নৃত্য ও সংগীত : রস, তত্ত্ব ও ঐতিহ্য

নৃত্য ও সংগীত : রস, তত্ত্ব ও ঐতিহ্য

ভারতের সংস্কৃতি সিরিজ - নবকুমার দাস

১ : সিন্ধু–সরস্বতী থেকে গঙ্গা

২ : সিন্ধু-সরস্বতী সভ্যতার সমকালীন সর্বভারতীয় স্রোতধারা

৩ : বেদের বাণী থেকে পৌরাণিক ভারত

৪ : আরণ্যক থেকে বেদান্ত  : অন্তর্জগতের অভিযাত্রা

৫ : মৌর্য–গুপ্ত যুগ : ভারতীয় সভ্যতার আত্ম-অনুসন্ধান

৬ : গুপ্তোত্তর ভারত

৭ : ভারতে বসন্ত 

৮ : ধর্মরাজনীতি ও সম্রাট অশোক

৯ : সাংস্কৃতিক সংমিশ্রণ : উত্তর ও দক্ষিণ ভারতের মিলন

১০ : সংস্কৃত সাহিত্য : ভারতীয় চিন্তার ভাষা

ভারতের মন্দির : শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির সম্মিলন

নৃত্য ও সংগীত : রস, তত্ত্ব ও ঐতিহ্য

ভূমিকা : নিনাদের ভিতরে ভারতের অন্তরাত্মা 

ভারতবর্ষকে যদি কেবল মানচিত্রে দেখা যায়, তবে সে এক ভূখণ্ড – নদী, পাহাড়, মরুভূমি ও সমুদ্রের সমাবেশ। কিন্তু যদি তাকে শোনা হয় , তবে সে এক অনন্ত সুর; যদি তাকে দেখা যায়, তবে সে এক অবিরাম নৃত্যধারা । এই দেশ নিজের ইতিহাস লিখেছে পাথরে যেমন, তেমনি লিখেছে শরীরের ভঙ্গিতে; উচ্চারণ করেছে বেদমন্ত্রে যেমন, তেমনি গেয়েছে মাঠের ধুলোমাখা কণ্ঠে। মানুষের কণ্ঠ, পায়ের তাল, হৃদয়ের স্পন্দন—সব মিলিয়ে ভারতবর্ষ এক নিনাদমান সভ্যতা, যেখানে জীবন নিজেই ছন্দে রূপান্তরিত।

প্রাচীন ঋষিরা যখন বিশ্বসৃষ্টির কথা ভাবলেন, তখন তাঁরা শব্দকেই প্রথমে অনুভব করলেন। সেই আদিধ্বনি “ॐ”, ছিল না কোনও ভাষার শব্দ, ছিল এক কম্পন, এক অন্তর্লীন স্পন্দন। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সেই গভীর ধারণা – “नादब्रह्म” – শব্দই ব্রহ্ম, সুরই সত্তা। এই দৃষ্টিকোণ থেকে নৃত্য ও সংগীত কেবল শিল্পের বিভাগ নয়; এটি বিশ্ববোধের একটি প্রাথমিক ভাষা। মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে, প্রথম বৃষ্টির শব্দ শুনে চমকে উঠেছে, প্রথম হৃদস্পন্দনের তালে নিজের অস্তিত্ব টের পেয়েছে তখনই তার মধ্যে জন্ম নিয়েছে ছন্দের অনুভূতি, সুরের আকাঙ্ক্ষা।

ভারতীয় সংস্কৃতির বিশেষত্ব এখানেই – এখানে শিল্প কখনও জীবনের বাইরে নয়; বরং জীবনই শিল্পের ভিতর দিয়ে নিজেকে চিনে নেয়। মন্দিরের গর্ভগৃহে নৃত্যমান দেবদাসী, নদীর তীরে ভেসে আসা ভাটিয়ালি, বনভূমিতে প্রতিধ্বনিত উপজাতীয় ঢোল, রাজসভায় পরিবেশিত রাগ , সব মিলিয়ে ভারতবর্ষ এক বহুস্বরের সমবায়। এখানে শাস্ত্র ও লোকায়ত, আচার ও উল্লাস, ভক্তি ও সৌন্দর্য ইত্যাদি এক অনির্বচনীয় সমন্বয়ে আবদ্ধ। এই সমন্বয়ের মধ্যেই নিহিত আছে ভারতীয় নন্দনতত্ত্বের সার সত্য – শিল্প কেবল প্রকাশ নয়, এটি অভিজ্ঞতার পরিশুদ্ধি; কেবল রূপ নয়, এটি চেতনার বিস্তার। নৃত্য ও সংগীত এই বিস্তারের দুই প্রধান মাধ্যম। একটিতে শরীর কথা বলে, অন্যটিতে শব্দ; কিন্তু উভয়ের লক্ষ্য এক – মানুষকে তার সীমাবদ্ধ সত্তা থেকে তুলে এনে এক বৃহত্তর অনুভূতির জগতে পৌঁছে দেওয়া।

এই কারণেই ভারতীয় নৃত্য ও সংগীতকে বোঝা মানে কেবল একটি শিল্পধারাকে বোঝা নয়; বরং বোঝা যায় কীভাবে একটি সভ্যতা নিজেকে অনুভব করে, কীভাবে সে তার আনন্দ, বেদনা, প্রেম, ভক্তি ও বিস্ময়কে সুর ও ছন্দে রূপ দেয়। অতএব, এই আলোচনার সূচনায় আমরা দাঁড়াই সেই প্রাচীন উপলব্ধির সামনে – বিশ্ব নিজেই এক নৃত্য, জীবন নিজেই এক সংগীত, আর মানুষ যেন সেই অনন্ত রসের অন্বেষী এক সহযাত্রী।

রসতত্ত্ব : ব্যক্তি অনুভূতির অতল থেকে সার্বজনীন অনুভব 

ভারতীয় নন্দনতত্ত্বের যে ধারণাটি শিল্পকে কেবল রূপ ও কৌশলের সীমা অতিক্রম করে এক গভীর দার্শনিক উচ্চতায় প্রতিষ্ঠা করে, তা হল – রস। এই ‘রস’ শব্দটি যতটা সরল শোনায়, তার অন্তর্গত ভাবনা ততটাই বিস্তৃত ও সূক্ষ্ম। এটি নিছক আবেগ নয়, আবার কেবল নন্দনানুভূতিও নয়; এটি সেই মুহূর্ত, যখন অনুভূতি তার ব্যক্তিগত সীমানা ছেড়ে হয়ে ওঠে সার্বজনীন।

প্রাচীন আচার্য ভরত মুনি তাঁর অমর গ্রন্থ নাট্যশাস্ত্রে এই তত্ত্বকে সংহত রূপ দেন –  “বিভাবানুভাবব্যভিচারিসংযোগাদ্ রসনিষ্পত্তিঃ।” 

এই সংক্ষিপ্ত সূত্রের মধ্যে নিহিত রয়েছে এক বিস্ময়কর নন্দনতাত্ত্বিক বিজ্ঞান। বিভাব – যা আবেগকে জাগ্রত করে ; অনুভাব – যা সেই আবেগকে প্রকাশ করে; ব্যভিচারী ভাব – যা তাকে গভীরতা ও গতি দেয়।

এই তিনের সম্মিলনে যে অনুভূতির জন্ম হয়, তা আর ব্যক্তিগত থাকে না বরং তা হয়ে ওঠে ‘রস’।

এই রসের অভিজ্ঞতা কেমন ? 

