সলিল সমাধি

সলিল সমাধি

[ রাজীব বরা ১৯৭০ সনে অসমের মাজুলীতে জন্মগ্রহণ করেন।ডিব্রগড় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সনে অসমিয়া সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বর্তমানে নাজিরা মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।রাজীব বরা সাহিত্যের বিভিন্ন বিভাগে নিজ প্রতিভার পরিচয় দানে সমর্থ হয়েছেন।তিনি একাধারে কবি,সমালোচক,গল্পকার,ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক।বর্তমান অসমিয়া কবিতার জগতে রাজীব বরা একটি অতি সুপরিচিত নাম।কাব্যগ্রন্থগুলি যথাক্রমে ‘তটিনী তীরর খেলা’,’ঢেউ’,’মানুহ চেরাই বাচি থকা নাযায়’,’মাউরর দিন’,এই ফালেও কবি আছে’।মৌলিক প্রবন্ধ সংকলন ছাড়াও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ‘চিন্তা-পরিক্রমা’,’অসমিয়া আরু কথা সাহিত্যর আভাস’ ইত্যাদি।আলোচ্য উপন্যাস ‘সলিল সমাধি’ (‘জলজাহ’)মাখন হাজরিকা স্মৃতি উপন্যাস পান্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিবেচিত হয়। এছাড়াও শ্রীবরা বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। ]

১৯৫৮ সনে অসমের নগাঁও জেলার যমুনামুখে বাসুদেব দাসের জন্ম হয়।১৯৮২ সনে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাতত্ত্বে এম এ করেন। আজ পর্যন্ত অসমিয়া অনূদিত গল্পের সংখ্যা পাঁচশত পঞ্চাশটির ও বেশি।সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে নিয়মিত ভাবে অসমিয়া গল্প,কবিতা,প্রবন্ধ এবং উপন্যাস অনুবাদ করে চলেছেন।গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সংস্থা NEINADএর পক্ষ থেকে অসমিয়া ভাষা-সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য Distinguished Life Membership এর দ্বারা সম্মানিত করা হয়।প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশটি।হোমেন বরগোহাঞির অসমিয়া উপন্যাস ‘সাউদর পুতেকে নাও মেলি যায়’(সওদাগরের পুত্র নৌকা বেয়ে যায়) বাংলা অনুবাদের জন্য ২০২৪ সনের সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কারে সম্মানিত হন।

(২১)

কার গালে ফুটল শিমুল 

ন-ভাঙা চরে দ্রতগতিতে বেড়ে উঠা আউশধানের ক্ষেতে আগাছা বাছার সময় হয়ে এল যদিও সোহাগী বৌদি আবার গর্ভবতী হয়ে পড়ায় সেই কাজ করার জন্য নিরতীর অভাব হল।সেটা বুধিরাম এবং দামোদর পৃ্থক থাকা দিনের কথা।মা-বাবা তখন বেঁচে ছিলেন।যাযাবরের মতো স্বাধীনভাবে বুধিরামের দিন কাটানোর কথা। তার জীবনে চিরদিনের সঙ্গী হয়ে কাংকান আসার আগের কথা।কাংকানকে নিয়ে পালিয়ে গিয়ে তিনবছর এরাবারী গ্রামের বাইরে এখানে সেখানে ঘুরে বেড়ানো দিনের কথা।  

যদিও বৌ্দি সোহাগী ও ফসল কাটা এবং আগাছা বাছার কাজ একা করত না।পাশের গ্রাম থেকে দুই একজন মহিলাকে হাজিরার ভিত্তিতে ডেকে এনে কাজ চালানো হত।হাজিরা আর কী–কিছু ধান দিলেই হল।নাহলে ধান বিক্রি করে টাকা-সিকি দিলেও হয়।সোহাগী এমনিতেও সহায়কারীকে সঙ্গ দেয়,মাঠ সংক্রান্ত কাজ কর্মও করে।গ্রামের বাড়িতে এমনিতেও হাত-পা গুটিয়ে বসে থাকা মহিলা খুব কমই দেখা যায়।চৈত্রমাসের দুপুরবেলা আউশক্ষেতে আগাছা বাছতে থাকা যুবতির পায়ের ডিম দেখার সৌভাগ্য যদি সেদিন বুধিরামের না হত !কাংকানকে যদি সেই রূপে দেখতে না পেত ,তাহলে তার জীবনের রথের চাকা কোনদিকে ঘুরে যেত সেকথা বলা কঠিন। 

