরাকেল অফ মাইন্ডফুলনেস’ এবং ‘পিস ইজ এভরি স্টেপ’ বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় রয়েছে।
২০১৮ সালে তিনি ভিয়েতনামে ফিরে আসেন এবং ২০২২ সালে ৯৫ বছর বয়সে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনুবাদ : সুপর্ণা বসু
[ কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক,তিনটি পরিচয়েই সুপর্ণা বসুর সাহিত্যচর্চা বিস্তৃত। তাঁর লেখায় ব্যক্তিমানসের জটিলতা,জীবনবোধ,অনুভূতির সূক্ষ্মতা এবং মনস্তাত্ত্বিক অনুসন্ধান বিশেষভাবে প্রতিফলিত হয়।দেশীয় সাহিত্যের পাশাপাশি বিশ্বসাহিত্যের প্রতিও তাঁর গভীর আগ্রহ। অনুবাদের মাধ্যমে তিনি দুই ভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে নির্মাণ করেছেন এক সৃজনশীল সেতুবন্ধ।
ইতিপূর্বে রোদ্দুর : The Sunshine-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে বিশিষ্ট ইরানি কথাসাহিত্যিক সাদেঘ হেদায়েতের কালজয়ী উপন্যাস The Blind Owl-এর তাঁর অনূদিত ‘এক দৃষ্টিহীন পেঁচা’। বিশ্বসাহিত্যের এক জটিল মনস্তাত্ত্বিক আখ্যানকে বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার এই প্রয়াস তাঁর অনুবাদ-নিষ্ঠা ও সাহিত্যবোধের পরিচায়ক। তিনি এই বছর রোদ্দুর সাহিত্য সম্মানে ভূষিত হয়েছেন। ]
ভূমিকা : গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে বহু চর্চা হলেও, ভিয়েতনামী জেন গুরু থিচ নাট হান-এর ‘ওল্ড পাথ হোয়াইট ক্লাউডস’ গ্রন্থটি এক অনন্য ব্যতিক্রম। অলৌকিকতা সরিয়ে, বুদ্ধকে এখানে উপস্থাপন করা হয়েছে এক অত্যন্ত মানবিক ও সহজ মানুষ রূপে।
গল্পটি আবর্তিত হয়েছে বুদ্ধের নিজস্ব স্মৃতি এবং ‘স্বস্তি’ নামের এক রাখাল বালকের দৃষ্টিভঙ্গিতে, যে পরবর্তীতে তাঁর প্রধান শিষ্য হয়। রাজপুত্রের বিলাসিতা ত্যাগ, বোধিলাভ, জাতপ্রথার বিরুদ্ধে লড়াই এবং সঙ্ঘের টানাপোড়েন—সবটাই বইটিতে উঠে এসেছে অপূর্ব কাব্যিক গদ্যে। লেখক দেখিয়েছেন, বৌদ্ধ দর্শনের মূল কথা কঠোর সন্ন্যাস নয়, বরং বর্তমান মুহূর্তে সচেতনভাবে বেঁচে থাকা।
প্রথম অধ্যায় (দ্বিতীয় পর্ব)
শুধু হাঁটার জন্য হাঁটা
বুদ্ধ উঠে দাঁড়ালেন এবং ভীমার মাথায় আলতো টোকা দিয়ে বললেন,”বাচ্চারা,এখন তোমরা আহার করে নাও।কাল সকালে আমি আবার আসব স্বস্তিকে নিতে এবং একসঙ্গে হাঁটতে হাঁটতে রাজঘাটের দিকে রওয়ানা দেব।আজ রাত্তিরটা ভিক্ষুদের নিয়ে বোধিবৃক্ষের নিচে বিশ্রাম নেব।”
বুদ্ধ দরজা অবধি গিয়ে ফিরে তাকালেন এবং স্বস্তির উদ্দেশ্যে বললেন,” কাল সকালে কিছুই সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই।যে কাপড়টা তুমি পরে আছ সেটাই যথেষ্ট”