এটি এমন এক অনুভূতি, যেখানে দর্শক নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়েও যেন তারই গভীরতর সত্যকে উপলব্ধি করে। করুণ রসে চোখ ভিজে ওঠে, কিন্তু সেই কান্না ব্যক্তিগত দুঃখের নয়; তা এক বিস্তৃত মানবিক বেদনায় অংশগ্রহণ। শৃঙ্গার রসে প্রেমের অনুভূতি জাগে, কিন্তু তা কোনও নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার সঙ্গে বাঁধা নয়; তা হয়ে ওঠে প্রেমের সার্বজনীন রূপ। এই রূপান্তরের মধ্যেই রসতত্ত্বের মহিমা।

পরবর্তী সময়ে আনন্দবর্ধন তাঁর ‘ধ্বনি’ তত্ত্বে দেখালেন, শিল্পের প্রকৃত শক্তি সরাসরি উচ্চারণে নয়, নিহিত থাকে ইঙ্গিতে – অপ্রকাশিতের সূক্ষ্ম কম্পনে। আর অভিনবগুপ্ত এই তত্ত্বকে আরও গভীর করে বললেন – রসাস্বাদনের মুহূর্তে ‘অহং’ বিলীন হয়। ব্যক্তি আর ব্যক্তি থাকে না; সে হয়ে ওঠে অনুভূতির এক স্বচ্ছ মাধ্যম। এই অবস্থাকে তিনি এক ধরনের আনন্দময় চেতনাবিস্তার হিসেবে ব্যাখ্যা করেছেন।

আধুনিক মনস্তত্ত্বের ভাষায় একে বলা যেতে পারে—একটি ‘transpersonal experience’, যেখানে ব্যক্তি নিজস্ব সীমা অতিক্রম করে বৃহত্তর এক অভিজ্ঞতায় অংশ নেয়। 

এই কারণেই ভারতীয় নৃত্য ও সংগীত কেবল শিল্পচর্চা নয়; এটি এক ধরনের অন্তর্জাগতিক সাধনা। নৃত্যশিল্পী যখন ভঙ্গিতে ভঙ্গিতে কোনও অনুভূতিকে প্রকাশ করেন, বা সংগীতশিল্পী যখন রাগের বিস্তারে এক আবেগকে ধীরে ধীরে প্রস্ফুটিত করেন, তখন তারা কেবল নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করছেন না – তারা দর্শক বা শ্রোতাকে আহ্বান করছেন এক সার্বজনীন অনুভূতির জগতে প্রবেশের জন্য।

রসতত্ত্ব তাই আমাদের শেখায় – শিল্পের চূড়ান্ত লক্ষ্য অনুকরণ নয়, অনুরণন; প্রকাশ নয়, পরিশুদ্ধি; ব্যক্তি নয়, সমগ্র মানবচেতনার সঙ্গে সংযোগ। এই দৃষ্টিকোণ থেকে ভারতীয় নন্দনতত্ত্ব বিশ্বদর্শনের এক অনন্য অবদান যেখানে শিল্প হয়ে ওঠে আত্ম-অতিক্রমণের এক সেতু, আর রস সেই সেতুর ওপর দিয়ে প্রবাহিত এক অনন্ত, নিরাকার আনন্দ।

নৃত্য : শরীরের অন্তর্লিখিত ভাষা ও চেতনার দৃশ্যমান ব্যাকরণ

ভারতীয় নৃত্যকে বোঝার জন্য শরীরকে নতুন করে পড়তে হয় যেন এটি কেবল অঙ্গপ্রত্যঙ্গের সমষ্টি নয়, বরং এক গভীর ভাষা, এক সূক্ষ্ম ব্যাকরণ, এক চলমান পাঠ্য। এখানে শব্দের প্রয়োজন নেই; দেহ নিজেই হয়ে ওঠে উচ্চারণ, ভঙ্গি হয়ে ওঠে বাক্য, আর দৃষ্টি হয়ে ওঠে অনুভূতির নিঃশব্দ বিস্তার। 

প্রাচীন শাস্ত্র, বিশেষত নাট্যশাস্ত্র , নৃত্যকে তিনটি স্তরে বিন্যস্ত করেছে – 

নৃত্ত : শুদ্ধ গতি ও ছন্দের বিমূর্ত রূপ 

নৃত্য : আবেগ ও ভাবের প্রকাশ

নাট্য : কাহিনি ও চরিত্রের অভিনয়

এই তিন স্তরের সমন্বয়ে নৃত্য হয়ে ওঠে এক পূর্ণাঙ্গ নন্দনতাত্ত্বিক রূপ যেখানে রূপ ও অর্থ, ছন্দ ও অনুভূতি, দৃশ্য ও অন্তর্জগত পরস্পরের সঙ্গে সংলাপে আবদ্ধ।

নৃত্তে আমরা দেখি শরীরের জ্যামিতি – রেখা, বৃত্ত, ভঙ্গিমার নিখুঁত শৃঙ্খলা। এটি যেন সংগীতের তাল দৃশ্যমান হয়ে উঠেছে। এখানে আবেগ নেই, আছে গতি; নেই কাহিনি, আছে ছন্দের নির্মল স্থাপত্য।

নৃত্যে সেই গতি পায় প্রাণ – মুখের অভিব্যক্তি, চোখের ভাষা, হাতের মুদ্রা মিলিয়ে সেখানে জন্ম নেয় অনুভূতির প্রবাহ। একটি ভ্রূক্ষেপ, একটি দৃষ্টির সামান্য পরিবর্তন – এই সূক্ষ্ম ইঙ্গিতেই খুলে যায় আবেগের দরজা। 

আর নাট্যে সেই অনুভূতি প্রবেশ করে কাহিনির ভেতরে – পৌরাণিক আখ্যান, প্রেমের গল্প, ভক্তির লীলা—সবই শরীরের মাধ্যমে দৃশ্যমান হয়ে ওঠে।

এই সমগ্র প্রক্রিয়াকে যদি নৃতাত্ত্বিক ও চিহ্নতাত্ত্বিক দৃষ্টিতে দেখা যায়, তবে নৃত্য আসলে এক semiotic system বা চিহ্নের ভাষা।

একটি ‘অঞ্জলি’ মুদ্রা কেবল প্রণাম নয়; এটি আত্মসমর্পণ, ভক্তি, শ্রদ্ধার বহুবিধ অর্থ বহন করে। একটি ‘পদ্ম’ মুদ্রা কেবল ফুল নয়; এটি সৃষ্টির প্রতীক, সৌন্দর্যের প্রতীক, দেবত্বের ইঙ্গিত। অতএব, নৃত্যের ভাষা সরল নয়; এটি বহুস্তরীয় – যেখানে প্রতিটি চিহ্ন একাধিক অর্থ ধারণ করে। 

নৃতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, এই দেহভাষা কেবল শিল্পের জন্য নয়; এটি সমাজেরও প্রতিফলন। কোন ভঙ্গি ‘লাস্য’ বা কোমলতার প্রতীক – তা লিঙ্গভূমিকার সামাজিক ধারণাকে নির্দেশ করে। কোন ভঙ্গি ‘তাণ্ডব’ বা শক্তির প্রতীক – তা ক্ষমতা ও পৌরুষের ধারণাকে প্রকাশ করে। মুদ্রা ও অঙ্গভঙ্গির নিয়ম সমাজের শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে যুক্ত। 

অতএব, নৃত্য হল সমাজের একটি চলমান নথি, যেখানে সংস্কৃতি নিজেকে দেহের মাধ্যমে লিপিবদ্ধ করে।কিন্তু এই সমস্ত বিশ্লেষণের ঊর্ধ্বে নৃত্যের একটি অন্তর্গত সত্য রয়েছে – এটি মানুষের অন্তর্জগতের দৃশ্যমান প্রকাশ। যখন নৃত্যশিল্পী ছন্দের মধ্যে নিজেকে বিলিয়ে দেন, তখন শরীর আর কেবল শরীর থাকে না; তা হয়ে ওঠে এক প্রবাহ, এক স্পন্দন, এক অনির্বচনীয় অভিজ্ঞতা। এই অবস্থায় নৃত্য কেবল দর্শনের বিষয় নয়; এটি এক অন্তর্জাগতিক উপলব্ধি যেখানে শরীর ও আত্মা, রূপ ও রস, দৃশ্য ও অনুভূতি একাকার হয়ে যায়। 

এই কারণেই বলা যায় ভারতীয় নৃত্য কেবল একটি শিল্পরীতি নয়; এটি এক দার্শনিক ভাষা, যেখানে মানুষ তার চেতনার গভীরতম স্তরকে শরীরের মাধ্যমে প্রকাশ করে।

ভরতনাট্যম : শাস্ত্রের স্থাপত্যে ভক্তির জ্যোতি

দক্ষিণ ভারতের মন্দিরপ্রাঙ্গণে জন্ম নেওয়া ভারত নাট্যম কেবল একটি নৃত্যরীতি নয় ~ এটি এক অনন্ত সাধনার পরিণত রূপ, যেখানে শরীর, সুর ও ছন্দ একত্রে মিলিত হয়ে সৃষ্টি করে এক আধ্যাত্মিক স্থাপত্য।

এই নৃত্যের উৎস লুকিয়ে আছে তামিলভূমির দেবালয়-সংস্কৃতিতে  যেখানে দেবদাসীরা নৃত্যের মাধ্যমে দেবতার আরাধনা করতেন। সেই আরাধনা ছিল কেবল ধর্মীয় আচার নয়; তা ছিল এক গভীর নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতা, যেখানে সৌন্দর্য নিজেই ভক্তির রূপ ধারণ করে। 

“ভা–র–ত”—ভাব, রাগ, তাল—এই ত্রিবিধ উপাদানের সম্মিলনেই ‘ভারত নাট্যম’ নামের তাৎপর্য উন্মোচিত হয়। এখানে আবেগ, সুর ও সময়—এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সমগ্র নৃত্যরীতি।ভারত নাট্যমের অঙ্গবিন্যাসের দিকে তাকালে মনে হয়, যেন এক চলমান মন্দির স্থাপত্য চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। অর্ধমণ্ডল ভঙ্গি, সমমিত অঙ্গসংস্থান, দৃঢ় পদক্ষেপ – সব মিলিয়ে শরীর যেন রেখা ও কোণের নিখুঁত সমীকরণ।

এই জ্যামিতিক শৃঙ্খলা কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়; এর মধ্যে নিহিত রয়েছে এক গভীর দার্শনিক ভাবনা ~ বিশ্বব্রহ্মাণ্ড নিজেই এক সুষম বিন্যাস, এক ছন্দময় স্থাপত্য। কিন্তু এই কঠোর শৃঙ্খলার মধ্যেই প্রবাহিত হয় ভক্তির কোমলতা।

মুখের অভিব্যক্তি – অভিনয় – ভারত নাট্যমের প্রাণ। চোখের ক্ষীণ দৃষ্টি, ঠোঁটের সূক্ষ্ম কম্পন, ভ্রূর সামান্য ওঠানামা – এইসব ক্ষুদ্র ইঙ্গিতেই প্রকাশ পায় প্রেম, বেদনা, আনন্দ, ভক্তি। যখন নৃত্যশিল্পী কৃষ্ণের লীলা, শিবের তাণ্ডব বা দেবীর শক্তিকে ধারণ করেন, তখন তিনি কেবল অভিনয় করেন না; তিনি সেই দেবত্বকে নিজের মধ্যে আহ্বান করেন। এই আহ্বানই নৃত্যকে রূপান্তরিত করে সাধনায়। 

ভারত নাট্যমের অন্তর্লীন প্রতীক হল নটরাজ শিব – যিনি এক হাতে ডমরু, অন্য হাতে অগ্নি, এক পায়ে নৃত্যরত, অন্য পায়ে অবিদ্যার উপর প্রতিষ্ঠিত। 

– “নৃত্যতে নটরাজঃ, তেন স্পন্দতে বিশ্বম্।”

এই তাণ্ডব নৃত্যে আমরা দেখি –  সৃষ্টি (ডমরুর নাদ) , স্থিতি (সমতাল ভঙ্গি) ও প্রলয় (অগ্নি)।

অতএব, ভারত নাট্যম কেবল একটি নৃত্য নয়; এটি এক বিশ্বতাত্ত্বিক ভাষা, যেখানে শরীরের মাধ্যমে ব্রহ্মাণ্ডের ছন্দ প্রকাশিত হয়। 

নৃতাত্ত্বিক দৃষ্টিতে এই নৃত্য আরও তাৎপর্যপূর্ণ। এটি মন্দিরের অন্তঃপুর থেকে আধুনিক মঞ্চে এসেছে – এক দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরের মধ্য দিয়ে। দেবদাসী প্রথার অবসান, ঔপনিবেশিক সমাজের পরিবর্তন, এবং আধুনিক পুনর্জাগরণের প্রচেষ্টা – সব মিলিয়ে ভারত নাট্যম আজ এক নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত।

বিশেষত বিংশ শতকে রুক্মিণী দেবী অরুন্ডেল এই নৃত্যকে পুনরুজ্জীবিত করে তাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেন। তবে এই রূপান্তরের মধ্যেও ভারত নাট্যম তার মূল সত্তাকে ধরে রেখেছে – শাস্ত্রের শৃঙ্খলা, ভক্তির গভীরতা, এবং শরীরের মাধ্যমে চেতনার প্রকাশ। এই কারণেই বলা যায় – ভারত নাট্যম কেবল একটি শিল্পরীতি নয়; এটি এক জীবন্ত দর্শন, যেখানে মানুষ নিজের শরীরকে একটি যন্ত্র হিসেবে ব্যবহার করে অসীমের সঙ্গে সংলাপে প্রবেশ করে।