তখন সে কুড়ি বছর অতিক্রম করা সফল যুবক।কথায় কথায় পিতা কোনো এক আত্মীয়ের সঙ্গে তাঁর বিয়ে দিতে চাওয়ার কথাটা সে যে জানত না তাও নয়।সেরকম খবর ঘুরে ফিরে তার কানেও এসেছে।রঙাচাহী গ্রামের কুল্ধর তায়ৈয়ের মেয়েকে তার পিতা নাকি বাড়ির ছোটো বউ করে আনবে বলে কথা দিয়ে রেখেছিল। পহুমারা গ্রামে হওয়া বার্ষিক ভাওনায় সেও নামঘরের চিকের পাশে বসে পিতা পছন্দ করা মেয়েটির দিকে যে তাকায়নি তা নয়।কেবল ততটুকুই ? ভাওনাঘরের বাইরে দোকানের কাছে ঘুরে বেড়াতে থাকা মেয়টির ছোটো ভাইয়ের সঙ্গে পরিচিত হয়ে তার মাধ্যমে টক মর্টন লজেন্সের একটা পুঁটলিও মেয়েটিকে পাঠিয়েছিল।মেয়েটি সেটা নেয় কিনা সে আড়াল থেকে লক্ষ্য করছিল।সেটা যে সেই দিয়েছে তা প্রমাণ করার জন্য নামঘরে বাজনাদাররা বসা ঘরের পাশে দাঁড়িয়ে অভিনয় দেখতে থাকা যুবকদের পাশে গিয়ে মাথাটা বের করে ইঙ্গিতে সে মেয়েটিকে কিছু বোঝাতে চেষ্টা করছিল।হয়তো সেও বুঝেছিল।পান খাওয়া লাল ঠোঁটের হাসিটাতে প্রেমের আকূতি,নিশ্চয়তা সবকিছুই যেন ছিল।

তারও মেয়েটির প্রতি মন আকৃষ্ট হয়েছিল।মেয়েটিরও হয়তো একই অবস্থা হয়েছিল।নাহলে কি আর এভাবে চোখে  বিদ্যুতের ঝিলিক মারে?তবে কথা হওয়ার জন্য সেখানে কোনো ফাঁক ফোকর ছিল না।কেউ দেখবে।কেউ জানবে।এসব লজ্জার কথা।তার সঙ্গে সম্বন্ধ করা আছে জেনেও দূর থেকে দেখা ছাড়া কাছে ঘেঁষার কোনো সুযোগই ছিল না।মেয়েটিকে নিয়ে তার মনে চিন্তা ভাবনাও চলছিল।কল্পনায় সঙ্গসুখের অনুভূতিও জেগেছিল।

তবে আউশের ক্ষেতে ফসল কাটতে আর আগাছা বাছতে থাকা কাংকানের ফর্সা পায়ের ডিম দেখে তার মনের ভেতরে কেমন যেন তোলপাড় লেগে গেল।শুধুমাত্র পায়ের ডিমই কি; তার সঙ্গে অন্য কোনো ভাবনাও  জড়িত ছিল না কি?স্নেহ-ভালোবাসা,করুণা বা বিপদে পড়া একটি মেয়েকে উদ্ধার করার বাসনা মনের মধ্যে ছিল না কি?