সেই রাতে চার ভাইবোন অনেক রাত পর্যন্ত জেগে রইল।যেমন একজন পিতা চলে যাবার আগে সন্তানদের কিছু উপদেশ দিয়ে যান ঠিক সেভাবেই স্বস্তিও তার ভাইবোনদের ঘরসংসার এবং একে অন্যের দেখভাল করার কথা বলল।সে প্রত্যেক ভাইবোনকে অনেক্ষণ ধরে বুকে জড়িয়ে রাখল।স্বস্তি শেষ পর্যন্ত নিজের অশ্রু গোপন করতে পারল না।দাদা জড়িয়ে ধরতেই ছোট্ট ভীমাও ফুঁপিয়ে কেঁদে উঠল,কিন্তু তারপরেই সে ওপরের দিকে তাকাল।একটা গভীর শ্বাস নিল এবং দাদার দিকে হাসিমুখে তাকাল।সে কোনোভাবেই চাইছিল না স্বস্তির মনখারাপ হোক।তেলের প্রদীপটা মৃদু আলো ছড়াচ্ছিল। ভীমার মুখের হাসিটুকু দেখার জন্যে স্বস্তির কাছে ওটুকু আলোই যথেষ্ট ছিল।তার প্রাণটা ঠান্ডা হল।
পরদিন ভোরবেলা স্বস্তির বন্ধু সুজাতা তাকে বিদায় জানাতে এসে বিকেলের আগে নদীর ধারে সে বুদ্ধকে দেখতে পেল।তিনি সুজাতাকে জানালেন যে,স্বস্তি ভিক্ষুদের দলে যোগ দিচ্ছে।
সুজাতা গ্রামের মুখিয়ার মেয়ে।সে স্বস্তির থেকে বছর দুয়েকের বড়। সেও গৌতমের সঙ্গে দেখা করেছিল যখন তিনি বুদ্ধ হননি।সুজাতা স্বস্তিকে আয়ূর্বেদিক ওষুধের একটা ছোট শিশি দিল সঙ্গে রাখার জন্যে।তারা সমান্য দু একটি কথা বলতে বলতেই সশিষ্যবুদ্ধ এসে পড়লেন।
স্বস্তির ভাইবোনেরাও ঘুম থেকে উঠে পড়েছিল দাদাকে বিদায় দেবে বলে।রাহুল তাদের প্রত্যেকের সঙ্গে মধুর সম্ভাষণ ও আলিঙ্গন করে তাদের একে অপরের খেয়াল রাখতে উৎসাহিত করলেন।কথা দিলেন,যতবার কাছাকাছি কোথাও আসবেন ততবার উরুবেলায় এসে তাদের সঙ্গে দেখা করে যাবেন।
স্বস্তির ভাইবোনেরা এবং সুজাতা নদীর পাড় পর্যন্ত হেঁটে এলো বুদ্ধ ও অন্যান্য ভিক্ষুদের সঙ্গে।একসময় তারা পরস্পরের হাত ধরে বুদ্ধ ও তার ভিক্ষুগন এবং রাহুল ও স্বস্তিকে উদ্দেশ্য করে বিদায় জানাল।
স্বস্তি ততক্ষণে ভয় ও মনকেমন কাটিয়ে উঠেছে। কিন্তু তার মনের মধ্যে তখনো একটা গাঁট থেকে গিয়েছিল যে, এই প্রথমবার সে উরুবেলাকে চিরতরে ছেড়ে যাচ্ছে।এই বেদনা সে যেন কাটাতেই পারছিলনা।
বুদ্ধ বলেছিলেন রাজঘাট পৌঁছতে প্রায় দিন দশেক লেগে যাবে।অনেক মানুষ আছেন যাঁরা খুব দ্রুত ভ্রমণ করেন কিন্তু বুদ্ধ ও তাঁর ভিক্ষুরা খুব ধীর ও সহজতরভাবে ভ্রমণ করতেন!স্বস্তির পদসঞ্চারও যত ধীর হয়ে এলো তার হৃদয় ক্রমশ শান্ত হয়ে এলো।সে ক্রমে, বুদ্ধ, সংঘ ও ধর্মের ভিতর মনেপ্রাণে মগ্ন হয়ে পড়ল।আর সেটাই তো তার পথ!সে শেষবারের মত ফিরে তাকাল তার প্রিয় এবং চিরপরিচিত ভূমি ও মানুষজনকে শেষবারের মত একপলক দেখে নিতে।
দেখল তার ভাইবোনেরা এবং সুজাতা বনবৃক্ষের ছায়ার সঙ্গে বিন্দুবৎ মিশে যাচ্ছে!তাদেরকে আর আলাদা করে চেনা যায় না!