ওডিশি : ভাস্কর্যের নিঃশ্বাসে জাগ্রত লাস্য

যদি ভরতনাট্যম হয় আগুনের মতো শৃঙ্খলাবদ্ধ ও দীপ্ত, তবে ওডিশি যেন জলের মতো প্রবহমান—কোমল, বক্র, লাস্যময়। এই নৃত্যরীতি জন্ম নিয়েছে ওড়িশার মন্দিরসংস্কৃতির গভীর অন্তঃস্থলে, যেখানে পাথরও যেন একদিন নেচেছিল। বিশেষত কোনার্ক সূর্য মন্দির এবং জগন্নাথ মন্দিরের গাত্রে খোদাই করা ভাস্কর্যগুলি কেবল স্থির শিল্প নয়; সেগুলি যেন থমকে যাওয়া এক নৃত্যের মুহূর্ত। ওডিশি সেই স্থির মুহূর্তকে সময়ের প্রবাহে ফিরিয়ে আনে – শরীরের গতিতে, দৃষ্টির কোমলতায়, ভঙ্গির সূক্ষ্ম বক্রতায়।

ওডিশির সবচেয়ে স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য হল – ত্রিভঙ্গী। মাথা, কোমর ও পায়ের তিনটি বাঁক – এই তিন স্তরে বিভক্ত শরীর যেন সরলরেখাকে প্রত্যাখ্যান করে, গ্রহণ করে বক্রতার সৌন্দর্য। এই বক্রতাই ওডিশির প্রাণ – এ যেন জীবনের নিজস্ব ছন্দ, যা কখনও সরল নয়, সর্বদা বক্র, প্রবাহমান। এই নৃত্যের মধ্যে লাস্যের আধিক্য – কোমলতা, মাধুর্য, সংযত আবেগ। কিন্তু এই কোমলতা দুর্বলতা নয়; বরং এটি এক গভীর অন্তর্মুখী শক্তি, যা ধ্যানের মতো ধীরে ধীরে প্রস্ফুটিত হয়।

ওডিশির সাহিত্যিক আত্মা নিহিত রয়েছে জয়দেবের গীতগোবিন্দের ছন্দে । রাধা ও কৃষ্ণের প্রেমলীলা এখানে কেবল রোমান্টিক আখ্যান নয়; এটি মানব ও ঈশ্বরের মিলনের প্রতীক। 

“স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং…”

এই পদাবলীর সুর ও শব্দ নৃত্যের মধ্যে রূপান্তরিত হয়ে হয়ে ওঠে এক গভীর ভক্তিমূলক অভিজ্ঞতা – যেখানে প্রেম, আকাঙ্ক্ষা, বিরহ ও মিলন সবই এক আধ্যাত্মিক পরিসরে উত্তীর্ণ হয়। ওডিশির দেহচালনা লক্ষ্য করলে দেখা যায় – এখানে গতি কখনও তীব্র নয়; বরং ধীর, তরল, প্রায় ধ্যানমগ্ন। প্রতিটি পদক্ষেপ যেন মাটির সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে।

নৃতাত্ত্বিক দৃষ্টিতে এই নৃত্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ‘মহারি’ ও ‘গোটিপুয়া’ প্রথার মাধ্যমে মন্দিরসংস্কৃতি থেকে লোকায়ত জীবনে প্রবেশ করেছে, আবার সেখান থেকে আধুনিক মঞ্চে প্রতিষ্ঠা পেয়েছে। এই রূপান্তরের মধ্যে আমরা দেখি ধর্মীয় আচার থেকে নন্দনতত্ত্বে উত্তরণ, লিঙ্গভূমিকার পরিবর্তন (মহারি থেকে গোটিপুয়া ) এবং ওডিশি তাই কেবল একটি নৃত্যরীতি নয়; এটি এক সাংস্কৃতিক যাত্রাপথ, যেখানে পাথরের নিস্তব্ধতা থেকে শরীরের জীবন্ত ছন্দে রূপান্তর ঘটে।

এই নৃত্যে শরীর যেন কথা বলে না বরং শ্বাস নেয়। প্রতিটি ভঙ্গি যেন এক দীর্ঘ নিঃশ্বাস, প্রতিটি দৃষ্টি যেন এক নীরব প্রার্থনা। অতএব, ওডিশি হল সেই নৃত্য যেখানে ভাস্কর্য জীবন্ত হয়, প্রেম ভক্তিতে রূপান্তরিত হয়, আর শরীর হয়ে ওঠে এক অনন্ত লাস্যের ভাষা।

প্রাদেশিক নৃত্য : মাটির স্পন্দনে শরীরের উল্লাস

ভারতের নৃত্য-সংস্কৃতি কেবল শাস্ত্রীয় মঞ্চের আলোয় সীমাবদ্ধ নয়; তার প্রকৃত প্রাণ লুকিয়ে আছে গ্রামবাংলার ধুলোমাখা উঠোনে, পাহাড়ি জনপদের উল্লাসে, মরুভূমির বিস্তৃত নীরবতার ভেতরে, আর নদীমাতৃক জনজীবনের দোলায়। এখানে নৃত্য জন্ম নেয় না কোনও শাস্ত্রের পৃষ্ঠায়; জন্ম নেয় জীবনের অভ্যন্তরে কৃষিকাজের ছন্দে, ঋতুচক্রের পরিবর্তনে, উৎসবের সমবেত আহ্বানে।

পাঞ্জাবের ভাংড়া যেন শরীরের বিস্ফোরিত আনন্দ – ফসল কাটার পরিশ্রম শেষে এক উচ্ছ্বসিত মুক্তি। এখানে দেহ উল্লম্বে উঠে যায়, পা মাটি ছেড়ে আকাশ স্পর্শ করতে চায় – যেন শ্রমের ক্লান্তি আনন্দে রূপান্তরিত হচ্ছে।

অসমের বিহু বসন্তের প্রথম নিশ্বাস- তরুণ-তরুণীর দেহজ ভাষায় প্রকৃতির নবজন্মের প্রতিধ্বনি। কোমরের দোল, হাতের বক্রতা, চোখের চঞ্চলতা—সব মিলিয়ে এক প্রাণোচ্ছল প্রেমের ভাষা, যেখানে মানুষ ও প্রকৃতি একাকার।

গুজরাটের গরবা এক বৃত্তাকার ছন্দ – দেবীকে কেন্দ্র করে মানুষ ঘুরে চলে, আবার ফিরে আসে সেই কেন্দ্রেই। এই বৃত্ত কেবল নৃত্যের বিন্যাস নয়; এটি এক সাংস্কৃতিক প্রতীক – সমাজের ঐক্য, সময়ের চক্র, জন্ম-মৃত্যুর পুনরাবর্তন।

পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা অঞ্চলের ছৌ নৃত্যে আমরা দেখি এক ভিন্ন শক্তির প্রকাশ। মুখোশ, যুদ্ধভঙ্গি, পৌরাণিক চরিত্র – সব মিলিয়ে এটি এক নাট্যময় দেহভাষা। এখানে শরীর হয়ে ওঠে শক্তির প্রতীক, সংগ্রামের প্রতীক, পৌরুষের নাটকীয় অভিব্যক্তি।

অন্যদিকে মণিপুরের রাসলীলা – অপরিসীম কোমলতা ও অন্তর্মুখী ভক্তির নৃত্য। এখানে পদক্ষেপ প্রায় মাটিতে পড়ে না; যেন শরীর ভেসে যাচ্ছে এক অদৃশ্য সুরের ভিতরে। কৃষ্ণ-রাধার লীলাকে কেন্দ্র করে এই নৃত্য মানবিক প্রেমকে আধ্যাত্মিক উচ্চতায় উত্তীর্ণ করে। 