ন-ভাঙা চরের অন্যপাশে লুইতের খাড়াইয়ে বসে গোরু চড়ানো দিনগুলিতে ,কৈশোর কালে সে সমবয়সী এবং বয়স্কদের কাছ থেকে যৌবনের ধারাপাতের পাঠ নিয়েছে।নলবনের আড়ালে কেবল শৌচ কর্মাদিই নয় ,যৌনতার প্রথম শিহরণও উপলদ্ধি করেছে।সেইসব লজ্জার কথা। কাউকে বলা যায় না।তবে  রাখালের দলে সমবয়সী  বা বয়সে বড়োরা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে ,না বলা কথাও বলে। বলায়–যৌন অভিসারের কাহিনি  থেকে যৌন বিপর্যয়ের বর্ণনা পর্যন্ত।

এই ধরনের কথা বর্ণনা করার মতো তার অভিজ্ঞতা নেই। তবে স্বপনে শয়নে সেই অনুভব উপলব্ধি করার কাল্পনিক অভিজ্ঞতা তার যে নেই তা নয়। রাখাল কথনের বহু কাহিনি যে অনেকের  মন গড়া কাহিনি তা সে পড়েই বুঝতে পেরেছিল। নিষিদ্ধ কথা, লজ্জার কথা শুনে আমেজ পাওয়ার সেই বয়সে সেই সমস্ত বিশ্বাস করতে ভালো লেগেছিল । তবে করাত দিয়ে কাঠ চেরার সেই দৃশ্যটি সে নিজে দেখেছিল। দেখেছিল ফর্সা মেয়ের উলঙ্গ দেহ। দৃশ্যটি তাকে উদ্বেল  করেছিল। কিন্তু সে  তা  মন থেকে তাড়ানোর   চেষ্টা করেছিল। সেই ভাবনাতেও  ছিল পাপ।হ্যাঁ  তার জন্য পাপ।

এরাবারীর পেছনের মাঠে গোরুগুলিকে  তখনই চরাতে নিয়ে যাওয়া হয়, যখন সামনের চর  বন্যা প্লাবিত করে, গ্রামটিকে ঘিরে রাখে  অথবা চরে যখন সরষে ফুল ফুটে। চারণক্ষেত্র তখন সংকুচিত হয়ে আসে।  সেরকম দিনে সে বগীকে খুঁজতে গিয়ে নাস্তানাবুদ হয়। গোরুর পালে দুই কুড়ি  বারো ঘর মানুষের সমস্ত গোরু চরে বেড়ালেও  বগীকে প্রায়ই দলের মধ্যে পাওয়া যায় না। বগী প্রায়ই দল ছেড়ে বাঁশঝাড়ের দিকে এগিয়ে যায়– রাখাল জানে বগী গু খায়।

গ্রামে অবশ্য গু খাওয়া গোরু আছে। তবে সেগুলির কথা আলাদা।  মুখের সামনে পেলে খায়।  কিন্তু বগি দল থেকে বেরিয়ে গিয়ে  সোজাসুজি  বাঁশ ঝাড়ের দিকে এগিয়ে যায়।

ছেলে থেকে বুড়ো প্রত্যেক গ্রামবাসীর জন্য জঙ্গল- বাঁশঝাড় শৌচালয়। তাই বগীর খোরাকির অভাব হয় না। কিন্তু বগীকে ফিরিয়ে  আনার জন্য রাখালকে মুখে গামছা বেঁধে নিতে হয়। নাকে কাপড় চাপা দিতে হয়।  গন্ধের কথা বাদই, বগীর কালো নাকটিতে, মুখের পাশে লেগে থাকা হলুদ বিষ্ঠা চোখে পড়লে পেট পাকাতে থাকে, বমি আসে।

 এই অজুহাতে বগী প্রায়ই দল থেকে হারিয়ে যায়। বেরিয়ে গিয়ে বেড়া দরজা ভেঙ্গে কারও বেড়া দেওয়া বাগান বা উলু বনে –চাষের খেতে।সেদিন বগী আগে আগে, তাকে ফিরিয়ে আনার জন্য বুধিরাম পেছন পেছন। বগীর গতি দ্রুত। মাঝেমধ্যে   ঝোপঝাড়  লাফ দিয়ে পার হয়ে যায়।  বুধিরাম  আঁকাবাঁকা পথে তাকে অনুসরণ করে।  রাস্তায় থাকা বেতের ঝোপটার  মাঝখানের সুরঙ্গ  পার হয়ে  কাঠুরে কাঠ চেরাইয়ের  জন্য  খুঁড়ে রাখা একটি প্রকাণ্ড গর্ত।  তার ওপর দিয়ে লাফিয়ে পার হল বগী।  বুধিরামও লাফ দিল।তবে সেটা করতে গিয়ে গর্তের নীচের দিকে তার চোখ পড়ল।  ক্ষণিকের জন্য চোখে পড়ল একটা লাল কাপড়।  শুধু কি কাপড়টাই? চোখে পড়ল কাপড় থেকে  আধা উলঙ্গ  হওয়া শরীর।