স্বস্তির মনে হল বুদ্ধ যেন কেবল হাঁটার আনন্দেই হাঁটছেন!আদৌ কোথাও পৌঁছনোর নেই তাঁর!অন্যান্য ভিক্ষুরাও তাই।কেউই গন্তব্যে পৌঁছতে উতলা নন।প্রত্যেকের পদক্ষেপ ধীর সামঞ্জস্যপূর্ণ এবং শান্তিপূর্ণ।যেন তারা সবাই মিলে মনোরম পায়চারি করছেন।যদিও তাঁরা সকলেই দীর্ঘ পথ অতিক্রম করে চলেছেন তবু তাদের কখনোই ক্লান্ত লাগে না।প্রতিদিন সকালে তাঁরা নিকটস্থ কোনো গ্রামে অবস্থান করে খাবারের জন্যে ভিক্ষা করেন।
তাঁরা বুদ্ধকে অগ্রে রেখে সারিবদ্ধভাবে রাস্তার ওপর দিয়ে হেঁটে চলেন এবং স্বস্তি থাকে সর্বশেষে।ঠিক রাহুলের পরেই।
তাঁরা অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে হেঁটে চলেন।প্রতিটি শ্বাস এবং প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেন।কদাচিতই তাঁরা থামেন যখন গ্রামবাসী তাঁদের ভিক্ষাপাত্রে ভিক্ষাদানের নিমিত্ত এগিয়ে আসেন।কখনো কখনো গ্রামবাসিরাও পথের ওপর নতজানু হয়ে শ্রদ্ধা জানান।প্রত্যেক ভিক্ষু ভিক্ষাগ্রহনের পর মানুষের মঙ্গলের উদ্দেশ্যে প্রার্থনা করেন।ভিক্ষা সমাপ্ত হলে তাঁরা ধীর পায়ে সেই গ্রাম ছেড়ে কোনো একটা গাছগাছালি ঘেরা স্থান বা ঘাসের উপত্যকার খোঁজে বেরিয়ে পড়েন যেখানে বসে তাঁরা আহার সমাপ্ত করবেন।
আহার গ্রহনকালে সকলে মিলে বৃত্তাকারে বসেন।ভিক্ষাংশ সমভাবে বন্টন করেন এবং সাবধানে প্রত্যেকের ভিক্ষাপাত্র সমানভাবে ভরে দেওয়া হয়।রাহুল নিকটবর্তী নদী থেকে একটি জলপাত্র ভরে এনে বিনম্রভাবে বুদ্ধের সামনে রাখলেন।বুদ্ধ যখন তাঁর হাতের পাতাদুটি কমলপুষ্পের ভঙ্গিতে রাহুলের সামনে খুললেন তখন রাহল সাবধানে সেই করকমলে জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে দিলেন।রাহুল প্রত্যেকের হাতই একইভাবে প্রক্ষালন করে দিয়ে শেষে স্বস্তির কাছে আসেন।যেহেতু তখনো পর্যন্ত স্বস্তির কোনো ভিক্ষাপাত্র ছিলনা তাই রাহুল নিজের পাত্র থেকে অর্ধেক খাবার ধোয়া কলাপাতায় করে স্বস্তিকে দিলেন।
খাওয়া শুরু করার আগে তাঁরা সকলে মিলে জোড়হাতে মন্ত্রোচ্চারণ করলেন।তারপর নিঃশব্দে আহার করতে লাগলেন।প্রতিটি গরস সম্যক মনোযোগের সঙ্গে গ্রহন করছেন।খাওয়া দাওয়ার পরে কোনো ভিক্ষু সম্যক মনোযোগী পদক্ষেপে হাঁটার অনুশীলন করছেন তো কেউ আবার ধ্যানে বসেছেন।আবার কেউ ছোট্ট একটু দিবানিদ্রায় আছেন।যখন দিনের সবথেকে গরম সময়টা পার হয়ে গেল তখন তাঁরা আবার পথে নামলেন।যতক্ষণ না আঁধার নেমে আসছে ততক্ষণ পর্যন্ত পথ চলতে থাকলেন।
রাতে বিশ্রামের জন্যে উপযুক্ত স্থানটি ছিল নির্বিঘ্ন বনানী।যতক্ষণ না তেমন একটি বনের দেখা মিলছে ততক্ষণ
তাঁরা হেঁটে চললেন।উপযুক্ত স্থান পাওয়া গেলে তবেই তো বিশ্রামের পালা।প্রত্যেক ভিক্ষুর নিজস্ব আসন আছে।বেশিরভাগ ভিক্ষুই মধ্যরাত পর্যন্ত পদ্মাসনে বসে থাকেন।তারপর একসময় চীবরটি বিছিয়ে শুয়ে পড়েন।প্রত্যেক ভিক্ষুর দুটি করে চীবর ।একটি তিনি পরিধান করেন আর অন্যটি ঝঞ্ঝা ও শীত থেকে রক্ষা পেতে ব্যবহার করেন।