নৃতাত্ত্বিক দৃষ্টিতে এইসব প্রাদেশিক নৃত্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এগুলি কেবল বিনোদন নয়; এগুলি সমাজের জীবন্ত নথি – কৃষিকেন্দ্রিক জীবনের ছাপ (ভাংড়া, বিহু), দেবী বা স্থানীয় দেবতার আরাধনা (গরবা), যুদ্ধ ও বীরত্বের স্মৃতি (ছৌ), ভক্তিমূলক আধ্যাত্মিকতা (রাসলীলা) – এই নৃত্যগুলিতে লিঙ্গভূমিকা, সামাজিক কাঠামো, উৎসবের বিন্যাস -সবকিছুই শরীরের মাধ্যমে প্রকাশিত হয়।

অতএব, প্রাদেশিক নৃত্য হল সেই আয়না – যেখানে একটি সমাজ নিজেকে দেখে, নিজের আনন্দ ও বেদনা, শ্রম ও উল্লাস, বিশ্বাস ও কল্পনাকে প্রকাশ করে। এই নৃত্যগুলির মধ্যে শাস্ত্রের কঠোর নিয়ম নেই, কিন্তু আছে জীবনের স্বতঃস্ফূর্ত ছন্দ। এই কারণেই বলা যায় – ভারতের প্রাদেশিক নৃত্য হল মাটির স্পন্দন, মানুষের হৃদয়ের ধ্বনি, আর সভ্যতার এক অনির্বচনীয় উল্লাস – যেখানে শরীর নিজেই হয়ে ওঠে জীবনের উৎসব।

অতএব, প্রাদেশিক নৃত্য হল সেই আয়না—যেখানে একটি সমাজ নিজেকে দেখে, নিজের আনন্দ ও বেদনা, শ্রম ও উল্লাস, বিশ্বাস ও কল্পনাকে প্রকাশ করে। এই নৃত্যগুলির মধ্যে শাস্ত্রের কঠোর নিয়ম নেই, কিন্তু আছে জীবনের স্বতঃস্ফূর্ত ছন্দ – যে ছন্দ কখনও ফসল কাটার আনন্দে, কখনও বসন্তের উল্লাসে, কখনও দেবীর আরাধনায়, কখনও বা প্রেমের নিঃশব্দ আকাঙ্ক্ষায় ধ্বনিত হয়।

এই কারণেই বলা যায় – ভারতের প্রাদেশিক নৃত্য কেবল লোকউৎসবের অংশ নয়; এগুলি এক একটি সাংস্কৃতিক দলিল, যেখানে মানুষের জীবনযাপন, ইতিহাস, পরিবেশ ও বিশ্বাস শরীরের মাধ্যমে লিপিবদ্ধ হয়ে থাকে। এখানে নৃত্য মানে কেবল পরিবেশন নয় – এটি অংশগ্রহণ; এটি একসঙ্গে বেঁচে থাকার অভিজ্ঞতা; এটি ব্যক্তি থেকে সমষ্টির দিকে অগ্রসর হওয়ার এক অন্তরঙ্গ যাত্রা। 

যখন বহু মানুষ একই তালে নেচে ওঠে, তখন তারা কেবল তাল মেলায় না – তারা একে অপরের সঙ্গে, মাটির সঙ্গে, সময়ের সঙ্গে এবং অদৃশ্য এক সাংস্কৃতিক ঐক্যের সঙ্গে যুক্ত হয়ে যায়।

অতএব, ভারতের প্রাদেশিক নৃত্য হল – মাটির স্পন্দন, মানুষের হৃদয়ের ধ্বনি, আর সভ্যতার এক অনির্বচনীয় উল্লাস – যেখানে শরীর নিজেই হয়ে ওঠে জীবনের উৎসব, আর নৃত্য – এক অবিরাম, সমষ্টিগত আনন্দের প্রকাশ।

সংগীত : নাদের অন্তর্লোক ও চেতনার অনন্ত অনুরণন

ভারতবর্ষকে যদি নৃত্য তার দৃশ্যমান ভাষা দেয়, তবে সংগীত তাকে দেয় তার অদৃশ্য আত্মা। নৃত্যে শরীর কথা বলে, কিন্তু সংগীতে কথা বলে- অন্তর্লোক। ভারতীয় সংগীতের গভীরে যে ধারণাটি সর্বাধিক অনুরণিত, তা হল- “নাদব্রহ্ম”- শব্দই ব্রহ্ম, ধ্বনিই সৃষ্টির আদিসূত্র।

এই ধারণা নিছক দার্শনিক উচ্চারণ নয়; এটি এক গভীর অভিজ্ঞতার ফল। প্রাচীন ঋষিরা উপলব্ধি করেছিলেন – বিশ্বের সমস্ত কিছুই এক ধরনের কম্পন, এক অন্তর্লীন স্পন্দন। সেই স্পন্দনের সূক্ষ্মতম রূপই ‘নাদ’।

এই নাদ দুই প্রকার – আহত নাদ : যা আঘাতে উৎপন্ন – যন্ত্র, কণ্ঠ, ধ্বনি এবং অনাহত নাদ : যা অন্তরে অনুরণিত – নিঃশব্দ, কিন্তু অনুভবযোগ্য। 

ভারতীয় সংগীত এই দুই নাদের মধ্যবর্তী এক সেতু – বাহিরের ধ্বনি থেকে অন্তরের নীরবতার দিকে এক যাত্রা। এই কারণেই সংগীত এখানে কেবল বিনোদন নয়; এটি এক ধ্যানমার্গ।

যখন একজন শিল্পী রাগ আলাপ করেন, তিনি তাড়াহুড়ো করেন না। ধীরে ধীরে, সূক্ষ্মভাবে, স্বরকে প্রসারিত করেন – যেন এক একটি স্বর একটি অদৃশ্য জগতের দ্বার খুলে দিচ্ছে। শ্রোতাও সেই যাত্রায় অংশ নেয় – তার মন ধীরে ধীরে স্তিমিত হয়, বহির্জগত থেকে সরে এসে অন্তর্মুখী হয়।

এই অভিজ্ঞতা এক প্রকার সমষ্টিগত ধ্যান – যেখানে শিল্পী ও শ্রোতা উভয়েই এক অদৃশ্য ছন্দে আবদ্ধ।

ভারতীয় সংগীতের এই অন্তর্মুখী চরিত্র তাকে পাশ্চাত্যের অনেক সংগীতধারা থেকে পৃথক করে। এখানে জোর নেই বহিরঙ্গের জাঁকজমকে; বরং রয়েছে সূক্ষ্মতা, ধীরতা, অন্বেষণ। একটি স্বরের সামান্য কম্পন, একটি মীড়ের ধীরে ওঠানামা, একটি গমকের সূক্ষ্ম দোল এইসব ক্ষুদ্র পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে গভীর অনুভূতি।