 লাফের শেষে গর্তের এপারে পড়ে  দু পা এগিয়ে  বুধিরামের পা স্তব্ধ হয়ে গেল। তড়িৎ গতিতে ফিরে এসে সে গর্তের দিকে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না।সেটা সে কখনও স্বপ্নে দেখা যৌন মিলনের বাস্তব দৃশ্য।  বাসনার সাগরে পড়ে টগবগ করতে থাকা দুটো শরীর   পাশেই স্তূপাকার  করে রাখা  কাপড়গুলি  টেনে হিঁচড়ে আনছে।  কে? কে? উপর দিকে করে থাকা মুখটা দেখে সে আর সেখানে দাঁড়াল না।বগী দেওয়া লাফের চেয়ে একটা লম্বা লাফ দিয়ে সে ঝোপের মধ্যে হারিয়ে গেল।  

তারমানে গ্রামের মধ্যে আভাসে ইঙ্গিতে যা শোনা যাচ্ছে তা শুধু  সত্য নয়,ব্যাপারটা এতদূর পর্যন্ত গড়িয়েছে। তা নিয়ে সে মাথা না ঘামালেও সে তার সামনে উদ্ভাসিত হয়ে উঠা উলঙ্গ-যৌনতাকে ভুলতে পারল না। তবে ব্যাপারটা অসহজ ছিল। অসহজ।আউশের খেতে মেখেলা গুটিয়ে ধান খেতের আগাছা বাছতে থাকার সময় দেখা কাংকানের পায়ের ডিমের মতো সহজ নয়। সেই অসহজ শরীর ছিল তার দিদির–জ্যেঠার মেয়ে তার দিদি মলাদৈর।এবং তার প্রেমিকের?

গোরুটা লাফিয়ে পার হওয়ার সময়েই গর্তের মধ্যে যৌন মিলনে উন্মাদনায় উন্মত্ত মুহিরাম এবং মলাদৈ সচেতন হয়েছিল।কিন্তু নিজেদের সামলে নেওয়ার মতো সময় পেল না।ওপর দিয়ে পার হয়ে যাওয়া বুধিরামকে দেখে মলাদৈ চিৎকার করে মুহিরামকে শরীরের ওপর থেকে ঠেলে সরিয়ে দিয়ে কাপড়টা খামচে ধরেছিল। মুহিরামও ওপরের দিকে তাকিয়েছিল। আর তখনই তার চোখে পড়েছিল ওপর থেকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকা বুধিরামের চোখজোড়া। কিংকর্তব্যবিমূঢ় হয়ে কিছু স্থির করার পূর্বেই বুধিরাম চট করে সরে গিয়েছিল। 

কতটা লাফ মেরে কত দ্রুত গতিতে  এসে বুধিরাম সঙ্গের রাখালদের কাছে পৌছেছিল নিজেই বুঝতে পারল না।বগীও এসে বোধহয় দলের সঙ্গে মিসে গেছে। তবে তার চোখে জ্বলজ্বল করতে লাগল সেই অসহজ পরিস্থিতির সমগ্র দৃশ্যটা। পালের সঙ্গে ঘুরে বেড়ানো বগীর যৌনতা সে দেখেছে যদিও মলাদৈ দিদির আধা উলঙ্গ শরীরটা দেখে সে শান্তি পাচ্ছে না। কোনো এক অপরাধবোধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে।           