স্বস্তি অন্যদের মতই ধ্যানে বসল এবং শেষে গাছের শেকড়কে বালিশ হিসেবে ব্যবহার করে ঘুমিয়ে পড়ার বিদ্যাটিও দিব্য রপ্ত করে ফেলল।
পরদিন ভোরে স্বস্তি যখন জেগে উঠল,সে দেখতে পেল বুদ্ধসহ বেশ কয়েকজন ভিক্ষু ইতিমধ্যেই শান্তিতে ধ্যান করছেন।তাঁদের শরীর থেকে শান্তির মহাজ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে।
সূর্যোদয় হলে প্রত্যেক ভিক্ষু তাঁদের অতিরিক্ত চীবরটি ভাঁজ করে,ভিক্ষাপাত্রটি তুলে নিয়ে নতুন দিনের যাত্রা শুরু করলেন।দিনে হাঁটা এবং রাতে বিশ্রাম,এভাবেই তাঁরা দশদিনের আগেই মগধের রাজধানী রাজঘাটে পৌঁছে গেলেন।
স্বস্তি এই প্রথমবার শহর দেখল।ঘিঞ্জি ঘরবাড়ির মধ্যে দিয়ে ঘোড়ার গাড়িগুলো রাস্তা পিষে দিয়ে চলে যাচ্ছে।চিৎকার চেঁচামেচি ও হাসাহাসি চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে।অথচ
ভিক্ষুদলের নিঃশব্দ যাত্রাটি এভাবে এগিয়ে চলেছিল যেন কোন নদীর তীর অথবা ধানখেতের মধ্যে দিয়ে পদচারণা করছেন। মাঝেমাঝে শহরবাসী তাঁদের দেখার জন্যে দাঁড়িয়ে পড়ছেন করজোড়ে। তাঁরা বুদ্ধকে চিনতে পারছিলেন।ভিক্ষুর দল এক রকমভাবেই হেঁটে চললেন যতক্ষণ না তাঁরা শহরের ঠিক পিছনেই অবস্থিত বেণুবন বিহারে পৌঁছচ্ছেন।
খবরটা খুব দ্রুত সারা মঠে ছড়িয়ে পড়ল যে,বুদ্ধ ফিরেছেন আর মুহূর্তের মধ্যে অন্তত চারশ ভিক্ষু তাঁকে অভ্যর্থনা জানানোর জন্যে জমায়েত হলেন!বুদ্ধ খুব বেশি কথা না বললেও প্রত্যকের কুশল ধ্যানানুশীলন প্রসঙ্গে খোঁজখবর নিলেন।তিনি সারিপুত্তের হাতে স্বস্তির জিম্মা দিলেন।তিনি রাহুলেরও ধর্মনির্দেশক।সারিপুত্ত বেণুবন মঠের নবীন শিক্ষক এবং প্রায় পঞ্চাশজন নবীন সন্যাসীর শিক্ষাদানের দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত আছে।যাঁরা তিন বছরের কম সময় ধরে এখানে আছেন।এই মঠের মঠাধ্যক্ষের নাম কোন্ডানা।
স্বস্তিকে এই মঠ-জীবনের সঙ্গে পরিচিত করানোর দায়িত্ব পড়েছিল রাহুলের ওপর।কীভাবে হাঁটতে,বসতে অথবা অন্যদের সম্ভাষণ করতে হয়।কীভাবে ধ্যান করতে হয় এবং একই সঙ্গে নিজের শ্বাস প্রশ্বাসকে পর্যবেক্ষণ করতে হয়।সে স্বস্তিকে চীবর পরিধানের পদ্ধতিও শিখিয়ে দিয়েছিল।শিখিয়ে ছিল কীভাবে ভিক্ষা চাইতে হয়, প্রার্থনার মন্ত্র উচ্চারণ করতে হয় ও ভিক্ষাপাত্রটি ধুয়ে রাখতে হয়।টানা তিনদিন স্বস্তি মুহূর্তের জন্যেও রাহুলের সঙ্গ ছাড়েনি!সেজন্যেই সে এই কাজগুলি ভালোভাবে আয়ত্ব করতে পেরেছিল।রাহুল মনপ্রাণ ঢেলে তাকে শিখিয়ে ছিল যদিও স্বস্তি জানত এই কাজগুলি সহজ স্বাভাবিকভাবে করার জন্যে বহু বছরের অনুশীলন প্রয়োজন হবে।
সাধারণ কয়েকটি নির্দেশদানের পর সারিপুত্ত স্বস্তিকে নিজের কুঁড়ে ঘরে ডেকে পাঠালেন এবং একজন ভিক্ষুর