নৃতাত্ত্বিক দৃষ্টিতে সংগীতের এই রূপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই থেকে জানা যায় যে ভারতীয় সংস্কৃতিতে শ্রবণ একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন। ‘শ্রুতি’ শব্দটি যেমন বেদীয় জ্ঞানের উৎস, তেমনি সংগীতেও ‘শ্রুতি’ হল সূক্ষ্মতম স্বরের পার্থক্য। অতএব, শোনা এখানে কেবল ইন্দ্রিয়গত ক্রিয়া নয়; এটি জ্ঞানের পথ, চেতনার প্রসারণ।

এই সংগীত মানুষকে একাকী করে না; বরং তাকে সংযুক্ত করে – নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, এবং এক বৃহত্তর চেতনার সঙ্গে। যখন একটি তান ভেসে ওঠে, যখন একটি আলাপ ধীরে ধীরে বিস্তৃত হয়, তখন মনে হয় – সময় থেমে গেছে, শব্দ ধীরে ধীরে নীরবতায় বিলীন হচ্ছে, আর সেই নীরবতার মধ্যেই যেন প্রকাশ পাচ্ছে এক অনন্ত উপস্থিতি। এই কারণেই বলা যায়- ভারতীয় সংগীত কেবল সুরের বিন্যাস নয়; এটি এক অন্তর্জাগতিক যাত্রা- যেখানে শব্দ পথ, নীরবতা গন্তব্য, আর মানুষের চেতনা – তার এক অনন্ত অনুরণন।

রাগ : সময়, ঋতু ও অনুভূতির সূক্ষ্ম স্থাপত্য

ভারতীয় সংগীতের অন্তর্লোককে যদি এক শব্দে ধরা যায়, তবে তা – রাগ। কিন্তু রাগ কেবল সুরের বিন্যাস নয়; এটি এক জীবন্ত সত্তা, এক অনুভূতির আকাশ, যেখানে স্বরগুলি নক্ষত্রের মতো ছড়িয়ে থাকে, আর তাদের মধ্যবর্তী অদৃশ্য সম্পর্ক গড়ে তোলে এক অনন্য জ্যোতির্ময় বিন্যাস।

রাগের মূলেই রয়েছে আকর্ষণ – ‘রঞ্জ’ ধাতু থেকে ‘রাগ’ শব্দের উৎপত্তি, যার অর্থ রঞ্জিত করা, রাঙিয়ে তোলা। রাগ সেই শক্তি, যা মনকে রঙিন করে, অনুভূতিকে রূপ দেয়, চেতনাকে এক বিশেষ আবহে আবদ্ধ করে।

প্রাচীন সংগীতশাস্ত্রে রাগের সংজ্ঞা দেওয়া হয়েছে ,  “রঞ্জয়তি ইতি রাগ:” অর্থাৎ, যা মনকে রঞ্জিত করে, তাই রাগ।

কিন্তু এই রঞ্জন কোনও সরল আবেগের প্রকাশ নয়; এটি এক সূক্ষ্ম নির্মাণ – আরোহ-অবরোহ, বাদী-সমবাদী, নিষেধ স্বর, বিশেষ গমক – সব মিলিয়ে রাগ এক জটিল অথচ সজীব স্থাপত্য। রাগের একটি বিস্ময়কর দিক হল তার সময়চেতনা। ভারতীয় সংগীত রাগকে নির্দিষ্ট সময়ের সঙ্গে যুক্ত করেছে – প্রভাতের রাগ, মধ্যাহ্নের রাগ, সন্ধ্যার রাগ, নিশিথের রাগ।

প্রভাতের ভৈরব – গভীর, ধ্যানমগ্ন, যেন ঘুম ভাঙার প্রথম আলো। সন্ধ্যার ইয়ামন / ইমন – মৃদু, প্রশান্ত, দিনের ক্লান্তি ধীরে ধীরে নরম হয়ে আসছে। বর্ষার মেঘ বা মালহার ( মল্লার )- অপেক্ষা, আকুলতা, বৃষ্টির আগমনী সুর। এই সময়বোধ কেবল নিয়ম নয়; এটি প্রকৃতির সঙ্গে সংগীতের এক অন্তরঙ্গ সম্পর্কের প্রকাশ। এখানে সময় ঘড়ির কাঁটায় মাপা হয় না; সময় অনুভূতির মাধ্যমে উপলব্ধ হয়।

রাগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার ঋতুচেতনা। বর্ষার রাগ, বসন্তের রাগ – প্রতিটি ঋতু তার নিজস্ব সুর নিয়ে উপস্থিত হয়। বসন্তে রাগ বসন্ত বা বহার – নবপল্লবের মতো কোমল ও উচ্ছ্বসিত। বর্ষায় মেঘ – আকাশের গভীরতা ও মাটির আকাঙ্ক্ষা একত্রে ধ্বনিত হয়। এইভাবে রাগ হয়ে ওঠে প্রকৃতির ভাষা – মানুষ সেই ভাষাকে শোনে, শেখে, এবং নিজের কণ্ঠে পুনর্নির্মাণ করে।

নৃতাত্ত্বিক দৃষ্টিতে এই ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দেখায় – ভারতীয় সংস্কৃতিতে মানুষ ও প্রকৃতি পৃথক নয়; বরং তারা এক পারস্পরিক সংলাপে আবদ্ধ। রাগ সেই সংলাপের মাধ্যম। 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল – রাগ কখনও স্থির নয়; এটি একটি প্রক্রিয়া।

একজন শিল্পী যখন রাগ পরিবেশন করেন, তখন তিনি কেবল একটি নির্দিষ্ট সুরগুচ্ছ অনুসরণ করেন না; তিনি সেই রাগকে ধীরে ধীরে উন্মোচন করেন – আলাপ, বিলম্বিত, দ্রুত, তান – এই ধাপে ধাপে রাগের আত্মা প্রকাশ পায়। এই উন্মোচন একধরনের সৃষ্টির প্রক্রিয়া – প্রতিবারই নতুন, প্রতিবারই ভিন্ন।

এখানেই ভারতীয় সংগীতের এক মৌলিক বৈশিষ্ট্য – এটি improvisational, অর্থাৎ তাৎক্ষণিক সৃজনশীলতার উপর নির্ভরশীল। কিন্তু এই স্বাধীনতা কখনও বিশৃঙ্খলা নয়; এটি শাস্ত্রের ভিতের উপর দাঁড়ানো এক সৃজনশীল মুক্তি। 

রাগের মধ্যে তাই আমরা দেখি – নিয়ম ও স্বাধীনতার এক সূক্ষ্ম ভারসাম্য, যেখানে কাঠামো আছে, কিন্তু তার ভেতরে রয়েছে অসীম সম্ভাবনা। এই কারণেই রাগকে কেবল শোনা যায় না; তাকে অনুভব করতে হয়, তার মধ্যে প্রবেশ করতে হয়। যখন একটি রাগ ধীরে ধীরে প্রস্ফুটিত হয়, তখন মনে হয়- সময় থেমে গেছে, স্বরগুলি যেন শূন্যে ভেসে বেড়াচ্ছে, আর সেই শূন্যতার মধ্যেই জন্ম নিচ্ছে এক গভীর, অনির্বচনীয় অনুভূতি।

অতএব, রাগ হল- সময়ের রঙ, ঋতুর ভাষা, অনুভূতির স্থাপত্য; এক এমন সঙ্গীতধারা, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে, নিজের অন্তর্জগতের সঙ্গে এবং এক বৃহত্তর চেতনার সঙ্গে সংলাপে প্রবেশ করে।