রাখালদের মধ্যে চলা নিষিদ্ধ কথাবার্তাকে কে যেন টোপা  শাস্ত্র নাম দিয়েছিল। সেদিনের টোপা-শাস্ত্র কথনে সে সেই ঘটনা তুলে ধরতে পারল না। জ্যেঠিমার বিয়ে একই গ্রামের বকুল জ্যেঠার  সঙ্গে হওয়ার ফলে মলাদৈ দিদিও বুধিরামদের প্রতিবেশীর মতো। দূরের হলে কত যে আসা যাওয়া থাকত । প্রতিদিন দেখা হওয়ার জন্যই হয়তো সেরকম ঘনিষ্ঠতা নেই। তবে দিদির নিষিদ্ধ যৌন কাহিনি অন্যকে বলা যায় না, মনের মধ্যে অসহজ ভাব ও আনা যায় না। 

কাংকানের পায়ের ডিম সেদিন পুনরায় কৈশোর কালে প্রত্যক্ষ করা সেই দৃশ্যটি মনে করিয়ে দেওয়ায় তার খারাপ লাগল। কী এক অস্থিরতা যেন তাকে কাবু করে ফেলল। দুপুর বেলার নদী তীরের বাতাস সেই  অস্থিরতাকে যেন আর ও উতলা করে তুলল। কাংকানের প্রতি থাকা সহানুভূতি কীভাবে ভালোবাসা হয়ে যৌন আকর্ষণেরও কারক হল সে বুঝতেই পারল না।

মলাদৈ এবং মুহিরামের প্রেম কথা এরাবারী গ্রামটাতে সেদিন আলোড়নের সৃষ্টি করেছিল। তা নিয়ে দুটো পরিবারে অশান্তি। মুহিরামকে পরিবারের লোকেরা নিষেধ করতে না পারার মতোই মলাদৈকেও বুধিরামের জ্যেঠা মারধর করে প্রেমের জাল থেকে মুক্ত করতে পারল না। তবে ওদের দুজনের প্রেমের জোড় বিসদৃশ নয়, বরং রাজ যোটক হওয়ার  মতোই।

মুহিরাম ছেলেটি ভালো। গ্রামের এক প্রান্তে তেরাস্তার মোড়ে মনিহারি দোকান ছাড়াও গ্রামের লোকদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা অন্য একটি দোকানও রয়েছে। উপার্জন ভালো। মুহিরামের পিতা গ্রামের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে বিবেচিত, সামাজিক কাজকর্মে অগ্রণী ব্যক্তি। 

তবে ওদের মিলনে বাধা হয়ে দাঁড়াল প্রচলিত পরম্পরা। একটা সময়ে একই শাখার অন্তর্গত ছিল বলে বংশ পরিক্রমায় যতটা দূরত্ব সৃষ্টি হলে দুটো  পরিবারের মধ্যে বিয়ে-শাদি হতে পারে ততটা দূরত্ব নাকি সৃষ্টি হয়নি। তাই সামাজিক নিয়মে বিয়েতে বাধা রয়েছে, জোর করে বিয়ে দিলে দুটো পরিবার সমাজ থেকে বহিষ্কৃত হওয়াটা নিশ্চিত। এক ঘরে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সত্র থেকে মেধির দায়িত্ব লাভ করা মলাদৈর পিতা বা পাঠকের খেতাব লাভ করা মুহিরামের পিতা সামাজিক দায়িত্ব ছেড়ে সন্তান-সন্ততির প্রেম– প্রণয় কে কীভাবে গুরুত্ব আরোপ করবেন।

সেদিন দেহ মিলনের উন্মত্ততা দেখে শিহরিত বুধিরামের  মনটা এক সময় শান্ত হয়ে এসেছিল। বিকেল বেলা নামঘরের পাশ দিয়ে আসার সময় আলো-আঁধারিতে কেউ একজন হাতটা খামচে  ধরে পাশের ডোবাটার দিকে নিয়ে গেল–’এদিকে আয়। আয়। একটা কথা আছে।’কণ্ঠস্বরে সে চিনতে পারল–মুহিরাম। তার লজ্জা হল।হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য সে যত জোর দিল মুহিরাম ততটা জোরের সঙ্গে খামচে ধরল।