কর্মবিধি সম্পর্কে উপদেশ দিলেন।তিনি বললেন,একজন ভিক্ষু হলেন সেই ব্যক্তি যিনি বুদ্ধের শিক্ষাগুলিকে সামনে রেখে ধর্মের পথ ধরে জাগরণের দিকে এগিয়ে চলেছেন, সঙ্ঘ একটি গোষ্ঠী হিসেবে ব্যক্তিকে সেই পথে চলতে সাহায্য করবে।একজন ভিক্ষুর জীবন হবে অতি সাধারণ ও বিনয়ী।আসলে খাদ্যের জন্যে ভিক্ষা করার বিয়টি তাকে বিনয়ী করে তোলে একদিকে,আবার অন্যদিকে মানুষের সঙ্গে সংযোগ রক্ষারও একটি উপায়।এভাবেই বুদ্ধের ভালোবাসা ও অনুভবের পথটি অনুসরণ করা সম্ভব হয়।
দশ বছর আগে এই বোধিবৃক্ষের নিচেই স্বস্তি এবং তাঁর বন্ধুরা মন্ত্রমুগ্ধের মত বুদ্ধের সেই ভালোবাসা ও প্রজ্ঞাপূর্ণ কথাগুলি শুনেছিল যা ছিল প্রকৃতপক্ষে জাগরণের পথের দিশা।সেজন্যেই স্বস্তির পক্ষে সারিপুত্তের উপদেশগুলি সহজে বোধগম্য হচ্ছিল।যদিও সারিপুত্তের মুখখানি গম্ভীর ছিল,তাঁর চোখের দৃষ্টি ও মুখের হাসি ছিল স্নেহপূর্ণ উষ্ণ ও দ্যুতিময়।
সারিপুত্ত স্বস্তিকে বললেন যে, তাকে উপসম্পদা দানের জন্য মঠে একটি বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এবং তিনি নিজে সেই অনুষ্ঠানটি পরিচালনা করবেন।সেই অনুষ্ঠানের মাধ্যমে স্বস্তিকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষু সম্প্রদায় অন্তর্ভূক্ত করে নেওয়া হবে। সেই অনুষ্ঠানে স্বস্তিকে যে শব্দগুলি পাঠ করতে হবে সেগুলিও তিনি তাকে শিখিয়ে দিলেন।
যথাসময়ে নির্দিষ্ট অনুষ্ঠানটি আয়োজিত হল এবং সারিপুত্ত নিজেই সেটি পরিচালনা করলেন।আরো বিশ জন ভিক্ষু এই অনুষ্ঠানে যোগদান করলেন। বুদ্ধ এবং রাহুলও সেখানে উপস্থিত হলে স্বস্তির আনন্দ দ্বিগুণ হয়ে উঠলো।সারিপুত্ত নিঃশব্দে একটি গাথা স্মরণ করছিলেন। তারপর স্বস্তির মাথা ভর্তি চুলের কয়েকটি তিনি ক্ষুর দিয়ে কেটে দিলেন এবং সেটি রাহুলের হাতে অর্পণ করলেন।রাহুল স্বস্তির মস্তক মুন্ডনের কাজটি সুসম্পন্ন করলে সারিপুত্ত স্বস্তিকে তিনটি চীবর দান করলেন।এছাড়াও একটি ভিক্ষাপাত্র এবং একটি জলপাত্র। যেহেতু স্বস্তি আগে থেকেই রাহুলের কাছে চীবর পরিধানের পদ্ধতি আয়ত্ত্ব করেছিল তাই তার সেটি পরতে আর কোন অসুবিধে হলো না। সে গভীর শ্রদ্ধার সঙ্গে বুদ্ধ এবং অন্যান্য উপস্থিত ভিক্ষুদের প্রণাম করল। পরদিন সকালে একজন অভিষিক্ত ভিক্ষু হিসেবে স্বস্তি প্রথমবার ভিক্ষান্বেষণে বের হল। বেনুবন বিহারের আরো অন্যান্য ভিক্ষুরাও বেশ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে রাজঘাটের দিকে চললেন।সারিপুত্ত যে দলের নেতৃত্বে ছিলেন স্বস্তি এবং রাহুলও সেই দলেরই অন্তর্ভূক্ত হয়ে এগিয়ে চলল। স্বস্তি নিজের মনকে স্মরণ করাল যে ভিক্ষান্বেষণ হল বৌদ্ধপথ অনুশীলনের একটি মাধ্যম। সে তার প্রতিটি শ্বাস-প্রশ্বাস এবং পদক্ষেপ শান্ত ও সম্যকভাবে পর্যবেক্ষণ করতে করতে এগোতে লাগল। রাহুল তার ঠিক আগেই হাটছিল।সে যেন তার সমস্ত হৃদয় দিয়ে বিনয়ের সবটুকু নিজের ভিতর লালন করছে।