প্রাদেশিক সংগীত : মানুষের কণ্ঠে ভূগোলের আত্মকথা

ভারতীয় সংগীতের এক বৃহত্তম শক্তি তার বহুস্বরতা। শাস্ত্রীয় সংগীত যেমন এক পরিশীলিত নন্দনতত্ত্বের শিখর, তেমনি প্রাদেশিক বা লোকসংগীত হল তার গভীর শিকড় – যেখানে মাটির গন্ধ, মানুষের শ্রম, জীবনের অনাড়ম্বর সত্য একেবারে প্রত্যক্ষভাবে প্রকাশিত।

এই লোকসংগীতের ভুবনে প্রবেশ করলে আমরা যেন ভারতের ভৌগোলিক মানচিত্রকে শুনতে পাই – নদী, মরুভূমি, পাহাড়, বনভূমি – সবকিছুই এখানে কণ্ঠের মাধ্যমে আত্মপ্রকাশ করে। বাংলার বাউল গান – এক অন্তর্জাগতিক অনুসন্ধানের সুর। এখানে দেহই মন্দির, মনই উপাসক, আর ‘মানুষ’ই পরম সত্য।

লালন ফকিরের কণ্ঠে ধ্বনিত হয় – “মানুষ ভজলে সোনার মানুষ হবি” – এই পংক্তি কেবল আধ্যাত্মিক উপলব্ধি নয়; এটি এক সামাজিক প্রতিবাদও—বর্ণ, ধর্ম, প্রথার সীমা অতিক্রম করে মানুষের মৌলিক সত্তার সন্ধান।

রাজস্থানের মরুভূমিতে মাঙ্গানিয়ার ও লাঙ্গা গায়কদের সুর – শুষ্ক প্রান্তরের মধ্যে এক অদ্ভুত গভীরতা বহন করে। সেখানে প্রেম আছে, বিচ্ছেদ আছে, রাজপুত ইতিহাসের স্মৃতি আছে – কিন্তু সবকিছুই যেন এক দীর্ঘ প্রতিধ্বনির মতো বয়ে চলে।

কাশ্মীরের সুফিয়ানা সংগীত – আল্লাহর প্রেমে আত্মবিসর্জনের সুর। এখানে সংগীত হয়ে ওঠে ‘জিকির’—স্মরণ, পুনরাবৃত্তি, ধ্যান।

পাঞ্জাবের গুরুবাণী – ধর্মীয় সংগীত হলেও তার মধ্যে মানবতার সার্বজনীন বাণী প্রবাহিত। গুরু নানকের বাণী সুরের মধ্যে ছড়িয়ে পড়ে – মানুষকে আহ্বান জানায় সমতা ও প্রেমের পথে।

দক্ষিণ ভারতের কীর্তন ও ভজন – ব্যক্তিগত ভক্তির গভীর অভিব্যক্তি। এখানে ঈশ্বর দূরের কোনও সত্তা নন; তিনি অন্তরের সঙ্গী, ব্যক্তিগত সম্পর্কের কেন্দ্রবিন্দু।

উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উপজাতীয় সংগীত – প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের এক জীবন্ত দলিল। বন, নদী, প্রাণী – সবই এখানে সংগীতের অংশ।

নৃতাত্ত্বিক বিশ্লেষণে এই প্রাদেশিক সংগীতধারাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি আমাদের দেখায় – সংগীত কীভাবে পরিবেশের সঙ্গে যুক্ত (মরুভূমির দীর্ঘ সুর, পাহাড়ের প্রতিধ্বনি) কীভাবে সমাজের কাঠামো ও বিশ্বাস সংগীতে প্রতিফলিত হয়। কীভাবে ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবনা লোকায়ত জীবনের সঙ্গে মিশে যায়।এই সংগীতগুলি কোনও লিখিত শাস্ত্রের উপর নির্ভরশীল নয়; এগুলি মৌখিক পরম্পরায় বেঁচে থাকে – প্রজন্ম থেকে প্রজন্মে, কণ্ঠ থেকে কণ্ঠে। এই কারণেই এগুলি কেবল গান নয়; এগুলি জীবন্ত ইতিহাস।এখানে প্রতিটি সুরের মধ্যে লুকিয়ে থাকে মানুষের জীবনসংগ্রাম, প্রেম, বেদনা, বিশ্বাস – সবকিছু।অতএব, প্রাদেশিক সংগীত হল – মানুষের কণ্ঠে উচ্চারিত ভূগোল, সমাজের অন্তর্লিখিত ইতিহাস, আর এক এমন সাংস্কৃতিক ভাষা, যেখানে শব্দের মধ্যে মিশে থাকে জীবন নিজেই।

. শাস্ত্র ও ঐতিহ্য : নিয়মের ভিতরে সৃজনের মুক্তি, উত্তরাধিকার ও নবসৃজনের দ্বান্দ্বিকতা

ভারতীয় নৃত্য ও সংগীতের যে অপরিসীম বিস্তার—তার অন্তর্গত স্রোতকে যদি অনুসরণ করা যায়, তবে দেখা যাবে, এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এক সুদীর্ঘ শাস্ত্রীয় পরম্পরা। এই পরম্পরা কেবল নিয়মের সংকলন নয়; এটি এক সভ্যতার আত্মসচেতনতার দলিল—যেখানে শিল্পকে বোঝার, সংরক্ষণ করার এবং উত্তরাধিকারসূত্রে বহন করার এক গভীর প্রয়াস লক্ষ করা যায়।

এই প্রয়াসের কেন্দ্রে রয়েছে কিছু মহাগ্রন্থ – নাট্যশাস্ত্র , দত্তিলম্ এবং শার্ঙ্গদেবের অনবদ্য সৃষ্টি সঙ্গীত রত্নাকর। এই গ্রন্থগুলি একদিকে যেমন তত্ত্ব নির্ধারণ করেছে, অন্যদিকে তেমনি শিল্পের প্রয়োগের জন্য একটি সুসংহত কাঠামো নির্মাণ করেছে।

শাস্ত্র : কাঠামো না কি সৃজনের মানচিত্র ?