তখন দেখা ঘটনাটার জন্য কোনো ক্ষতি করবে ভেবে সে কিছুটা অস্বস্তি অনুভব করতে লাগল। তবে মুহিরাম তাকে কাকুতি মিনতি করে স্নেহ মাখানা  সুরে বলতে লাগল–’তখনকার ঘটনাটা সম্পর্কে কাউকে কিছু বললি নাকি? সে কী বলবে ভাবতে ভাবতেই মুহিরাম  পুনরায় বলল–বলিস না।তোর দিদিকে আমি বিয়ে করব। আমাদের মনের মিল রয়েছে। আমি না নিলে দিদি আত্মহত্যা করবে। এই দুটো নে। একটা তোর, একটা তোর দিদির। সে কোনো উত্তর দেওয়ার আগেই তার হাতে একটা পুঁটলি  গুঁজে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। 

বুধিরাম সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। যখন তার হুঁশ ফিরে এল তখন হাতে থাকা পুঁটলিটা ফেলে দেবে, না নিয়ে যাবে, সেটা স্থির করাও তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াল। নিজের অজ্ঞাতে সে প্রেমের সম্পর্কের একটা অনুঘটক হয়ে উঠল। 

সমাজ এবং নীতির বিরুদ্ধে মুহিরাম মলাদৈর বিদ্রোহ  তাকে ও সেই কৈশোর কালে বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল।চিন্তা চেতনায় অনুপ্রাণিত করেছিল,যার জন্য সে মাজুলীর সমাজ ব্যবস্থায় দৃঢ় চিত্ত হয়ে থাকা সাম্প্রদায়িক নিয়মের আবেষ্টনী ভেঙে মিসিং জনগোষ্ঠীর কাংকান নামের একটি মেয়েকে আপন করে নিতে সাহসী হয়ে উঠেছিল।

মুহিরাম পুঁটলিটা  দিয়ে যাওয়ার পরে কিছুটা দ্বিধান্বিতভাবে জ্যেঠিমার  বাড়িতে যাওয়ার  পরে দিদি তাকে দেখে এরকম আচরণ করল যে ,সেদিন কোনো ঘটনাই ঘটেনি।কিছু ঘটে থাকলেও সেটা ছিল সম্পূর্ণ স্বাভাবিক।সেই বরং প্রদীপের আলোতে দিদির দিকে মুখ তুলে তাকাতে পারছিল না। হাতের পুঁটলিটা দিদির দিকে এগিয়ে দিয়ে সে ঢোক গিলে কোনোভাবে বলল–’মুহিকাই দিয়েছে।’দিদি চট করে গায়ে ছড়িয়ে রাখা গামছাটার নীচে লুকিয়ে পাশের ঘরের অন্ধকারে মিলিয়ে গেল। 

ভেতর থেকে জ্যেঠিমা তাকে ডেকে বলেছিল–’বুধি এখানেই ভাত খেয়ে যাবি। কচি কবুতরের মাংস রান্না করেছি। সেদিন সে না চেয়েও একটা অবৈধ অনৈতিক প্রেমের সম্পর্কের সংযোজক হয়ে উঠেছিল। কেবল ততটুকুই?মুহিরাম এবং মলাদৈর প্রেমের বার্তাবাহী,সম্পদবাহী হওয়া ছাড়া ঘটনাক্রমে সে দুজনের মিলনের দায়িত্ব ও তাকে নিতে হয়েছিল। 

কোনো একটি তারায় ভরা রাতে বর্ষার নদীতে নৌকা মেলে সেই ঘরবাড়ি, পরিবার-পরিজন, সমাজ সমূহ ছেড়ে যাওয়া মলাদৈ এবং মুহিরামের সাহসী যাত্রার সহকারী হল গিয়ে। পরম্পরা নিয়মের বিপক্ষে ওদের যুদ্ধের সহায়কারীর সৈনিক হিসেবে দুজনকেই  নদী পার করে মানিকচরে  সকলের অজান্তে গিয়ে রেখে এল।