শাস্ত্রকে প্রায়ই ভুলভাবে কঠোর নিয়মের সমষ্টি বলে মনে করা হয়। কিন্তু ভারতীয় শিল্পচিন্তায় শাস্ত্রের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন। শাস্ত্র এখানে কোনও বন্ধন নয়; বরং এটি এক সম্ভাবনার মানচিত্র। উদাহরণস্বরূপ, নাট্যশাস্ত্র কেবল নৃত্যের ভঙ্গি বা অভিনয়ের নিয়ম নির্ধারণ করেনি; এটি মানব-অনুভূতির এক গভীর বিশ্লেষণও প্রদান করেছে – রস, ভাব, অভিনয়, মুদ্রা – সবকিছুকে এক সুসংহত তত্ত্বে আবদ্ধ করেছে।একইভাবে, সঙ্গীত রত্নাকর সংগীতকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে। শার্ঙ্গদেব বলেন –  “গীতম্ বাদ্যং তথা নৃত্যং ত্রয়ং সঙ্গীতমুচ্যতে।” অর্থাৎ, এখানে সঙ্গীতকে শুধু গান হিসেবে নয়, বরং গান + বাদ্য + নৃত্য এই ত্রয়ীর সম্মিলিত শিল্পরূপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। 

এই সংজ্ঞা শুধু সংগীতের পরিসরকে বিস্তৃত করে না; এটি আমাদের জানায় – ভারতীয় শিল্পচিন্তায় বিভাজনের পরিবর্তে সমন্বয়ই মূল।

ঐতিহ্য : স্মৃতি, সাধনা ও জীবন্ত ধারাবাহিকতা

শাস্ত্রের সঙ্গে যুক্ত হয়ে যে শক্তি ভারতীয় শিল্পকে জীবন্ত রাখে, তা হল – ঐতিহ্য। ঐতিহ্য কোনও জড় বস্তু নয়; এটি এক চলমান প্রক্রিয়া – গুরু থেকে শিষ্য, মঞ্চ থেকে মঞ্চ, প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত এক অন্তর্লীন স্রোত। এই ধারাকে আমরা ‘গুরু-শিষ্য পরম্পরা’ নামে জানি। এখানে জ্ঞান কেবল বই থেকে অর্জিত হয় না; তা অর্জিত হয় অনুশীলনে, অভিজ্ঞতায়, সহাবস্থানে।

একজন শিষ্য কেবল কৌশল শেখে না; সে শেখে – কিভাবে একটি রাগ ধীরে ধীরে উন্মোচিত হয় , কিভাবে একটি ভঙ্গি অনুভূতির সঙ্গে যুক্ত হয়। কিভাবে শিল্প জীবনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে।  এই শিক্ষাপদ্ধতি একান্তভাবে অভিজ্ঞতামূলক – যেখানে জ্ঞান শরীর ও চেতনার মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে। নিয়ম ও স্বাধীনতার দ্বন্দ্ব না কি সমন্বয় ? 

ভারতীয় শিল্পচিন্তার এক মৌলিক বৈশিষ্ট্য হল – এখানে নিয়ম ও স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়; বরং তারা একে অপরকে পরিপূর্ণ করে। একটি রাগের নির্দিষ্ট স্বরবিন্যাস আছে, একটি নৃত্যের নির্দিষ্ট ভঙ্গি আছে – কিন্তু সেই কাঠামোর মধ্যেই শিল্পী খুঁজে পান তার সৃজনশীলতার অসীম ক্ষেত্র। এই কারণেই একই রাগ হাজারবার গাওয়া হলেও, প্রতিবারই তা নতুন মনে হয়। একই নৃত্যভঙ্গি বারবার পরিবেশিত হলেও, প্রতিবারই তা ভিন্ন আবেগের জন্ম দেয়। এই বৈচিত্র্যের মধ্যেই নিহিত রয়েছে ভারতীয় শিল্পের প্রাণশক্তি।

নৃতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, এই শাস্ত্র ও ঐতিহ্য কেবল শিল্পকে নয়, একটি সম্পূর্ণ সমাজব্যবস্থাকে প্রতিফলিত করে। জ্ঞানের প্রাতিষ্ঠানিক রূপই শাস্ত্র। জ্ঞানের সামাজিক সঞ্চালন হল গুরু-শিষ্য পরম্পরা। শিল্পের ধর্মীয় ও সাংস্কৃতিক ভূমিকা বিদ্যমান। এই তিনটি স্তর একত্রে একটি সভ্যতার সাংস্কৃতিক কাঠামো নির্মাণ করে। অতএব, ভারতীয় নৃত্য ও সংগীতকে বোঝা মানে কেবল তার রূপগত সৌন্দর্য উপলব্ধি করা নয়; বরং বোঝা কীভাবে একটি সমাজ তার জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভূতিকে ধারাবাহিকভাবে সংরক্ষণ ও বিকশিত করে।

উপসংহার : নিনাদ থেকে নীরবতার পথে

এই দীর্ঘ আলোচনার শেষে ফিরে তাকালে আমরা দেখতে পাই যে ভারতীয় নৃত্য ও সংগীত কোনও বিচ্ছিন্ন শিল্পরীতি নয়; এগুলি এক সম্পূর্ণ সাংস্কৃতিক ও দার্শনিক জগতের বহিঃপ্রকাশ।

এখানে – নৃত্য শরীরকে ভাষায় রূপান্তরিত করে, সংগীত শব্দকে চেতনার সেতুতে পরিণত করে, রাগ সময়কে অনুভূতিতে রূপ দেয়, রস ব্যক্তিকে সার্বজনীনতায় উত্তীর্ণ করে। এই সমগ্র প্রক্রিয়ার অন্তিম লক্ষ্য কী ? সম্ভবত – নিজেকে অতিক্রম করা।

শিল্পের মাধ্যমে মানুষ তার সীমাবদ্ধ সত্তা থেকে বেরিয়ে আসে, প্রবেশ করে এক বৃহত্তর অভিজ্ঞতায় – যেখানে ব্যক্তি, সমাজ, প্রকৃতি ও ব্রহ্মাণ্ড এক অদৃশ্য সুরে আবদ্ধ। এই কারণেই ভারতীয় নৃত্য ও সংগীতের শেষ কথা শব্দ নয় – বরং নীরবতা। যেখানে সুর ধীরে ধীরে মিলিয়ে যায়, ভঙ্গি থেমে যায়, কিন্তু থেকে যায় এক গভীর অনুভূতি – এক অনির্বচনীয়, প্রশান্ত, বিস্তৃত চেতনা। 

সেই নীরবতার মধ্যেই যেন প্রতিধ্বনিত হয় – মানুষের চিরন্তন অনুসন্ধান, তার সৌন্দর্যবোধ, তার আধ্যাত্মিক আকাঙ্ক্ষা। অতএব, ভারতবর্ষের নৃত্য ও সংগীত কেবল শিল্প নয়; এটি এক অনন্ত যাত্রা নিনাদ থেকে নীরবতার দিকে, রূপ থেকে রসের দিকে, আর মানুষ থেকে – অসীমের দিকে।

ভারতের সংস্কৃতি সিরিজ - নবকুমার দাস

ভারতের মন্দির : শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির সম্মিলন

আপনার মতামত লিখুন

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

নৃত্য ও সংগীত : রস, তত্ত্ব ও ঐতিহ্য

This entry is part 12 of 12 in the series ভারতের সংস্কৃতি সিরিজ – নবকুমার দাস ভারতের সংস্কৃতি সিরিজ – নবকুমার দাস ১ : সিন্ধু–সরস্বতী

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

নৃত্য ও সংগীত : রস, তত্ত্ব ও ঐতিহ্য

This entry is part 12 of 12 in the series ভারতের সংস্কৃতি সিরিজ – নবকুমার দাস ভারতের সংস্কৃতি সিরিজ – নবকুমার দাস ১ : সিন্ধু–সরস্বতী

Read More »

“…সৃষ্টির শেষ রহস্য,ভালোবাসার অমৃত”- নবনীতা দেব সেন

This entry is part 12 of 12 in the series ভারতের সংস্কৃতি সিরিজ – নবকুমার দাস আলোর পথযাত্রী – বিতস্তা ঘোষাল আলোর পথযাত্রী ২ :

Read More »