 তারপরে গ্রামে কম অশান্তি হয়েছিল কি? তখনই দুজনকেই জনগণ সমাজ থেকে বহিষ্কার করেছিল। সামাজিক দায়-দায়িত্ব কেড়ে নিয়েছিল। ঘনঘন সভার আয়োজন করা হয়েছিল। সামাজিক প্রশাসনের সংগঠন একত্রিত হয়েছিল। দুই বছরের  ভেতরে কুড়িটিরও বেশি এই ধরনের সভার আয়োজন করা হয়েছিল। কোনো একজন সমাজের  কর্তা ব্যক্তি বিধান দিয়েছিল – ছেলেমেয়ে  প্রায়শ্চিত্ত করে সমাজে ফিরে আসতে পারে।আবার কেউ কেউ সাত পুরুষেও ও এই ধরনের সম্বন্ধ সম্ভব নয় বলে সতর্ক করে দিয়েছিল।দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে  মলাদৈ আর মুহিরামের  বাড়ি ফিরে আসার পথ বন্ধ হয়ে গিয়েছিল। কেউ কেউ জানতে পেরেছিল– সেই রাতে দুজনকে পথ দেখিয়ে চরে রেখে আসার কাজটা বুধিরাম করেছে বলে। জ্যেঠিমারা তাকে ক্ষমা করে দিলেও মুহিরামের পরিবারের কাছে সে চোখের শূল এবং দাঁতের ব্যথার কারণ হয়ে পড়েছিল।

তবে সময়  সমস্ত বেদনা এবং যন্ত্রণার ঘায়ে  মলম লাগিয়ে দেয়। দুই তিন বছরের মধ্যে এক পা দু পা করে  এগুনোর মতো, ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হয়ে এল,বাড়িতেও জায়গা পেল। কয়েক বছর পরেই নাম ঘরে  যাওয়া আসা শুরু হল এবং  বুধিরামের   দিদিও  সমবেত জনতার মধ্যে  চা বিলানোর সুযোগ পেল। 

( চলবে )

Author

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

প্রাচীন পথ শুভ্র মেঘমালা

ধারাবাহিক অনুবাদ উপন্যাস কাহিনি : থিচ নাট হান থিচ নাট হান (১৯২৬-২০২২) একাধারে বিশ্বখ্যাত ভিয়েতনামী জেন বৌদ্ধ সন্ন্যাসী, লেখক, কবি এবং শান্তিকামী কর্মী। দলাই লামার পর তাঁকে

Read More »

অবাধ্যতার মনস্তত্ত্ব

সোফোক্লিস, জঁ আনুই এবং অ্যান কার্সনের দৃষ্টিতে ‘অ্যান্টিগোনে‘-র বিবর্তন অবাধ্যতার শারীরস্থান: অ্যান্টিগোনে, অ্যান্টিগোনে এবং অ্যান্টিগোনিক-এর একটি তুলনামূলক বিশ্লেষণঃ শতবর্ষের বিবর্তনে সোফোক্লিস, জঁ আনুই এবং অ্যান

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

প্রাচীন পথ শুভ্র মেঘমালা

ধারাবাহিক অনুবাদ উপন্যাস কাহিনি : থিচ নাট হান থিচ নাট হান (১৯২৬-২০২২) একাধারে বিশ্বখ্যাত ভিয়েতনামী জেন বৌদ্ধ সন্ন্যাসী, লেখক, কবি এবং শান্তিকামী কর্মী। দলাই লামার পর তাঁকে

Read More »

অবাধ্যতার মনস্তত্ত্ব

সোফোক্লিস, জঁ আনুই এবং অ্যান কার্সনের দৃষ্টিতে ‘অ্যান্টিগোনে‘-র বিবর্তন অবাধ্যতার শারীরস্থান: অ্যান্টিগোনে, অ্যান্টিগোনে এবং অ্যান্টিগোনিক-এর একটি তুলনামূলক বিশ্লেষণঃ শতবর্ষের বিবর্তনে সোফোক্লিস, জঁ আনুই এবং অ্যান

Read More »

২০ : ঊর্ণনাভ

ধারাবাহিক উপন্যাস শ্যামলী রক্ষিত বিংশতি অধ্যায়  পরের দিন সকাল হতে না হতেই বাবা-মা দুজনেই ঘুম থেকে উঠে বসেছিল, মুখে একরাশ চিন্তার ছাপ নিয়ে! ততক্ষণে তার

Read More »